সম্বৃতা দাশরায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সম্বৃতা দাশরায় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২১ জুন, ২০২১

সম্বৃতা দাস রায়

                           



চেনা অচেনা বৃষ্টি

   

(   1)

শেষ বিকেলের আলোটুকু
ঢেলে ফিরে গেল সূর্য
আগামী ভোরে দেখা হবে না জেনেও
হাসি দোলে সূর্যমুখীর পাপড়িতে।
সাঁঝ নরম আঙুলে ছুঁয়ে
গল্প করে খুব।
মেঘ করেছে আজ
বৃষ্টিও  আসবে বলেছিল
মৃত্যু ,একটু অপেক্ষা কর।
ঝরে পড়ার আগে
সূর্যমুখী বৃষ্টি ফোঁটার
আদর চায়।

   (  2)

মোহরকুঞ্জে বিকেল চারটে
বলেছিলে   বেণীমাধব
এখন  পাঁচটা বেজে পাঁচ।
ফিরব এবার।
হঠাৎ  মেঘ ডাকল,
হাওয়ায় বর্ফিলি শিহরণ!
উপুড় ঝুপুড় বৃষ্টি নেমে
ভিজল বেনী ভিজল ঠোঁট।
ভিজিয়ে তুমুল  নিভিয়ে দিল
বুকের ক্ষত গভীর যত।
চন্দনবৃষ্টি সঙ্গে  নিয়ে
ফিরছি এবার।
আগুন জ্বললে
বৃষ্টিকেই ডাকব না হয়।
আর এস না
বেনীমাধব।

              
                          (3)
      
   ভাঙা আয়না গোপন চিঠির বাক্স
  শ্যাওলা ঢাকা  আলসেরা
   জেগে ওঠে  পড়ন্ত বিকেলে।
   উলকাঁটার গল্পে আসর জমায়
   শুক্লা দ্বাদশীর  চাঁদ।
   তুহিনা জবাকুসুমের কুহকী ডাকে
    ভেসে যাওয়া   কৃষ্ণমেঘ
   থমকে দাঁড়ায় ।
   কোথায় যেন যাবার ছিল
   ভুল হয়ে যায়।
  কিছু দুঃখ কিছু স্মৃতি 
  টুপটুপ  ঝরে  পড়ে বৃষ্টি হয়ে।

   

রবিবার, ১৬ আগস্ট, ২০২০

সম্বৃতা দাশরায়


চরণচিহ্ন

 

