সমর্পিতা ঘটক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সমর্পিতা ঘটক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ৯ জানুয়ারি, ২০২২

সমর্পিতা ঘটক,

                       



নির্ঘুম কাল


ঘুম ভালো করে হয় না আর, তন্দ্রা আসে বেলার দিকে
আধোজাগরণে সাজাই ফ্রিজের তাক, আচ্ছন্ন গোপনে লঙ্কা, ধনে পাতা সাজাই ভেজিটেবিল বক্সে
কাবাবের মাংস টুকরো করি, দই দিয়ে ম্যারিনেট...
কবিতায় শব্দ পাল্টাই, যতি চিহ্ন সরিয়ে দিই... ড্রাগের নেশায় মাতাল
যেমন সরিয়ে দেয় ভেঙে যাওয়া প্রেম, প্রেমিকার ছবি, চুম্বন-ঘোর...
ওয়াশিং মেশিনে ঘুরতে থাকে নাইটি, চাদর, লখিমপুরের চাষি,
নেতাদের কটু কথা, কাটা হাত, আমাদের ঠোঁট ওল্টানো উন্নাসিকতা
ঘুম কেটে যায়... ভয় হয়, আর কোনোদিন যদি না আসে ঘুম?
টোটকা, গঞ্জনা, কাজের ফিরিস্তি সবই বেহায়া বিজ্ঞাপনের মতো
কানের পাশে ভনভন করে...
নদীর মতো ঘুমের সুতো-পথ আছে
সেখানে জোয়ার আসে, ভাটা, পয়সা ছুঁড়ে দেওয়া মানত, কাদা-মাটি মেখে শ্রদ্ধা, অঞ্জলি, প্লাবন...
ঘুম কাব্য রেখে দিই, নদীর বারোমাস্যা শুনে মনে হয় এ কোন মানুষ আমি!
ঘুমপাড়ানি গান নেই, হাক্লান্ত মায়ের হাত থেকে পাখা পড়ে যাওয়ার
কৌতুক নেই, ঘুম-জড়ানো শব্দে জোলার গল্প নেই...
কৈশোরের স্বপ্নে সুনন্দন গোলাপি হাতে চুমু খেয়েছিল... রাজভবনের খিলান থেকে নেমে এসে একটা সিংহ পথ হেঁটেছিল ভর দুপুরে, আকাশবাণী পর্যন্ত... 
সেসব যক্ষিণী ঘুম কেড়ে নিল কে?

শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

সমর্পিতা ঘটক

                              



আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়...


আমরা সেই সর্বনাশের পথেই যাচ্ছি। গুছিয়ে তুলছি চৌহদ্দি, ঘর। উঁকি মারছি পরজীবী পরন্মুখ কীটের মতো... সকল আছে তবু নেই নেই ভাব। আপশোশ, অম্বল দিনরাত। আলো দিয়ে সিলিং সাজাই। মিথ্যে সিলিং। টেক্কা দিই ফ্ল্যাট বি কে। হন্ডা সিটি হাঁকাই, টেক্কা দিই মেজ বৌদিকে। টুকটুকি কেমন আছে জিগ্যেস করাতে উত্তর পাই, ‘এক লাখ তিরিশ পাচ্ছে। কালিকাপুরে ফ্ল্যাট। দিব্য আছে।’ কেমন থাকার উত্তরগুলো কেবল পরিসংখ্যান এখন। ২বি এইচ কে, নাকি ৩ বি এইচ কে! সিটিতে মাইলেজ কত? সিটিসি কত দিচ্ছে? ‘পাপানকে স্কুলে ভর্তি করালে, কত লাগল? আমার তো ৮৬ হাজার লেগেছিল!’

