সুশান্ত হালদার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সুশান্ত হালদার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১৪ জুন, ২০১৭

সুশান্ত হালদার


লালটিপ


রক্ত নদী সাঁতরিয়ে যখনই ধরতে গিয়েছি সূর্য
ঠিক তখনই পিছন থেকে কে যেন বলল
আমাকে বাঁচাও!চেয়ে দেখি সেই ধর্ষিতা
যে মায়ের কাফনের কাপড় কিনতে বেচে দিয়েছিল ইজ্জৎ
তারপর কত বসন্ত আসে, চলেও যায়
কোকিল ডাকে, পলাশ শিমুল শুকিয়ে মরে ডালে
তবুও ধর্ষিতার বুকে ফোটেনি ফুল
গোলাপ বাগিচার মতো করে
শুধু চৈত্রের দাবদাহে পুড়েছে
জমে থাকা কিছু না বলা কথা

চেয়ে দেখি সবুজ মাঠ পুড়ে খাক
এ কী আমারই দোষ
চেয়ে দেখি পূর্বপরুষ থেকে অর্জিত পতাকা ছিন্নভিন্ন
মায়ের বিমর্ষ মুখ,পিতার হতাশাগ্রস্থ নূয়ে পড়া দেহ
এ কী আমারই দোষ
নাকি তোমাদেরই ভুল
যারা রক্ত নদী সাঁতরিয়ে এনেছিল সূর্য পূর্ব দিগন্তে

শরীরের ঘামে যখন ভিজিয়েছি উত্তপ্ত রাজপথ
ছেঁড়া শার্টে বোতাম নাই বলে
প্রিয়তমা করেছে কত আফসোস
তবুও বলেছে মাথায় হাত বুলিয়ে
এ যে তোমারই দেশ
রাঙাতে হবে সবুজ শ্যামল প্রান্তর
শুধু কাজল কালো চোখে চোখ রেখে বলেছি তারে
আশ্বিনে না হয় দেবো নতুন শাড়ি এনে
আফসোস! জমাদার দেয়নি বর্গা
যেটুকু ছিল বাপের

রক্ত নদী সাঁতরিয়ে এসেছি প্রিয়ে
উঠে যদি সূর্য নতুন ভোরে পূর্ব দিগন্তে
পড়িয়ে দেবো তখন লালটিপ
তোমারই রক্ত রাঙা ললাটে!
♦


সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭

সুশান্ত হালদার



নারীখেকো

 সুশান্ত হালদার


যে প্রেমিক তার প্রিয়তমাকে
সম্মান দিতে জানে না
যে প্রেমিক তার প্রিয়তমাকে
কসাইয়ের দোকানে মাংসের মত ভাগা দেয়
যে প্রেমিক তার প্রিয়তমাকে
যৌন সম্ভোগের জন্য রাতের পর রাত
বস্ত্রহীন দাঁড় করিয়ে রাখে উলঙ্গ করে
যে প্রেমিক তার প্রিয়তমাকে
সন্দেহের মাপ কাঠিতে বিচার করে সকাল বিকাল
সেই প্রেমিকের মুখে আমি থুথু ছিটাই ;
এ রকম প্রেমিকের গলায় ফাঁসির রজ্জু ঝুলিয়ে
সারা ঢাকার শহর আমি ঘুরাতে চাই
যাতে নারীখেকো এই নষ্ট মানুষটার পুরুষাঙ্গে
সকল প্রেমিকার হয় চটি ধোলাই!

যে প্রেমিক তার প্রিয়তমাকে
হিংসার আগুনে অনবরত করে চিকেন ফ্রাই
যে প্রেমিক তার প্রিয়তমাকে
অর্থের লগ্নি হিসেবে বাজি ধরে জুয়ার টেবিলে
যে প্রেমিক তার প্রিয়তমাকে
নিজের করে পাবে না বলে
রাতের অন্ধকারে এসিডে ঝলসে দেয়
আমার মায়ের আদলে গড়া মুখমণ্ডল ;
সেই সমাজবিরোধী প্রেমিকের বুকে আমি
পারস্য ছোরার ধার পরখ করতে দ্বিধা করিনে!

যে প্রেমিক তার প্রিয়তমাকে
প্রিয়া বলে ডাকেনি কখনো
যে প্রেমিক তার প্রিয়তমাকে
আদর করতে গিয়ে ধারালো দাঁতে করেছে দংশন
যে প্রেমিক তার প্রিয়তমাকে
আলু পটলের মত বিক্রি করতে চেয়েছে হাট বাজারে
যে প্রেমিক তার প্রিয়তমাকে
অবৈধ বীর্যপাতে নষ্ট করতে চেয়েছে যৌন লালসার অভিপ্রায়ে
যে প্রেমিক তার প্রিয়তমাকে
স্বাধীন সত্বার কথা বলে পড়িয়েছে শৃঙ্খল ;
সেই প্রেমিকের অনিবার্য হবে মরণ
সমস্ত প্রেমিকার ধারালো নখের আঘাতে!
তাই সকল প্রেমিকার কাছে করছি নিবেদন
ভালোবাসা তো মন্দিরের প্রসাদ নয়
যে যাকে তাকে করবে বিতরন!!