গীতুমাসি আমার মায়ের বন্ধু । একই স্কুল একই  পাড়ায় বাড়ি হওয়ায়  দুজনের সখ্যতা  বেশ গাঢ় হয়েছিল। কলেজের প্রথম ধাপে উঠতেই  মায়ের বিয়ে দিয়ে দিল আমার রক্ষণশীল  দাদু আর গীতুমাসি কলেজ শেষ করে গেল ইউনিভার্সিটিতে। তবুও   দুই বন্ধুর কিন্তু  বন্ধন অটুটই ছিল। মামাবাড়ি গেলেই গীতুমাসিদের বাড়ি যাওয়া অবধারিত।   লম্বা বিনুনি হাসিমুখ ,ছোট্ট আমাকে টুপ করে  কোলে তুলে  নেওয়া গীতুমাসির  ছবি  মনে গেঁথে আছে আর যেটা আছে,  তিনতলার বিরাট একটা ঘর   যেখানে সিলিংছোঁয়া  দেয়াল আলমারিতে থরে থরে  বই। একটা দেওয়ালে শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের  ছবি । কোনও কোনও শনিবার  রবিবার সন্ধ্যায়  আসর বসত।  গমগমে গলায় গান শুনতে পেতাম সিঁড়ি উঠতে উঠতে । গীতুমাসির বাবা নামকরা উকিল ছিলেন ঐ মফস্বল শহরের ,  রাশভারি মানুষ । তাঁর দরাজ গলার গানে কিছু না বুঝেও  আমার ভেতরটা দুলে উঠত  যেন  । রবিঠাকুরের গান ,মা বলত । ও বাড়ির সবার গানে কবিতায় এমন অনায়াস বিচরণ, এমনকী ক্কচিত-কদাচিৎ বাড়িতে গুনগুন করা আমার সাদামাটা  মা , সেও ঐ আসরে গাইত-- আমার একটি কথা বাঁশি জানে , বাঁশিই জানে   কিংবা ওগো আমার শ্রাবণ -মেঘের খেয়াতরীর মাঝি......
সে গানের   ভালো মন্দ  বলতে পারিনা কিন্তু কেমন মায়ায় আমার ছোট্ট বুকটা ভরে যেত ।
একদিন শুনলাম গীতুমাসির বিয়ে। বনেদি  শ্বশুরবাড়ি, বর মস্ত চাকুরে বিলিতি কোম্পানির, মামাবাড়িতে উত্তেজিত আলোচনা কানে ঢুকে পড়ছে । বিয়ের পর নাকি দিল্লি চলে যাবে বৌ নিয়ে। গীতুমাসির চলে যাবার খবরে মনটা খারাপ হয়েছিল হয়তো ঠিক মনে পড়ে না তবে মা  বন্ধুবিচ্ছেদের কষ্ট পেয়েছিল জানি। 
সেই মফস্বল  শহর দেখল আমরাও দেখলাম রূপকথার সেই বিয়ে। তারপর গীতুমাসির সঙ্গে আর দেখা হয়নি।  স্কুল খেলা বন্ধুবান্ধব  জীবনের অনেকটা জায়গা দখল করে নিচ্ছে , তখন গীতুমাসিরা সিডনিতে ।  স্মৃতির অ্যালবামে ততদিনে ধুলো জমেছে প্রচুর ।
কলেজে পড়ি যখন  , সেই সময় গীতুমাসিরা  কলকাতায় এল ।   চিঠিতে জানিয়ে, ঠিকানা আর ফোন নম্বরও  দিয়েছে। আমাদের তো পুরনো ঠিকানাতেই বসবাস । মা পুরনো বন্ধুর কলকাতায় আসার খবর  পেয়ে খুব খুশি। একদিন মোড়ের ফোন বুথে গিয়ে কথাও বলে এল কিন্তু মনের জমানো কথা তো ফুরল না। মাসি যেতে বললেও অসুস্থ  ঠাকুমা বিছানায়, তাঁর  দেখভাল  সংসারের দায়দায়িত্ব  সামলে মার পক্ষে যাওয়া....
একদিন হঠাৎই  গীতুমাসি চলে এল আমাদের বাড়িতে । বিরাট গাড়িটা আমাদের সরু গলি জুড়ে দাঁড়িয়ে রইল প্রতিবেশীদের কৌতুহল জাগিয়ে।  চেহারা,  হাবভাবে বিদেশি সৌরভ থাকলেও   গীতুমাসির ব্যবহারের পুরনো উষ্ণতা  মায়ের আড়ষ্টতা এক ফুঁয়ে উড়িয়ে নিয়ে গেল কোথায়!  আমাকে দেখে মাসির বিস্ময় আর কমে না--  কত বড় হয়ে গেলি বুকুন! হ্যাঁ রে কণা ছেলেকে গান শিখিয়েছিস ? বলতিস যে ?