কিছুক্ষণ পর মাথা ভোঁ ভোঁ করে। কিছুদিন পর পর গেজেট বা আসবাব না কিনলে, মোবাইল ফোন না পাল্টালে উদ্বেগ হয়... এই সমাজ আমাকে মেনে নেবে তো! কত কমে বেঁচেছিলাম এই দু বছর প্রত্যেকেই উপলব্ধি করেছি তবু মানুষ যাবেই বানের জলে ভেসে। বানের জল ঢুকেছে সর্বত্র। মেধায়, মননে, রুচি, সঙ্কল্পে... হাহাকার করে পরান... হু হু করে হৃদয়। বইয়ের থেকে বেশি দাম অন্তর্বাসের। কিনতে গিয়ে মনে হয় দু তিনটে বই হয়ে যেত! বিক্রিও অনেক বেশি। তবু পাণ্ডুলিপি তৈরি করি। যত্ন করে অক্ষর সাজাই। যে কলেজে-পড়া বেকার ছেলেটা পুরনো বই কেনে ফুটপাথ থেকে তাকে ঈশ্বরের দূত মনে হয়। ওর ময়লা শার্ট আর কম দামি জিন্সের গায়ে আমি হাজার অক্ষর দেখি। দেখি, ও এখনো পালটায়নি? কীভাবে এখনো রয়ে গেছে অন্য বলয়ে? কান্না পায়, ওই যে উঁচু বট, যেখানে তিনটি নুড়ি রেখে সাধনায় বসে ছিলেন মর্হষি দেবেন্দ্রনাথ, ওখানে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকি। খাঁ খাঁ করে চারিদিক। তিন পাহাড় ওই জায়গার নাম। কিছু কান্না রেখে আসি ওখানে। ওইখানটায় সময় থমকে যায়, তারপর চলাচলে ফিরে এলে ঝাঁকের কই হওয়ার সম্ভাবনা তীব্র হতে থাকে। ভেতরের আমিটাকে তখন চেপে ধরের বাইরের খোলস। তবে আমি এখন মনে মনে বাউল হয়ে থাকতে পারি। বিচ্ছিন্ন হয়ে। প্রকৃতি আর অক্ষর সে শক্তি দেয়।  

যার কাছে আমার স্টেটাস যেমন, তেমন উপহার পাই। আসলে উপহার দেখে বুঝতে পারি নিজের স্টেটাস। অদ্ভুত এক সময়! হিজিবিজবিজকে ডেকে এসব গল্প শোনাই। আর তার সে কি হাসি! তার হাসি এমন সংক্রামক আমিও ট্র্যাজেডিকে রূপান্তরিত করে দিই কমেডিতে। উপলক্ষ্য আর উপহার... এসব নিয়ে মগ্ন থাকার বিধান দেয় অনলাইন শপিং সাইটগুলো। কোনটায় কত ছাড়! ছেড়ে দিই পুরনো অভ্যেস। বই উপহার দিলে উপহাস জোটে। কেবল প্রদর্শনী, মনে হয় গ্যালারিতে বসে আছি। আর বন্ধু, পরিজন সব অ্যাম্বাস্যাডার... এক একটা ব্র্যান্ডের। ওদের গা হাত পা জুড়ে স্টিকার। মাথা থেকে পা অবধি... এমনকি পাকস্থলী, হৃৎপিন্ড খুলে দেখাতে চাইলে ওরা দেখাতে পারে দামি মদ, ওদের মা বাবার দামি স্টেন্ট, দামি লেন্স... বুঝতে পারি...

“... কে কাকে ঠিক কেমন দেখে

  বুঝতে পারা শক্ত খুবই

হা রে আমার বাড়িয়ে বলা

হা রে আমার জন্মভূমি!


বিকিয়ে গেছে চোখের চাওয়া

  তোমার সাথে ওতপ্রোত

নিওন আলোয় পণ্য হলো

যা-কিছু আজ ব্যক্তিগত।


মুখের কথা একলা হয়ে

   রইল পড়ে গলির কোণে

ক্লান্ত আমার মুখোশ শুধু

ঝুলতে থাকে বিজ্ঞাপনে।”

(মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, শঙ্খ ঘোষ)


