সুমনা পাল ভট্টাচার্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সুমনা পাল ভট্টাচার্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১৪ জুন, ২০১৭

সুমনা পাল ভট্টাচার্য



দৃশ্য-অদৃশ্য
-------------

ঘরের ঠিকানা ক্রমশ আবছা, ঘোলাটে
আমি হেঁটেই চলেছি.....দুপায়ে জড়িয়ে আসা ক্লান্তি
সজাগ দু-কানকে অপেক্ষায় রেখেছি
একটি পিছুডাকের
চোখের ভিতর রাখা বিকারে মাপহীন সমুদ্র
এতো জোয়ার তাতে, যে নোনা ঝিনুক বুকের খাঁচায় টুকরো হয়ে ভাঙতে শুনি প্রতিক্ষণ
আমার ভিখিরী যাপন রক্তের আঁচল মুড়িয়ে আমার বুকেই দোল খেয়ে যায়
বড় মায়া হয় নিজের উপর
হৃৎপিন্ডের ছাদে হাজার রুদালি চিৎকার করে উঠলে, আমি সচেতন হই।
থমকে দাঁড়াই।
চোখের সামনে টলমলিয়ে ওঠে তোমার দুফালা বুক, জলময় দু-চোখ
মিশে যায় দৃষ্টির অগোচর...
স্নানঘরের বালতিতে রাতের স্বপ্নের কাটাকুটি 
আর সারাগায়ে বাস্তবের জ্বর মেখে 
বুঝি-
তোমার যে নরম বুকে কাল সারারাত আদর আঙুল বোলাচ্ছিলাম, তা আমার খেলনা-বাটির ঝুড়িতে গুঁড়ো গুঁড়ো হয়ে আছে পড়ে।

হাপুশ নয়নে সমস্ত প্রশ্নবাণ একটা একটা করে গোছাতে গোছাতে 
দেখি
ঘরময় তোমার শুধু তোমারই পায়ের ছাপ...

মঙ্গলবার, ৯ মে, ২০১৭

সুমনা পাল ভট্টাচার্য


মেঘচেরা সংলাপ
ব্যাকফুটে হেঁটে চলা স্মৃতির মিছিলে ভ্যাপসা গন্ধ
কতোকাল ধরে ওদের মুঠি চেপে রেখেছি
মেঝেতে দোক্তা পাতার মতো সেঁটে থাকা গল্পেরা
থিকথিকে পিঁপড়ের সারি বেয়ে বুকে নামায় মিছিল
রাত গভীর হলে নীল আলো জুড়ে মেঘ জমে
পাঁজরে ঝড় তোলা বিদ্যুতের ঝিলিক
আর, বালিশের উঠোনে অঝোর বৃষ্টি
তারপর
নি:শ্বাসের ফাঁপর ফুলিয়ে হু হু করে
ভেসে আসে উত্তাল ঢেউ
আমার আঁচল জুড়ে ফুটে ওঠে থোকা থোকা কদমফুল
গুছিয়ে গুছিয়ে রাখি তাদের
ভোরের আজান থেকে সন্ধ্যাপ্রদীপ অবধি
তোমার পায়ে একটা একটা করে উৎসর্গ করতে হবে যে
বৃষ্টি থেমে যায়
কেবল ঝড় থামে না যে.......
হাওয়া-মোরগের গলায় শুনি সুনামির পূর্বাভাস।।