সৃজনশীলতা ও স্বনির্ভরতায় আজকের নারী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সৃজনশীলতা ও স্বনির্ভরতায় আজকের নারী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ৭ নভেম্বর, ২০২১

জিনাত রেহেনা ইসলাম

                       





স্বাধীনতা  দিবসে মনে  খুশির জোয়ার এনে দিল মুর্শিদাবাদের দৌলতাবাদ,ছয়ঘড়ির (মন্ডলপাড়া গ্রাম)  মহিলা কৃষক মৌসুমি বিশ্বাস। মুর্শিদাবাদের একমাত্র মহিলা কৃষিবোন,যে নিজের হাতে চাষ থেকে শুরু করে মাথায় করে বাজার পর্যন্ত নিজের উৎপাদনকে সন্তানের মত নিয়ে যায়,জেলা  পেরিয়ে  দেশজুড়ে  ছড়িয়ে পড়তে চলেছে তার ধানের বীজ নিয়ে সফল পরীক্ষা-নিরীক্ষার অভিজ্ঞতা। কালই ওর ভিডিও বার্তা প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির দপ্তরের জন্য  চলে গেছে। তারপরের স্তরে সেটা পাঠানো হবে রাষ্ট্রসংঘে। মৌসুমিকে এই বিশ্বের দরবারে যারা নিয়ে হাজির করছে তারা আর কেউ নয়, ন্যাশানাল ইনোভেশন ফাউন্ডেশন।


আট বছর ধরে কলা,পেঁয়াজ সহ  ধানের বীজের উপর  মাঠে বসে গবেষনা চালিয়েছে মৌসুমি। সাফল্যের স্বীকৃতি মিলেছে ধানে। প্রথমে নলাক আর আই আর -৩৬ ক্রস করে।  তারপরেও চার  বার ক্রস চালিয়ে  আনে নতুন ভ্যারাইটি।  নাম এম যামিনী। সেটি সংগ্রহ করে নিয়ে যায় বছর তিনেক আগে গান্ধীনগরের এক তরুণ কৃষিবিজ্ঞানী সহ এক প্রোজেক্ট কো অর্ডিনেটর। গুজরাট ও পশ্চিমবঙ্গ সহ নানা জায়গায় ফলন ফলায় এই বীজ। চাষীরা  বিঘাপ্রতি ৬/৭ কুইন্টাল বেশি ফলনের  রিপোর্ট দেয়। সেচ কম,রোগ কম,আবার ফলনও বেশি। এরপর মৌসুমির ডাক পড়ে দিল্লি ও গুজরাটে যাওয়ার। লকডাউন বাধ সাধলে ভিডিওতেই প্রেরণ করা হয় মৌসুমির ধানের বীজ নিয়ে  সাফল্য ও কাজের বার্তা। 


 ন্যাশনাল ইনোভেশন ফাউন্ডেশন (এনআইএফ) -  ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের (ডিএসটি) একটি স্বায়ত্তশাসিত সংস্থা। গ্রাসরুট প্রযুক্তিগত  সৃজনশীল উদ্ভাবকদের স্পেস দেওয়া মিশন এই সংস্থার। এবারে  কৃষক মৌসুমী বিশ্বাসের এতদিনের সংগ্রাম ও গবেষণায়  নতুন পালক সংযুক্ত হওয়ার  অপেক্ষা।


শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

রত্না দত্ত

                         



