ধারাবাহিক কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ধারাবাহিক কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ১০ অক্টোবর, ২০২১

তিস্তা

                      




বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা...



৬/
বেঁচে থাকাও এক দক্ষতা লতিফা। আমি আগাছার কাছে শিখেছি, প্রতিবার ছেঁটে ফেলবার পরেও কতটা জেদে আরো বৃহৎ জায়গা জুড়ে  ভরিয়ে ফেলতে পারা যায় নিজেকে!


কী কারণে বিলুপ্ত হয়ে গেছিলো আমার চোখের পাতা, আজ আর কিছুতেই মনে করতে পারি না। পুরনো একটা কাঠের দরজার পিছনে ফেলে এসেছি আমার গতজন্ম। এমব্রয়ডারি করা কুশন, পেল্লাই এক জানলা আমার শোয়ার ঘরের, আরমকেদারা, কিছু সাবেকি আসবাব এবাং জল রঙে আঁকা একটা ফ্যামিলি অ্যালবাম। কাউকেই চিনতে পারি না। শুধু দাউ দাউ একটা শিখা মনে পড়ে। একটা বিস্মৃত ছায়া এবং একটা শৈশব!

পেঁচার চোখের মতো অন্ধকার প্রিয়তা নিয়ে আমি পৃথিবীতে ফিরে এসেছি আবার। একে অপরের উদ্বিগ্ন এবং অধৈর্য হাতের তালুর ওপর জ্বলন্ত মোমের ড্রপলেট ফেলছি গোটা গোটা রাত!  এ এক অদ্ভুত উন্মাদনা! তুমুল প্রশান্তি! যৌনতার বিপরীতে আর এক অপার যৌনতা! রাতকে তো আটকে রাখা যায় না! জাদুকরী ছায়ার মতো সে জেগে ওঠে। তুমি অপরিহার্য হয়ে ওঠো আমার ভিতর এবং তোমার ভিতরে আমি। অথচ কী আশ্চর্য দেখো, আমরা মিথ্যে বলি। প্রতারণা করি। বিভ্রান্ত করি একে অপরকে। কারণ আমরা আড়াল খুঁজি। কারণ আমরা জানি– " আমি"-টুকু ছাড়া আমাদের কাছে আসলে আর কিছুই অপরিহার্য নয়।

বিশ্বাসঘাতকতা মানে কী, জানো লতিফা? বিশ্বাসঘাতকতা হলো– প্রতিশ্রুতিময় শান্ত একটা হত্যাকাণ্ড। ব্রতের বন্ধ চোখে বোহেমিয়ান অন্ধ নদী! আজকাল চাঁদ সহ্য করতে পারছি না কিছুতেই।

অপরিমেয়তা ভেঙে যাচ্ছে ক্রমে...


( ক্রমশ)


রবিবার, ২২ আগস্ট, ২০২১

তিস্তা

                      


 

"বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা"

৫/
এখানে অনেক খোয়াব। হাতছানি দিয়ে যাওয়া সকলি পরিত্রাণ নয় লতিফা। এই যে রাস্তা শুরু হলো চলার, এ তো হঠাৎই! না ফুরোনো কথারা চলবে অনর্গল অথবা থেমে যাবে এক ঝটকায়। আমরা যত্নে থাকবো অথবা ভেঙে পড়বো– কিছুই পূর্বনির্ধারিত নয়।
ঘন ঘন মূর্ছা যায় যে মেয়েটি, তাকে এখনো জানানো হয়নি তৃতীয় বিশ্বের লাগাম। পড়ে পাওয়া চোদ্দোআনা এই আজাদীর গল্প। বলা হয়নি তিন তালাকেই রাতারাতি স্বামী কেমন কোলের ছেলে হয়ে উঠেছিল মেহেরুন্নিসার! আর শ্বশুর, স্বামী! সবখানেই মৃত্যু আমাদেরই লতিফা। গলা পর্যন্ত কাঁটা, নর্দমার পাক।  সে এক অভাবিত জুয়াড়ি আমাদের ভিতর দান ফেলতে ফেলতে মেহমান হেঁকে যায়। দেদার নিঃস্ব হতে হতে শেষ পর্যন্ত আমাদের টুটি থেকে যায় তার হাতের মুঠোয়। 
দরজা মনে পড়ে। মনে পড়ে উঠোন...চৌকি...বেড়ে দেওয়া ভাতের থালার সামনে সন্তানের উদাসীন মুখ। আমরা লড়ে যাই খতম। আমরা লড়ে যাই কেয়ামত তক। একটা ছেঁড়াফাটা দিনের পর আর একটা ছেঁড়াফাটা দিন। আর একটার পর আর একটা। আর একটার পর আর একটা। পরিভ্রমণ সংক্রামিত হতে থাকে এভাবেই। সংকেত ভেঙে গেলে তুমিও জানো, অন্ধত্ব গ্রাস করে অধিকারবোধ।

ভূ-ত্বকের নীচে জমতে থাকে ঝুরো ঝুরো বরফ...