মা অপ্রস্তুত হাসে , ছাপোষা সংসারে আয় আর ব্যয়ের টানাপোড়েন তো গীতুমাসি বুঝবে না। সেদিন ঠাকুমার সঙ্গে গল্প করে আটপৌরে  রান্নাঘরে  মায়ের পাশে বসে আড্ডা দিয়ে  ফিরে গেল মাসি । তারপর মাঝেমাঝেই  আসত  দুপুরের দিকে।  গল্পে গল্পে একেকদিন সন্ধে গড়িয়ে যেত ।আমি কলেজ টিউশন থেকে , বাবা অফিস থেকে ফিরলে আরেকপ্রস্থ  জমিয়ে চা এবং  টা সমেত আড্ডা চলত ।  গীতুমাসি কিন্তু কখনও মেসোমশাই বা ছেলেমেয়েদের আনতে না সঙ্গে ।  বাবা মা  বললে , হেসে উড়িয়ে দিত-- দূউউর , ওদের সময় কোথায়? সারাদিন তো যাঁতাকলে ঘুরছে । তোরাই বা কোথায় আসছিস আমার বাড়ি ? কতবার বলি আয়.....তবু তো এলি  না। 
 একদিন   ছুটির বিকেলে   মাকে নিয়ে চলেই গেলাম গীতুমাসিদের বাড়ি । আলিপুরের অভিজাত এলাকায় যেমনটা হওয়া উচিত ঠিক তেমনই চমৎকার বাংলো। কেয়ারি করা ফুলের বাগান , সবুজ লন ডিঙিয়ে  হলঘরে পৌঁছে দেখি যা কল্পনায় ছিল তার চেয়েও অনেক বেশি বৈভবের চিহ্ন ছড়ানো সেখানে ।  উর্দি পরা  আর্দালি খবর দিল গীতুমাসিকে,  আমাদের  দেখে মাসি একটু চমকে  গেল যেন, ভাবতে পারেনি বোধহয় সত্যিই চলে আসব। তারপর সামলে নিল অবশ্য, হৈচৈ বাধিয়ে দিল একেবারে । ছেলেমেয়েকে  ডেকে আনল । সাহেবি কেতার  ছেলেমেয়ে দুটি মৌখিক আলাপ সেরেই কোথায় অদৃশ্য হল আর দেখলাম না। গীতুমাসির বর  মিস্টার অবনীশ মিত্র একবারও আসেননি সামনে।  প্রচুর  খাবারদাবার সাজিয়ে আনল বাবুর্চি কিন্তু নাহ্, জমল না আমাদের আড্ডা । কি যেন এক অস্বস্তি ঘর জুড়ে। হালফ্যাশানের ঝাড়বাতির চড়া আলো  বড্ড মেকি , দুপাশের ঘরগুলোর দরজায় নিষেধের ভারি ভারি পর্দা । মাসির হাসি ঠাট্টা সবই নিষ্প্রাণ, অস্বচ্ছন্দ  বুঝে উঠে পড়লাম । বেরনোর  আগে বললাম -- এতকিছুর মধ্যে তোমার প্রাণের   ঠাকুর স্থান পেল না মাসি ?   রক্তকরবীর রাজাকে তো নন্দিনী বদলাতে পেরেছিল , তুমি পারলে না ! মা অনেক  চেষ্টা করেও থামাতে পারেনি আমার অসভ্যতা।  স্তব্ধ ফ্যাকাশে গীতশ্রী মিত্রকে পিছনে ফেলে জোর করে মা কে  নিয়ে বেরিয়ে  এলাম ।
মা ভীষণ দুঃখ পেয়েছিল আমার কথায়  কিন্তু কেন বলব না ? কলেজে পড়ি রক্ত  টগবগে। অত  তাচ্ছিল্য  সহ্য হয়নি  আমার, মাসিই বা কেন বারবার যেতে বলেছিল! নিজের আর্থ সামাজিক অবস্থান দেখাতে?
বুঝিনি ঠিক।
তবে  এরপর গীতুমাসি আর  আসেনি আমাদের বাড়িতে।      
এ পর্ব ভুলেও গেলাম  জীবনের ঝড়ঝাপটার মোকাবিলা করতে করতে।।  পায়ের তলার মাটি  শক্ত করতে গিয়ে বেশ অবেলায় জীবনসঙ্গী পেয়েছি শম্পিকে। দুজনে দুজনকে জেনে চিনে নেব এই ইচ্ছে থেকে নিভৃতবাসে  এসেছি ঝাড়খণ্ডের এই ছোট্ট গঞ্জে ।পরিচিত জায়গা নয় তাই ট্যুরিস্টের উৎপাত কম, শান্ত নিরিবিলি । একটা তিরতিরে নদী , টিলা পাহাড় কয়েকটা আর চারপাশে সবুজ আর সবুজ ।  
সকালে  বিকেলে হাঁটতে হাঁটতে নদীর দিকে যাই কোনওদিন পাহাড়ের কাছে।  শম্পিরও খুব পছন্দ হয়েছে জায়গাটা।  একটা গেস্ট হাউসে উঠেছি, বেশ ছিমছাম পরিচ্ছন্ন।  আজ বিকেলে  একাই বেরিয়ে পড়লাম । 
শম্পির  সর্দিজ্বর মতো হয়েছে , বেরতে চাইল না। আজ এখানে  হাটবার শুনে ইচ্ছে হল দেখতে যাবার । 