মানুষের মতো দেখতে এক একটা ডিভাইস্‌ তারা গুনতে শিখেছে বিল, ব্যাঙ্ক স্টেটমেন্ট, ট্যাক্স, শেয়ার, আর হিসেব কষে নির্ধারণ করতে পারে নিজের দাম। বিরাট সুড়ঙ্গ ধরেই তাদের যাতায়াত। অ্যাসেম্বল, জোড়াতালি, প্যাকেজিং, তারপর সুড়ঙ্গ দিয়ে নেমে যাওয়া বাজারে। তিন পাহাড়ের গল্পে রবীন্দ্রনাথ এসে গেলে তারা বিরক্ত হয়। আঁতেল ভাবে। তাই সুড়ঙ্গে মুখ ঢোকাই আমিও। কবিতা লিখি, আঁতেলের ছাপ লেগে গেলে আর নেবেনা কেউ দলে। কোন পথে যাব! কবি লেখকদের দলেও গুণ ভাগ যোগ লসাগু গসাগু আছে... সে অঙ্ক কাকেশ্বর কুচকুচে ছাড়া ধরতে পারবেনা কেউ। মুখে তত্ত্ব, ব্রহ্ম, অমৃত আর মনে গিটকিরি প্যাঁচ, কাকে কোন পথে আটকানো যাবে! 

এসব থেকে মুক্তি মেলে অক্ষরে... তখন এক বিরাট আকাশ আমার মাথার ওপরে। সে আকাশ ক্ষুদ্র নয়... খোপ খোপ ভাগ নেই... সেখানে মুক্তি আসে ইচ্ছে মতো। আমার চারপাশে তখন কোনো সুড়ঙ্গ থাকে না। কোনো সংখ্যা, কোনো পরিমাপ কিচ্ছু না। আমি তখন জিতেন মুর্মুর মতো কাদা পায়ে বিরাট জাল ছুঁড়ে দিই পুকুরে। হাসগুলো চই চই করে পাড়ের দিকে আসে। কাঁদা খুঁটে গুগলি ধরে। গেঁয়ো গন্ধ মেখে বসে থাকি, বিচ্ছিন্ন হয়ে। মুথা ঘাস আমার অক্ষর জমিতে। ঘেঁটু, আকন্দ, শিয়ালকাঁটা বাড়তে দিই নির্দ্ধিদায়।

সাবান কেনার পয়সা নেই জিতেনের কিন্তু মাছ ধরে নিয়ে আসে হাসি মুখে, কালো ঠোঁটের পাশে ঝিলিক দেয় আলো... দু চারটে চারাপোনা দিয়ে যায় আমার কলতলায়। কিছুতেই দাম নেবে না। আঁশটে হাতে চা খেয়ে যায়। নিয়ে যায় কুমড়োর ছক্কা আর কষা মাংস। ওর বউ নাকি এমন ভালো রাঁধতে পারে না। ওদের গ্রামে মাচার ওপর বসে ওরা জোয়ার ভাটা দেখে আর গল্প করে যা ইচ্ছে তাই। আলচিকি ভাষায় রবীন্দ্রনাথের কবিতা বলতে পারে ওর ছোটো মেয়ে। মাচার ওপর বসে দেখেছি আমি পায়ের একটু নীচেই নদীর ঢেউ, আকাশে ভেসে বেড়াচ্ছে মেঘ, আর আমার চুল উড়িয়ে নিয়ে যাচ্ছে আরামের পাতলা বাতাস। আমার সংস্পর্শে বেশিক্ষণ থাকলে ওরাও কি যন্ত্র হয়ে যাবে? ঢুকতে চাইবে সুড়ঙ্গে, বড়ো মোবাইল আর বাকি কত যন্ত্র তো ঢুকে পড়েছে ওদের জীবনেও... তাহলে?