শনিবার, ১৪ আগস্ট, ২০২১

তিস্তা

                                



" বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা"
(৪)


ভেবেছি এই পর্যন্ত এসে আর কোনো আড়াল থাকবে না। ভেবেছি এই পর্যন্ত এসে আর কোনো প্রকাশও থাকবে না নতুন করে। অজস্র কাটাছেঁড়া সমেত আমরা দুজন দুজনকে স্রোতের গল্প শোনাবো। শোনাবো আয়না বর্জিত প্রসাধনের গল্প। আমাদের প্রতিকী লিঙ্গবদল। মৃত্যু অথবা পুনর্জন্ম।

অথচ কোথায় কী!
নক্ষত্র নিভে গেলে বুঝেছি সকলি অপচয়।

যাবতীয় খিদের কাছে পরাজিত তুমি, রপ্ত করেছো পঞ্চব্যঞ্জন। বিষ ও বাঁশির তফাৎ করতে শেখনি। সমর্পণের ভঙ্গিমায় আজ এইখানে, এই পর্যন্ত এসেছো! এও এক তাড়না। হিমেল সম্মোহন। জানি, ব্যর্থ শুরুয়াৎ। যে কোন সময় দু-আঙুলের টুসকিতে আমার সমস্ত আবেগ মুচড়ে দিয়ে চলে যাবে। তবু তোমার রূপের মহিমা আমাকে বিম্বিত করে লতিফা। ততোধিক বিস্মিত করে  তোমার এই অহরহ স্নানঘর। শ্বেতকরবীর হার অথবা হাসুলি। আমার খুব জানতে ইচ্ছে করে, কার জন্য এখনও তোমার এই আয়না-প্রিয়তা ! কে তোমাকে বাজিয়ে যায় ঝুম ঝুম ঝুম! এতো অশ্রুপাত এত আকুলতা এতো দিলখুশ কার, কার জন্য? কার স্পর্শের আকাঙ্ক্ষা
বিয়ন্ত-রজনী তোমার এখনও উদগ্রীব!

মুখ ভেসে ওঠে
মুখ হারিয়ে যায়
মুখ তলিয়ে যায় গভীর অসুখে...

কাচের ঠোঁটে ঠোঁট রেখেছি, সাহেবা
খানিক কেটে তো যাবেই!

শনিবার, ৭ আগস্ট, ২০২১

তিস্তা

                                      


"বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা"


৩/
অন্ধকার হাতড়াতে হাতড়াতে আলো রঙের একটা শুভ-করতল হঠাৎই স্পর্শ করে ফেলেছি, লতিফা! সে, মহরৎ হয়ে উঠবে কিনা আমি জানিনা। তারও বুকের ভিতর চাঁদ। নক্ষত্রের সমারোহ। প্রেম তো লুপ্ত ঘাতক! সমর্পিত হৃদয়ের পাশে কেবল এক টুকরো মোহ, চকিত ঘুঙুর! একে যদি তুমি সুরাহা মনে করো, তবে শোনো, নির্গমন এখনও আবশ্যিক হয়ে ওঠেনি ততটা, যতটা বিস্ময় নিয়ে ছিঁড়ে গেলো সম্ভ্রম। আসলে এও এক মেধাবী হত্যাকাণ্ড। তদন্ত সূত্র ধরে তুমি কিছুই পাবে না।
কণা মাত্র দান হোক অথবা ময়ুরপুচ্ছ– স্বেদবিন্দু জেনেছে, প'ড়ে আসা রোদ, বেলাশেষের আলো। তবু নিজেরই ছায়ার কাছে ঝুঁকে এসেছি– এই প্রাণ আমি, প্রাচীনপন্থী সাঁতারের মৌন ডেরায়। যেসব কথাগুলো বেয়াড়া, কোনো বারণ মানে না, পাহাড় ছাপিয়ে উঠে যেতে চায় কেবল, থামতে চায় না– আমি তাদের উৎসের গোড়ায় ফলিডল ঢেলে দিয়েছি। নির্বিকার পেরিয়ে যাচ্ছি একটার পর একটা ব্রুটাসের ছুরি। সেও তো তেমন শরাবী নয়, যে, বরাভয় দেখে চমকে উঠবে মেহফিল! তবে কী মহিমায় বলো, আমারই অহংকার তাকে পেয়েছিল নিবিড়?

