শিল্পী দত্ত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শিল্পী দত্ত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮

শিল্পী দত্ত



      হারানো ভালোবাসা
         
যে গ্রীষ্মে আম-তলাতে দুপুর,
বেজেছিল তোমার পায়ের নুপুর।
সেই বৈশাখে উষ্ণতা ছিল মনে,
প্রেম বেঁধেছিল বাসা মনের গোপন কোণে।
যে শ্রাবণে একলা ছিলাম আমি,
আর তোমার কন্ঠে রবি ঠাকুরের গান।
সেই শ্রাবণের অঝোর ধারায় জেনো,
আমার মনও করেছিল ধারাস্নান।
যে হেমন্তে পাতা ঝরিয়ে গাছ,
হয়েছিল সবার মাঝেও একা।
সেই হেমন্তে হারিয়েছিলাম তোমায়,
সবার ভিড়েও আজ সবই ফাঁকা ফাঁকা।
শীতের দিনে তোমার ঠোঁটের উষ্ণতায়,
উষ্ণ হয়েছিল আমারও দুটি অধর।
কত কাছে তোমার পড়েছিল নিঃশ্বাস,
আমার মনই শুধু জানে সেই খবর।
আসছে বসন্ত ফুটছে নতুন ফুল,
জাগছে মনে কত নতুন আশা।
বুনছে চোখ নতুন স্বপ্ন কত,
হয়তো ফিরে পাবো হারানো ভালোবাসা।

    ব্যর্থ প্রেম তবুও......

  
তুমি আজও আছো শত ভিড়ে ঘিরে থাকা
আমার নিস্তব্ধতায়,
আছো মনের ভাঁজে হলদে হয়ে যাওয়া
স্মৃতির পাতায়,
কি এসে যায় বলতো,
প্রেমের পূর্ণতা বা ব্যর্থতায়?
যদি পেয়েও তোমাকে,
 না পেতাম নিজের করে?
না হয় হলোই প্রেম ব্যর্থ
তবুও তো আজও আছো মন জুড়ে,
তবুও তো শরীর না ছুুঁয়েও, মন ছুঁয়ে যাও
বারবার,
তারা খসা রাতে কিম্বা বৃষ্টি ভেজা দুপুরে।
তাইতো আজ আমাদের ব্যর্থ প্রেমেও,
আমার অস্তিত্বের ওপর শুধু তোমারই অধিকার।

     আজও বেঁচে আছে প্রেম
              
তোমার কাছে সুখ চাইনি কখনো,
শুধু চেয়েছিলাম একমুঠো জীবন।
ভালোবাসা চাইনি আমি,
মিথ্যা আশায় ভেঙেছে মন।
চাইনি কখনো প্রেম-প্রেম খেলা,
মিথ্যা সোহাগ, মিথ্যা সিঁদুর।
চাইনি আমি ছলনা তোমার,
স্মৃতিগুলি তাই বেদনাবিদুর।
মুক্ত আকাশ তোমার দুচোখে,
জীবন চেয়েছে শুধুই মুক্তি।
বলেছে সবাই প্রেম ঈশ্বর,
দিয়েছে কত মিথ্যা যুক্তি।
আমি সে যুক্তি মেনেছি অবাধে,
যদিও পেয়েছি অনেক কষ্ট।
জানিনা তবুও আজও কেন প্রেম,
বেঁচে আছে মনে, হয়নি নষ্ট।




   

সোমবার, ৮ অক্টোবর, ২০১৮

শিল্পী দত্ত

কবিতা ২
      তোর স্মৃতির সাথে
         
জানিস কি তুই, আজও আছিস বেঁচে
আমার মনের ছোট্ট একটা কোণে?
যদিও আমি লিখিনা তোকে চিঠি,
বলিনা কথা আমার মুঠোফোনে।
বর্ষার মেঘ কিম্বা মনের পাখি,
করুক আমায় যতই ডাকাডাকি।
তবুও আমি কাটাই একা সময়,
তোর স্মৃতির সাথেই আমি ভালো থাকি‌।
বন্ধ কিম্বা খোলা মনের দ্বার,
একলা ঘরে শুধুই হাহাকার।
তবুও আমার মন যে আছে সুখে,
আছে তোর স্মৃতি আর কি দরকার?

