রঞ্জন মৈত্র লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রঞ্জন মৈত্র লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ৩১ আগস্ট, ২০১৮

রঞ্জন মৈত্র




ডায়রি--- 
রঞ্জন মৈত্র
আকাশ ডাকে আর
একটা করে ছাদ এসে বসে, রোজ।
সেই কথা ফেসবুকের জানলায়
তুমি বলছ
তুমি এসরাজ
একটা আকাশ তৈরি হল

তারিখ একটা অভ্যেস
আমরা দেখিনি
জানলা একটা ওষুধ
আমরা দেখিনি
এলে লাইভ
দুই তুমির মধ্যে আকাশ
বাড়ি উঠছে আর তার মাথা ডাকছে
আর ছাদ চলে যাচ্ছে
              কবিতার দিকে, রোজ

                       ********

পোর্টার----- 
পাহাড় পেরিয়ে বেরিয়ে এল আমাদের জুতো
ঝর্ণা নিয়ে আসতে বলেছিল কেউ
 আর কেউ বরফের বাউল গনেশ
 উপত্যকা ভরা পিভিসি সোল
 তাঁবু ফেলার মাঠ ছেয়ে এডিডাস
হাঁটু কাঁদছে কোমর কাঁদছে
 আর নীলদিগন্তে সিটি মারছে গাইড
 উনুন মেলেছে পোর্টার
টোস্টের গন্ধে মেঘ বেরিয়ে এল
 কফির গন্ধে কাব্রুডোম
বেড়াবার গল্প নেই এতটুকু
 পেরিয়ে আসা নাটমন্দির সারাই হচ্ছে কোথাও
রঙ পড়ছে, ফ্রেসকো।
দূর মাপতে খালি হয়ে গেল রুকস্যাক
 কেউ একটা লেখা নিয়ে আসতে বলেছিলো
কেউ একটা পা।
                      *********

শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮

রঞ্জন মৈত্র



তোমায় তবে-১
রক্তের দাগ থেকে আকাশ বেরিয়ে আসে
একটা মাছ আর একজন খুনীও
 আঙুলের কথায় আলো হয়
 খোঁজার গল্পে টর্চ
 খুনী আর মাছের ফাঁক দিয়ে
 চলে যাচ্ছে কোথাও
 ঝড়ে বন্যায় দেয়াল জানালা চলে গেলে
 কেবল ব্যাটারীগুলো পড়ে আছে
 মাথায় দিগন্ত
 রক্তের ছিটে আসছে, জলের ছাঁট
 মাছকে ঢেউ মনে হ'ল
 তোমাকে কোথাও যাবার ট্রেন           
       
                    *******

তোমায় তবে-২

উড়ে বসেছিল ঢেউয়ের মাথায়
বালিবেলায় ডানা গুটিয়ে
 ভোরবেলায় সে মীন রাশি
 সন্ধের মুখে নৌকো মনে হয়
 আড়ালে চলে যাচ্ছে পেশী আর ভাটিয়ালি

যে খোঁজে তার প্রশ্নগুলো ফুটে উঠছে শূণ্যে
তুমি কুড়োতে এসেছো
 তুমি বাইচে, মার্চের দ্বিধায়
 নৌকো আর তরীর মাঝে দাঁড়িয়ে জিজ্ঞাসা
তোমার মাঝরাতের নাইলন জাল

                *******