      নদীর দিকে যেতে বাঁ হাতি রাস্তা ,  গেস্ট  হাউসের কেয়ারটেকার বলে দিলেন ।   বড় বড় গাছগাছালির মধ্যে দিয়ে সরু পায়ে হাঁটা পথ । দুপাশে  অনেকটা  জমি সমেত পাঁচিল ঘেরা সাহেবি আমলের বাংলো প্যাটার্ণের বাড়ি ।  ঝোপঝাড় আগাছা গজিয়ে গেছে একেকটা বাড়িতে , সুন্দর রঙিন ফুলে ভরা বাগানও আছে কোনও কোনও বাড়িতে। সবই বাঙালিবাবুদের বাড়ি  হাওয়া বদলাতে আসত অনেক আগে তখনকার, কেয়ারটেকারের কাছেই শুনলাম । কেউ কেউ এখনও  যত্নে রেখেছে  ,কোথাও আবার পরিত্যক্ত পূর্বপুরুষের বাড়ি।   হঠাৎই   ঝিমধরা বিকেলের নির্জনতা চিরে কানে ভেসে এল -- কোন ভাঙনের পথে এলে ....রবিঠাকুরের গান ! এখানে! এদিক ওদিক তাকিয়ে এগোতেই  গানের বাড়িটা দেখতে পেলাম মানে  যেখান থেকে গান ভেসে এসেছে সেই বাড়ি। কৌতুহলী হয়ে  কখন পায়ে পায়ে ভিতরে চলে এসেছি  খেয়াল করিনি। ঘরটায় ঢুকতেই ঠিক মুখোমুখি দেওয়ালে  ফ্রেমবন্দি   রবীন্দ্রনাথ !  কয়েকজন বৃদ্ধ বৃদ্ধা বসে গলা মেলাচ্ছেন  আর পিয়ানোয় বসে চোখ বুজে  তন্ময় হয়ে গাইছেন যিনি, তিনি আমার অত্যন্ত পরিচিত ! অস্ফুট ডাক বেরিয়ে গিয়েছিল বোধহয় ,গান থামিয়ে গীতুমাসি তাকাল। অপরিচয়ের দৃষ্টি স্বাভাবিক ভাবেই। অতীতের সদ্য তরুণ  আমি , এখন নুনমরিচ চুলের , ভারি চশমার  প্রৌঢ় । 
          ঘরে উপস্থিত সবার অবাক দৃষ্টি আমার দিকে।  এখানে এরকম কোন পথিক আসে না সম্ভবত ! 
বুকুন ! -- খুশিতে উজ্জ্বল মুখটা, চিনতে পেরেছে  ঠিক! এখন  বসে আছি  বাগানে, বাঁধানো বেদিতে। মনে ভিড় করে আসা প্রশ্নেরা সব উত্তর পেয়েছে।  মেসোমশাই  চলে গেছেন বছর পাঁচেক আগেই। মাসিকে  বাকি জীবন স্টেটসে  কাটাতে রাজি করাতে পারেনি রুষা  ঋভু কেউই । ওদিকে
 পৈতৃক সম্পত্তি ভাগাভাগির সময় মাসির দাদামশাই-এর তৈরি এই বাড়ির সঙ্গে তাঁর শখের পিয়ানো আর রবিঠাকুরের ছবিও এসে পড়েছে গীতুমাসির ঝুলিতে। ব্যস তারপর  চেনা  অচেনা কয়েকজন মানুষকে সঙ্গে নিয়ে ধূপছায়া নিকেতন । মায়ের কথা আমাদের সব কথাই খুঁটিয়ে খুঁটিয়ে শুনেও মাসির  আশ মেটে না ।  মা বাবাকে কিছুদিনের মধ্যেই এখানে নিয়ে আসার প্ল্যানও করে ফেললাম । গল্পে গল্পে  রাত বাড়ছে দেখে উঠে পড়তে হল।  শম্পিকে নিয়ে কাল থেকে  ধূপছায়ার অতিথি হবার কথা আরেকবার মনে করিয়ে দিল মাসি। মৃদু জ্যোৎস্না ভেজা পথ , কানাভাঙা চাঁদ মায়াবী আলো ছড়ালেও আকাশের এককোণে সন্ধ্যাতারাটি স্থির, প্রত্যয়ী  । সেদিকে চোখ পড়তেই মাসির বলা  শেষ কথাগুলো কানে বেজে উঠল যেন--  বুকুন  তুই বোধহয় সেই অমোঘ শক্তি, যে আমাকে প্রাচুর্যবাসনার অন্ধ গহ্বর থেকে এক  ঝটকায় তুলে নিজের চিরকালীন বৃত্তের সামনে  দাঁড় করিয়ে দিয়েছিল কিন্তু সেই বৃত্তে ঢোকার  দরজাটা খুঁজতে খুঁজতেই অনেকটা সময় চলে গেল রে। তবু আপসোস নেই জানিস, অন্ততঃ এই শেষবেলায় এসে মনে হয় যেন  সেই আলোকময় বৃত্তের  এককোণে ছোট্ট  একটু ঠাঁই পেয়েছি -- মাসির   চোখদুটোয় কি গভীর বিশ্বাস,  চুপ করে রইলাম। বলা হল না , আমার এমন কোনও শক্তিটক্তি নেই কেবলমাত্র  ঈর্ষার  কূট দংশনেই  তিক্ত  ঝাঁঝালো কথাগুলো বলে ফেলেছিলাম সেদিন। আনমনে ফিরছি... .হঠাৎই বিদ্যুৎ চমকের মতোই কথাটা  বুঝতে পারলাম।   যে অমোঘ শক্তির কথা বলেছে মাসি সে শক্তি আমি নই, অন্য কেউই নয়। ছোট থেকে সেই যে বাঁশিওয়ালার  চরণচিহ্ন ছড়িয়ে ছিল গীতুমাসির জীবনবৃত্তে ,  স্থূল  বৈভবের অহং-এ  তাঁর ক্লান্তি আসবে  এটাই তো স্বাভাবিক। সেই  বাঁধন থেকে মুক্তি পাবার ইচ্ছে হয়তো ছিলই  শ্রীমতী  গীতশ্রী মিত্র'র । সত্যি এটাই যে সম্পূর্ণ একক প্রয়াসে  তিনি  আবার ফিরে  পেয়েছেন নিজের স্বত্বাকে।  আমি ছিলাম নিমিত্তমাত্র।।
.