 
     শ্রাবণের শেষ বিকেলে
         
আজও মনে পড়ে, তোমার সাথে
শ্রাবণের শেষ বিকালের দেখা।
আকাশ জোড়া ঘন কালো মেঘ
আর অঝোর ধারায় বৃষ্টি।
নদীর পাড়ে ছুটতে ছুটতে, কখন যেন
ধরে ফেলেছিলে আমায়।
ছুঁতে চাওনি, পেতে চেয়েছিলে জানি।
তাইতো বৃষ্টির জলের সাথে,
শরীরের ঘামেও ভিজেছিল মাটি।
কপালের উপর থেকে চুল সরিয়ে,
গভীর উষ্ণতায়, তোমার দুটি ঠোঁট ছুঁয়েছিল
আমার কপাল।

মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮

শিল্পী দত্ত


ছুঁয়েছি ভালোবেসে
   

ভালোবেসেছি তোমাকে,
শান্ত সকাল, নিঃসঙ্গ বিকাল পেরিয়ে,
দিনান্তের শেষে।
জানি বাতাস হতে পারিনি,
তবুও তোমাকে ছুঁয়েছি ভালোবেসে।

       হয়তো......
        

কত রাত দিয়েছে ফাঁকি,
কত স্বপ্ন গিয়েছে চোখের জলে ভিজে,
তবুও অবুঝ মন আমার, 
তোমার বুকেই নিজের আশ্রয় খোঁজে।
কত মিথ্যা সুখের আদিখ্যেতা, 
কত কথার বোনা মায়াজাল, 
আজ যা তোমার অবহেলা, 
হয়ত ভালবাসা হবে কাল!

        স্বপ্ন তরী
         

যে আকাশ দেখি তোমার দুচোখে,
নীল নীলিমায় হাসে।
সেই আকাশের নীল নিয়ে সাগর, 
তোমার বুকে ভাসে।
তোমার বুকের ঢেউয়ের সাথে,
ভাসতে আমি চাই।
তাইতো আমি অজানার খোঁজে,
স্বপ্ন তরী ভাসাই।

      কোনো ক্ষণে
  

না বলা শব্দ করছে জব্দ,
অভিধান আজ ফাঁকা। 
কত স্মৃতি মনে ভিড় করে থাকা,
কত ভিড় তবু একা।  
কতকিছু আজ ভুলে গেছে মন,
তবু কিছু আছে মনে।
ভুলে গেছে মন তুমি আপনজন,
ছিলে আমার কোনো ক্ষণে।


শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭

শিল্পী দত্ত

       

 সেই রাত
         
তোমার কি মনে পড়ে সেই রাত?
যে রাতে তোমার শরীরের আচ্ছাদনে
ঢেকেছিলে আমার শরীর।
বিনি সুতোয় গেঁথেছিলে স্বপ্ন।
জ্যোৎস্নার আলোয় ভিজেছিল শরীর,
আর তোমার ছোঁয়ায় বানভাসি হয়েছিল মন।
জানো, সেইরাতে মনে মনে কামনা করেছিলাম
রাতটা হোক অফুরান।
কিন্তু হয়নি,
সকালে সূর্যের গোলাপী আভা শরীরে মেখে,
তোমার বুকে আবিষ্কার করেছিলাম
তোমার ভালবাসায় পরিতৃপ্ত এক নতুন ‘আমি’ কে।


       যদি মনে পড়ে
         
আমাকে যদি খুব মনে পড়ে,
বৃষ্টি ভেজা একলা কোনো দিনে।
হাত বাড়িয়ে রামধনু রং ছুঁয়ো,
দিচ্ছি কথা তোমায় নেবো চিনে।
বৃষ্টি ভেজা বাতাস লাগলে গায়ে,
আজও আমার  মন কেমন করে।
ঠান্ডা হাওয়া যখন ছুঁয়ে যায়,
তোমার কথাই শুধু মনে পড়ে।
বুকের কোণে একটা মিষ্টি ব্যথা,
চোখের কোলে একফোঁটা জল।
দূরে থাকার মিথ্যে অভিমানে,
অভিমানী চোখ আজও করে ছলছল।

   হিসাব

তোকে হারিয়ে নতুন গল্প লিখি,
অভিমানেদের রোদ পোহানো ভোরে।
শিশির ছোঁয়ায় ভিজছে চোখের জল,
হয়তো তোকে পাবো নতুন করে।
হাত ছোঁয়াতে যন্ত্রণা দেয় সাড়া,
আসছে প্লাবন, ভাঙছে মনের বাঁধ।
আলতো ঠোঁটে তোর সুখকে যাবে ছুঁয়ে,
আমার ঠোঁটের অনেক দিনের সাধ।
না বলা কথা বুঝবে শুধু চোখ,
অস্তগামী সূর্যের পথ চেয়ে।
চারপাশ সব শান্ত আছে তবু,
মনের মাঝে আসছে ঝড় ধেয়ে।
পাড়ে ফেরার শেষ খেয়াটা বাতিল,
মনমাঝি তবু ধরতে রাজি হাল।
সুখগুলো সব হিসাব করি আজ,
দুঃখ না হয় গুণবো আবার কাল।