বর্ণনা রায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বর্ণনা রায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ১৫ জুলাই, ২০১৭

বর্ণনা রায়


ওগো তুমি
--------------
              

ভোরের স্বপ্নেরা তোমায় ছুঁয়ে দিলো
যা কিছু দেখিনি সময় থাকতে
কাটাছেঁড়া ট্রেইলর দেখে নিলাম
তাই জীবন্ত হলো বেঁচে থাকার
আরও যা যা কিছু ছিলো ..
:
তোমার একটা ঘর প্রাণবন্ত
কলকাকলি খিটমিট আর
শব্দ সংসারে অকারণ ‘আমি’ নেই
ঘড়ির কাঁটার উল্টো সময়ে গেলে
পথের একটা আবছা হদিশ
আমরা আদিম ও পয়মন্ত..
:
তোমার ঘরের দরজা সব জানে
আমার জন্য জমা রাখা সুখ
অকারণ ফিরে এসে কাজ ফেলে রাখে
তাই আবার দরজা বন্ধ হবে জেনেই
অপেক্ষারত বিশ্বাস-প্রহরী দিন গোনে.. 
:
বৃষ্টি যায় আর আসে
শুধু অজান্তে দুটো
ভিন্ন দ্বীপের এভাবেই

বুক ভাসে..

বুধবার, ১৪ জুন, ২০১৭

বর্ণনা রায়


অন্তর্দৃষ্টি
------------
   
সন্দিগ্ধ অনুরাগে
অঞ্জলি ভরে আকন্ঠ তৃষ্ণা মেটাই
খামতি থাকে চেতনায়
ব্যস্ততার হাত ধরে
বাকি থাকা মনোমালিন্য
বিধিসম্মত আপোস চালায়
আলোকবর্তিকার পথ ধরে
অপেক্ষারত ঝিঁঝিঁ পোকার
ক্ষুধা তবু ক্ষুধাই রয়ে যায়
ভ্রাম্যমাণ অহেতুক আয়োজন
ঝিনুকে মুক্ত খোঁজা চোখ
বেশী দূরে গেলেই আচ্ছন্নময়
নিয়মের অলিন্দে
সীমান্তের প্রহেলিকা

অবনত লজ্জায়..