আর তুমি! তুমি লতিফা! ভাঙন থেকে আরো ভাঙনের দিকে যেতে যেতে নিজেই নিজেকে এমন ভাঙন সর্বস্ব করে তুলেছো, পুড়ে যাচ্ছ একাকী বরাত! প্রাণ হাতে করে আজ ফেরৎ এসেছো আমার কাছে। কিন্তু নদী তো একটা অনুমান মাত্র! অন্ধ এবং বধির। এপার বাংলা ওপার বাংলার মতো কাটা দাগে ভাগ হয়ে আছে আমার শরীর। বাঘের আঁচড়ের মতো স্পষ্ট, বুক ভর্তি সহস্র ফাটল। এই আমার আয়না-সম্বল দিনকাল মৃতবৎ, লতিফা! তোমাকে কোথায় রাখি?

কল্যানীয়া আদরের পাশে আমার শুভার্থী তুমি, কেবল বেজে যাও... বেজে যাও...

আমি তোমার রূপোন্মত্ত নাগর!

ছবি - অন্তর্জাল

রবিবার, ১ আগস্ট, ২০২১

তিস্তা

 

" বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা"

১/
'দাম্পত্য '– একটা পাখির নাম। অথবা কল্পনা। কণা মাত্র খুদকুড়োয় বিগলিত কুসুম! জনমে জনম কেটে যায় এভাবেই রাধার। আমার। অথবা লতিফার। পিষে যায় অযাচিত ভুলের মতো কিছু ফুল! আর ঠিক এইখান থেকেই আমি শুরু করতে চলেছি একটা শীতের গল্প। সৌভাগ্যক্রমে জানিয়ে রাখি, আমি নাটকের লোক নই। তাই চাঁদ ছুঁতে চাওয়ার নষ্ট ভ্রম আমাকে মাতাল করেনি কখনো। অথচ এইই এক ক্ষেত্র, যেখানে সাকিন পর্দার আড়ালে ক্রমশ রহস্যময় হয়ে ওঠে লতিফা। রাসলীলা রঙ ছড়াতে শুরু করে... আর ঘুঙুরে ঘুঙুর বেজে যায় সারা সারা রাত...

গোলাপী আতরে ঘর ভেসে যায় কাতর!
           
                                                 


                
                            

২/
সে আঙিনায় চোখ ফেটে গেলো কতো মাঝি মাল্লার! নৌকা নৌকা বলে কেঁদে গেলো বিহার। মেহগনি বাগিচায় আজ তুমিই সাহেবা, রানী! টুকরো কাচের মতো ঢুকে এলে আমার গল্পের ভিতর। এসে বিঁধে গেলে। তুমি তো সেই অন্তঃপুরের পর্দানশীন জেনানা, নিষিদ্ধ সিনেমা দেখতে দেখতে জাবর কাটতে দাঁতে! আত্মার গভীর লালে একদিন আরাধ্য দেবী ছিলে তুমি তার! সে যদি পদ্মবাহার তুমি ছিলে তার জোছনার দুধ! আজ লাবণ্য হারিয়েছো। তুষ্টবিদ্যা কী নির্মম, শিখেছো নিয়মে। তুমি ক্ষতফুল চেনো লতিফা? সাদা মখমলের চাদরে কুমারীরক্তে ফুটে ওঠা ক্ষতফুল! চেনো? উত্তেজনায় ঘোমটা দেওয়া বিবাহদিন কেমন লুটিয়ে পরে গান্ধর্ব-চেতনার গাঢ় কালো পায়ের তলায়, জেনেছো কখনো? এসব আমার পূর্বজন্মের কথা। সে সময় কপালের মধ্যভাগ জুরে রক্তের দাগ, চেরা সিঁথি–  সামলে নিয়েছিল, আমাদের বকুল পৃথিবী। মোক্ষের সন্ধান মেলেনি এখনও। ইহজন্মে তাই দাসখত রাখিনি কোথাও। 
মধু গো, পদ্মবনে শঙ্খ লেগেছে। একচ্ছত্র ঠাই কোথাও মেলেনা বিনিমাগনায়। এই আমি হাঁটু মুড়ে বসেছি। হৃদয় খুলে দাও প্রিয়া। ভালোবাসো। ভিতর শূন্য করে আজ আখতারি তুলে নাও গলায়। আমাকে ঠুমরী শোনাও। আমি কাঁদি...

ডবকা জ্যোৎস্নায় চাঁদ ফেটে যাক নদীর ভিতর....



(ক্রমশ...)

