রবিবার, ৩০ আগস্ট, ২০২০

তন্ময় রায়

                                         



এই সপ্তাহের কবি তন্ময় রায়।জন্ম ৯/১/ ৮৮ ।তার প্রকাশিত বইগুলি -  কমবেশি ক্রিয়া (২০১১), দৃশ্যাক্ষর (২০২০, সিদ্ধার্থ দাসের সাথে যুগলবন্দী)। 

ঘটনাহদ্দ  


তা দেওয়ার কথায়

মাথা খারাপ দিচ্ছে, খোলস ছেড়ে

চিরতায় গুঁজে থাকা বদনামখণ্ড।


ভেতর গুমোটে

লম্ফ জ্বেলে বসে আছে

তোমার ধিৎকার ধরানো কালি, কার্বাইড 

জন্মদোলে মেজাজ

অন্ত্র পরিষ্কার অর্থে পাকে পড়ে


বিষম রান্নাঘরে আলতো ধোঁকা এ মধ্যমা, ফুলে ঢোল...


সব খুলে বলতে গিয়ে

আমার লোম লবণ তছনছ।


পাকতে এসে ফুরিয়ে যাওয়া ঘটনা,

সীমায় জড়ানো সাপে লঙ্কাবাষ্প; 

গর্ত ছেনে ল্যাজে খেলাচ্ছে জাতভাইকে।

পেট ভর্তি অস্ত্র নিয়ে

জাতভাই আমার কথায় থাকেন

টুঁটি রঙ করতে আসেন অসময়ের শুরুতে…


মোড়ে নাকি মোচড়ে, কোথাও একটা লুকিয়ে আছে মণি,

দূরত্বে বেজায় সেজে ওঠে সে।

আতরগাঢ়।


প্রয়োজনের কাদা তখনো ডোবায় ফলছে।

চাপা দেওয়ার তাল ঠোকেন জাতভাই

বিরতির ধোঁয়া ও ঢেঁকুর সমেত।

কিছু একটা খোয়া যাচ্ছে এবং টেরও পাচ্ছে কেউ


বিষম রান্নাঘরে এবার ডালপালানো পত্র, হেজে একশা...


খোঁজ জুড়ে সেই জ্ঞান যেন ফোস্কা

ঝাঁঝ খেয়ে জল খসাবে

আমি এগিয়ে দেবো গলা, গ্রন্থিকথায় লেগে থাকা হরমোন

একটু ঘুরিয়ে নেবো

দূরবর্তী সংবর্ত নালিকা

তলপেট ব্যথা করা পাথর পাথর ভাব

অন্তঃগাত্রে কানে-পৈতে জাতভাই সাক্ষাৎ


পুরোটাই জলের ওপর ছিল। মনে না লাগার কারণ হিসেবে মোমের কথা তুলতে গিয়েও, পাঁকের কথা চলে আসে। পাঁক দিয়ে মণি অন্ধকার করা হয়ে ওঠে না। কারণ হিসেবে আমার কথা উঠলেও, ব্যবহারে পাঁক তখন ত্বক দখল নিয়েছে। আর জাতভাইয়ের ত্বকে মহাকাব্য লেপছি আমি...

 

খিদে থেকে বিষটুকু

ঝাড়ার কথা

মাথায় গোবর বাড়িয়ে দেয়; 

জাতভাইকে বড়লোকে পেয়েছে,

সে তার গন্তব্য খুঁজতে আসে আমার মাথায়।




দশা 


১.

নামে আতঙ্কের পিন

রাস্তা আগলে আছে।

এর বাইরে সময় দেখতে এসেছে যারা

তাদের মিলিয়ে দেওয়ার চেষ্টা

আমার পকেটেই।

পকেটেই থাকে আমার বিজ্ঞ…


২.

গদ্যে কোন কলারের উল্লেখ রাখছি না

ইনিয়ে বিনিয়ে,

হজমের ব্যাপার মুখে ফুটে ওঠে।

কত ধাক্কায় কত কি সুন্দর...

হাতে শ্বাসনালীর ছাপ

কিঞ্চিৎ খিল ধরা পেট

বসত পেরিয়ে উঁকি দিলে 

কলারে খুন জখম নজরে আসে


৩.

জল ভুগিয়ে যাচ্ছে

কোমর এখানে শুকোতে চায় না।

এ ঘরের অন্ধকার

জট চাগাড় দেওয়া বর্ষাকাল;

বর্ষাকাল জুড়ে

গায়ে শাক হয়েছে

দেখা মিলেছে পাকিয়ে যাওয়া জ্বরের,

ঘাম ঘাম পথ

আলোর নিচে স্যাঁতস্যাঁতে পাকস্থলী।


৪.

সরু ক'রে ঢালার কথা ওঠে।

এর আগে

কষ দিয়ে চুইয়ে গেছে ঘিলু,

গলনাঙ্ক পেরনো হয়েছে সাবধানে।

রুমালে কথার মতো মিল 

আর চুমুকে যে শ্বাস সভ্য হচ্ছে 

তা একটু পরে সরু হবে…


৫.

গেলে দেখে নিচ্ছি

চোখের কাচময় মেজাজ।

উতল আসে সম্পত্তিতে,

ফেনাভাসনে গাঢ় করি।

মোজায় ভরে পাচার করি তোমায়,

এই তো হাল

বিষয় থেকে ম্যাদা মারতে যাই...


রবিবার, ২৩ আগস্ট, ২০২০

সৌরভ বর্ধন

                               

সৃজন এই সপ্তাহের  কবি সৌরভ বর্ধন। কবি ও গদ্যকার। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার শান্তিপুরে জন্ম। ২০১৮ সালে প্রকাশিত হয় কবির প্রথম কাব্যগ্রন্থ 'নিজস্ব প্রতিবেদন'। এছাড়াও 'জলবিভাজিকা' (২০১৮) এবং 'স্তন ও হৃৎপিণ্ড' (২০১৯)। সাম্প্রতিকতম কাব্যগ্রন্থ 'প্রসূতিকালীন পাঠ' ২০২০ সালের বইমেলায় 'কবিতা পাক্ষিক' থেকে প্রকাশিত হয়। বিভিন্ন অনলাইন ও প্রিন্টেড পত্রিকায় অনিয়মিত লেখেন। লেখায় চৈতন্যপ্রাপ্তিই হলো তার উদ্দেশ্য ও বিধেয়।

সৌরভ বর্ধন -এর কবিতা

মোক্ষ পর্ব

১.

শূন্য দশকের শেষ পরচুলা রঙা পাগড়ি বেঁধে
বৃত্তের পরিধি ধূমকেতু দিয়ে মাপি আমি, 
কাজ করে কোরিওলিস বল...
মেরুপ্রভায় বদল করি মনুমেন্ট, ম্যানসন
ছায়ামূর্তির মতো লোমকূপ ঘিরে তখন
ঘোটকী-পুরাণ-কাহীনি লেখে ফুল
পীতবর্ণের বিমূঢ়তা ভরা বালার্ক কবিতাগুচ্ছ!

রগভাঙা নাভিতে চেপে 
উঠে এসো ছাদের কার্নিশ
ফিরে এসো আঁকাবাঁকা ঋতুচাষ 
 -----  এ রক্তের গ্লোবিউলিন
হিম হয়ে আছে বিবাহিত গাছের পুরনো হাড়ে


২.

প্রথম যেদিন জরায়ুজ লিংক ফেলিওর গ্যাছে 
অশ্বক্ষমতার অতল গ্যাস উল্কাপাতে...
বালিবালি-ভাব মেদিনী থেকে সোজা ফেসবুক
জোড়া শৈশব  পোস্টিয়ে দাও সূর্যের ছাইয়ে

তিন রকমের বৃষ্টিপাত : এটুকুই সম্বল (?)

নিশাচর নেটিভ যারা তাদের মাথায়
ছেঁড়া সাইটোপ্লাজম ছোঁবে নয়জন রত্নাকর, রক্তে
জিলেটিন মাখা নাকের ছিদ্র, ভগ্ন বগল আর নয়
পত্তন হবে একরাশ মিস্তিরি গাঁথা বাড়িঘর


৩.

অর্ধেক পৃথিবী আর অর্ধেক আকাশ 
মেট্রোসিটির টানেলে
তমসার বুকের মাংস চোষে, কাপকাঠি বদল হয়
মহাপয়ারের মধ্যরাতে : সাবোধান!    সাবোধান!
ব্যস্ত অক্ষর, ব্যস্ত রং --- তুমি গুনতে যেও না পা
শুধু বেওয়ারিশি কিছু বিন্দু লিখে রাখো
হালখাতা --- দেরিপথ --- মুচলেকায়
পাঁজরে পাঁজরে ধ্বংস জড়িয়ে স্ফীত হয়ে যাক চুম।
গোস্পদে বিম্বিত বিশ্ব!   সর্বজন হিতায়! 

তথাপি রাস্তায় ভীষন যানজট, হাত ধরো ----
এমনভাবে ধরে থাকো যেন
তোমার তেষ্টায় আমি আকন্ঠ হয়ে যাই...


৪.

নিহত স্নানের গলায় ক্ষুর বেঁধে
ফেড়ে ফ্যালো স্বপ্নের চুল জান্তব অজুহাতে
সূর্যের দৈনিক আপাতগতি একটু ধীর   ধীর! 

বইয়ের তাকে হাঁ করা
দীর্ঘ অনিশ্চয়তার ঘাড় ধরে
উৎপাটনের খেলা লোমকূপে
শ্যামলা গায়ের আগানেবাগানে ভার্চুয়ালিটি
আমি আর ঝুলে থাকতে পারছি   
---- অব্যক্ত ছায়ারেখা বরাবর  -----  শুক্তির মতো
চুলের কথা, গর্তের সাপ, প্রত্যাখান 
চুপচাপ চালের পাপড় খেলা চন্ডালিকামাছ


৫.

ফ্রেমের ভিতর দ্যোতনাময় বটফল
আরেকটু একলা হওয়ার ফন্দি গ্যালারি মিছিলে।
আলপথ ধরে এগিয়ে এসো অপলক
সামাজিক বনে ক্যাম্প ফায়ারের পঙক্তি আঁকো

            সজোরে
                        হ্রেষা
                                ঢিমঢিম

উটের গ্রীবার মতো বই খুলে জীবন্ত পেন, টেনশন
ছড়িয়ে যাক ওজন স্তরে অ্যালবেডো সংরক্ষণ...
এক পোস্টার চাপদাড়ি এঁকে বাড়ি ফেরবার 
কপিরাইট  ------- জলবৎ তরলং... সর্বজন সুখায়!


৬.