শুক্রবার, ১৫ মে, ২০২০

সম্বৃতা দাশরায়

মুখোশ 
 

 গাড়িতে উঠতে গিয়েই রথীনবাবুর মনে পড়ল চশমাটা যথারীতি টেবিলে ফেলে এসেছেন । প্রায়ই এ জিনিস ঘটে থাকে তাঁর সঙ্গে । এখন আবার  চারতলায় যেতে হবে। বিরক্তিতে মাথা নেড়ে  আবার সেই  লিফটে  চড়ে চারতলায় উঠে  এলেন তিনি ,লম্বা করিডরের শেষ মাথায় একটা বাঁক ঘুরেই মুখার্জি এন্ড সন্স  , তাঁর অফিস । একটু তাড়া ছিল আজ, মৃদুলার খুড়তুতো ভাইয়ের  পঁচিশ তম বিবাহবার্ষিকী । বাপের বাড়ির অনুষ্ঠানে দেরি করলে মুখ তোম্বা হয়ে যায় মৃদুলার। এই চশমার জন্য  গরম গরম চাট্টি কথা শুনতে হবে আরকি, মনে মনে ভাবেন  তিনি। বাঁকের মুখে এসে গলার আওয়াজে থমকে যান রথীন। কারা কথা বলছে এখানে দাঁড়িয়ে?  নিজের  নামটা কানে আসতেই অবাক হন , কৌতুহলী হয়ে  আড়ি পাতেন যদিও এটা তাঁর স্বভাববিরুদ্ধ। তাও আটকাতে পারলেন না নিজেকে।
প্রদীপ্তর গলা পেলেন-- আজকে  অতক্ষণ ধরে বিভা কি করছিল রে বুড়োটার কেবিনে?
খিকখিক হাসি শোনেন সুবীরের--- আরে কি করতে পারে বুঝিস না ? সাধে কি আর এত তাড়াতাড়ি পার্মানেন্ট হল । ছমাস হয় নি এখনও চাকরিতে, তার আগেই ...ওদিকে আট মাস হয়ে গেছে প্রকাশ এখনও ঘষটাচ্ছে । বুড়োর রস আছে মাইরি ! আবার খ্যাকখ্যাকে হাসি , না একা সুবীর নয় সম্মিলিত হাসি এবার ।
স্তম্ভিত হয়ে গেছেন রথীনবাবু এত কদর্য ভাবনা এদের ! ছিঃ ছিঃ !   এই দুটো ছেলে যে অত্যন্ত নোংরা ধরনের তা   তিনি জানেন। আগেও তার কানে এসেছে এই দুজনের কীর্তিকলাপ । ওপরমহল থেকে সতর্কও করা হয়েছে একবার  তাও যে শোধরায়নি বোঝা যাচ্ছে ।  বিভার মতো একজন  সিনসিয়ার দক্ষ কর্মী যার কাজ দেখে জেনারেল ম্যানেজার নিজে ওকে পার্মানেন্ট করেছেন , তাকে  জড়িয়ে এত কুরুচিপূর্ণ কথা  শুনে নিজেকে  স্হির রাখতে পারলেন না রথীন ।  প্রবল রাগে এগিয়ে যেতে গিয়ে থেমে গেলেন  আরেকটা গলা শুনে-- কি বলব দাদা ছোটমুকে বড় কতা হয়ে যাবে তবু না বলে পারচি না   যখন বিভাদিদি নন্দী  সাহেবের কেবিনে ঢোকে সে কি খিলখিল হাসি আর কথা দুজনের। আমার নিজেরই লজ্জা করে কিন্তু  আমি একটা সামান্য  পিওন ,  মানময্যাদায় আপনাদের সমান নইকো তাই চুপ মেরে থাকি.....কথাগুলো   বংশীধরের ! অফিসের পিওন হলেও যাকে কিনা যথেষ্ট স্নেহ করেন রথীন । অফিসের পুরনো আর্দালি শশধর চাকরি শেষের মুখে  আগে তাঁর কাছে তদবির করে নিজের ছোটভাই বংশীধরকে চাকরিতে ঢুকিয়েছিল । কত বছর তো হয়ে গেল তারপর । বংশীধরের হাবভাবে তাঁর মনে হত ও তাঁকে খুব সম্মান করে । অফিসের কেবিনে ঢুকেই দেখতে পান পরিচ্ছন্ন টেবিলে যাবতীয় দরকারি জিনিস,  জলের গ্লাস ছোট কৌটোয় ওষুধ সব গুছিয়ে রাখা , প্রতিদিন। এমনকি তাঁর জন্য লাঞ্চব্রেকে ক্যান্টিন থেকে খাবার নিয়ে আসা , খাবার   পরে কি ওষুধ খাবেন সব মনে করায় এই বংশীধর। এত বছরে একটা নির্ভরতার জায়গা তৈরি হয়ে গেছে দুজনের পারস্পরিক সম্পর্কের মধ্যে । তা তিনিও দায়েদফায় করেন ওর জন্য ।  এই  মাসখানেক আগেই ওর ছেলের গলস্টোন অপারেশন হবে বলে কেঁদে পড়েছিল তাঁর কাছে, সে সময়ে তিনি অফিস থেকে  কিছু সাহায্য পাইয়ে দিয়েছিলেন তো  বটেই সঙ্গে নিজেও হাজার দশেক টাকা  দিয়েছিলেন। একবার না এমন বহুবার  হয়েছে। তাহলে কোন বংশীধর সত্যি ?  ঐ হাসিভরামুখ, নম্র ভদ্র তাঁর শরীরের জন্য উদ্বিগ্ন হওয়া , বিশেষ খেয়াল রাখা মানুষটা নাকি আজ এই মূহূর্তে এই জঘন্য কুরুচিকর আলোচনায় সামিল মানুষটা ? পাথরের মতো ভারী পা নিয়ে আর এগোতে পারেন না তিনি,  কিন্তু কোনটা   মুখ আর কোনটা  মুখোশ  সে ধন্দটা  তিলেকমাত্র তিষ্ঠোতে দেয় না সিনিয়র অ্যাকাউন্টস অফিসার রথীন নন্দীকে ।

মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯

সম্বৃতা দাশরায়

#অসুর_উপাখ্যান
# সম্বৃতা দাশরায়

আকাশটা দেখেছেন ? কি দুর্দান্ত একটা ঝকঝকে লুক! দেখেই মন ভালো হয়ে যায় । সাদা তুলোর মতো মেঘেরা ভেসে যাচ্ছে । চারদিকে পুজো পুজো গন্ধ ছড়িয়ে পড়ছে । থিমপুজো হোক বা সাবেকি , মন্ডপ শিল্পী,  প্রতিমা শিল্পীদের ব্যস্ততা তুঙ্গে । দুগ্গা মা আর তার ছানাপোনাদের ফাইনাল টাচ-আপ চলছে। পুজো সমিতির হোমরাচোমরা কর্তাদের নাওয়া খাওয়ার সময় নেই।   কাউন্টডাউনও শুরু হয়ে গেছে ঠিক আর কতদিন বাকি । ওদিকে   মা দুগ্গা বাপের বাড়ি আসবেন বলে প্যাকিং -এ  ব্যস্ত, এদিকে  অসুরবাহিনী ঠিক এসে পৌঁছে গেছে আগেভাগেই । না না মহিষাসুরকে তো মা নিজেই ধরে আনবেন  কিন্তু তার দলবল ? এই যেমন  ধরুন হঠাৎ হঠাৎ  কালো মেঘের দল হুঙ্কার ছাড়তে ছাড়তে আসছে আর তুমুল বৃষ্টির তান্ডবে সব  লন্ডভন্ড করে পালিয়ে যাচ্ছে ।এদিকে আপনি  ঝকঝকে ফটফটে আকাশ দেখে ছাতাটি সঙ্গে না নেবার কারণে ভিজে চড়ুইপাখিটি হয়ে বাড়ি ফিরছেন আর তেড়ে গাল পাড়ছেন বৃষ্টিকে। একে কি অসুর বলব না ? তান্ডবাসুর বলাই যায় অনায়াসে ।
               তারপর ধরুন আপনি যে রাস্তায় বাড়ি ফেরেন মানে যে রাস্তায় ফিরতে সুবিধা হয়,  পুজোর মাস পড়তে না পড়তেই সেখানে বাঁশেরা হাজির ! আহা অন্যভাবে নেবেন না , বলতে চাইছি যাতায়াতের রাস্তাটি বন্ধ করে প্যান্ডেল বাঁধা হচ্ছে তাই আপনাকে ঘুরপথে  ঘুরপাক খেয়ে আপিস যেতে এবং বাড়িতে ফিরতে হচ্ছে । এই পজ্জন্ত শুনে অনেকেই বলবেন আহা তা পুজোর জন্য এট্টুক কষ্ট তো করতেই হবে কিন্তু যদি আপনাকে জিগ্যেস করা হয় দেঁতো হাসি হাসলেও আপনি যে  এই সমস্ত বংশদন্ডদের  বংশাসুর ভাবেন এ আমি হলফ করে বলতে পারি। তাপ্পর আরেকটি ভয়াবহ অসুর হচ্ছে গিয়ে পুজো শপিং ,যার ফলে গিন্নির শাড়ি, খোকাখুকুর জামা ফ্রক, তদুপরি মাসি মেসো কাকা জ্যাঠা কাকিমা পিসিমা সবার পুজোর গিফ্ট কিনতে গিয়ে আপনার তো নাভিশ্বাস ওঠে বচ্ছর বচ্ছর।আজ্ঞে হ্যাঁ মশাইরা, এখনও বাঙালি বাড়িতে  দেওয়া থোওয়ার রেওয়াজ বহাল তবিয়তে বিরাজমান। প্রতিবার বাজেটে কাটছাঁট করার কথা ভাবেন আর হিসেব কষেন ,তারপরও কোন ম্যাজিকে যে  মগডালে খরচের খাতাটাএক লম্ফে উঠে পড়ে আপনি কিছুতেই ভেবে পান না। এই অসুরের নাম কি দেওয়া যায় সে আপনারাই ভেবে দেখুন।