              
সর্ব শক্তিময়ী নারী


" নারীদের ক্ষমতায়নই উন্নয়নের সব থেকে বেশি কার্যকরী হাতিয়ার ........"
নারীরা অর্জন করতে পারেনি এমন বিশেষ কিছু অবশিষ্ট নেই - তা সে পরম্পরাগত ভূমিকায় হকবা আধুনিক রূপে।মাতৃরূপে তারা অনাদিকাল থেকে দুনিয়ার ভাবী নাগরিকদের অথবা ভাবী প্রজন্মদের গর্ভে ধারণ করে,জন্ম দিয়ে,লালন - পালন করে আসছেন।কন্যা, সহদরা ও স্ত্রী ও মায়ের ভূমিকায় তারা পুরুষকে নানাভাবে সমর্থন জুগিয়েছেন,সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।আরও আধুনিক রূপে তাদের শিক্ষাবিদ,ব্যবস্থাপক,রাজনৈতিক নেত্রী,প্রভৃতির ভূমিকায় দেখা যায়।সাম্প্রতিককালে লিঙ্গ বৈষম্যের প্রাচীর ভেঙ্গে তারা বিভিন্ন দুঃসাহসিক কাজের ভাগীদার হতে এগিয়ে এসেছেন।
পর্বতারোহী,বিমানচালক,ডাক্তার,নার্স, ব্যাঙ্ক কর্মী,ট্যাক্সিচালক,বাসচালক,অটোচালক এমনকি সশস্ত্র বাহিনীতে যুদ্ধংদেহী রূপেও তাদের দেখা যায়।
অবশ্যই শুরু থেকেই পরিস্থিতি এমন অনুকূল ছিল না।প্রাচীনকালে পুরুষের পরিচয় ছাড়া কোনও নারীর অস্তিত্বকে গণ্যই করা হত না - সে শুধু কন্যা,স্ত্রী বা মা।তার অস্তিত্বকে সবসময় নিয়ন্ত্রণ করত তার জীবনের
' পুরুষরা ',পিতা - পতি - পুত্র।সিদ্ধান্ত গ্রহণের অধিকার বা সুযোগ ছিল না।
জনসংখ্যার অর্ধেক হচ্ছে মহিলা ও কন্যাসন্তান।এরা শুধুমাত্র ভারতে কেন,অধিকাংশ দেশেই বৈষম্যের বলি। মেয়েদের ওপর চলে জোরজুলুম - হিংসা।তারা কোণঠাসা ও ক্ষমতাহীন।ভাবাদর্শ,সিদ্ধান্ত নেওয়া এবং বিষয় আশয়ের লাগামটা পুরুষের হাতেই বেশি থাকে।এটা এই সমাজব্যবস্থারই একটি অঙ্গ।জোরজবরদস্তি বা বলপ্রয়োগের হুমকি এককথায় শারীরিক ও মানসিক নির্যাতনের মাধ্যমে মেয়েদের দাবিয়ে রাখা হয়।সর্বত্র না হলেও,ভারতের বহু জায়গায় ভয়ভীতি,দায়দায়িত্ব, বাধাবিঘ্নকে সাথী করে সারাটা জীবন কাটাতে হয় মেয়েদের
বৈষম্য ও অবহেলার শিকার হওয়ার পাশাপাশি ঘরকন্না,বাচ্চাকাচ্চাদের দেখাশোনা ইত্যাদি দায়দায়িত্ব সহ বাড়ির ও বাইরের হরেকরকম কাজের ঝক্কি - ঝামেলা তাদেরই সামলাতে হয়।ভয়ভীতি,আশঙ্কা,