উত্তাল দর্পণের ইকো শোনা যায় মুখবইয়ে
ঘরে ফেরে সাইবার কেঁচোর বাতাস।
হা-ঘরেরা না-ঘরেদের তোয়াক্কার বীজ রাখে না
শুধু ভয় হয় মেঘমাগিদের ঝিঙেফুল ঠাসা আয়না
খড়কুটো পেয়ে মরিয়া মিছিল করে ------
খুব রাগ হলে হেসে ফেলে দেয়
জিপসি মাঠের দূর্বাতে বেগুনি আপেল ফুল।

আঙুল দ্যাখাও
লাগে রোদ দেবে সমকামী সূর্য জ্যাঠা।
বিপজ্জনক মায়ার সফরে ঈশ্বরকণা মানুষ ইত্যাদিরা
সংকেত ছোঁড়ে, অস্তাচলের স্থির বিশ্বাসে ফণা! 


৭.

কলসপত্রী ঠোঁটে কাঠবাদামের জলকেলি
সাঁঝবাতি রোদ বিষুবরেখার কোলেপিঠে...
------- এই যা দ্যাখা নীলাচল
শ্বাসমূলে আরশিনগর, নাভিমূলে কশেরুকা ক্ষয়

অথবা...
একটা ছোট্ট ডিঙি, একটা লন্ঠন, খুব গভীর রাত
না হলেও চলবে মতন সাদা রিংলেট।

গোটা যৌবন অসতর্ক আংটির মতো
চাল দিয়ে গ্যাছে খুরখুরি বোর্ড ---- মহাবিবর রোডরানার 
আমাকে কাপালিক, আকাশপ্রদীপ ভেবে
পর্ণমোচী অনুভব তার অরণ্যের অধিকারে
অন্ধকারে নামে।


৮.

ওষ্ঠাধর হতে আঁকিবুঁকি খসিয়ে দাও পলেস্তারা
বলো, কত ক্ষুদ্র তরঙ্গ চাই সবুজ বাড়ি ছাড়তে...!
শীতের চেয়েও বড়ো
অনেক বড়ো গ্রিন-করিডর বাঁধা আছে রামধনুতে।
শুধু দু'চারটে ব্রাশের সমান খিস্তি আলোকবর্ষ ঘুরে দ্যাখে
বনডুমুরের হিন্দোল কিনা হরিণের হাঁটাহাঁটি...

ইতিউতি ভোর, নাছোড়বান্দা মাছির চাহনিযুক্ত ড্রিপড্রিপ
নীচু তলার বিচিশূন্য মেঘমিনসের আইন অমান্য মেশামেশি
     
------------ সেসব কিম্ভূতকিমাকার মুহূর্তরা বুমেরাং আজ!
বিপদসীমার উপর দিয়ে বইছে গোটা ঈশ্বরীয় বাস্তুতন্ত্র...


৯.

চশমার শীতলতা ভুলে যাও বাঁশিওলা
নিস্পৃহ শহর ফুৎকারে ফ্যালো কসমিক ঝোপে
রোমাঞ্চের ইউনিকোডে ছত্রাক...!
চৌকাঠে কাশফুল বকুল সুনসান সুড়ঙ্গ পথ
ছেড়ে প্লাজমায় হেঁটে যাই চলো.....

একগোছা বোরোধান রেখে মরে যাও সুন্দরী, 
তোমায় আর সুন্দর দেখতে চায় না 

                 সত্য ←ত্রেতা ←দ্বাপর ←কলি
      
অথবা ধূমকেতু গুঁজে রেখো ব্লাউজ বোঁটায়
নির্বাসিত গুল্মের শব্দে যেমন রসুইঘর ঝলসে ওঠে
ভনিতায় করাঘাত করে মঙ্গলসূত্র, সেভাবে


১০.

স্যাকারিন, কলাপাতা, স্যানেটোরিয়াম
কিংবা কক্ষপথের বিচারে ধন্য হওয়া মানব জনম
মফস্বলের পটভূমিতে মৈথুন করা কঠিন
নতুবা মুশকিল ঠমকি, মরচের ভয়ে লুকানো শিশ্ন
এক ঝাঁক কোঁকড়ানো চুল, মৌমাছি জাসুস।
ভাঙা মূর্তির হাতে পায়ে বেলোয়ারি রাজনর্তকী
কুঁজ-ওয়ালা ট্রাকের শ্যেনদৃষ্টির সুবাদে হয়রান
আর ফুটপাত মিহিন সাদা ধুলোয়
ধর্ষিত হয় অসহায়, বলো, কেমন আছো রাত?
চোঁয়া ঢেক তুলে সমাজবাবু বেসামাল শকট ছোটায়

                                                  হায় ছায়াবৃতা........!
প্রতিদিন গর্ভধারণ আর প্রতিরাত এঁটেল ভানুর তাপ।
বিপ্লব, সেজে আছি ফুলের মিছিলে, হাঁটো.......
    
                        __________________


সোমবার, ১৭ আগস্ট, ২০২০

জয়ীতা ব্যানার্জী

                

তারাদের সার্কাসে আলো জ্বলে



মনখারাপের দিনে বৃষ্টিকে অন্ধের ফেরিওয়ালা মনে হয়
অন্ধ কেবল ওই স্বরটুকু চেনে। বোঝে
নক্ষত্রের পসরা সাজিয়ে ভাঙাচোরা সাঁকোটি পেরোলে

মেঘের ভিতর থেকে তার-ই দুয়েকটি ঝরে কি পড়ে না
মাটির উপর তাঁরা গাছ হয়, অন্ধ জেনেছে
আর সবচেয়ে কোমলটিকে 'মা' বলে ডাকে


তুমি সোনার কাঠির মতো। জ্বরের ঘোরেই বুঝি
কত কথা বলা হয়ে উঠলো না এবার-ও তোমাকে

দূরে তারাদের সার্কাসে আলো জ্বলে। সারারাত
এত আলো তবু কেন
তোমার হাতের ছায়া পড়ে না কপালে


তেরছা রোদ এসে ভরে দিচ্ছে শব্দছক। পেরে যাওয়া শব্দগুলিতে টিক দিতে দিতে বড় হয়ে উঠছে চাঁপাডালের ছায়াটি। আর সামান্য বড় হতেই উল-কাকু এসে দাঁড়ালেন। ঝরঝরে সাইকেল বোঝাই উলে আসল মানুষটিই ঢাকা পড়ে গেছেন যেন। মা-কাকিমারা পছন্দের রং বাছছেন। পুরনো রঙের সঙ্গে মিলিয়ে মিলিয়ে নতুন রং খুঁজছেন। তিনি টান মেরে বার করে আনছেন চকচকে শীতের ওম। হাতের কায়দায় ছুঁড়ে দিচ্ছেন শূন্যে! তারা নেমে আসতে আসতে সোজা-উল্টোয় কী সুন্দর সেজে উঠছে বাগান। রিনরিনে চুড়ির শব্দ কেড়ে বাবা বলে উঠছেন মায়ের হাতে না কি জাদু আছে। আমি তাকিয়ে আছি আকাশের দিকে। মায়ের হাসির শব্দ ভেসে আসছে।


নামতার সুর যতখানি একঘেয়ে ঠিক ততখানিই মধুর। দুলে দুলে নামতা পড়ার অভ্যেসে মা এসে গরম দুধের গ্লাস রেখে যান। শীতের বিছানা জড়িয়ে ধরে আরও কিছুটা সকাল পেরিয়ে যাওয়া যায়। বন্ধ জানালার ফাঁক গলে সোহাগী রোদ ছুঁয়ে নিচ্ছি, নেব -- ভাবতে ভাবতেই মায়ের আঁচলের গন্ধ দূরে সরে যেতে থাকে। দুহাতে মুখ গুঁজে চেনা ঘ্রাণ হাতড়ে বেড়াই, রোজ। সবার মতো আমার আর বড় হওয়া হয় না, বাড়ির সবার আগে ঘুম ভেঙে ওঠা হয় না, গুছিয়ে কাজ শেখা হয় না আমার। দিন জিতে যাওয়া বন্ধুটি যেন, অনেকটা এগিয়ে গিয়ে পেছন ফিরে ভেংচি কাটছে।


পরমান্ন সাজিয়েছি। এসো সুখ পাত পেড়ে বোসো
তোমাকে একটি দিন আদরে খাওয়াই। আঁচলের
আলতো পরশে মুছি ছিটেফোঁটা নুনের দেমাক

তোমাকে দেখতে সুখ অবিকল মায়ের মতই

------------



মেঘশ্রী ব্যানার্জী

                  



বিজন ঘরে





আয়নার মুখোমুখি হলেই সিঁথির চেরাপথে সোহাগের সাথে অভিজ্ঞতার সহবাস। রূপালি রেখা দিনে দিনে সংখ্যা গরিষ্ঠ। ক'দিন ধরেই ফরসেপটা খুঁজে পাচ্ছি না। বড় বাক্স, ছোট বাক্স, বড় ব্যাগ, ছোট ব্যাগ সব তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে হঠাৎ গিয়ে পৌঁছলাম পঞ্চাশ নম্বর সাতকড়ি চ্যাটার্জী লেনের বাড়িতে। 


একতলায় দিনের বেলা আলো তেমন ঢোকে না। তাও ছুটির দুপুরে হাফ পর্দা ফেলা জানলার দিকের খাটে দুটো নরম বালিশে মাথা দিয়ে এলোচুলে শুয়ে থাকতে তুমি। আর আমি ফরসেপ হাতে অপরাধী খোঁজার মতোই প্রখর দৃষ্টি দিয়ে ধরতাম আর কুট কুট করে উপড়ে ফেলতাম তোমার মাথার ছোট্ট ছোট্ট পাকাচুলগুলো।


'পাকা চুল তুললে আরও বেশি গজাবে' এই কথাটা হেন লোক নেই যে আমাদের বলে নি। তবু থোড়াই কেয়ার করতাম? আমার উৎসাহ ছিল তোমার তিন গুন। কারণ প্রতি পাকাচুল পিছু প্রথমে দু'টাকা করে পেতাম। তারপর চুল যখন চক্রবৃদ্ধি হারে পেকেই চলল তখন এক টাকা, পঞ্চাশ পয়সা, পঁচিশ পয়সা, এমনকি শেষে দশ, পাঁচ, এক পয়সায় এসে দাঁড়াল। কই পরোয়া নেহি। আমার লাভের খাতায় তাতেও বেশ ভালোই জমা হত। তখন আবার পাশে ঠোঙা নিয়ে বসতাম যাতে তোলা চুলগুলো ইতস্ততঃ ছড়িয়ে না পড়ে। হিসেবে আমি বড় পাকা! 


