মনোজ আচার্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মনোজ আচার্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১৪ জুন, ২০১৭

মনোজ আচার্য

সুনয়ন
--------------


সুনয়ন কখনও চাঁদ দেখেনি, গল্প শুনেছে অনেক
ওর কাছে আকাশ মানে হাতের তালু
যেখানে হাজার জোনাকি ধরে রাখে সে
বাতাসের কাছে গল্প শোনে কালবৈশাখীর রংরুট!

সুনয়ন আজ প্রথম বৃষ্টি ছুঁয়ে দেখলো...
জলের সাথে আলাপ ছিল আগের
ওর কাছে বৃষ্টি আর জল এক নয়..
বৃষ্টি চঞ্চল,জল স্থবির
তাই বৃষ্টির নাম সে রেখেছে প্রবাহ ...
সুনয়ন এবার সাগর দেখতে যাবে
এক নিঃশব্দ শূন্য উপকূলে যেখানে ঢেউয়ের ভাঙাচুরের প্রতিটি শব্দ সে শুনতে পায়

সুনয়নের বড় ইচ্ছে
সে শুধু  একটিবার দেখতে চায়..তাকে
যে আড়ালে গুমরে গুমরে কাঁদে
যাকে সে মা বলে ডাকে।


রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৭

মনোজ আচার্য



।। অধরা।।

তোর স্পর্শের অনুভূতি
আমার প্রতিটি কোষে কোষে যখন
তোকে বৃষ্টি বলে ডেকেছিলাম।
একমুঠোয় যতবার ধরতে গেছি তোকে
তুই পালিয়েছিলি আঙ্গুলের ফাঁকে।

তোর স্পর্শের অনুভূতি
আমার প্রতিটি অস্থি মজ্জায় যখন
তোকে হিমানী বলে ডেকেছিলাম।
যতবার আগলেছি বুক দিয়ে
তুই বয়ে গেলি নদী হয়ে।

তোর স্পর্শের অনুভূতি
আমার বিস্তৃত বুকের উপর যখন
তোকে নদী বলে ডেকেছিলাম।
তুই ভেসে গেলি দূর সাগরের টানে
আজও আছিস তুই আমার গভীর মনে।

জানিস আমার শরীরেও স্রোত বয়
আমার সমস্ত শরীরময়
রক্তের উষ্ণ স্রোত!
আমার সমস্ত অস্তিত্ব ভাসিয়ে দিলাম আজ
শুধু অবিরাম ঢেউয়ের আশায়!
বয়ে আসা তোকে যদি পাই
তোর জন্য একবার সাগর হতে চাই।

ছবি : গুগুল