বিরাট প্লাস্টিকের ওপর ছড়ানো ধান পা দিয়ে ছড়িয়ে দেয় ইসমাইলের মা। পাশে বসে থাকে ওর দিদি। বিশেষভাবে সক্ষম সে। তাই বসে বসে দেখে তার চারদিকের জগৎ আর তাড়ায় দানা খেতে আসা পাখি। অপূর্ব সুন্দর সে। চোখের মধ্যে মাণিক জ্বলছিল। ওইরকম চুল আর ত্বক আমি হিমাচলের মেয়েদের দেখেছি। ঠাঁ ঠাঁ রোদে বসে থাকে ও ধানের পাশে।ওকে নিয়ে বোধকরি খানিক বিব্রত ওর বাড়ির লোক। ওদের বাড়ির সামনে বিস্তৃত উন্মুক্ত জমি, সরকার থেকে সেখানে লাগিয়ে দেবে গাছ, খোঁড়া হয়ে গেছে মাটি। ঝাঁকড়া গাছের নীচে বিরাট ডাবায় খড় বিচুলি খাচ্ছে বিরাট সাইজের ধবধবে গরু। দু তিনটে। আমাদের সনাতনী পল্লী চিত্র ফুটে উঠেছে ওইখানটায়। পা নড়ে না ওখান থেকে। সমগ্র ভারতবর্ষ আমি ওই গ্রামের ওই অংশটুকুতেই খুঁজে পেয়ে যাই। ই্সমাইলের দিদিকে দেখে মনে হয় বসে আছে স্বয়ং কমলাসনা কিংবা অবনীন্দ্রনাথের আঁকা সেই ভারতমাতা। যে মন প্রাণ দিয়ে বলতে চায় কষ্টের কথা, বোঝাতে পারে না, যে লুঠেরাদের আটকাতে চায় কিন্তু ওঁত পেতে থাকে উচ্ছিষ্টভোগীরা।

উচ্ছিষ্টভোগী আমরা সবাই। প্রকৃতি থেকে কেবল সরে সরে যাই। আমরা কি অন্য গ্রহের? কেবল পর্যটকের মতো আসি, দেখি আবার নিজের খোলসে ফেরৎ যাই! আর কিছু নিই না। পৌঁছতে পারি না কোনো উৎসমুখে। কেবল ভিড় বাড়াই। বাজারের ভিড়। প্রদর্শনীর ভিড় আর আমরা ম্যানিকিন। খুঁজে নিতে পারি না যা আমাদের নিজস্ব। যা আমাদের আছে। যা নেই তার পিছনে ছুটে মরি। ‘যা ছিল মোর গেল ঘুচে যা নেই তার ঝোঁকে/ আমার ফুরোয় পুঁজি ভাবিস বুঝি মরি তারি শোকে’। বিরাট শোকের মধ্যে কুন্ডলী পাকিয়ে বসে আছি আর রুদালির মতো কেঁদে চলেছি নেইয়ের তালিকা হাতে নিয়ে। পকেটভর্তি স্বপ্নের ঝনৎকার নিয়ে হেঁটে যাওয়া কবির মতো কি আমরা বলতে পারব- আমি কিছুই কিনব না!


আমি কিছুই কিনবো না

শহীদ কাদরী


ঢিলে-ঢালা হাওয়ায়- ফোলানো ট্রাউজার, বিপর্যস্ত চুলে

উৎসবে, জয়ধ্বনিতে আমি

ফুটপাথ থেকে ফুটপাথে, বিজ্ঞাপনের লাল আলোয়

সতেজ পাতার রঙ সেই বিজয়ী পতাকার নীচে

কিছুক্ষণ, একা

নতুন সোনালি পয়সার মতন দুই পকেট ভর্তি স্বপ্নের ঝনৎকার

আর জ্যোৎস্নার চকিত ঝলক আমার

ঝলসানো মুখের অবয়বে

সিনেমায় দীর্ঘ কিউ-এর-সামনে আমি

নব্য দম্পতির গা ঘেঁষে


চারিদিকে রঙ বেরঙের জামা-কাপড়ের দোকান

মদিরার চেয়ে মধুর সব টেরিলিনের শার্ট

ভোরবেলার স্বপ্নের চেয়ে মিহি সূক্ষ্ম সুতোর গেঞ্জি

স্বপ্নাক্রান্ত বালকের হাতেরও অধিক অস্থির রজ্জুতে- গাঁথা রাশি রাশি পুঞ্জ পুঞ্জ লাল, নীল উজ্জ্বল রুমাল

মেঘলোকে মজ্জমান রেস্তোরার দ্বারগুলো খোলা--

আমি অবহেলে চলে যাবো, যাই

আঁধার রাস্তার রানী চকোরীর মতো বাঁকা চোখে দ্যাখে

-আমি কিছুই কিনবো না! ...”