তবে এই হিসেবের খেলাটায় তুমি সব সময় আমার গুণতি ভণ্ডুল করে দিতে। পঞ্চাশটা হয়ে গেলে বলতে সবে ত্রিশ। আর আমিও বুঝে শুনে ছদ্মকোপে ফেলে দিতাম সন্না 'যাও আর তুলে দেবো না'। তুমিও তখন 'লক্ষ্মী মেয়ে সোনা মেয়ে'র বন্যা বইয়ে দিতে। শেষে আমি বুদ্ধি বের করলাম ঢ্যাঁড়া কাটার। চুলের চুলচেরা হিসাবে কাঠের বিবর্ণ দরজার পিছনে চক দিয়ে দাগ টেনে দিতাম। পাওনাগণ্ডা না মেটা অবধি সেই দাগের পরের লাইনে আবার দাগ যোগ হত। হিসাব মিটলে যখন কাপড় দিয়ে মুছে দিতে দাগগুলো তখন দরজার পিঠটা ঘোলাটে সাদা হয়ে থাকত। তার উপরেই আবার নতুন করে দাঁড়ি কাটা হত পরের দিন। 


দাঁড়ির কথায় মনে পড়ে গেল, ওই দরজার পিছনেই দাঁড়ি কেটে কেটে গুনতে শিখিয়েছিলে। দশ, কুড়ি, ত্রিশ মানেই আগের ন'টা দাগের পেট বরাবর একটা করে ঢ্যাঁড়া। দিনের আলোর ঘরে প্রবেশে যতটা দ্বিধা, রাতের ল্যাম্প পোস্টের ঘষা ঘষা হলদেটে আলোটার ততই উৎসাহ মশারির মধ্যে ঢুকে পড়ার। আলো নিভিয়ে দিলেও দিব্য দেখা যায় কড়িকাঠ। যেন একটা মস্ত হারমোনিয়াম কেউ উল্টো করে টাঙিয়ে রেখেছে। তখন তো আর মোবাইল অ্যাপে কাউন্টিং শেখার সুযোগ তৈরি হয়নি। কড়িকাঠ একবার সোজা দিকে আরেকবার উল্টো দিকে গুণেই পঞ্চাশ অবধি রপ্ত হয়ে যেত। দুটোর পরে আর দুটো কড়িকাঠ এগোলে চার, আবার একটা পিছিয়ে এলে তিন - সে এক ভারি মজার যোগ-বিয়োগ। মনে মনে রিড চেপে কখনও বা সা-রে-গা-মা! 


সে বছর বাড়ি ভেঙে ফ্ল্যাট ওঠার সময়ে উই লাগা কড়ি-বরগা সব ভাঙা পড়ল। বৃষ্টির জল ছাতে ঘর করতে করতে দেওয়াল বেয়ে নেমে এসে নানারকম ছবি এঁকে দিত। সেই ছবিগুলো কোনোটা মেঘ, ফুল, পরী হয়ে, কোনোটা চাঁদের বুড়ি, কোনওটা বা বিরাটাকার দৈত্য হয়ে দেওয়াল বেয়ে ছাত অবধি উঠে যেত। বাড়িটা ভাঙা পড়ার সময় সেই ছবিগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে হাওয়ায় মিশে গেল। যেগুলোর লোহা-লক্করের বাজারে ভালো দাম সেইসব সিঙ্ক পাইপ কল পাম্প ট্যাঙ্ক আগেই বিক্রি হয়ে গেল। কুকুর ঢোকা বন্ধ করতে গলিপথের মুখে যে হুড়কো দেওয়া লোহার গেট, রক ঘিরে আর ওই যে দালানের ওইদিকের দরজা খুলে ছাতে ওঠার আগে ডানদিকের যে মস্ত বড় গ্রিলের দরজা লাগিয়েছিলে - যার এপারে দাঁড়িয়ে ঠায় কল্পনা করতাম বন্দিনী রাজকন্যের জন্য এক রাজকুমার ওই আকাশ পথে উড়ে আসছে - সেগুলোও সব ওরা বিক্রি করে দিল। শুধু দরজাটা পড়ে রইল ভাঙাচোরা স্তূপের উপর। 


ক'দিন পরপর বৃষ্টিতে কাজ বন্ধ ছিল। সকালবেলা পায়ে পায়ে গিয়ে পড়লাম পুরোনো পাড়ায়। বাড়ি ভাঙার জায়গাটা আর ঘেরা নেই। দরকারও নেই। পুরোটাই ফাঁকা মাঠের মতো। ইতিউতি ভগ্নস্তূপ। তার মধ্যেই তুমি সকালে ভাত ডাল আর ঢ্যাঁড়শভাজা নামিয়ে স্নানে চলে গেলে। আপুমা মাছটা সামলে নিল। তারপর বাবা আর তুমি নাকেমুখে গুঁজে একসাথে বেরিয়ে পড়লে। বিকেলে ফেরার সময় সরাসরি দরজায় আসতে না। গ্রিল বসার আগে খোলা রকে দাঁড়িয়ে আমার নাম ধরে ডাকতে! পিছনে দাঁড়িয়ে থাকত বাবা। কত বড় হয়ে তবে জেনেছি দু'জনের অফিস দু'জায়গায়। 


ফিরেই জামাকাপড় পাল্টে চা বসাতে বসাতে রাতের রান্নার ফর্দটুকু আপুমার সাথে আলোচনা হয়ে গেল। ঠাকুরের সামনে শাঁখ বাজিয়ে একটা ঢিপ করে প্রণাম ঠুকে নিলে। ধূপের গন্ধটা আজও ধক করে নাকে এসে লাগে। দাদু, আপুমা, বাবার নির্দিষ্ট স্টিলের কাপ। আমার জন্য চা নেই, তবে কাপটা কাচের। দুধে বোর্নভিটা গোলা, সাথে চিংড়ির বড়া। প্রথম খোলের ভাজাগুলোয় আমার অধিকার। মেঝেয় বসে তখন স্কুলের পড়া করছি। তুমি পাশে বাটি রেখে গেলে। মাথায় একটা চকাস করে চুমু। সেদিনও মেঝেতেই বসে পড়ছিলাম। পাশের বাড়ির হাবুকাকু জানলা দিয়ে মুখ বাড়িয়ে বললেন, "জলকাদার উপর কোথায় বসছ! আমাদের ঘরে এসে বোসো!" শুনেছি কাকুদের বাড়িটাও দর করা হয়ে গেছে। আমি আজ বাড়ির উঠোনে দাঁড়িয়ে অতীত দেখছি, আর কাকু দেখছেন ভবিষ্যৎ! 

 

দরজাটার উপর খুব মায়া হচ্ছিল। এই ক'দিনের টানা বৃষ্টিতে আরও ঝুরঝুরে হয়েছে কাঠগুলো। এখানে ওখানে খয়েরি সবুজ ছাপ। মুখ থুবড়ে পড়ে আছে যুদ্ধে হারা সৈনিকের মতো। কিন্তু এখনও কেমন তেজ!  আগলে চলেছে নিচের ইট কাঠ পাথরের ডাঁইকে। আমাদের সেই চকের দাগগুলো এখনও পুরোপুরি মুছে যায়নি। মলিন হয়েছে। বৃষ্টিতে ভিজে প্রায় মিলিয়ে এসেছে। যেন ছোট্ট ছোট্ট শ্বাস নিচ্ছে। এইবুঝি পরেরটা নিতে ভুলে যাবে। কিন্তু আমি ঠিক খুঁজে নিয়েছি। আস্তে আস্তে হাত বোলাই ওগুলোর উপর। ভিজে ভিজে ঠেকে হাত! বৃষ্টির জলই হবে হয়তো! কড়ার গোড়ায় মরচে পড়ে মেটে মেটে রঙ ধরেছে। সেইখান থেকে একসার পিঁপড়ে দল বেঁধে চলেছে। ভেজা কাঠের নির্যাসে জন্ম নিয়েছে একটা উজ্জ্বল সবুজ চারা। তুলতুলে সবুজ কান্ডটা নুইয়ে আছে দুটো কচি পাতার ভারে। মুখটা নামিয়ে লক্ষ্য করলাম, একটা পাতা একটু বড়, আরেকটা ঠিক বাচ্চার মতো জড়োসড়ো হয়ে ঘেঁষে আছে ওর কোলে। দরজাটা আমাদের ভোলেনি। এবড়োখেবড়ো একটা পাথর তুলে দাগ কাটতে গেলাম ওর পাশটায়। দাগ আর পড়ল না। কোন শব্দও হলো না। শুধু একটু দেবে গেল জায়গাটা। 


অঙ্ক তো শিখে নিয়েছি সেই কবেই। শুধু হিসেব মেলানোটা বাকি রয়ে যায়। এখনও দাঁড়ি কাটি। মনে মনে। তোমার জন্মদিনের বয়সটা আর দাঁড়ি কেটেও বাড়াতে পারি না। মৃত্যুদিনের বয়স বাড়ে কেবল। থামাতে পারি না।

দীপঙ্কর বেরা

                                            


মায়ের ভালোবাসা 
===========
শিশু আগুন আর গোলাপ
দুটোকেই ধরতে চায়,
তার মা তার সামনে এসে দাঁডায়।
বার বার মা তার শিশুকে
আগুন আর গোলাপের অবস্থান বোঝায়।

যারা মাকে অন্তর দিয়ে ভালোবাসে
তারা গোলাপ বাগানে
আগুনের পরশমণি হয়ে যায়;
বাকীরা আগুনে পুড়িয়ে দেয়
যুগ সৃষ্টির গোলাপ।

ঠাঁই নাই   
======
মা দেখো, এ গাছটায় কি সুন্দর ফুল।
মা বলতো - ও গাছটা আমাদের না।
মা দেখো, এই মাটিতে কি সুন্দর চাঁদের আলো।
মা বলতো, ও মাটি আমাদের না।
মা দেখো, এই মাঠে কি সুন্দর সোনালী ফসল।
মা বলতো - ওই মাঠ আমাদের না।
মা দেখো, এই পুকুরে কি স্বচ্ছ টলটলে জল।
মা বলতো, এই পুকুর আমাদের না।

এভাবে সারা পৃথিবী
মানুষে মানুষে ভাগাভাগি হয়ে গেছে
বিনয় জানে না,
ও সব কিছু শুধু দু চোখ ভরে দেখে
আর দেখায়।
দেখতে দেখতে মায়ের হাত ধরে
আস্তানা খোঁজে, 
যেখানে যায় সেখানে সবাই বলে 
- যা সরে যা। ওদিকে যা। 
এখন বস্তিতে বিনয়
সবিনয় নমস্কার করে এই পৃথিবীকে।

হাঁটো মা হাঁটো 
=========
হাঁটো মা হাঁটো
না হলে থেমে যাবে পৃথিবীর চলা,
ঘুমিয়ে পড়ছে শিশু
ও শুয়ে থাক তোমার কোলে
না হলে ব্যাগের উপরে
তোমার জন্য নাই কোন গাড়ি ঘোড়া নাই যানবাহন
তুমি হাঁটো মা হাঁটো
না হলে তোমার সঙ্গ ছেড়ে যাবে পৃথিবীর বন্ধন।

