সুব্রত মণ্ডল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সুব্রত মণ্ডল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৮

সুব্রত মন্ডল

১)
সম্পর্ক
একটা অবৈধ সম্পর্ক চেয়েছি শুধু
তোমার কাটা হবে নাক
আমার পদবী
এর থেকে বেশি কিছু চেয়েছি কি?
আগুনের মত যা কিছু সহজলভ্য
ঘষে-ঘষে ছাই হয় বুক
আমার অসুখে পোড়ে তোমার সরোদ
জানি পুড়ে যাবে, কালো হবে ওই কালো মুখ
তারচেয়ে ধূলো উড়ুক
আমাদের পাড় ঘেঁষে নেমে আসুক রাত
এইটুকু পরিচয় দিও শুধু তুমি
এর থেকে বেশি কিছু চেয়েছি কি?
২)
ঈশ্বরকে লেখা
_____
আপনি যেদিন লিখেছিলেন 'মোরা এক বৃন্তে দুটি কুসুম... ', প্রতিবাদ করিনি বরং গর্বে বুক ফুলিয়ে চিৎকার করে বলেছিলাম আপনার কলম স্বার্থক।
তারপর অনেকটা পথ পেরিয়ে এসেছি,
আপনি, আমি এবং আমার পূর্বপুরুষ।
দেশ ভাগ হয়েছে,
ধর্ম হেঁটে গেছে আপনার বুকের উপর ছুরি বসিয়ে...
জানি আপনি ঈশ্বর বিশ্বাসী, আপনি এখনও ঠায় দাঁড়িয়ে দেখে যাচ্ছেন ধর্মীয় প্রেম ।আপনি দেখছেন প্রতিদিন ধর্ম বুকে হেঁটে যাচ্ছে আমার পূর্বপুরুষ...
হে ঈশ্বর,
আপনি হয়তো এখনো এই একই কথা লিখবেন। বলবেন সাম্য ও মৈত্রের বাণী। তবুও একবার আমার সামনে এসে বলে দাও, এই এত এত শব দেহ কাঁধে নিয়ে কি করে বলবো আমি 'এ আমার দেশ, মহান ভারতবর্ষ!'

রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭

সুব্রত মণ্ডল

ভারতবর্ষ
১)
এসো একটি গাছের কথা বলি
যার কোনো পাতা নেই
ফুল নেই-ফল নেই
তবুও শিকড়ের উপর এক অদৃশ্য হাসি বিছিয়ে রেখেছে
যে ঝড়ের মুখে দাঁড়িয়ে নিরবে প্রেমপত্র লেখে
২)
এসো একটি নদীর কথা বলি
যার চলার পথে অজস্র বাঁক
আর প্রতিটি বাঁকে আমার পূর্ব পুরুষের কালচে নখের ছাপ আছে
যে বর্বরতার উপর কোমর বিছিয়ে মধ্যরাত্রির খবর লেখে
৩)
এসো একটি পাথরের কথা বলি
একটু শান্তি চেয়েছিল বলে যাকে দেশদ্রোহীর তকমা দেওয়া হল
সহস্র অপবাদ সয়ে সয়ে
সে এখন বিচারের কাঠগড়ায় মাথা কুড়ে মরছে
৪)
এবার তাহলে একটি প্রেমিকের কথা বলি
আঠারো বছর পূরণ না হওয়ার জন্য যাকে সংশোধনাগারে রেখে
তার প্রেমিক নামটাকে খুন করে দিয়েছিল কিছু আততায়ী
যে এখন অন্ধকারে বসে বৃষ্টির কবিতা লেখে
৫)
এসো সবশেষে তোমার পরিচিত একটি নারীর কথা বলি
চৌরাস্তার মোড়ে যার কাপড় খুলে নিয়ে
কিছু প্রেমিক তৃষ্ণা মিটিয়েছিল
তারপরে তার যোনির ভিতরে বেশ্যা কথাটি লিখে দিয়েছিল আধুনিক সমাজ
জানো তো আমি এখনও নিজেকে পুরুষ বলি না
                               সেইসব নপুংসকদের জন্য
__________________________
ঈশ্বর ও প্রিয়া
------------------
প্রিয়াকে আমি ভীষণ খুঁজি
আমার ব্যবহারের সাবান-শেম্পু অথবা পোষাকের ভিতর
যেখানে প্রতিদিন একজন ঈশ্বর জন্ম নেয়
প্রিয়া প্রায়ই বলে
আমিই নাকি এই পৃথিবীর প্রথম পুরুষ
যে শুধুমাত্র ঈশ্বর দেখবে বলে
অজস্র অজুহাতে হাঁটু গেড়ে বসে থাকত মন্দিরের সামনে
___________________________

মঙ্গলবার, ৯ মে, ২০১৭

সুব্রত মণ্ডল



একটি বৃষ্টির কবিতা




দুটো সেতু ভেঙে বালি হয়ে যাচ্ছে আকাশ
বালিশে বাস্পমোচন তখন ঘড়ির কাঁটার মত
কিছু জলমিশ্রিত চুমু 
চুমুকে তুলে নিচ্ছে দূরত্বের হিসাব 
আগুন নিভে গেলে শুরু হয় অগ্নিপরীক্ষা

রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৭

সুব্রত মণ্ডল


সম্পর্ক......
সুব্রত মণ্ডল
.


তুমি চোখ খুললে সৌন্দর্য উপচে পড়ে তোমার তারায়

তুমি তাকে নিয়ে কিচেন রুমে গেলে
ইচ্ছে খুশি জড়িয়ে ধরলে
সবশেষে অতি যত্নে বিছানায় গেলে

বিছানায় না যাওয়া পর্যন্ত সৌন্দর্য বেঁচে থাকেনা

তুমি চোখ বন্ধ কোরোনা কখনও
তুমি চোখ বন্ধ করলে 
এক অলৌকিক অন্ধকার এসে জড়িয়ে ধরে আমায়
তারপরে চুমু খায় 
আমার ভীষণ ভয় লাগে

যদিও প্রতিটা অন্ধকারের পরে আমরা আবার মিলিত হই 
সেই কিচেন রুমে

................................


ছবি : গুগুল