চয়ন ভৌমিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
চয়ন ভৌমিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫

চয়ন ভৌমিক






 যে ভাবে সংলাপ নিভে যায় 



 ক্রমশ কথা কমে আসে। 

সময়ের রাস্তা মিশতে চায় না
আশ্চর্য নির্লিপ্তিতে। 

যে মুখর জনপদ, উন্মুখ ছিল
হাটের প্রতিটি পসরায় - 
সে-ই আজ স্তব্ধ হয়ে আছে বিসম্বাদে... 

আসলে, এই বিচ্ছেদ অনিবার্য 

যে ভাবে ট্রেনে চড়ে দূরত্ব বাড়ায়
বিষণ্ণ ধ্রুবতারাটি, নির্মোহ বটগাছ

সে ভাবেই মরীচিকা হয়ে যায় একদিন সব মরুদ্যান। 

পরিত্যক্ত ভূমিতে পড়ে থাকে 
কিছু বিক্ষোভ ও অস্পষ্ট চাকার দাগ।।

রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭

চয়ন ভৌমিক

অপেক্ষার বিকেল - 

এক-একটা দিন আসে, ব্যর্থ,
আর ঘুমের মধ্যে ভেসে বেড়ায় মেঘ।
মনে হয় কবিতা লেখা ছেড়ে দেওয়া উচিত আমার।
কোনো একটা ফাঁকা স্টেশনের স্বপ্ন দেখি,
আহাম্মকের মত মাথাব্যথা কমানোর ওষুধ খাই।
আমার হাতে জাদুদন্ড থাকলে জানো?
তোমাকে ডানা দিতাম আমি,
শীতের দুপুরে কমলালেবু দিতাম খোলা ছাড়িয়ে।
এই যে অন্ধকার বিকেলটা পরিহাস করছে আমাকে,
হ্যা হ্যা করে তাচ্ছিল্যের হাসি দিচ্ছে - 
এসব চিঠিতে লিখে যাবো আমি।
#
তুমি পাঠ প্রতিক্রিয়া পাঠিয়ো
পৃথিবীর কোনো দূরতম স্থান থেকে।

২)

ফিরে যাওয়ার আগে

তুমি কেটে টুকরো করছো সময়
আর চেপেচুপে ঢুকিয়ে রাখছো
একটা ঢাউস চাকা লাগানো ব্যাগে।
রাস্তাগুলো আপাতদৃষ্টিতে সব এক জানো,
আমরাই ঠিকানা বদল করি খালি।
কোথা থেকে এর মাঝেই,
বন্ধ দরজার ওপাশে বেজে ওঠে
'সকরুণ বেণু বাজালো কে হায়'।
#
বিদায়বেলায় অন্তর্বাস গুছিয়ে নিতে ভুলো না যেন।

৩)

স্মৃতি-গলি-অন্ধকার

আমি হারিয়েছি সেই সব আলোর বিকেল
যে সব দিনে, 
একটা অচেনা ফুল ফুটেছিল কোথাও।
অপরিচিত একটা হলুদ -
পাখি হয়ে উড়ে গিয়েছিল 
দূর থেকে আরো বহুদূরে।
আমি দেখেছিলাম ছাদে শুকোচ্ছে জামাকাপড়,
গাছের সাথে গাছ কথা বলছে
ফেলে আসা টুকিটাকি সংসারের।
আচ্ছা বলোতো, শুকনো কাঠ নাকি আমি?
অথবা বুকের মাঝে,
না বেরিয়ে আসা একটা দীর্ঘশ্বাসের দলা।
আমাকে হেমন্তের শূন্যতা ভাবলে যদি, 
কী দরকার ছিল, এতো গানের তবে।
অপ্রয়োজনীয় একটা মশারি মধ্যে বসে,
ধেয়ে আসা সমুদ্রের আওয়াজ শুনছি তবুও
#
সাঁতার কাটতে হবে ভাবলেই 
শ্বেত শঙ্খ, অনাবৃত ঝিনুক, এইমাত্র
এসে বসে গেল আমার দুহাতের তালুতে।


শনিবার, ১৫ জুলাই, ২০১৭

চয়ন ভৌমিক



খেলা  

এটাই নিয়ম, তাই
এভাবেই মুখোমুখি মাঠে নামো।

প্রথমে নরম বিকেল আঁকোচোখে,
পরবর্তী ধাপে বুকের জোনাকিতে
              টেনে নাও সন্ধ্যার মুঠো।

তারপর রাতের নগ্নতায়
       সমুদ্র হয়ে যাও বিছানা বালিশে।

শেষে ভোর হলে ভুলে যাও
    কেউ জেতে, কেউ হেরে গিয়ে
                 নীল হয় ব্যাথার বিষে।।