সুমনা দত্ত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সুমনা দত্ত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ২২ জুন, ২০১৯

সুমনা দত্ত

বিচ্ছেদের পর

১
না এভাবে নয়
এভাবে তুমি আলো নেভাতে পারবে না।

পাহাড় ত্রিভুজে এখনো সূর্য ডোবে নি।

তার আগে এসো 
তুলসী, চন্দন দিয়ে সাজিয়ে নিই অন্তিম প্রেমশোক।

২
জানি কিছুতেই স্বীকার করবে না
তোমার পায়ের চাপে 
কতটা বালি সরেছে।
জানি কিছুতেই বুঝবে না
কিভাবে মাটির উপরে এসেছে কাদাজল....

তিল তিল করে শুকিয়ে যাচ্ছে নদী



বলো, এবার একটু শক্ত না হলে চলে?

সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮

সুমনা দত্ত

বিষজ
সুমনা দত্ত
-----------------
আচ্ছা,
এমন জন্মদিন করলে কেমন হয়?
আমি কেকের মতো
আমার শরীর সাজিয়ে রাখব..
আর তুমি নিজের হাতে
ছুরি দিয়ে
কেটে ফালা ফালা করবে আমায়।
টুকরো করে দেবে জিভ,
ছিন্ন বিচ্ছিন্ন করবে যোনি,
বন্য জন্তুর মতো থাবা দেবে নাভিতে,
বুকে নামাবে শতনখের লালসা।
দাঁড়াও দাঁড়াও
এতেই ভয় পেলে হবে??
এখনও তো টাটকা কলজে টা খুঁড়তে বাকি।

সোমবার, ৮ অক্টোবর, ২০১৮

সুমনা দত্ত



বন্দর



কি ভেবেছো, দু'পাতার শব্দছন্দ নতুন গৃহসজ্জার আলেখ্য নয়?
নিস্তব্ধতা ভরিয়ে দিতে পারে না একটা শরীরের নির্নিমেষ চাওয়া?
রাতের কালো একেবারেই কি খুঁজে আনতে পারে না মধুমালতী?
আচ্ছা সত্যি করে বলো তো, 
আজও কি চোখে পড়ে নি সেই কমলা ছাত্রীর আড় চাহনি?

কি জানো, পালাতে গিয়ে উন্মাদ হয়েছ।
জঠরে বাসা বেঁধেছে লোভের ভ্রূণ। 


কসম খেয়ে বলো তো,
জাহাজে চেপে কি মনে হয়,
বন্দরে ডুবে যাওয়া ঘুমের খবর নাবিক রাখে?



 

মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮

সুমনা দত্ত




হাসপাতাল


১
কতবার মন সাদা চাদরে শুয়েছে,
অক্সিজেনের মাস্ক পরে 
গুনেছে দিন...
ইঞ্জেকশন এসেছে,
নার্স এসে নতুন স্যালাইন দিয়ে গেছে ভোরে।

মন উঠে বসে নি।

অথচ অসুখ সেরে গেছে...

২
এই ওষুধের গন্ধ 
কি জানি আর ভালো লাগে না। 
গুমোট কেবিন জুড়ে
দিশেহারা রোগ। 
হালকা আরামে জানলা খোলে আয়া।
হাসপাতালের দেওয়ালে ভাসে কবিতা...

'অসুখের দিনে প্লিজ
বর্ষাতি হয়ো!'

৩
রিক্সা থেকে নেমে আউটডোরে ভাসে শব্দ।
'ব্রজ দা এখানে আছে?'

নার্সের মুখ গম্ভীর।

শারীরিক খুঁটিনাটি বলতে তোতলায় জিভ...

ডোম ওকে কালো রাস্তায় নিয়ে যায়।

রাস্তার পেছনে মর্গ...