শনিবার, ৩১ মার্চ, ২০১৮

অনিন্দ্য রায়

হয়তো তোমারই
▪

▪
স্পর্শলতাটির পাতা ছিঁড়ে আমি তোমাকে পড়াই
খুলি হাওয়ার চাদর, কামিজ জলের
    আর চুলে যে রাত্রির ফিতে তা-ও খুলে
                                             বিছানায় পাতি
ঘুমের কলসি ফেটে ঘরময়  বিভূতি ছড়াল

মাখি গায়ে, তোমাকে মাখাই
আমাদের চিন্তাগুলি সাঁই-
সাঁই ওড়ে, তাদের রেচন
মুখে লাগে, আদরের ধন
পান করি একসাথে, চাটি

তোমার শরীর আজ আহার্যের বাটি

একেকটি ব্যঞ্জন খাই, তারপর ধুয়ে নিয়ে
                                     উপুড় করে রাখি
হাত ঘষি পিঠে
বাটি গরম হয়ে উঠলে আবার উল্টে দিই
দেখি, ভেতরে সমস্ত জল বাষ্প হয়ে আছে
আমিও বাড়াই জিভ
             ওই ফোঁটা ফোঁটা কামকুয়াশাকে খাই
এবং শরীর ফুলে ওঠে
এবং শরীর গত শতাব্দীর সেগুনগাছের মতো ফুলে ওঠে
এবং লতাটি তার কাণ্ড জড়িয়ে বড়ো হয়
ফোটে ফুল
কেশের বাদ্যের গুঁড়ো
         বাজে তা-ও
             সেই শব্দ নীহারিকা পের হয়ে যায় আরও দূরে

সেখানে কি আছে মাটি
    পৃথিবীর মতো থকথকে লেই?
আছে লোহা-তামা-পেতল-ইস্পাত ?

আয়ুধ বানিয়ে নিতে সেখানেও বন্ধক রাখতে  হয়
         হৃদয়-বাসন !
সেখানেও গাছ হয় বীজ থেকে
অপরিচিতের লতা  ছুঁতে চেয়ে যেই হাত বাড়ালাম
ঝনঝন করে নীরবতা ভেঙে গেল
কথার পাতায় আলো কেঁপে উঠল
          তোমার মুখের বিকিরণে
         

শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৮

অনিন্দ্য রায়


হয়তো তোমারই
▪

▪

পিঠের প্রান্তরে আসি , অল্প ঘাস, ছায়া-মহাকাশ
ছড়িয়ে রয়েছে বাকি আটদিকে , আমিও আঙুলে
হাঁটি, নখে আঁকি গ্রহনক্ষত্রের স্থান, মৃত্তিকার শাঁস
দাঁতে ছিন্ন করি, জিভে রক্তের লবণ লাগে, চুলে
মুছে নিই স্বাদ, নিয়ে অতোটা ভূগোল পুনরায়
ভ্রমণ চেয়েছি, হেঁটে, হাঁপিয়ে উঠলে হামাগুড়ি
দিয়ে, হোক যেনতেন, জ্বলে উঠতে উল্কার ধাক্কায়
তোমাকে ছোঁয়ার আগে ধ্বংস হয়ে যেতে পুরোপুরি

তোমাকে ছোঁয়ার পর মনে হয় পুনর্জন্ম আছে
সকল শ্রমেই আছে ঘুমের চাদর, নগ্নতাকে
বারবার জাগরণ ভেবে চেপে ধরি, তার কাছে
বন্ধক রেখেছি বিম্ব, আয়নাটি ইশারায় ডাকে
দেখি, মাঠ শেষ হলে আপেল বাগান, দুই ঢিবি
নদীখাত, ওপিঠে অপেক্ষা করে আমার পৃথিবী

ছোট ছোট গাছ
গাছের তলায়
বারুদের কূপ
আগুনের নাচ
চোখ পুড়ে যায়
তুমিও তো চুপ
চাপ শুয়ে থাকো
হাওয়ার পোশাকও
ছিঁড়ে ফালিফালি
গাছ ছোট ছোট
যে ডালেই ওঠো
মাথা নীচু কুঁড়ি
যদি হাততালি
দিয়েছ হঠাৎ
যদি ধরো হাত
কোথাও মাধুরী
উঠবেই বেজে
ছোট ছোট গাছ
কী তামাশা এ যে
পুরুষের আঁচ
স্ত্রীর জলাশয়
নিয়ে বড়ো হয়

তোমার শরীর
ছুঁতে চায় শ্রীর
স্নানের লিরিক
কোনোদিন ঠিক
সে পাবে গানের
তুমুল বারিষ
সে অভিমানের
ওষুধ ও বিষ
ছোঁয়ালাম ঠোঁটে