পণ্য ও বিজ্ঞাপনের মাঝে ক্রমশ একা হয়ে যাব। না ঘরকা না ঘাটকা হয়ে উদ্ধত পতাকার নীচে আমি জড়োসড়, তবু অনন্যর খোঁজে ব্যপ্ত থাকব আজীবন। এটুকুই বলতে পারি। বাকি আর কিছু কি সোচ্চারে দাবি করতে পারব? গোলকধাঁধাঁয় সব একই... “আমি খুজছি, আমি খুঁজছি তোমার ঠিকানা, অলি গলি ঘুরে ক্লান্ত তোমায় পাচ্ছিনা। ... সারি বাধা সব বাড়ি যেন সারবাধা সব সৈন্য, সব এক রঙ, সব এক ধাঁচ তুমি কোথায় থাকো অনন্য?” (মৌসুমী ভৌমিক, অনন্য)। এই আর্তনাদ আছড়ে পড়ে অন্তরে। আর খুঁজতে থাকি। একেবারেই কি পাই না! পাই তো অনন্যকে। আলোর ঝলকানির মতো! তখন চিত্ত ঝলমল করে ওঠে। তারা হয়তো সংখ্যায় কম। তবু আছে এখানেই, আসেপাশে... খুঁজে নিতে হয়... তাই খোঁজ থাকুক নিরন্তর।


চিত্রঋণ- পারমিতা মন্ডল


রবিবার, ২০ জুন, ২০২১

সমর্পিতা ঘটক


 

জল ঘুরে যায়, জল ঘুরে যায় নিখিলবিশ্বচরাচরে --

আমার ঘরে, তোমার ঘরে !


আটপৌরে লাল পাড় সস্তা কোরা রঙের সিন্থেটিক শাড়ি পরনে। উপরের বাঁদিকের

হাতটিতে ফাটল ধরেছে। তিনজন কোনোরকমে ভ্যান থেকে নামিয়ে কয়েকপাক ঘুরিয়ে

ফেলে দিল জলে, ফেলার আগেই খসে পড়ল বাঁ হাতটি, ঘাটের কাছটিতেই হাঁটু ভাঙা জলে

মুখ গুঁজে পড়লেন মা কালী। শরীরে অযত্নের ছাপ দেখে মনে হচ্ছিল তিনি ভেসে যেতে

চেয়েছিলেন আগেই, এক বছরের অপেক্ষা সুখকর ছিল না হয়তো। কে জানে জলের কাছে

পৌঁছতে নিয়মের বেড়াজাল ডিঙোতে হয় কতখানি! পুজোর দিন সকালে পুরনো মূর্তি ভাসান

দেওয়াই প্রথা হয়তো এদের কিংবা পড়ে গিয়েছিল কোনও বাধা! তিনটে লোক এসে

ভাসিয়ে দিল শ্যামলা মূর্তিখানি। বাদ্যি, বাড়তি জমায়েত, নাচন, জয়ধ্বনি কিছুই ছিলনা