আরও ছোটবড় অসুর আশেপাশে ঘুরে বেড়ায় এইসময় বুঝলেন। তা এরকম নানাবিধ অসুরের মধ্যে সবথেকে বিচ্ছিরি অসুর কোনটা বলুন তো ?  বলতে পারলেন না তো? জানতাম পারবেন না । যান একবার গিন্নিকে গিয়ে শুধোলেই বুঝবেন সে অসুরের নাম হাফ-ইয়ার্লি পরীক্ষাসুর !! এর  জ্বালা সবথেকে বেশি বোঝেন আপনার বেটার -হাফ ।  কারণ তাকেই ফুল রেস্পন্সিবিলিটি ঘাড়ে নিতে হয় কিনা। মহিলাকুল ঘরের চাকরি বা পরের চাকরি যাই করুন না কেন , এই অসুরের হাত থেকে তাদের নিস্তার নেই।  আহা গো, বেশ ছিল পাতি খুকুর দল , ছোটবেলায়  কালী পুজোর পর স্কুল খুললে হাফ-ইয়ার্লি পরীক্ষা দিত।দূর্গা পুজোর আগে নাচতে নাচতে মার্কেটিং  (তখন শপিং বলত না কেউ এবং কেনাকাটার পর মোগলাই, কবিরাজী মাস্ট  ) , নৃত্যনাট্যের রিহার্সাল (পাতি খোকাদেরও ছিল নাটক ), ফুচকা চুরমুরে পুজো আসার আনন্দ কাকে বলে তারাই বুঝেছিল আর এখন ? সন্ধি সমাস , পানিপথের যুদ্ধ,  এনার্জি ,অ্যালার্জি উফফফ ! দয়াও হয় না ইশকুলগুলোর একটু। সারাটা মাস পরীক্ষাসুরের মোকাবিলা করতে করতে  কত ঢাকাই,বমকাই, গাদোয়াল, ঘিচা হাত ফসকে গেল  । ডিজাইনার কুর্তি, মানানসই কানের দুল , গলার ফুল,  সব একে একে সেইসব সৌভাগ্যবতীদের ব্যাগজাত হয়ে চলেছে যারা কিনা ছেলেপুলেগুলোকে কলেজে পুরে দিয়েছে নাইলে আপিসে । জানালা দিয়ে প্রতিদিন তাদের যাওয়া আর নানান সাইজের পোঁটলা নিয়ে ফেরা (বিধ্বস্ত অথচ স্বর্গীয় হাসি মুখে ) দেখেই বোঝা যায় কত  সরেস জিনিসপত্তর ঐ ঝোলার ভিতরে ! এ দুঃখু রাখি কোথায় বলেন তো।
  জানি জানি অতীতের পাতি খোকাদেরও এসব মনে হয় । কারণ কিছুটা হলেও এ অসুরকে সামাল দিতে তাদেরও ফিল্ডে নামতে হয় বৈকি । ভিড়েঠাসা মেট্রো বা বাদুড়ঝোলা মিনি , গলদঘর্ম হয়ে নীড়ে সব পাখিকেই ফিরতে হয় । তেমন তাবড় তাবড় সাবজেক্ট যদি পরদিনই আসন পাতেন তবে কোনও কোনও গিন্নি ঠিক কর্তাকে ভজিয়ে ভাজিয়ে কাজে লাগিয়ে দেবেন। প্রশ্নোত্তরের জটে ধরে যাওয়া মাথা ছাড়াতে টুক করে ঘুরে আসবেন ফেসবুকে। গিয়ে যখন দেখবেন কাশফুলের মাঝমধ্যিখানে পরীক্ষা সমাপ্তির আনন্দে মশগুল মা , শপিং করার ফাঁকে আড্ডা মারা  , ফিস্টি করা বন্ধুবর্গকে   তখন তার মনের অবস্থাটা ভেবে দেখেছেন কখনও? যাগ্গে যাক্ , ভেবে আর কি হবে। এ দুষ্টু অসুরগুলো আসবে যাবে , অস্তর শস্তর নিয়ে যুদ্ধুও করতে হবে।
 ভালো থাকবেন সকলে , আজ আকাশ ঝলমল করছে , যান বেরিয়ে পড়ুন । কাশফুলের বনে হারান অথবা শপিং মলের ভিড়ে।। পুজো ভালো কাটুক সক্কলের ।।💖💞

                           