ছোট ছোট গাছ
গাছে গাছে ফোটে
কুসুম কুসুম
আমাদের ঘুম

ঘুমের ভেতর
একখানি ঘর
একা মোমবাতি
একা একা ফুঁয়ে
নিভিয়ে দিলাম

প্রিয় ডাকনাম

শনিবার, ২৭ জানুয়ারি, ২০১৮

অনিন্দ্য রায়


হয়তো তোমারই
   •


 চোখ, মনে হয়,চিনি; চেনা পুষ্করিণী
সাঁতারে নেমেছি কোনোদিন
হয়তো দেখেছি জলে কোনো মলিনতা নেই, দেখে 
ওষ্ঠ ফাঁক করে খেয়েছি ,তরল প্রাণ
 সে পানীয়ে আগুন মেশানো
শরীরের সব জল বাষ্প হয়ে ওড়ে
আমিও ডুবতে থাকি
ডুবে যেতে থাকি 

নীচে, জলের তলায় এক রূপকথা সিঁড়ি
শ্যাওলার ঝোপ, শোণিতের শ্বাস আর স্বেদ
আমিও পিছলে পড়ি 
সিঁড়ি টানে নিজের গভীরে
ভাঁজ-করা অন্ধকার খুলে যায়, আবার গুটিয়ে আসে 
আশ্চর্য কম্পনে আকাশেও ফুটো হয়ে যায়
ঝরে বারি, ছিটকে আসে চোখে

জ্বলে যায়
জ্বলে যায়
জ্বলে

নেভে সকল আতস 
অন্ধের আবেগে ছুঁই অনাদি খিলান
ছুঁই দ্বার, আপৎ জানলা
মাথাও গলিয়ে দিই
মুখে লাগে তীব্র রসায়ন
তোমাকে অম্ল ভেবে ক্ষারকের ধর্মে ঢুকে পড়ি

হে রক্তবাহিত সুখ, হে প্রাণ মোক্ষম
যা থাকে ভূমির নিচে আধখানা চাঁদ
কলঙ্কে বোলাই হাত , সে খাঁজে আঙুল
আটকে যন্ত্রণা পাই,  সহ্য করি, ও হো

তোমাকে নিরস্ত্র ভেবে বর্ম খুলে ফেলি
তোমাকে সাক্ষর ভেবে চিঠিপত্র লিখি
তানপুরা ভেবে তারে হাত দিতে যাই
এবং মানবী ভেবে প্রস্তাব করেছি

প্রতিটি চুম্বনে থাকে রণবাদ্য, ভেরি
আয়ুধ যতটা পারে পরাক্রমশালী
প্রতিটি প্রবেশ যদি ব্রহ্মাণ্ড ওল্টায়
বারবার, বারবার, বারবার, মরি

মৃত্যু না, জন্মের জন্য আয়োজন এই
এই শ্রম, এই জ্বর
এই ঘেমে ওঠা

চক্ষুরুন্মিষতি, প্রণয়ের সম্ভাবনা, রতি
চাঁদের গায়ে তো চাঁদ
প্রাণে প্রাণে
শব্দের কাঁসরঘন্টা
আঘাতে বাজছে

ক্ষতে মুছি ব্যথা ও গরল
আঙুলে আঙরা, শিরা দপদপ, অস্থি ছাইপাঁশ
রতন খুঁজতে এসে তুমি পাও ধাতুর কলস
রয়েছে সামান্য ছিদ্র মাটির ঢাকনায় 
ওইটুকু শ্বাসরন্ধ্র , কাব্য ওইটুকু 
ঠোঁটে চেপে ফুঁ দিই, চুষি হাওয়াফল

বীজে যত আলোড়ন আমাদের বাজনা সেরম
চিত্রঋণ : পাবলো পিকাসো 

রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭

অনিন্দ্য রায়


ছায়াবীথিতলে
•


যেভাবে মুষ্টিতে আসে ছড়ানো আঙুল,তালু
গোল হয়ে, ছোট হয়ে সমস্ত শক্তিকে 
                                              আনে  ঘন করে 
যেভাবে বেলুন তার নিজ চাপে বিস্ফোরিত হয়
যেভাবে কাগজ মুড়ে তাতে আঁকা নিসর্গভুবন 
                                  বন্ধ করে অতৃপ্ত আর্টিস্ট
যেভাবে বরফ গলে, বাষ্পীভূত জল
জানি, এর কোনোটিই নয়