হাঁটো মা হাঁটো
তোমাকে পৌঁছতে হবে পাঁচশ হাজার মাইল দূরে
তোমার বাড়ি
না হলে তোমার শিশু থাকবে না দুধে ভাতে
পাবে না এ পৃথিবীর ঘরে ফেরার স্বাদ,
পেটে খিদে তৃষ্ণার জল নেই
কংক্রিটের রাস্তায় একটুও ছায়া নেই
পায়ে পড়ছে ফোস্কা টান ধরছে পেশীতে
তবু তুমি হাঁটো মা হাঁটো
না হলে জীবনের জয়গান আর ধ্বনিত হবে না।

হাঁটো মা হাঁটো
তোমার জন্য ইট পাতা পুকুর ঘাট
লাউ মাচা ছাই গাদা মাটির উনুন ত্রিপলঘেরা গোয়ালঘর
ধান খেত আল বাঁশপাতা খড়ের চাল
একটা দুটো হাঁস পাড়া বেড়ানো মুরগী
নেড়ি কুকুর কচুর বন কলমী শাক
সবাই অপেক্ষা করে বসে আছে
কবে আসবে এক বুক হাত পা ছড়ানো নিশ্বাস
তাই হাঁটো মা হাঁটো
না হলে এ যন্ত্রণা থেকে
পৃথিবীর এ কঠিন অসুখ থেকে আমাদের মুক্তি নেই।

হাঁটো মা হাঁটো
এ সভ্যতার বুকে তোমার এ পদচিহ্ন করুক পদাঘাত
চেতনার উন্মেষ ঘটাক এ নিরেট পাথরের দেশে
যে ইট কাঠ পাথরের দেশ নির্মাণে তুমি
রাজ্যে রাজ্যে শহরে শহরে বাবুদের আলিশানে
মজদূর হয়ে পরিযায়ী হয়ে পেটের জন্যে
ঘুরে বেড়িয়েছো
সেই দেশের নির্মম নিষ্ঠুর নৃশংস পথে
হাঁটো মা হাঁটো
না হলে মানুষ মানুষকে চিনবে না
কেঁদে উঠবে না মানবতার কোন শ্লোগান।

হাঁটো মা হাঁটো
এ মহামারী চলে যাবে রেখে যাবে নতুন পৃথিবী
তুমি হাঁটবে আগামীর হাত ধরে
এমনি করে সদর্পে
রাষ্ট্রের নির্লজ্জ শাসন ত্রাশন উলট পালট করে
লজ্জা অপমান অন্যায় অবিচারের যোগ্য জবাব দিতে
বীর পুঙ্গবদের আবার একবার আয়নার সামনে দাঁড় করিয়ে
ফুল ফোটানোর অঙ্গীকার নিয়ে
তুমি হাঁটো মা হাঁটো।
হাঁটো মা হাঁটো
আরও জোরে আরও জোরে
হাঁটো মা হাঁটো
হাঁটো মা হাঁটো

বিশ্বজিৎ দাস

                                           

                  

 

এই সপ্তাহের কবি বিশ্বজিৎ দাসl১৯৮৫ সালে উত্তর চবিবশ পরগনার ভবানীপুরে  জন্ম। ছোট থেকেই আশৈশব ভাঙনের মুখে দাঁড়িয়ে এবং অর্থনৈতিক অবহেলায় এই জীবন ও জগতকে চিনতে চিনতে কবিতায় এসেছেন। বলা যায়, সব ব্যর্থতাই একদিন তাকে কবিতায় এনেছে। কবির প্রকাশিত কবিতাগ্রন্থ : হ্যালোজেন ও স্পর্ধাগুচ্ছ। প্রথম প্রকাশ : ২০১৭। প্রকাশক : ধানসিঁড়ি। প্রথম দশকের কবি। 
পেশা : অধ্যাপনা 
গবেষক : কলিকাতা বিশ্ববিদ্যালয়
(বিষয় : পূর্ব-পাকিস্তানের বাংলা কবিতার গতিপ্রকৃতি : ১৯৪৭-৭১) সম্পন্ন করেছেন। বর্তমানে গবেষণা করছেন, বাংলাদেশের কবিতা :১৯৭১-২০০০)

১.
প্রাজ্ঞ চাঁদের ঘোড়ায় চলে যাচ্ছে 
                    আমাদের তারকদা
হঠাৎই অসামঞ্জস্য ঘুমের ভিতর মুনসাইন

স্বপ্ন কিনতে বেরিয়ে পড়ে
সোজা রাস্তায়। কুড়ানো কাগজে দেখে

মাতৃবিয়োগের খবর! খুব জোরে ইংরেজি
আওড়ায়; যেভাবে উত্তরহীন জীবন কেটে যায়...

২.
নিউরোট্রান্সমিটার খেয়ে ফেলেছে ওপাড়ার
নিমাইদা। গাছে গাছে লুনাটিক মূর্তির আসর

খুলির সংসারে শুধু পাতা। সেও শুনেছে
সবুজ রঙের মধ্যে ভাদুটুসুর গান

খিদে পায়। দস্তার থালায় ভাসে
আদিবাসী পাজর চোয়ানো এক দুরন্ত ইয়ার্কি!

নিমাই সরদার আবারও একদিন 
গাছের মইয়ে আকাশে উঠে যায়...

৩.
গগেনদা কি করে পাগল হল জানি না
শুধু দেখেছি, বাঁশ বাগানে বসে থাকে

পাতার ফাঁকে সে দ্যাখে ফুলমুন
সাইকোসিস চিবোতে চিবোতে ঘুমিয়ে পড়ে

মুখভর্তি দাঁড়িতে জমিয়ে রাখে
ঘটনার পৌনঃপুনিকতা

আর
তিরিশ বছর আগের ভুল ঋতুর গ্যালাক্সি

৪.
কয়লা ব্যাপারীর মেয়ের 
প্রেমে পড়েছে বারাসাতের অভীক

খোঁজ নিয়ে জেনেছি এটি প্রেম নয়
ডোপামিন বেড়েছে খুলির ভেতরে

কালো রক্তের শৈশবে,
স্কুল আর বাড়িই বাইপোলার অসুখ!
বাড়ির প্লাস্টারে আটকানো তাঁর শরীর

কখনো জানতে চায়নি বাবা মা
কতটা মন খুলে দিলে, জ্যোৎস্না পাবে ছেলে
মুনস্ট্রাক হবে না; কতটুকু ভালোবাসা পেলে...

৫.
বেহুলা পাগলি কুঁই কুঁই শব্দ করলেই
লডসে সৌরভের জার্সি খুলে ওড়ানোর দৃশ্যে

দু'চোখের জল মোছে সুখ। ভাবে এই তো
ফিরে পেয়েছে সে সেন্ট্রাল অ্যাভিনিউর

সেই বাড়ি! কিন্তু কিভাবে এসেছে সে?
ভুল তো ভাঙে না, ভাঙে কি নৈঃশব্দ্য?

ঘুম বঞ্চনার পথে; সে হারিয়েছে উৎসাহী সম্পর্ক!

৬.
একটি সুগন্ধি চাঁদের কাছে 
আশ্রয় চেয়েছিল নমিতা পাগলি

পায়নি। হ্রাসযুক্ত সম্পর্কের থেকে
সে পেয়েছে দুঃস্বপ্নের আদর

ছেড়ে গেছে স্বামী আর চাঁদ দেখা আয়না
পথে পথে এখন তাঁর বিছানা

কেউ খেয়াল করেনি, কোনো এক
অন্ধকারের জন্মগত ভয়; 
রাতের আশ্রয় হামলে পড়ে শরীরে...

মা, হয়ে গেল সে! অথচ জানল না
শুয়োরের বাচ্চা চাঁদের দ্রাঘিমা কত?

৭.
শুনেছি, 
উন্মাদ আচরণ দেখলে
যুবতী জ্যোৎস্নারা খুশি হয়!

যুবক নয়। পত্নী বিয়োগের পনেরো বছর পর
বিয়ে করে ছিলেন ভবনাদ দাশ

সুখেই চলছিল সব। একদিন রসে রাঙানো পানে
তিনি হয়ে উঠলেন মাতাল অজগর

খুন চেপে গেল মাথায়, করলেনও অবুঝে
শুধু ডুব দিলেন জলে। কেউ পেল না খুঁজে...

৮.
অসঙ্গতি কি জ্যোৎস্না ধোয়া জল?
নিজেকে দেখা এক বিশ্বাসের
ডিজাইন করা বিষণ্ন মখমল?

কেউ জানে না...

হাঁটতে হাঁটতে কোথায় থামতে হয়
কোথাও এমন সতী হওয়ার ষড়যন্ত্রে

খাওয়ানো হতো নিঝুম ধুতুরার ফল...
এও কি তবে চাঁদের উদ্যানে চাঁদের ডামাডোল?

কেউ জানে না, সেই তারাময়ীর চিতার আঁচল...

৯.
মস্তিষ্কের লুকানো হাত পা
ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে

খবর আসে কুঁকড়ে যাওয়া তৈমরের
রাস্তায় ছেলেরা পিছনে লাগে

সেও উলটে দেয় লজ্জার ঢাকনা
বলে 'দেখ দেখ, ঘুমানো আয়না'!

হারামিরা তাকেই করে রাজনীতির পোস্টার
তৈমুর ছুটে বেড়ায় ভুল রোদ্দুরকে রোদ্দুর...

১০.
না, আকবর মুঘল সম্রাট নয়
ম্যাথের ট্যালেন্টেড স্টুডেন্ট

বহুকোষী সংঘাতে ছাড়ে প্রেমে, ছাড়ে পরিবার
এখন ড্রিমল্যান্ডে ঘুরে বেড়ায়

মাঝে মাঝে বিড়বিড় করে গণিতের সূত্র

নিজেকে কখনো সম্রাট ভাবে
তো, এইমাত্র বেড়ালের ব্যামো

ছিঁড়ে গেছে চাঁদ, পর্যায়ক্রমের ঘুম কাঠামো...

১১.
চন্দ্রাহত হয়ে এ জীবন কাটিয়েছে
ভবানীপুরের কোনো এক যুবক

নাম তার জেনে কি হবে?

চান্দ্রজন্মের প্রভাবিত জ্বর নিয়ে
সে হয়ে উঠেছে ক্রমশই আনসাউন্ড ম্যান

তাকে দিও পলাশীর অবশিষ্ট মেঘ
ফারাক্কার জলের স্রোতভাঙা ডানা

সেও তো চায়নি কিছু, হ্যালুসিনেশন ছাড়া...

