মৃন্ময় চক্রবর্তী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মৃন্ময় চক্রবর্তী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ৯ জানুয়ারি, ২০২২

মৃন্ময় চক্রবর্তী

                      


মিতালি সংবাদ    

চুপ চুপ করে কী আনন্দে বৃষ্টি পড়ছে কলাবতী গাছে।
খোলা জানালার ভেতরে পুলকিত আলোর চোখ বুজে আসছে অন্ধকারে।
যাদব মাস্টার ঢেঁকির শব্দ তুলছে কাঠে, কোঁচ কোঁচ মোহন মোহন।
মিতালির মন তখনও জবার মতো গয়নার স্বপ্নে, মওকায় !

মাস্টারের পুঁথির গাঁটরি থেকে অস্পষ্ট সংলাপ ভেসে যাচ্ছে
মৈত্রেয়ী বলছেন, যে ধন অমরত্ব দেয় না তা লইয়া আমি কী করিব!

শনিবার, ১৫ জুলাই, ২০১৭

মৃন্ময় চক্রবর্তী


দুঃখ 
  


প্রতিদিন সকালে যখন তুমি হাঁটতে বেরোও
তখন নিশ্চই দেখেছ রাস্তার পাশে
সবার নজর এড়িয়ে বেগুনি রঙের
চটপটি ফুল ফুটে থাকতে।
ফুলগুলো খুব একটা আকর্ষণীয় নয়,
আমি কোনোদিন প্রজাপতিদের
চটপটি ঝোপে উড়তে দেখিনি।
আমার দুঃখগুলো ঠিক তেমনি,
ওগুলো আড়ালেই বেড়ে ওঠে
প্রতিদিন তোমার নজর এড়িয়ে
ওরা অন্ধকারে মিশে যায় চুপিচুপি।

রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৭

মৃন্ময় চক্রবর্তী

মেঠো প্রেমের গল্প

 

মাঠের ভেতর হিম নামছে। অন্ধকার ট্রাক তুলে নিচ্ছে মহাজনের আলু। এখন ওগুলো আর চাষীর নয়। দূরে কারা নাড়ার আগুন জ্বেলেছে। মনে হয় আলু পুড়িয়ে খাচ্ছে কিছু উড়ন্ত মানুষ। নাড়ার ধোঁয়া সমান্তরালে মিশে যাচ্ছে কুয়াশার পেটের গভীরে।
জনা বেহুলার উঁচু পাড়ে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ। জারুল গাছের তলায় এখন গভীর রাত। চাঁদটা ছানি পড়া চোখের মত ভেসে রয়েছে মাথার উপর। নদীর দুপাড়ে কাশ আর শনের ভেতর অনেকগুলো চোখ জ্বলছে। ওর ভয় করছে। কখন আসবে মাতারি? নীলু ওঁরাও কি পচুই খেয়ে বেঁহুশ হয়নি এখনো?
এমন যে কেন হল জনা জানেনা। মাতারি ছাড়া তার আকাশটা যেন কাত্তিকের অমাবস্যা লাগে আজকাল। আচ্ছা মাতারি তো মাঠবেশ্যা, তাকে কেন সে ভালবাসল? ওকে তো চাষীরা ছিবড়ে করে ছেড়েছে। ওর রুগ্ন শরীরে একফোঁটা মাংসও নেই। জনা তবু তাকেই ভালবাসল! তাকে জড়িয়ে সারারাত মাঠের ভেতর শুয়ে থাকতে ইচ্ছে করে তার। ইচ্ছেটা শুধু এক আধ দিনের নয়, বাড়ন্ত। 
এত দেরি করছে কেন মেয়েটা? আজ সে বেশ কিছু আলু এনেছে। অনেকদিন কাজ পায়নি নীলু, মাতারির দেহও পয়সা জোটাতে পারেনা এখন। ওদের সংসারে আজকাল বড় অন্ধকার। 
নিজের জমির আলু সে চুরি করেছে। মহাজনকে লুকিয়ে নিয়ে এসেছে, মাতারিকে দেবে বলে। এটাও তার ভালবাসার মতই অকারণ, গোপন!

ছবি : গুগুল