উদ্বেগ মেয়েদের জীবনে নিত্যসঙ্গী।এই ভয়ের শুরু ভূমিষ্ঠ হওয়ার আগে থেকেই।কন্যাসন্তান আছে এই কথা জানা মাত্রই মাতৃগর্ভেই ভ্রূণহত্যা - যতি পড়ে যায় জীবনে।জন্মের পরও থাকে বিষ খাইয়ে তথা অবহেলা করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার আশঙ্কা।বেঁচে থাকলেও অযত্ন,অপুষ্টি তথা চিকিৎসা ও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা। যৌন নির্যাতনও মেয়েদের তটস্থ করে রাখে।অশালীনভাবে গায়ে হাত দেওয়া থেকে শুরু করে ধর্ষণের ভয়। কড়া আইন পাসের পরেও নৃশংস গণ ধর্ষণের ঘটনা ক্রমশঃ বেড়েই চলেছে। পদে পদে বিপন্ন মেয়েরা।বিয়ের পর সঙ্গ না পাওয়া, বনিবনার অভাব,সামাজিক ও দৈহিক অত্যাচারের আতঙ্ক।কোনকিছুতেই যেন রেহাই নেই।আতঙ্কের নাগপাশে যেন জড়িয়ে আছে তারা।
স্বদেশের সামাজিক অবস্থার বিচারে নারীর স্বাধিকার ও ব্যক্তিস্বাতন্ত্র্য বোধের পক্ষে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর তাই নির্দ্বিধায় বলতে পেরেছিলেন যে,
' আমাদের পুরুষশাসিত,পিতৃতান্ত্রিক সমাজে পুরুষেরা বাইরের সমস্ত আমােদপ্রমোদে লিপ্ত রয়েছে আর মেয়েরা তাদের নিজস্ব সম্পত্তি,একটা পোষা প্রাণীর মতো,অন্তঃপুরের দেওয়ালে শৃঙ্খলে বাঁধা আছে।"
অবশ্য রবীন্দ্র সময়ের সেই বাস্তবতা আজ অনেকাংশেই বদলে গেছে।তবুও নারীদের বড় একটি অংশকে শুধুমাত্র গৃহকর্মের চাকাতে বেঁধে রাখার পক্ষে পুরুষের সংখ্যা মোটেও কম নয়। তা সত্ত্বেও নারীরা তাদের আপসশক্তি  ও বেশ কিছু সাংগঠনিক সহযোগিতায় প্রতিনিয়তই এগিয়ে চলেছে।এখন অনেক ক্ষেত্রেই নারীর উপস্থিতি চোখে পড়ছে।তাদের নেতৃত্ব,সৃজনশীলতা ও কঠোর পরিশ্রম দেশের উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে।রাজনীতি,সমাজ ও সংস্কৃতির নানা আঙিনায় সফল নারীর সংখ্যা এখন আর হাতে গোনার পর্যায়ে নেই।
আজ নারীরা তাদের মনোবল, শক্তি,অদম্য সাহস আর কঠিন পরিশ্রমকে কাজে লাগিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তনে এগিয়ে এসেছে।তারা আর পিছিয়ে নেই।তাদের কর্মযজ্ঞের কারণেই আজ দেশ সাফল্যের শিখরে পৌঁছতে পেরেছে।