১২.
যতটুকু পড়ে বুঝেছে সে
চাঁদের পোশাক বদলের সাথে

মানুষের হাত, পা, সোহাগ বদল হয়
বাইবেলের নেবুচাডনেজ্জারের কাহিনী

যদি প্রথম লিখিত পাগলামি হয়ে থাকে
যদি বিয়েট্রি প্রথম মানুষকে মুক্ত করে

তবে ফিলিপ পিনেলই তার পিতা
জঁ বাপ্টিস্ট পুসির কথাও তিনি

করেননি অস্বীকার, তবু তিনিই ছিলেন
অগঠিত পৃথিবীর সবচেয়ে সুপুরুষ পাগল

মানুষের হৃদয় স্পর্শের জন্য...

১৩.
নিজেকে পিছন থেকে দেখার সৌজন্যে
এই সুসজ্জিত হত্যার নির্বাক মাতন

নিয়ে গিয়েছে চন্দ্রলোকের দিকে
সে মেয়েটি, কখনো জানতো না

জোর পুরুষের শরীর কি?
অনিচ্ছুক মাংসের ভিতর হাঙরের নখ

ওই মেয়েই তো বুঝেছে, 
ধমনীতে রক্ত আর আবেগের মিস ইউজ!

১৪.
বাবা কিনেছে চাঁদের ঘুম
ছেলেও কিনেছে চন্দ্রাহত বাড়ি

দুজনই আপাতত মেঘের হলে সিনেমা দেখে
ছেলেটির মা যে দাঁড়িয়ে বিশ্বাসের তলদেশে

দেখে যাচ্ছে সাইন্যাপসের জানজট...

বলো, এ জীবনের 
হলুদ চশমায় আর কি কি দেখা বাকি থাকে?

১৫.
পরীদের সঙ্গ ওর ভালো লাগে
অদূর জ্যোৎস্নার উদ্যানে বসে থাকে

বাবা মা হ্রদের দরজায়
মরা স্বপ্নদৃশ্য আঁকে নীল অশ্রুজলে...

ভাতের কাঁকরই জোটে না
তো আবার আহত মেয়ের জন্য কি 

বোধ রঙের পালকি কিনে আনবে?

১৬.
অ্যাক্সিডেন্ট হয়েছিল কুড়ি বছর আগে
স্নায়ুর ভিতরে জমে আছে চাঁদরঙ

তবু একদিন নোঙরের টানে
বিষাদের নোলক পরে ছুটে গেছে

একটা মিথ্যে আয়নার সামনে
জেনেছে পাখিদের পুতুল নেই

নদীর বুকে ছাই হওয়া সব জল
বেহালা বাদকের প্রগাঢ় পাপড়ি

আর দেহমাংসের প্রত্যাশিত সম্বল
নিয়েছে ওই এক সন্ধ্যারসের পুচ্ছধারণ ফল!

বলো, এঁকে কি তোমরা পাগল পুতুল বলবে?

১৭.
সন্দেহের বাসনা থেকে যে রঙ ঝরে
সেখানে রেখো অনিশ্চিত সবেদা

ওর গায়ে ঝুরো চামড়ায় হাত দিয়ে
দেখো না সহস্র নদীর সিল্ক

ছেলেটি এখনো জানে না
স্ত্রীলোকের পাহাড়ে কত ফাটল

ধস নেমেছে মাঠের অবসরে

আর্কাইভ জড়ানো প্রাচীন ঈর্ষা
ছিন্নমস্তা বানিয়েছে ওই রমনীকে...

১৮.
ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে
আজকাল এগিয়ে গেছে ধরাধাম

সাধকরা সুরের শিকড়ে নামে
সহজ কি বুঝে নিতে নিতে ফুরিয়ে যায়

এভাবে জেনেছি ভবা পাগলার কথা
তিনিও কি সত্যিই পাগল?

নাকি সম্মোহনের নজর এড়িয়ে
সোসাইটির হৃদয় থেকে উড়ে যাচ্ছে

এক একটি সুখগামী জোনাকির দল...

১৯.
বাড়ির ভিতরে গানঘর; দেহঘড়ি
সময়ে সময়ে গেয়ে ওঠে

নিউরোসিসের সমস্যার চাদরে
রাখা ছিল, 
'সব লোকে কয় লালন কি জাত'?

রিপোর্ট এলে জানা যাবে এই স্বপ্নঘরে 
চাঁদের সাথে ব্যক্তিগত সম্পর্ক বরাবরই

লালনও কি তবে
বাউলের একতারায় এক পাগলাঘর?

২০.
রবীন্দ্রনাথ পাগলের মহৌষধি নিয়ে
বিজ্ঞাপন দিয়েছিলেন

তাঁর উক্ত বক্তব্য অনুযায়ী 
আমরা কি ধরে নিতে পারি, তিনি পাগল?

উনি ক্লোরপ্রমাজিন খাননি! খেলে হয়তো
আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতেন!

আমরা হয়তো পেতাম না মৃতপুত্রের গান,
জ্যোৎস্নাহত না হলে কি গীতাঞ্জলি লেখা সম্ভব?





রবিবার, ১৬ আগস্ট, ২০২০

সম্পাদকীয়

           .                           

যদি মায়াজন্ম পাই তবে যেন আবারও মা হতে পারি৷সারা বিশ্ব খুঁজলেও মা'র মতন শক্তিশালী সম্পদ মিলবে না ৷যখন চোখ ফোটে আমাদের ,কিছু বলতে ,বোঝাতে পারি তখন একমাত্র মা বোঝেন তার সন্তানটির চাহিদা ৷সন্তানদের মনের খবর একমাত্র জানে মা । মা হলেন এমন  এক প্রজাতি যা প্রকৃতির দেওয়া সর্বশ্রেষ্ট উপহার।প্রকৃতির জল, হাওয়ায় মা বড় হয়৷ নারী , পুরুষ নির্বিশেষে প্রতিটি মানুষের মধ্যে যেমন  মা বেঁচে থাকে তেমন সকল জীবজগতে মা থাকে ৷ একটি গরু যখন সন্তান প্রসব করে তখন বাছুরটি বার বার দাঁড়ানোর চেষ্টা করে আর পড়ে যায় ৷ মা তখন অতি যত্ন করে দুধ খাওয়ায় তাকে ৷কুকুরের ছানা,বিড়াল ছানা তারা তাদের সন্তানকে নিরাপদ স্থানে রেখে আসে I যদি মা তাদের সন্তানদের খুঁজে না পায় পাগোলের মত করতে থাকে৷ চারিদিক খঁুজে খুঁজে সন্তানদের আবিষ্কার করে৷পাখিরা সকালবেলায় বাসা থেকে  বেরানোর আগে সন্তানদের নিরাপদ স্থানে লুকিয়ে যায় ৷ 


আত্মরক্ষা করা সকল জীবকূলের মা'র একটা জিনগত বৈশিষ্ট্য বলা যায়৷পৃথিবীর সকল প্রকার প্রতিবন্ধকতা থেকে সন্তানদের রক্ষা করা তার কাজ ৷ যে ভাবেই হোক নিজের সন্তানের মাধ্যমে অস্তিত্বকে টিকিয়ে রাখে একজন মা।সকল প্রকার বর্হিশক্তি থেকে সন্তানকে বাঁচিয়ে রাখাটা একটা চ্যালেঞ্জ৷একটা পিঁপড়ে মরে যাওয়াকে ভয় করে৷ প্রকৃতি এভাবেই সৃষ্টি করছে জীবজগৎকে৷আর সেই ভাবে গড়ে তুলেছে জীবজগতকে৷প্রত্যেকটা জীবকে এমন ভাবে তৈরী করেছে যাতে ঝড় বৃষ্টি প্রাকৃতিক সকলপ্রতিবন্ধকতা থেকে রক্ষা পায় ৷ প্রকৃতি.মানেই মা ৷ সে চায় তার সন্তান বেঁচে থাক ৷ হরিণ যখন বাঘের শিকার হয় তখন প্রাণপণ বাঁচিয়ে রাখতে চায় শাবককে ৷ আর মনুষ্য জাতির মধ্যে এরও ব্যতিক্রম হয় না৷তাই তো কয়েকশ বছর পরও মাটির তলায় চাপা পড়া ধ্বংসাবশেষে দেখা যায় এক জন পা তার সন্তানকে মাথায় করে  রখেছেন৷অর্থাৎ ধ্বংস হবার আগের  মুহূর্তে মা তার সন্তানকে বাঁচিয়ে রাখেন৷ঠিক যেমন ঝড় ওঠার আগে পাখিরা তার সন্তানদের নিরাপদ স্থানে সরিয়ে দেয়৷ 


"আমার সন্তান যেন থাকে দুধে ভাতে" I এই দাবী যে শুধু মা করেন তা নয়। বাবাও করেন ৷পৃথিবীর সকল বাবার মধ্যে মা লুকিয়ে থাকে৷মা মানে স্নেহের ছায়া I একটা আড়াল।যে কিনা সকল প্রকার আদর ,আসকারা দিয়ে বড় করে তুলবে৷ নিজে না খেয়ে সন্তানের জন্য রেখে দেওয়া এটা সকল জীবজগৎ করে রাখে৷ বাঘ তার সাবকের জন্য খাদ্য সঞ্চয় করে রাখে৷ঘরে চাল বাড়ন্ত থাকলে মিথ্যে ঢেকুর তুলে মা এক গ্লাস খেয়ে শুয়ে পড়েন৷ এই চিত্র আমাদের পরিচিত৷ পাড়ার কুকুরকে যখন খেতে দেওয়া হয় সে মুখে বাচ্চাদের সেখানে নিয়ে আসে৷ পোকামাকড়দের মুখে করে খাবার নিয়ে যেতে দেখা যায়৷

সঞ্চয় শব্দটার উৎপত্তি পৃথিবীর সকল মার থেকে ৷ তাই অন্নপূর্ণাকে সারা জীবন সন্তানদের  দুধ , ভাতের অভাব থাকবে না এই বর দিতে হয় ৷ সঞ্চয় মানেই ভবিষ্যত ৷ তুলে রাখা উত্তরাধিকারদের জন্য ৷

মা মত করে ভালোবাসার
কেউ নেই 
পৃথিবীতে তাই আজও 
মা'র কোন প্রতিশব্দ নেই

আমাদের জীবন, আমাদের চেতনা সবই গড়ে তোলেন মা ৷ বাবা আর্শীবাদ করেন ," বড় হও ,মানুষ হও৷" মা বলেন, " ঈশ্বর তোমার মঙ্গল করুক ৷ তিনি তোমাকে আশীর্বাদ করুন৷"মা চান তার সন্তানেরা যেন সর্বদা ঈশ্বরের শুভাশিসে থাকেন।আমাদের দুঃখ ,কষ্ট অনুভব প্রথম মা করতে পারেন৷তাঁর চোখে এড়ায় না কখনও।

