মেঘ অদিতি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মেঘ অদিতি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ২৭ জানুয়ারি, ২০১৮

মেঘ অদিতি

একটি আত্মঘাতী ফুল, তোমাকে


১
উপসংহারের দিকে ছুটে যাওয়া সন্ধ্যাকে
আজ গল্প জানছি
কথাকে গাছ, গাছকে কুয়াশা

কোথাও যাবো না-
ভাবতে ভাবতে ছাদ ফুঁড়ে উঠলো মাথা
অয়েল না প্যাস্টেল
প্যাস্টেল না এ্যাক্রেলিক
প্যালেটে চাপ দিলে
বেরিয়ে আসছে চাপ চাপ অন্ধকার
শরীরে ডাকছে বান
আত্মভ্রমণের পাখিজগত আমার
সন্ধ্যার সমুহ মায়ায়
তোমাদের এক হাত দেখে নেওয়া গেলো ভেবে
দ্রুত ঘুমিয়ে পড়ছি


২
উদযাপনের এত এত শেড
এত তীব্র অন্ধকার
প্রিয় মুখ-
স্বীকার করি সুতীব্র চিৎকারের পাপ
স্বীকার করি দুরভিসন্ধির সন্ত্রাস
ঠিকরে গেছে আমার সেপিয়ার টোন
ঘুণপোকা কেটে নিলো এই জন্মান্ধের আয়ু

তোমাকে আলো দেবো বলে
সকালের কাছে যত রাত কুড়োচ্ছি
আলোয় পুড়ে যাচ্ছে তোমার দীর্ঘশ্বাস

সারাদিন ঘুড়ি ওড়াচ্ছি কসমোপলিটান আলো-ছায়ায়

৩

ঘটনার প্রত্যাবর্তন না কি বাটারফ্লাই ইফেক্ট
বলতে পারবেন তাত্ত্বিকরা

আমি শুধু জানি
নক্ষত্রের দিকে ছুটে চলা ওই মুখে
ভোরের মুখেই সন্ধ্যা ঘনালো
বুদ্বুদ কেটে বসানো হলো
দুরের জংশনের ল্যান্ডস্কেপ

চলে গেলে-
জানলাম ফুলেরাও আত্মঘাতী হয়

রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭

মেঘ অদিতি



ঘুম অথবা সঙ্গীতে
অন্ধকার তরল হলে দু'তিন লাইন রেড সিগন্যাল
অরোরার অহিফেন নেশা

পা ডুবিয়ে তুমি ভেজামাটির অ্যাসাইলাম শুদ্ধতা
গাইছ গর্ভসঙ্গীত, বন্ধুহীন টুপটাপ
কোমল ঋষভে ছুঁয়েছ মিশরের প্রবেশদ্বার

এসবে সহজতা কোথায়..
থেকে থেকে ফেরানো বেতফল
শৈশব ডেকে নিচ্ছে ঘুমাবে বলে
-----------------
অথবা ভালবাসা
এই যে ডুবে আছি জ্বরের ঘোরের ভেতর, পাতাবাহারের রঙ খসে না-মানুষী বিষমাখা হা হা ওই হাসি কাঁপিয়ে দিচ্ছে আমার হাড়, এ কিছু নয়- এসব দৃশ্যের ভেতর উড়ে বেড়াচ্ছে এক ঝিনুকজন্ম ও বিস্ফোরক।

ভালবাসার অদৃশ্য পাখিটা আগের মতই গান গাইছে আর একটা পুরনো আয়নায় মুখ রেখে তুমি আঁকছো তার উত্থান ইতিহাস-

বিপ্লবীরা কে কোথায়?

সন্ধের বুকে তোমাদের ঘ্রাণ মুছে কতদূর যেতে পারে এই প্রৌঢ় পৃথিবী!



দৃশ্যবদলে- শেষবার
তবে কি রক্তজবার ঝোপের ঠিক নিচেই জেগেছিল সেই সুর যার কাছে মুহূর্ত খরচ করতে আর কোনো দ্বিধা ছিলো না! যদি তাই, তীব্র ঝাঁঝের আড়ালে তিক্ত স্বাদটুকু তো আমরা বুঝতে চাইনি। চেয়েছি শুধু অবিসংবাদিত এক ভোর অথচ অজানা ছিল অন্তরীপের খোঁজ। সেই বাংলো, খোলা আকাশের নিচে আড়াআড়ি শুয়ে থাকা, বাক্সবন্দি একটাই ঘুমপাড়ানি গান ঘুরে-ফিরে, ঘুরিয়ে ফিরিয়ে, বারবার.. কিন্তু কোথাও তো কেউ ঘুমিয়ে পড়ছে না!
শুধু একটা প্রশ্ন তীরের মতো বিঁধে যাচ্ছে চোখে মুখে আর মাথা ঝাঁকিয়ে তাকে ”না” বলছি বারবার ..
দৃশ্যবদলে বিষাদ-যুবক ছুঁতে চাইছে আমার অসম আঙুল, কপাল আর কাঁধ। আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ডুবে যেতে যেতে ভেসে উঠে বলছে- এই শেষবার...