লুডো খেলতে খেলতে হঠাৎ যে উল্টে দেয় বোর্ড
                                                 সেরকমও না
সূর্য ওঠার মতো, অস্তের মতো 
আলোআঁধারির প্রিয় কাটাকুটি-প্যাটার্নের মতো
জানি, সব গুটিয়ে আসবে
বলের ব্লাডার থেকে বাতাস বেরিয়ে গেলে 
তেমনি আকাশে ধ্বংস হবে মহাকর্ষ
জানি, তবু দুহাত বাড়াই , তর্জনী সক্রিয় করি
আ-তরযোনিতে 
প্রতিটি স্পর্শকে চিনি ঘ্রাণেন্দ্রিয় দিয়ে
আর ত্বকে অসংখ্য চক্ষু  জন্ম নেয়
দেখি এই আলোপাঠ্য, শুনি আলোগীতি

কোথাও ছিল কি প্রাণ ? আমার শরীর ছাড়া আর কি কোথাও
মহাসমুদ্রের তলে স্ফুট হত অযুত বুদবুদ ?
এবং সঙ্গীর খোঁজে হয়ে ওঠে তারাও চঞ্চল ?

সেই সমুদ্রেও আছে প্রবালকীটের অভিমান
আছে শ্যাওলার কেঁপে ওঠা যতটা সম্ভব মানবিক
জলে যে লবণ আছে
   অশ্রুর, রক্তের, ঘাম বা রসের মতো স্বাদের ভিন্নতা
চিনেছে একটি জিহ্বা, ডুবোপাহাড় একটি
ছোট ছোট দারুচিনিদ্বীপ
বেলাভূমি জুড়ে আছে নগ্ন মানুষের অবসর
রিসর্ট ও ঋষি
আছে ভ্রমণকাহিনী
প্রেমের কবিতা
ইমারত
স্টেডিয়াম
হাওয়াই আড্ডা
সবই তো ধ্বংস হবে
সূর্য, সেও হলুদ বসন খুলে লোহিতদানব হয়ে গিলবে সকল 
      গ্রহ, উপগ্রহ, পাথর, তৈজস
মৃত্যু হবে তারও

সব আলো নিভে যাবে
সব অন্ধকারও

একটি বিন্দুর গর্ভে ঢুকে পড়বে রেখচিত্র সব

যদি ওই বিন্দু অব্দি আমার শ্বাসের কণা টিকে থাকতে পারে
ডিমে ফুটবে আবার কুসুম

আবার তোমার সঙ্গে দেখা হবে, শ্রী
এই ছায়াবীথিতলে


বুধবার, ১৫ নভেম্বর, ২০১৭

অনিন্দ্য রায়



ছায়াবীথিতলে


ভ্রুণের সংহিতা, তাকে নৈঃশব্দ্য ফাটায়
আমরা রক্তের ধর্মে গণিত রেখেছি
             আর যে কাহিনী উত্তরে মেলে না তাকে বলি মোহনবাঁশরী
তা থেকে বেরোয় নাদ
বলি ব্রহ্ম
       বলি অণ্ডত্রয়ী
একটি তো দেখতে পাই না
ভাবি দুই
এই বিশ্ব দ্বন্দ্বময় ভাবি
অথচ অন্য আছে সর্বত্র
 তা-ই ফলাফল
অথচ দোকান আছে পাওয়া যায়  ধুতুরার ফুল
বাইরে পুরুষ আর অন্তরে স্ত্রীরূপ গহ্বর
এবং যে বীজ হয় জিভে নিলে সংজ্ঞা টলে যায়
               তোমাকে বিখণ্ড করে
আবার একত্রে রাখে
সুবর্ণগোলক
তা দিয়ে বানানো গয়না অঙ্গ হয়ে শরীর বানাল
তা দিয়ে বানানো অঙ্গ তুলে ধরল নিজের পতাকা
এবং ছায়ার ঘাসে খসে পড়ল সকল পোষাক
এবং ত্বকও খসল
       মাংস-অস্থি-ঘিলু গলে গেল
 রক্তের ফোঁটা হয়ে, নীরক্ত কুসুম হয়ে
       প্রবল ঘুর্ণিতে পড়ে টুকরো হল প্রাণ ও পরাগ
আবার জুড়তে তাকে ডাক দিই
কাছে এলে আলিঙ্গন করি
বানাই মোক্ষম ক্বাথ
সে আঠা বুলিয়ে রাখি সর্বান্তকরণে
   আহা জোড়ে, জুড়ে যায় যেভাবে অশ্ব লাগে নিষ্প্রাণ শকটে
ছোটে সব সামাজিক পথে
ঘাস খেতে কদাচিৎ নেমে আসে অসামাজিকতায়
নামায় বুভুক্ষু মুখ
ওষ্ঠে ঘষা লাগে পাপপুণ্যের বিছুটি
ফুলে ওঠে,
   এত এত এত স্থূল হয় ঢাকা পড়ে মহাকাশ
বৃষ্টি সব ওধারে আটকায়
এই পাড়ে জল ভাঙে
জলের গভীরে ভাঙে জৈবইতিহাস
সেখানে যুদ্ধের কথা পুঙ্খানুপুঙ্খ লেখা
সনমাসতারিখে হিসেব
উপাসনাগৃহ আর স্মৃতিস্তম্ভে ভরে যায় দেহ
ঘন্টা বাজে
লালায় মুখের থালা ভরে যায়
তাকে বলে খিদে
এতবছরের রীতি রুটিকে গোলই রেখে দিল
যেকোনো প্রান্তের থেকে ছেড়া শুরু করা যায়
         ঘুরিয়ে নেওয়া যায়
এবং কামড় দিলে স্বাদ থাকে একইরকম
যেন গম সব ক্ষেতে একই আদর পেয়েছিল
একই তাপ, মাত্রাও অনন্য
প্রতিটি চাষীর চোখে চাষীবৌ দেখে এক চন্দ্রোদয়ঘোর
কিন্তু পলক পড়ে বিভিন্ন সময়ে
তাই নুনের মাত্রা ভিন্ন মনে হয়
চুম্বনে
       ও উৎপাদনেও