দুঃখ বেদনা ,গ্লানি 
ধুয়ে, মুছে যায়
একটি মাত্র শব্দে
"মা" 

"মা " শব্দের মত পবিত্র শব্দ অভিধানে নেই৷সারদা মাকে ঘিরে সারা বিশ্বে উন্মাদনার শেষ নেই৷তিনি গর্ভে ধারণ না করলেও জগতের মা ৷কোটি কোটি মানুষ তাঁকে মা বলে ডাকেন৷
এক বার জয়রামবাটিতে দুর্ভিক্ষের সময় ক্ষুধার্তদের গরম খিচুড়ি বিতরণ করার সময় (তখন মা সারদার অল্প বয়স) তাঁর মধ্যে প্রকৃত জনসেবা করার রূপটি ফুটে উঠেছিল। ওই গরিব মানুষদের পাশে বসে হাতপাখায় তাদের বাতাস করে দিয়েছেন। ওই মানুষগুলো তখন মায়ের পরম স্নেহ পেয়ে আনন্দে মত্ত হয়ে উঠেছিল। অভাব, জ্বালা, যন্ত্রণা ভুলে সকলেই একাত্ম হয়েছিল সে দিন। আর মা সারদার এমন আচরণের নজির নানা উপলক্ষে রয়েছে একাধিক।আমরা মায়ের এক ভক্ত আমজাদের কথা স্মরণ করতে পারি। নিজের হাতে তাকে খেতে দিয়েছিলেন, এমনকী খাওয়া শেষে এঁটো থালা পরিষ্কার করতেও তাঁর কোনও দ্বিধা ছিল না। আমজাদের পরিচয় সম্পর্কে মাকে মনে করিয়ে দেওয়ায় তিনি বলেছিলেন, ‘আমার শরৎ যেমন ছেলে, ওই আমজাদও তেমন ছেলে’। শরৎ, অর্থাৎ পরবর্তী কালে স্বামী সারদানন্দ মহারাজ। এই সামান্য ঘটনাটির তাৎপর্য মোটেও সাধারণ নয়। 

সুতরাং মা হলেন সকল প্রকার ধর্মীয় ভেদাভেদ, হিংসা ,লোভ ,ক্ষমতা সব কিছুর উর্দ্ধে ৷অনেকে ভাবেন মা মানে নারী ৷কিন্তু তা নয় ৷একজন পুরুষের  মধ্যে মা বেঁচে থাকে৷ আমর তাকে অনুভব করতে পারি না ৷ মা মানে নিরাপদ আশ্রয় ৷ যার ছায়ায় বসে বিশ্রাম নেওয়া যায়৷ ভালোবাসার আর এক শব্দ মা৷

সৃজন এই সংখ্যায় থাকছে উপন্যাস, প্রবন্ধ ,গল্প কবিতা ৷ পড়ুন সবাই৷ সৃজনে থাকুন ।

পারমিতা চক্রবর্ত্তী
সম্পাদক




চিত্রঋণ - জয়িতা ব্যানার্জী

মলয় রায়চৌধুরী

                         

মলয়, ১৯৪১ সালে


 বাঁ দিক থেকে : মলয়ের বড়দি সাবিত্রী, দাদা সমীর, মেজজেঠিমা করুণা, মলয়, বড়জেঠিমা নন্দরাণী, মেজদা অরুণ, মা অমিতা, ছোড়দি ধরিত্রী

ধারাবাহিক

ছোটোলোকের জীবন

: মলয় রায়চৌধুরী


       চার বছর বয়সে ন্যাড়া ছাদে  উঠে ঘুড়ি উড়িয়ে পাতা-হাতে ছড়ির মার খেয়েও ওড়াতুম আর অন্যের ঘুড়ি কেটে নাচতুম  কপিলের দাদু একভাঁড় তাড়ি খাইয়েছিল আর মা মুখ শুঁকে গন্ধ পেয়ে ঘরে বন্ধ করে রেখেছিল “তাড়ি নিশা নহি হ্যায় খোখা  ভুখ সে বচাতা হ্যায় বদন মেঁ তন্দুরুস্তি” কি করেছি আর কি করতে পেরেছি তার জন্য আপশোষ নেই অনেক মন্দিরে দেখতুম উপস্হিত সবাই মাটিতে  একেবারে বোবা হয়ে বসে আছে ঈশ্বরের শব রাখা রয়েছে সামনে পুরুষের আধ্যাত্মিকতা ব্যাপারটা বেশ সন্দেহজনক তখন থেকেই যদিও মা-বাবা আদরযত্ন করে মানুষ করেছিলেন তবু একা রয়ে গেছি ইমলিতলার ছাদে প্যাকিংবাক্সে মাটি ভরে তাতে ফুলের গাছ পুঁতে ফুলগুলোর সঙ্গে বন্ধুত্ব করতুম কেন্নোদের সঙ্গে বন্ধুত্ব করতুম উচ্চিঙড়ের সঙ্গে কাঠবিড়ালিদের সঙ্গে বন্ধুত্ব করতুম গেঁড়ি-গুগলিদের সঙ্গে শুঁয়াপোকার সঙ্গে বন্ধুত্ব করতুম ফাঁদে পড়া ইঁদুরের সঙ্গে বন্ধুত্ব করতুম ঘরে আটক চড়ুইপাখির সঙ্গে বন্ধুত্ব করতুম বড়ো হওয়া মানে কুৎসিত অনিশ্চয়তার সঙ্গে বন্ধুত্ব করা ।  

ইমলিতলা বাড়ির ছাদে : মেঝেতে বসে মলয়, চেয়ারে দাদা সমীর, দাঁড়িয়ে মেজদা অরুণ, দুইপাশে জাঠতুতো বোন ডলি আর মনু ( উকুন হতো বলে ন্যাড়া করে দেয়া হতো )



         পাঁচ বছর বয়সে রাস্তার কলে চান করার সময়ে যাকে ইচ্ছে কনভেন্টে শেখা  ‘ফাক ইউ’ বলতুম আর ইংরেজিতে তার সঙ্গে কথা বলেছি বলে তার আনন্দ উপভোগ করতুম  ইমলিতলার গঞ্জেড়িদের মানে যারা গাঁজাচরস টানে তাদের জমায়েতে ছিলিম টানতে গিয়ে কেশেছি শুয়োরের মাংসের ঝোল খাইয়ে বনসি দুসাধ কাশি থামিয়েছিল “জিনদিগি ববুয়া য়হাঁ সে ওয়াহাঁ” শুয়োরের মাংস হয়ে যায় কতো কি শিখেছি কনভেন্ট ইশকুলে হ্যাম বেকন প্রোসিয়েটো সসেজ টেরিনস জেলাটিনো সালামি বোলোনা জামবন ট্যাকব্যাক মোরটাডেলা উইনার শুয়োর মানে গোলাপি শুয়োর যারা ঠোঁটে লিপ্সটিক মেখে জন্মায় আঘাতহীন শৈশব হয় না কখনও মা কখনও বাবা কি মনে করিয়ে দেননি তুই বাতিলের দলে তুই একটা ফালতু উধাও হবার আগে কেউই বিদায় জানিয়ে হাত নাড়ে না যেমন-যেমন বুড়ো হও তেমন-তেমন তুমি তোমার বুড়ির মধ্যে তোমার মা-বাবাকে খুঁজে পাও যে তোমাকে চিপকে থাকবে যা বুড়ো বয়সে তোমার বড্ডো দরকার ।

         ছ’বছর বয়সে সারাদিনে একবস্তা কয়লা একা ভেঙেছি প্রায়ই প্রায়ই প্রায়ই আর মামার বাড়ি পাণিহাটির পুকুরে ছিপ ফেলে মাছ ধরেছি বঁড়শিতে আটকানো মাছের লাফানি-ঝাঁপানি সে কী মজা “দেখি কী মাছ ধরেছিস ? কী মা্ছ ওটা?” জানি না বঁড়শিতে আটকাচ্ছে তুলে নিচ্ছি  “খোট্টা মেড়ো কোথাকার, মাছের নাম জানিস না বিভাস ওকে আজকে মাছের বাজারে নিয়ে গিয়ে মাছেদের সঙ্গে পরিচয় করিয়ে দিস” আসলে ইমলিতলার সব রকমের আনন্দে ভোগার প্রচুর সুযোগ পেয়েছি অথচ আমি আজও এই বুড়ো বয়সেও লেখালিখি করি তার কারণ আমি খুঁজে পাইনি যে আমি লোকটা কে প্রথম কবিতার বই “শয়তানের মুখ” কৃত্তিবাস প্রকাশনী থেকে বেরোলেও কলকাতায় কলেজ স্ট্রিট এলাকার প্রেসগুলো আমার নাম দেখে ছাপতে চায়নি মানুষের মুখ আর শয়তানের মুখে পার্থক্য ছিল না  ছাপাতে হয়েছিল বহরমপুরে মণীশ ঘটক ব্যবস্হা করে দিয়েছিলেন সুনীল গঙ্গোপাধ্যায় প্রকাশক কিন্তু যে-কবিতাগুলো ছাপার পর আমার ভালো লাগেনি তাতে “CANCELLED” রাবার স্ট্যাম্প মেরেছিলুম বলে সুনীল গাঙ্গুলি খাপ্পা অথচ নবারুণ ভট্টাচার্য তাঁর পত্রিকায় আমার কবিতার বই রিভিউ করাতে চাননি আমার গদ্য ছাপতে চাননি কেননা আমার “নামগন্ধ” উপন্যাসে যিশু বিশ্বাস নামে চরিত্রের বাবার মোটর গাড়ি চুরি হয়ে গিয়েছিল সেই থিয়েটার হলের সামনে থেকে যেখানে বিজন ভট্টাচার্যের “নবান্ন” অভিনয় হচ্ছিল ব্যাপারটা এতোই আনন্দদায়ক যে মনে হয় তা বুঝি দুঃখ সময়ের রঙ হয় কুচকুচে কালো চাইবাসার রোরো নদীর ঠাণ্ডা জলে  চান করতে গিয়ে একাকীত্বের মাতনে মেতেছি আসলে আমি তো একজন আউটসাইডার জেলের দেয়ালে কয়েদিরা যা লিখে রাখে তা আমাকে উদ্দেশ্য করে । আমি বুলগাকভ পড়িনি ।