শনিবার, ২২ জুন, ২০১৯

সম্বৃতা দাশরায়

মোদের গরব মোদের আশা 
 # 
 
"আ মরি বাংলা ভাষা' -  মধুর আমার মাতৃভাষা ।
  একরত্তি শিশু মায়ের কোলে আদরের উষ্ণতায় গানের কলি শুনতে শুনতে ঘুমে ঢলে পড়ার ভাষা । টলোমলো পায়ে  হাঁটতে শেখা  শিশুর আধো আধো বোল , মায়ের সঙ্গে এতোলবেতোল  কথার ফুলঝুরি  , বাবার কাছে রবিঠাকুরের কবিতা , সহজপাঠের ছোট খোকার সঙ্গে পরিচিত হওয়ার ভাষা । ঠাকুরদাদার ঝুলিভরা রূপকথার বুদ্ধুভূতুম, ব্যাঙ্গমা ব্যাঙ্গমী, লালকমল নীলকমল এই ভাষাতেই তো কথা বলে । অঘ্রানের ভোরে শিশিরভেজা ঘাসফুলে গঙাফড়িংয়ের পিছু ধাওয়া করতেই করতেই কানে আসত ঢেঁকির পাড়  , নবান্নের গান। দিদিমার হেঁসেলে নতুন চালের পায়েসের  সুবাস নেওয়া  প্রাণভরে।                       
        খোলা উঠোন পেরিয়ে দৌড় দৌড় দৌড় নদীর ধারে। অশথতলার বাঁধানো  বেদিতে বসে বসে দেখি রোদের গায়ে কি সুন্দর ছায়ার জাফরি । মাঝনদীতে একটা দুটো নৌকো থেকে ভেসে আসে ভাটিয়ালি সুর।খোলা আকাশের নীচে  ছড়িয়ে পড়া  সেই গান  শুনে   বড় মনকেমন করে । আহা ! ওদের কি এত দুঃখ?কেন অমন করুণ গায় ওরা?  ছোট্ট মনটায় কত প্রশ্ন ঘোরাফেরা করে।
  সকাল বেলায় যুগল বৈরাগী আসবে।করতাল বাজিয়ে তার কৃষ্ণনাম শোনানো চাইই ।ভাঙা ভাঙা খসখসে গলার গানে ঘুম ভাঙে রোজ। দাঁড়ে বসে দোল খায় হিরেমন টিয়া , বলে টুটুল পড়তে বস ,বেলা গেল। সেও তো বাংলায় কথা কয়। 
    ছোট্ট টুটুল লাইব্রেরি যায় , মায়ের হাত ধরে ।উঁচু উঁচু  আলমারিতে রাশি রাশি বই !!   টুটুল বিহ্বল - "এটা কি বইয়ের দেশ মা ?" মা আস্তে আস্তে  বন্ধুত্ব করিয়ে দেন বুড়ো আংলা , ক্ষীরের পুতুল, কঙ্কাবতীর সঙ্গে। ব্যস টুটুলকে আর পায় কে! আজ  পড়ন্তবেলাতে  এসেও  সেই  বন্ধুত্ব  জমজমাট ।ফেলে আসা দিনগুলো  নেড়েঘেঁটে দেখতে গিয়ে  শ্যামবাজারের পুরনো বাড়ির ছাদে একরাশ ভেজা চুল মেলে বসা বড় পিসিমাকে খুঁজে পায়।  পাকা চুল তুলে দেওয়ার কড়ারে গল্প শোনে টুটুল
--" তারপর কি হল " ?
--"তারপর কত সংগ্রাম ,কত রক্তক্ষয় , কত কচি  কচি ছেলের মায়ের কান্না । তবু হাল ছাড়ে নি ওরা ,ঝাঁপিয়ে পড়েছে নতুন উদ্যমে।"-
বলতে বলতে পিসিমার  মুখে ছায়া ঘনায়।  ছাতের আলসে ছাড়িয়ে চোখ চলে যায় সেইই কোন সূদূরে। টুটুলের গলার কাছটায় কিরকম ব্যথা দলা পাকায় ,ঐ হার না মানা  ছেলেগুলোর জন্যই হয়তো বা।
-- ওরা  বাংলা ভাষার জন্য এত যুদ্ধ করেছে দিদিমণি? 
পিসিমার মুখ জ্বলজ্বল করে ওঠে --"হ্যাঁ সোনা। ওরা  যে ভীষণ ভালোবাসত ওদের মাতৃভাষাকে। তাইই তো জীবনপণ করেছিল আর জিতিয়ে দিয়েছিল তাকে। 
অবোধ টুটুল বলে --"আমিও তো বাসি ভালো , আমার মাতৃভাষাকে।
তারপর স্কুলে শেখা নতুন গানটা গেয়ে ওঠে  'মোদের গরব  মোদের আশা ,
আ মরি বাংলা ভাষা।'
পশ্চিমের জানালায় আটকে থাকা সূর্যের লাল  রঙের দিকে চেয়ে থাকে টুটুল ।কাল নতুন ভোর একুশে ফেব্রুয়ারি ।