সেই আদিকাল থেকে আজ অবধি পৃথিবীতে সকল শক্তির উৎস কিন্তু নারী .......কিন্তু নারী জাতি এমনই এক জাতি যাকে নিয়ে কথা বলতে শুরু করলে সেই কথার শেষ কোথায় হবে কেউই তা জানে না।পুরুষশাসিত সমাজে নারীদের চরিত্রই  নাকি বেজায় জটিল।প্রথমে মেয়ে,তারপরে বৌ,তারপরে মা।বিভিন্ন চরিত্রে একজন নারী সাবলীলভাবে অভিনয় করে যায়........ তারপরেও তাকে শুনতে হয় নারী হয়ে জন্মানো মহাপাপের।
ভগবানকে শুধু একটাই জিজ্ঞাসা নারীরা কি পশুদের থেকেও অধম?কেন এত কষ্ট তাদের জিবনে?সইতে হয় সতীদাহ প্রথার জ্বালা,বিধবাদের হাজার নিয়ম পালন,তবুও আজ রাণী রাসমণি,রামমোহন,বিবেকানন্দ ও বিদ্যাসাগর ছিলেন বলে মেয়েদের জীবনে এসেছে নতুন ভোর,নতুন সূর্য,নতুন আলো......বন্ধ হয়েছে অনেক কষ্টদায়ক বিধান।বিধবা বিবাহ চালু হয়েছে,বাল্য বিবাহ বন্ধ হয়েছে, মেয়েদের প্রতি অন্যায়,অনাচার অনেকাংশে লাঘব হয়েছে। মেয়েরা আজ শিক্ষার দরজায় পা রেখেছে,পড়াশোনা করছে,চাকরিও করছে, সংসারও সামলাচ্ছে, দরকারে নিজের স্বামীর পাশেও দাঁড়াচ্ছে... শাড়ির পাশাপাশি এসেছে চুড়িদার, জিন্স,টপ যা এখন মেয়েদের পরিধান।তবে সৃজনশীলতা বজায় রেখে।অবশ্য অনেকেই এই উন্নতির অপব্যবহার করছে।শহরের পাশাপাশি গ্রামেও শুরু হয়েছে বিভিন্ন স্বনির্ভর প্রকল্প।গ্রামের মেয়েরা,বউরা অবসর সময়কে কাজে লাগাচ্ছে বিভিন্ন কাজে।বাড়ছে রোজগার,নিজের পায়ের তলার মাটি আজ শক্ত হচ্ছে - মেয়েরা আজকে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন পেশায় নিজেদেরকে সামিল করেছে।দেশের জন্য স্বর্ণপদক এনে দিয়েছে।তবে এবার সমাজ কি বলবে - নারীরা ছলনাময়ী,চরিত্রহীন,অপয়া নাকি যুগে যুগে যেমন দুর্গা অসুর বধ করেছিল, বেহুলা যেমন যমের দুয়ার থেকে ফিরিয়ে এনেছিল স্বামীর প্রাণ তেমনভাবেই নারীরা আজও সর্বশক্তিমানই আছে।নারীকে অপমান,অবহেলা আজ তারা সহ্য করবে না।তারা আজ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছে,মুখোশ খুলে দিয়েছে বহু মুখোশধারী শয়তানদের,ধর্ষণকারীদের নিজেরাই শাস্তি দিচ্ছে,বিক্ষোভ মিছিলে সামিল হচ্ছে তারা।তাই বলি,
নারী জাতি শান্ত জাতি,মায়ের জাতে গড়া,
নারী সৃষ্টি,নারী ধ্বংস, নারীই হল সকল শক্তির উৎস।