সেদিন। সোনালি খাঁড়া জলের ওপরে জেগে ছিল তখনও। দুপুরের রোদে কচুরিপানার আড়াল

থেকে ঝিলিক দিচ্ছিল সোনালি রঙ। রুপোলি আঁশ ওদিকের ঘাটে রঙ ছড়ায় রোদে তাপে

পুড়ে যাওয়া তাম্রলিপ্ত মুখে। অনে্কক্ষণের অপেক্ষায় চারা গিলেছে মাঝারি কাতলা।

বঁড়শির টান সামলে নিতে শিকারি জানে বিলক্ষণ। জমা করে দিনের সঞ্চয়, জলের গল্পে

যোগ বিয়োগ মিলে যায় নিরন্তর।

মেয়েদের পায়ের পাতা ছুঁয়ে থাকে জল। বিলি কেটে দিয়ে যায় বারবার। স্বচ্ছ পরতের

তলায় নুড়ি, পাথর আর রঙিন নেল-পালিশ মোহজন্ম নেয়। অ্যাকোয়ারিয়ামের রঙচঙে

পৃথিবীর মতো। সেখানে গল্পরা টুকরো হয়ে যায়। গোল গোল বুদবুদ উর্ধ্বমুখী। লাল,

নীল, হলুদ, কমলা সদস্যরা সংখ্যায় বাড়ে কমে কিন্তু অগভীর মেক বিলিভ জগতে

সম্পর্কের আঠায় বাঁধেনা নোঙর। কাচের দেওয়ালে ঠুকরে মরে, গুমরে মরে তাজুর মতন।

চোখধাঁধানো বিপুল ওই শপিংমলের কাচের দরজায় চোখ লাগিয়ে যেমন চেয়ে থাকে তাজু।

মলের পাশের গলিতে চায়ের দোকানে গ্লাস ধোয়ার কাজ করে সে। এক এক দিন দোকান

খোলার নির্ধারিত সময়ের আগে এসে পড়ে আর ধাঁ করে চলে যায় মলের কাছে। দরজার

গায়ে নাক ঠেকিয়ে দেখে, কত মানুষ উঠছে, নামছে, ঝলমল করছে সবকিছু স্বর্গের

মতো, কাচে বাষ্প জমে যায় আর নাকে কফির গন্ধ আসে। থমকে যায় বাকি সব।

মাছগুলোও কাচের ওপার থেকে গন্ধ শোঁকে মানুষের। কিন্তু ছুঁতে পারে না।


মন কেবল সেঁধিয়ে যায় অতলে। মুখ বন্ধ ঝাঁপি সে উপুড় করে দেয় নদীর কাছে, যে নদীতে

যত গল্প জমা হয় সেখানে তত নুড়ি পাথর। ধূসর, শ্যাওলা, মেটে, হলদেটে, আকাশি,

সবজে, সাদাটে নুড়ি সব গোপন অক্ষর। যে কথা কেউ জানে না সে কথা নদী জানে।

কতবার উপুড় করেছি নিজেকে তিস্তার কাছে, তোর্সার কাছেও। তিস্তা এখন মরা সোঁতা,

ওর হাতে, পায়ে বেড়ি পরিয়েছে হর্তাকর্তা মাথারা। ও গুমরে থাকে, স্থির আয়নার মতো।

যেন হারিয়ে যাওয়া সেই সবুজ শাড়িটা! যার খোঁজ কেউ করেনি, কোনোদিন। তবে একদিন

ও ফুঁসে উঠবেই, ভাসিয়ে দেবে চরাচর। মন্ত্র পড়ে আনবে হরপা বান, ছটফটে দুষ্টু হয়ে

ফিরে আসবে আবার! লাফিয়ে, ঝাঁপিয়ে পথ চলত ও অচেনা পথিকের সঙ্গে আর কত

গল্প... অনর্গল হই হই। রাফটিং করতে গিয়ে উলটে যদি পড়ত কেউ অমনি হেসে উঠত

হাততালি দিয়ে। কিন্তু আমরা বাঁচাতে পারি না উচ্ছলতা। থাকতে দিই না তাকে তার মতো

করে। মরা সোঁতা হয়ে যাওয়া অবধি অপেক্ষা করি, তারপর যখন টলে যায় নিজেদের

অস্তিত্ব, তখন বাঁচাও বাঁচাও হাহাকার। আন্দোলন। কমিটি। অনশন।

নাকানিচোবানি, লোনা গল্প, মাথার ওপরে ঢেউ, উজিয়ে থাকা শ্বাসমূল ভাসিয়ে নিয়ে নিয়ে

