মিঠুন চক্রবর্তী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মিঠুন চক্রবর্তী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫

মিঠুন চক্রবর্তী

                 



যেভাবে বর্ষা আসে


১
উট রঙের সফর তখন , তার মাঝেই দেখা,
অলীক কিংবা আশ্চর্যজনক কিছু নয়
প্রথম যৌবন উড়িয়ে এসে প্রতিটি পুরুষের চোখ
প্রেমিকার মুখে যেভাবে মাকে খুঁজে এনে রাখে
২
তাকিয়েছিলে ? আমি তো চোখ মেলতে পারিনি,
কতকাল আমার নগ্ন চোখে হু হু বাড়ছে জ্বর

ঘরের কোনায় রাখা খাঁ খাঁ কলসিতে
ঘড়ির কাঁটার শব্দের মতো শব্দ জাগিয়ে
নুড়ি - পাথর ফেলে যাচ্ছে কাকবর্ণ রাত

উঠোনে পড়ে আছে শুধু সম্ভাবনাময় কিছু বীজ
৩
জড়িয়ে ধরেছো ! দ্যাখো, আমি আজ পুরুষ নই।
পুরুষের ভেতর থেকে বুকে হেঁটে বেরিয়ে 
ঢুকে পড়েছি একটি কুমড়ো লতার রোঁয়াসুন্দর শ্যামাঙ্গীতে।
শুধু আমি কেন, আমরা দু'জন 

আর ওই যে আমাদের গর্ভ, বাতাসে দুলতে দুলতে ফুলে উঠছে

সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭

মিঠুন চক্রবর্তী



সঙ্গী

মিঠুন চক্রবর্তী

মনে করো এক রাত্রি এল যেন পানাপুকুর
তুমি শালুক ভালবাসো, আমি সাঁতার
সুতরাং দু'জনেই সাঁতরালাম সে রাত্রির

তারপর মৃদু রাত্রি নিবে  নিয়ম মাফিক ভোর
আর আকাশ দেখে তোমার মনে পড়ল ----
তুমি গত রাত্রের দিকভ্রষ্ট পাখি
আশ্রয় নিয়েছিলে আমার উষ্ণ চিলেকোঠায়
                                                   
একরাত্রির।

এরপর স্বাভাবিক ভাবেই জানি তুমি যেতে চাইবে
আমি তো আর খাঁচা নই
তোমার উড়ে যাওয়া দেখতে দেখতে দেখতে....
গুছিয়ে রাখব রঙিন পালক

এই আমার এক জীবনের তোমায় পাওয়া

তুমি তখন ইচ্ছে মতো,ইচ্ছে মতো বনের পাখি
আমি আবার যথারীতি আগের মতোই একলা হ'ব
একলা হয়ে ঘর বাঁধব তোমার গহন বনেই
তোমার বনের কাঠ আর লতা দিয়েই ঘরের কাঠামো বানাব
ঘর ছাইব তোমার বনের পাতা দিয়েই

তারপর তোমার প্রেমের পিদিম জ্বেলে
তোমায় সারাক্ষণ ছুঁয়ে ছুঁয়ে
তোমাকেই সব রাত্রি খুঁজে যাব.........


ছবি : গুগুল