আমরা শস্যের গায়ে হাত বোলাই আভ্যেসবশে
চাপ দিই
         খোসাটি ছাড়াই

নগ্নতা ছাড়া যেন পরিচয় সম্ভবই নয়    

ছবি কৃতজ্ঞতা স্বীকার : অরিণ রায় 

মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭

অনিন্দ্য রায়


ছায়াবীথিতলে


হ্যাঁ, বিস্ফোট সেই, শব্দ, প্রসারণশীল
হ্যাঁ, সেই দড়াম, শক্তি, হ্রাসমান, ক্রমে
হ্যাঁ, সেই সুতোর টুকরোরা, ছিঁড়ে ছড়িয়ে পড়ছে
কো               থা                   য়
কোনো থায় নেই, সে নিজের ওপরেই নিজে বড় হচ্ছে
নিজেরই অন্তর ভেঙে বানাচ্ছে উদ্বায়ী ও অগ্নিগোলাগুলি
ছুটছে,  হ্যাঁ, নিজেরই প্রান্তর ধরে ছুটে যাচ্ছে শিশু
মহাজাগতিক
শূন্যের চেয়ে নামমাত্র বড়
সময়ের চেয়ে সামান্য অনুজ
হস্ত-পদ-পেট নেই
মুখবিবর একটি
চক্ষু-নাক-কর্ণ নেই
একটি গহ্বর জায়মান 
বমন করছে তারাপিণ্ড, গ্রহপিণ্ড, উল্কাপিণ্ড
পিত্ত নয়, অম্ল নয়
আঁধারের রসে সব মাখামাখি 
হ্যাঁ, অন্ধকার, টানটান, কোথাও কোঁচকানো অন্ধকার
ব্যপ্ত এই তিনশো ষাট গুণিত তিনশো ষাটটি দিকে
মাঝে কোথাও কোথাও ছিঁড়ে গেছে
আর ওই ছিদ্রপথে জেগেছে নক্ষত্র
আর ওই ছিদ্রপথে মরেছে নক্ষত্র
আর ঘনকৃষ্ণ পতিত হয়েছে
তিনি হাঁ করলেই বিশ্বরূপ
গ্রাস করলেই অন্য বিশ্ব এক
এক তো না
বরং প্রতীপ
উল্টো অনিন্দ্য লেখে উল্টো সৃজনে
উল্টো পাঠিকা, তুমি প্রতিকবিতা পড়ো

প্রতিছায়াবীথিতল
অঙ্ক কষে দেখি আমি
যেন তা উল্লম্ব আছে
বাস্তবতা নিম্নে শুয়ে রয়
মন্ত্র পড়ে দেখি আমি
কালীমূর্তি
নীচে মহাদেব
এবং মুণ্ডের মালা
গ্যালাক্সি সকল
কন্ঠ থেকে রক্ত নয়
ঝরছে আলোর ফোঁটা
একটি শৃগাল জিভ বাড়িয়ে রয়েছে
ডাকগুলি, শিবাগুলি তার
নিশির তরঙ্গগুলি পাড়ি দিচ্ছে
উথালপাতাল

হ্যাঁ, গো, সকলই নিম্নগামী
সকলই বস্তুই চায় বস্তুদের নিকটে টানতে

তবু কেন দূরে থাকা, এত এত দূরে সরে যেতে হয়
একটি গ্যালাক্সি থেকে অন্যদের
একটি নক্ষত্র থেকে অন্যদের
একটি পরাণ থেকে অন্য প্রাণ ভ্রাম্যমাণ হয়
!