যেতে পারে সে। এগিয়ে আসে হৃৎপিন্ড অবধি দামাল প্রেমিকের মতো আর টেনে নিয়ে

যায় জমে থাকা জঞ্জাল। আর প্রশ্ন করলে উত্তর দেয় ঝিনুকে ঝিনুকে। প্রত্যুত্তর।

কুড়িয়ে নিয়ে আসি রেশমি বটুয়ায়। প্রেমিকের চিঠি। সংকেত আর কবিতা তাতে। কান

পাতলেই শুনতে পাবে ডাক। আকুলি বিকুলি মন। বালি আর আঁশটে গন্ধ রয়ে যায়

অনেকদিন যতদিন না আবার নতুন গল্প নিয়ে ফিরে যাচ্ছি বালিরেখা পথে।

কিন্তু যাদের নৌকা আটকে গেছে পাঁকে কিংবা হারিয়ে ফেলেছে নোঙর খোলার কৌশল,

যারা সহজে পৌঁছতে পারে না জলের কাছে, তারা অপেক্ষা করে আষাঢ়ে দুপুরের, যখন

আকাশ ভেঙে নামবে মেঘমল্লার আর উত্তর কলকাতার গলিপথগুলো হয়ে উঠবে আস্ত

এক একটা নদী, ওরা এক দৌড়ে চৌকাঠ পেরিয়ে নৌকা ভাসিয়ে দেবে জলে। এ গলি, ও

গলি হয়ে সে নৌকা ঠিক পৌঁছে যাবে গঙ্গায়। ঝুরি বট ধরে ডাঙার গল্প শোনাবে নাবাল

মন, সোঁদা জীবন সহজ হয়ে থাকতে জানে সেইখানে।

গ্রিলের বাইরে হাত বাড়িয়ে বিন্দু জল দিয়ে মেয়েটি আঁকবে কপালে টিপ, গাইবে

ভাটিয়ালি গান, তারা জানে তাদের পোষা নদী শুকনো দিনেও সে গান শুনতে পায়। প্রত্যেক

মেয়েই জানে কিভাবে নদীকে পোষ মানাতে হয়। তারপর এপ্রিল মাসের খটখটে দুপুরেও

পিচ কালো রাস্তায় তাদের ছেড়ে দিতে হয়, তারা বয়ে যায় শহর জুড়ে, আবার ফিরেও


আসে মেয়েটির কাছে। খুব প্রিয় বন্ধুকে সে মেয়ে দেখায় পোষা নদী, জানলার বাইরে হাত

গলিয়ে জল ছিটিয়ে দেয় বন্ধুর মুখে। তারপর অনেকেই বায়না করে সে নদী দেখতে চেয়ে।

মেয়ে দেখায় না সবাইকে। দেখাতে নেই যে! যাদের তৃষ্ণা নেই তেমন, শুকনো হরীতকীর

মতো মন, তারা ওকে পাগল ভাববে! সেদিন পাঁচ তলার বারান্দা থেকে হাত নীচু করে ছুঁয়ে

এল ঢেউ, যেমন করে নৌকা থেকে খানিক হেলে পড়ে ছুঁয়ে দেখি জল! ঠিক তেমন... কেউ

বিশ্বাস করবে?

যারা নদী পোষে তারাও ভাবে এক একদিন, কি হবে একবুক তৃষ্ণা নিয়ে? এই আকুলি

বিকুলি, এই হাহাকার, হাসান-হোসেন দশা, কারবালা মাঠের খাঁ খাঁ বালিয়াড়ি বয়ে নিয়ে

কতদূর যাবে তারা? কত দিন কথা শুনবে পোষ্য নদী? তারপর? কেবলই খুঁড়ে যেতে হবে

বালি? ভয় হয়।


“সারা দুপুর খরায় তোমার ধান পুড়েছে।

বিকেলবেলা

হঠাৎ শুরু উথালপাথাল জলের খেলা।

জল ঘুরে যায়, জল ঘুরে যায় নিখিলবিশ্বচরাচরে --

আমার ঘরে, তোমার ঘরে !”

-নীরেন্দ্রনাথ চক্রবর্তী


বৃষ্টিবিহীন ধান কেটে নেওয়া তপ্ত খর বুক স্নাত হয় কবির কথায়। দুহাতে জল কেটে

ডুব দেয় অতলে। নীলচে রঙের সাবমেরিন হয়ে যায় সে। আর ভুলে যায় ডাঙার গল্প।


এসো এসো হে তৃষ্ণার জল