         সাত বছর বয়সে ঘুঁটে ভেঙে তার তলায় প্যাকিং-বাক্সের কাঠের টুকরো সাজিয়ে কয়লা রেখে উনোন ধরাতে পারতুম  সকালে দাঁত মাজার জন্যে সাদা রঙের ছাই বড়োজ্যাঠার জন্যে আলাদা করে রাখতুম মহাদলিত গঞ্জেড়িদের তবেলায় হাতে তমঞ্চা নাড়িয়ে দেখেছিলুম তেমন ভারি নয় অনেক সময়ে দুর্ভোগ অদৃষ্টের কোপ থেকে বাঁচায় আদালতের জজ যখন জিগ্যেস করেছিলেন “আর ইউ গিল্টি” তখন মিথ্যে কথা বলেছিলুম যে না আমি গিল্টি নই কিন্তু কতো যে বেআইনি কাজ করেছি তমঞ্চার গুলি চালানোর মতন তা উনি জানতে চাননি  আসলে সবচেয়ে ক্ষতিকর হল মানুষের নাম যা গাঁজা ফুঁকে বা পাঁড় মাতাল হয়েও মগজ থেকে যায় না তার জন্য বদ্ধউন্মাদ হতে হয় চুল কাটার সময়ে সেলুনের আয়নায় নিজেকে আগন্তুক মনে হওয়ার সেই শুরু সকলকেই যে বুঝে উঠতে পারি তা নয় এই যে লিখতে বসেছি নিজের কন্ঠস্বর শুনতে পাচ্ছি না শুনতে পাচ্ছি পাণ্ডুলিপির গলার আওয়াজ আমার নিজের জীবন আমি বেঁচে নিচ্ছি ব্যাপারটা ত্যাবড়ানো নিঃশেষ না করে ছাড়ে না অস্হির অপরাধবোধে টইটুম্বুর তবুও  আমার জীবন একেবারে টানটান ।

         আট বছর বয়সে আলোয় গড়া চামড়ার কালো তেলালো কুলসুম আপার সঙ্গে প্যাণ্টুল খুলে লেংটুর ঘষাঘষি খেলেছি “কোশিশ কর  উল্লু কহিঁকা কোশিশ কর নহিঁ তো গোস্ত নহিঁ খিলাউঙ্গি” ওনার গায়ে জংধরা লোহার গন্ধ নোনতা তন্দুরি-চিকেন বুক ওনাদের বাড়ির গোরুর মাংসর মোগলাই খেয়ে বাড়ি ফিরে মাকে মিথ্যে কথা বলেছি  টাটকা মাংস আর রাঁধা মাংসের লোভে প্রায়ই মিথ্যে কথা বলেছি ইউ আর গিল্টি ইউ কেননা আমি তো দার্শনিক মিথ্যে কথা বলার অধিকার আছে আর খিদে তো জীবনশৈলী জেনেছি অন্ধকারে চোখের চরিত্র পালটে যায় আঙুলের ডগায় চোখ গজিয়ে ওঠে গির্জা মন্দির আর মসজিদের মধ্যেকার গন্ধ কিন্তু এক নয় রোমান্টিক প্রেম হল একেবারে অবাস্তব ব্যাপার নয়তো তক্ষুণি-চেনাকে স্পর্শ করলেই দুপক্ষের কালো জঙ্গলে কেন তরল ব্যাপার খেলা করতে থাকে  বুঝতে পারছেন এই যে হ্যালো শুনছেন ছায়াদের ভুতুড়ে জগত সেই যে আমার নানা রঙের দিনগুলি তাতে কালো রঙের মাত্রা বেশি তখন জানতুম না কী কোশিশ করতে বলছেন কুলসুম আপা প্রেম জীবনকে থামিয়ে রাখে কিছুক্ষণ কিছুদিন কয়েকমাস কয়েকবছর ব্যাস কাফেরের সঙ্গে যৌনসংসর্গ করে কুলসুম আপাকে জন্নতে লুকিয়ে-চুরিয়ে যেতে হবে ।

         নয় বছর বয়সে ব্লেড দিয়ে মুর্গির গলা কেটে গলা চিপে থেকেছি যাতে রক্ত বেরিয়ে স্বাদ না নষ্ট হয় চুড়িঅলা শিখিয়েছিল মুর্গির মাংস জায়ফল দিয়ে রাঁধলে গন্ধ কেটে যায় ছাদে দাঁড়িয়ে পালক ওড়া দেখেছি বুক-ওঁচানো মেয়েদের দিকে চোখ চলে গেলে ফিরিয়ে নিইনি মনে হয়েছে ওর হাতে কাতলা মাছের চোখ খুবলে আশীর্বাদী আংটি পরিয়ে দিই বলি উইল ইউ ম্যারি মি তুমি কি ঝড়ের চিরুনি দিয়ে চুল আঁচড়াও প্রতিটি প্রেম তার এক্সপায়ারি ডেট নিয়ে আসে তবু আমার মনে নেই শেষ কবে অবিবাহিতা যুবতীর আদর খেয়েছি পাহাড় ধ্বসে পড়লে তার চূড়াটা নামে সব শেষে অথচ তার ভারেই পাহাড়ের অধঃপতন সৎ আর সত্যবাদী হলে প্রেম উবে যায় যুক্তিতর্ক আমার সহজপ্রবৃত্তিকে দুমড়ে-মুচড়ে কিম্ভুতকিমাকার করে দিয়েছে কেউই ব্যাখ্যা করতে পারে না কাকে আলোকপ্রাপ্তি বলে অথচ মানুষ ভয় পেলেও বোকার মতন হাসে যারা ড্রিফটার তাদের আমি পছন্দ করি না ।  

         দশ বছর বয়সে নমিতা চক্রবর্তী মানে নমিতাদিকে ‘ভালোবাসি তোমাকে’ লেখা চিরকুট দিয়েছিলুম যা উনি যত্ন করে বারো বছর রেখে দিয়েছিলেন চুমু খেতে চাইলে দিতেন হয়তো কিংবা নিশ্চই ওনার-আমার দুজনেরই সাহস হয়নি ইঁদুরের দিকে তাকিয়ে গোখরোও ভিতু হয়ে যায় অনেক সময়ে কেবল “পুঁজিবাদ নিপাত যাক”, “দুনিয়ার মজদুর এক হও” এই সব শুনতে নমিতাদির ভাল্লাগে ধুসসালা, “বই পড় বই পড় বই পড় বই পড় এই বইগুলো নিয়ে গিয়ে পড়” ফলে কাগজ পড়ি চিরকুট পড়ি ঠোঙা পড়ি পোস্টার পড়ি বাংলা হিন্দি ইংরেজি ভোজপুরি মৈথিলি আর দাদার সঙ্গে গঙ্গায় সাঁতার শিখতে গিয়ে ডুবে যাচ্ছিলুম বলে পরে চুমু খাবার মতনই সাঁতার শেখার সাহস হয়নি অথচ আমার জীবন আরম্ভ হয়েছিল নমিতাদির দেয়া প্রথম রবীন্দ্রনাথ থেকে তার আগে আনপঢ় ছিলুম ভাষাকে আক্রমণ করার গোপন চাবিকাঠি দিয়েছিলেন উনি  কর্তৃত্বকে আমি ইন্সটিংক্টিভলি ঘৃণা করি সমস্যা হল যে আমার নিজের কোনো বোন ছিল না ইসকুলের টিচাররা কোনোদিন শব্দের রহস্য বুঝিয়ে উঠতে পারেননি ।

              

বাবা রঞ্জিত ও মামা অমিতা


এগারো বছর বয়সে বাবার ফোটাগ্রাফির দোকানে বসে জিনিসপত্র বিক্রি করে তা ‘দিবসান্তে কতো টাকা রোজগার হইল’ ( Income ) বাঁদিকে আর  ‘দিনভর কি বিক্রয় হইল’ ( Items ) ডানদিকে খেরোর খাতায় লিখে রাখতুম বাবা কি পুঁজিবাদি উনি বলেন “বাড়িটা বানাবার জন্যে আর ভাইদের সংসারের জন্যে পুঁজিতে টান পড়ছে”  বাবা কি মজদুর আট ঘণ্টা ডার্করুমে কাটান অক্সিজেনের অভাবে প্লুরিসি হয়ে গেল মেজদা মারা গিয়ে আমাদের পরিবারে অমর হয়ে আছে জানেন কি আমার বাবা-কাকা-জ্যাঠা জীবন শুরু করেছিলেন ফিরিঅলা হিসেবে রঞ্জক সাবান জামের ভিনিগার পদ্মফুলের শুকোনো বিচি  নিচুতলায় বসবাস না করলে পুরো সমাজ সম্পর্কে কিছুই জানা যায় না পর্ণোগ্রাফির ফিল্মের চরিত্রদের মতন সাংবাদিকরা তাদের মালিকের অনৈতিকতায় ভোগে তারা বিমূর্ত ভাবনাচিন্তাকে ভয় পায় বিশেষ করে দোজখ-নাজেলের আতঙ্ক ।

. বাবা-মায়ের সঙ্গে মলয় ও সমীর ( দরিয়াপুরের বাড়িতে তোলা 

(ক্রমশঃ)


রোহিণী ধর্মপাল

                             