ছবি কৃতজ্ঞতা স্বীকার : অরিণ রায়









শনিবার, ১৫ জুলাই, ২০১৭

অনিন্দ্য রায়


ছায়াবীথিতলে


কৃষ্ণ তো স্বয়ং বাঁকা
আলোকেও বাঁকিয়ে দিয়েছে, অভিকর্ষ, ব্রহ্মা সেই
আমাকে তোমার প্রতি বস্তুগত করে
সরল থাকি না, মুণ্ড ঘুরে আসে পায়ে
বুঝি, সকলই বর্তুল
গড়ানোর প্রতিভাই প্রকৃতি চেয়েছে
তবু একটি তূণের মতো জ্যা থেকে বেরিয়ে আসে  
আমারই অযুত খণ্ড
তাদের ছিঁড়েছি আর ছিন্নপ্রক্রিয়ায় আনন্দ ছিটকে আসে

আমাকে তোমার প্রতি পর্যটক করে

ঘুরি, পথে শ্যাওলায় পিছলে যাই
গুল্মে আটকে পড়ে
প্রিয় বন্ধুগণ
তাদের চিৎকার এসে আমাকে ধাক্কা দেয়
পড়ি এক অনন্ত কুয়োয়
দেখি, তার সর্বস্ব কৃষ্ণের বর্ণ
একটি আলোকরশ্মি
রজ্জুর মতো ধরে উঠি কোনোমতে
চারিপাশে সমুদ্র সুরার
নেশা হয়
আমার চৈতন্য থেকে তুলে দেয় ছাল
বুঝি, নগ্নতা ভিন্ন আর স্বাধীনতা নেই
যতক্ষণ আছে ভর তিনি টেনে রেখেছেন প্রাণ
দুইটি তন্তুকে পেঁচিয়ে দুজন সর্পের মতো
পেঁচিয়ে কাঠামো করেছেন
দিয়েছেন বিষ-বিদ্যা-দংশন ও কাম

তিনি, বিদ্যুতের ছিপ
তিনি, তরঙ্গশকট
আমাকে তোমার প্রতি যাত্রী বানালেন
অথচ নিজেই চাকা হতে চেয়েছি
সেই কত কত কাল

কাল, সেও বেঁকে যায়, ব্রহ্মা এরকম
তাঁকে আড়াল করতে টুপি পরেছি মাথায়

যদি তোমার সঙ্গে দেখা হয় খুলে ফেলব
হে আমার হারানো আধুলি
ফাটিয়ে ফেলব,প্রিয়, পর্দা ও পরম
তারপর ডুব, ডুব, ডুব
দেখি, জলের গভীরে
একটি কুঠুরি আছে আলো জ্বেলে
ওখানে শয্যাটি  
আমার পতনের জন্য নির্মিত হয়েছে
যেন আমি না ঘুমোলে
জাগে না সন্তান

কোনো নদী,উপত্যকা, কোনো বনাঞ্চল
পর্বত, সাগর, হ্রদ, পানি, শিলা, বালু
কোনো শাল, বট, জাম, ডুমুরের গাছ
\তৃণ, ফার্ন, মস কোনো, হাতি, বাঘ, ভালু
মৎস, শামুক, কেঁচো, কোনো জেলিমাছ
এত এত জন্ম, এই ছায়াবীথিতল
এই চক্রভবনের গায়ে 
যে বৃক্ষটি আঁকা
সহস্র পাতার ফাঁকে ফুল হয়ে দেখা  দিলে তুমি
স্পর্শ করি, ওষ্ঠে নিই, কেশর নাড়াই
সজোরে বিধস্ত হয় বীজতন্ত্রগৃহ
ফোঁটাদের গুণিতক করি ভালবেসে
এবং নির্গুণ করি তোমাকে, কামনা

কে তবে আমাকে টানে
সুষুম্না কে ধনুক বানাল

কে তবে প্রজন্মদড়ি
ছিন্ন করে মাখিয়েছে কালো

কে আমায় বেঁধে
রাখে সংবেদে

অভিকর্ষ, হে প্রিয় বিনোদ
জন্মের যা কিছু শোধবোধ
যা কিছু বস্ত্রের বিপনন
খুলে নিলে পড়ে রয় মন

তাও বাঁকে, তাও বেঁকে যায়
এই বিশ্ব গোলের সংজ্ঞায়
পাক খাচ্ছে, পাকের ব্যঞ্জন
চন্দ্রতারা রান্নার বাসন

আলো তাকে মাজে, অন্ধকার
এঁটো মোছে, কখনো আহার
করতে গিয়ে দেখি তোমাকেই
আমাদের পরিত্রাণ নেই

ছবি কৃতজ্ঞতা স্বীকার : অরিণ রায়