গৌরী ধর্মপালঃ বড় যখন ছোট হয় 

গৌরী ধর্মপাল। বাইরে যেমন, ভেতরে ঠিক তেমনটি। এ কিন্তু বড় সহজ নয়। ভেতরের সুরের সঙ্গে বাইরের সুরটিকে মেলানো। অত্মরাত্মার সঙ্গে বহিরঙ্গকে এক করে দেওয়া। দুই ক্ষেত্রেই শুধু এ সম্ভব। শিশু হলে অথবা ঋষি হলে। ভেবে দেখুন, শিশু আর ঋষির মধ্যে কতগুলি সাদৃশ্য আছে। শিশু সহজ সরল। যতক্ষণ না সমাজ তাকে জটিলতা কলুষতা শেখাচ্ছে। শিশুকে মিথ্যা বলতে আমরাই শেখাই কিন্তু। শিশু তার কল্পনার প্রসার ঘটায়। সেই কল্পনাকে মিথ্যার সঙ্গে গুলিয়ে ফেললে মস্ত ভুল হবে। শিশুর কাছে ওই কল্পনাই সত্যি। মনস্তত্ত্বে একটা দুর্দান্ত তত্ত্ব আছে। সর্বপ্রাণবাদ। এও কিন্তু ভারতীয় দর্শনেরই তত্ত্ব যেন; তবে তখন তা বড়দের তত্ত্ব। কিন্তু ছোটদের এই তত্ত্ব আর বড়দের দার্শনিক ভারিক্কি তত্ত্বের মূল ধারণাটি এক। আর তা হল, সব কিছুর মধ্যেই প্রাণ আছে। তা জীব হোক বা জড়। আর ছোটদের মধ্যে কিভাবে এই তত্ত্বটি কাজ করে? আপনাদের মধ্যে কে কে ভাবেন নি বলুন তো, যে চাঁদমামা আপনাকেই ভালোবেসে আপনার সঙ্গে সঙ্গে সব জায়গায় যায়? হিসেব কষতে আমার সুবিধা হবে। অঙ্কে কাঁচা তো! কে কে ভেবেছেন বললে সংখ্যাটা এত বেড়ে যাবে যে গুণে উঠতে হাঁপিয়ে যাব! কারণ সারা পৃথিবীর শিশুরা চাঁদ নিয়ে ঘুরেফিরে এমনটাই ভাবে! বড় হওয়ার পরেও, একটু চিন্তা করুন, টানা বৃষ্টির পর রোদ উঠলে মনে মনে ভাবি, আমার জন্যেই এই আলো! আবার খুব কাজের দিনে অবিরল বৃষ্টিপাতে মনে ভাবনা আসে, আজ এত দরকারি দিনটা! আজকেই বৃষ্টি শুরু হল এমন! ঘুরেফিরে কিন্তু নিজেকে প্রকৃতির সঙ্গে আমরা বড়রাও যুক্ত করে দি! শুধু বাইরে বলি না। সচেতন মনে জানি, এ নেহাতই বোকা বোকা। সবাই শুনলে হাসবে! শিশু এসব ভাবনদারির তোয়াক্কা করে না। সে হাততালি দিয়ে বলে ওঠে, কী মজা কী মজা! আমিও যাচ্ছি, চাঁদমামাও যাচ্ছে। ছোটবেলায় আমার ধারণা ছিল, প্রতি স্টেশনে ট্রেন থামার পর, ভেতরে থেকে ট্রেনের জানলাতে যে ধাক্কাটা আমি দিই, তাতেই আবার ট্রেন চলে! নিজের বিপুল শক্তি সম্পর্কে গর্ববোধ হতো না, কারণ ওটাই স্বাভাবিক ছিল! আমি না ঠেললে ট্রেন চলবে কী করে!!!
আমার বিশ্বাস, আপনাদের অনেকেই ছোটকালে এমন শক্তিধর ছিলেন! ছোটদের শক্তিশালী হতে গায়ে জোর লাগে না! মনের সারল্য দিয়েই  ডানায়ালা পরীরা তাদের সঙ্গে কথা বলে যায়, পক্ষীরাজ ঘোড়া তাদের পিঠে চাপিয়ে তেপান্তরের মাঠে ব্যাঙ্গমা-ব্যাঙ্গমীর সঙ্গে দেখা করিয়ে আনে, ভাঁটার মত চোখ আর মূলোর মত দাঁত নিয়ে রাক্ষসেরা ভয় দেখায়! এ যদি মিথ্যা হয়, তবে এ মিথ্যা বড় মোহময়, বড় মধুর! কিন্তু গৌরীর এই সারল্য আজীবন ছিল! নয়ত এমন লিখলেন কি করে ----" কারিগর বানায় সব আজব আজব জিনিষ--
পিঁপড়েদের পায়ের নূপুর--
     সারাদিন আসবে যাবে
      ঝুমঝুম শব্দ হবে।
প্রজাপতি পাখার ঢাকা --
     সারা বছর রোদে জলে
      রঙ যেন না জ্বলে গলে।
ঘাসপোকা-পুকির ওড়না--
   আহা, ওরা বড্ড লাজুক 
   ওড়নায় মাথাটি ঢেকে
           সহজে চলুক ফিরুক।"
আর এসব বানাতে কারিগরের কি কি লাগে? গৌরী লিখছেন, 
       "নীল মাকড়সার জাল
সন্ধে মেয়ের এলোচুলে                              জোছনা জরির জাল।
       টাটকা দুধের ফেনা
ঝরছে ঝরুক ঝরছে ঝরুক 
ধান-শিশিরের কণা।
মেঘডম্বর কু  য়া  শা
শিমুলতলার তুলো।
ঘাসের বনে কে ছড়ালি রাঙা রোদের গুঁড়ো ।
   শিরীষ ফুলের রোঁয়া 
   পুজোবাড়ির ধোঁয়া 
    উড়াল পাখির পালক। 
     ভোরের হাওয়ার ঝলক।
   শোলার পঙ্খী শোলার ফুল সুখু মেয়ের রুখু চুল--এই সব।"
 
শিশু-মন ছাড়া রোদের গুঁড়ো জোছনা জরির জাল মেঘডম্বর কুয়াশা কি দেখা যায়? রাজকন্যা চাইলেই কি হাওয়ার মত হালকা আর রোদের মত শাড়ি, বৃষ্টি-রিমঝিম নূপুর আর সুরসুড়ি পাতার ঘন্টি লাগানো শুঁড় তোলা কাশ-ফুরফুরে জুতো বানাতে পারার মত কারিগর নির্মাণ করা যায়?

ঠিক একই রকম সৎ সহজ হলেন ঋষিও। সৎ চিৎ আনন্দ, এই দিয়ে তাঁর অন্তরাত্মার আকাশ গড়া। ঋষি কে? না যিনি সত্যবাক্। যিনি জ্ঞান ও সংসারের পারে চলে যান। জ্ঞানের পারে যাওয়া মানে কি? অর্থাৎ তুমি জেনেছ। অথচ জানার জন্য যে অহম্ হওয়ার কথা, সেটি হয় নি। হবেই বা কি করে! যে জানে, যে জেনেছে, সে এও বুঝে গেছে যে সেই সর্বশক্তিমান আর তুমি এক। যে ঈশ্বরের সাধনা ভজনা করে সবাই, যাঁর কাছে নতজানু হয়ে প্রার্থনা করে; আর তুমি, একটা সাধারণ ময়লা মত, কোণের দিকে একটু ছেঁড়া মত, রান্না করছ বা আপিস করছ; আসলে এক! তখন আর অহম্ টি থাকে না। না জানলেই যত বড় বড় কথা আসে। নিজের সম্পর্কে বড় বড় ভাবনা আসে। যিনি জেনেছেন, তিনি সমাহিত হয়ে যান।
আর সংসারের পারে যাওয়া? শুনতে সহজ কিন্তু বড়ই দুরূহ। ঝগড়া ক্ষমতার লড়াই জটিলতা ঈর্ষা লোভ সব গিজগিজ করতে থাকে তো মনের মধ্যে! সেই সব নোংরা কাদা ঠেলে ক'জন পারে সেই গভীর অন্ধকারের পথ পেরিয়ে যেতে?
এই অন্ধকারটিকে আবার অন্ধকার বলে চেনা কঠিন। এই বাইরেটা চকচকে চোখ ধাঁধানো আলোতে আপাদমস্তক মোড়া। ভেতরটা ঢনঢনে। কিন্তু ঋষি যিনি, তাঁর মনের মধ্যে টিমটিম করে জ্বলে প্রাণের প্রদীপ। সেই স্বল্প আলো দিয়ে তিনি বুঝে যান কোনটি অবিদ্যার আলো, কোনটি বিদ্যার আলো। গৌরী ছিলেন এমন এক ঋষি। সেই বেদের যুগের ঋষিদের মতোই। জ্ঞানের গরিমায় যেন বাক্, প্রতিবাদের তেজে যেন গার্গী, গৃহকর্মে সন্তান প্রতিপালনে যেন কাত্যায়নী। সবেতে খুশি। কোনো চাহিদা নেই। লোভ নেই। ঈর্ষা নেই। আড়ম্বর নেই। বাইরের সাজ নেই। যত মধু যত স্নেহ মায়া দিয়ে হৃদয়টি এদিকে সোনায় মোড়া। এমন মানুষই তো শিশুদের জন্য লিখতে পারেন অনায়াসে। এমন লেখনী না হলে শিশুদের জন্য ভালবাসার গল্প লেখা যায়? এই পৃথিবীর মাটিতে বড় হওয়া চাঁদনি আর আকাশের চাঁদের প্রেমের গল্প?
" শুধু একেকদিন পূর্ণিমার রাতে চাঁদের সাধ যায় চাঁদনীকে নিয়ে পাড়ি দিতে, সেই চাঁদ-দূরে দুটি রূপোলি মাছের মত নীল জোছনার শায়রে ভাসতে ভাসতে। ভুবন-মা বলেন, যাস নেরে, যাস নে। চাঁদ তবু যায়। অমনি মায়ের বুক টনটন করে ওঠে। শিরায় শিরায় টান ধরে।
বুকের সাগর উঠাল পাথাল করে। বট শিমুল দেবদারুর মাথা পর্যন্ত গিয়ে আটকে যায় চাঁদ। ভুবন -মা বাড়িয়ে ধরেন তাঁর অলখ রশির মই। তাই বেয়ে তারা নেমে আসে। একজোড়া চাঁদ ৷ চাঁদ আর চাঁদনী।" (চাঁদনি)

 



বাসব মণ্ডল

                           

খলিল গিবরানের অনুবাদ কবিতা - 
মুখ

----
আমি একটা মুখ দেখেছি
যার হাজার অবয়ব,
আবার এমন মুখ ও দেখেছি
যার একটাই অবয়ব,যেন
ছাঁচে ফেলা।

আমি এমন একটা মুখ দেখেছি
যার আস্তরণ সরালে
শুধুই নোংরামো,আবার
এমন মুখ ও দেখেছি
যার আড়াল সড়িয়ে
খুঁজে নিতে হয়েছে সৌন্দর্য্য।

আমি একটা বয়স্ক মুখ দেখেছি
যাতে ছিল অন্তহীন শূন্যতা
আবার, এমন তুলতুলে মুখ দেখেছি
যাতে খনিত ছিল অনন্ত।

আমি মুখগুলো চিনি,কারণ
আমি আমার চোখের বোনা
চাদর ভেদ করে দেখি,আর
নিহিত বাস্তবটা অবলোকন করি।

ওই কাকতাড়ুয়াটা
-----------------------------
একদা একটা কাকতাড়ুয়াকে
বলেছিলাম "এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে
নিশ্চই ক্লান্ত লাগে?"

সে বলেছিল " লোককে ভয় দেখানোর

একটা আলাদা আনন্দ আছে, আমি তা

উপভোগ করি।"

আমি একটু ভেবে বলেছিলাম "ঠিক বলেছো,
আমি ও এই আনন্দ উপভোগ করেছি।"

সে বলেছিলো " হুঁ , যাদের ভিতরটা খড় দিয়ে ঠাসা,
তারা এটা বেশী বোঝে।"

আমি তারপর ওখান থেকে চলে গেছিলাম,
ভাবতে ভাবতে
যে সে আমায়
প্রশংসা করলো না ব্যাঙ্গ করলো।

এক বছর পর, আমি দেখলাম
কাকতাড়ুয়াটা দার্শনিক হয়ে গেছে,
আর তার টুপির নীচে
দুটো কাক
তাদের বাসা তৈরী করেছে।