                           
 

               


শনিবার, ২২ জুন, ২০১৯

রূপসা দাস

সৃজনশীলতা ও স্বনির্ভরতায় আজকের নারী "
          
                  সেই আদিকাল থেকে আজ অবধি পৃথিবীতে সকল শক্তির উৎস কিন্তু নারী.. নারীদের নিয়ে অনেকে অনেক বক্তব্য প্রকাশ করেছেন বহুবার, কিন্তু নারী জাতি এমনি এক জাতি যাকে নিয়ে কথা বলতে শুরু করলে সে কথা শেষ কোথায় হবে তা কেউ জানেনা.. পুরুষ শাসিত সমাজে নারীদের চরিত্র নাকি বেজায় জটিল, সাধারণ মানুষদের নাকি সেই জটিলতা কাটিয়ে নারীদের বোঝা সম্ভব না . প্রথমে মেয়ে তারপর বৌ তারপর মা বিভিন্ন চরিত্রে একজন নারী সাবলীল ভাবে অভিনয় করে যায়.. তাঁর পরেও তাকে শুনতে হয়ে নারী হয়ে জন্মানো মহা পাপের.. 
                       একটি ছোট্ট পরী কোনো এক সংসারে আলো হয়ে আসে.. সাধ করে অনেক ভেবে তার একটা মিষ্টি নাম দেওয়া হয়ে.. দাদু ঠাকুমা পিসিরা মুখ ভার করে আছে, বংশের প্রদীপ দাদুভাই এলোনা যে, দিদিভাই কে তাই কোনো রকমে দর্শন করেই চলে গেলেন.. প্রাণের দাদুভাইরা যদি চোর ডাকাত ও হয়ে তবুও তারা নাকি হীরের আংটি, ছেলেদের দাম ই আলাদা এই পৃথিবীতে.. মেয়েরা তো অপয়া, জন্মায় শুধু মাত্র নাকি পরের ঘরে যাওয়ার জন্য.. মেয়ের মা কে সইতে হয়ে নানান অপমান শুধু মাত্র কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে.. 
                 মেয়ে বড় হতে হতে শুরু হয়ে আর এক জ্বালা.. সমাজে কিছু অসুর দাদুভাইরা আছে যারা লোলুপ দৃষ্টিতে চেয়ে থাকে নিজের বোনের থেকেও ছোট সেই মেয়েটির দিকে, সমাজে অসহায় ভাবে বেঁচে থাকতে হয়ে মেয়েদের..  আর ও একটু বড় হলে, স্কুল এর গন্ডি পেরোবার আগেই শুরু হয়ে তার প্রকৃতির নিয়মে এক শারীরিক যন্ত্রনা.. যে যন্ত্রনা তাকে প্রত্যেক মাসে কষ্ট দেয়. তবে সে মাত্র 4দিনের জ্বালা, নারীরা তো হাজার কষ্টের মধ্যেও হাসতে জানে, বুঁকের মধ্যে সব কষ্ট চেপে রেখে মুখে এক রাশ হাসি নিয়ে চলতে জানে.. 
           কিছুদূর পড়াশোনা এগোতেই বাড়ির বড়দের হুকুম এবার মেয়ের বিয়ে দিতে হবে. মেয়েটি তখনো প্রানোচ্ছল, জানেনা বিয়ে নামক শব্দ টা ওর জীবনটাকে কতটা পরিবর্তন করতে পারে.. তখনো সে পুতুল খেলে, পুকুর পারে দৌড়ে বেড়ায়, বোকার মতো হাসে, কষ্ট হলে মায়ের আঁচলে মুখ লোকায়.. সেই মেয়েটি আজ সাজবে কনের সাজে.. ছোট্ট হাত দুটিতে lagbe লাল মেহেন্দি, রোগা রোগা হাত এ পড়বে শাখাপলা, গায়ে লাল পার শাড়ী, মেয়েটি হয়তো ভাবে তা কে সাজানো হচ্ছে পাড়ার যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার জন্য.. হটাৎ মিষ্টি মুখটায় লাগে চন্দনের ফোঁটা, কপালে জ্বল জ্বল করে লাল টিপ.. পান পাতায় মুখ ঢেকে বরের সামনে আসে, বরের দ্বিতীয় বার বিয়ে, বয়স প্রায় চল্লিশ ছুঁই.. কিন্তু ওই যে ছেলে খুউব ভালো. হীরের আংটি আবার ব্যাকা আর নোংরা !! মেয়েটির সিঁথি জুড়ে লাল সিঁদুর, অপূর্ব সুন্দরী লাগছিস মা আজকে তুই.. তুই যে আমার বাড়ির লক্ষী ছিলিস.. চলে যাবি  কাল আমায় ছেড়ে, কি নিয়ে বাঁচবো আমি?পরের দিন বিদায় বেলায় সে শুধু মা কে একটি কথা জিজ্ঞাসা করলো মা গো তুমি কাঁদছো কেন আমি তো নতুন মায়ের কাছে যাচ্ছি.. তোমার মতোই সে আমায় খাইয়ে দেবে, ঘুম পাড়িয়ে দেবে, চুল বেঁধে দেবে, ভেবো না মা আমি আবার আসবো তোমার কোলে ফিরে ফিরে... 
                              সব বন্ধন ছিন্ন করে চললো মেয়েটি পরের ঘরে, তবু সমাজ তোমার চোখে মেয়েরা জটিল, মেয়েরা অপয়া!! নারীজাতি কে বোঝা পুরুষদের কাজ নয়.. বিয়ের পর মেয়েটির সব সপ্ন ভেঙে যায় এক নিমেষে, পনের জন্য রোজ তা কে সহ্য করতে হয়ে স্বামীর অত্যাচার,  ঐটুকু মেয়ে যে বিয়ের মানেটাই বোঝেনা তাকে রোজ রাতে সহ্য করতে হয়ে ওই নরপিশাচের অকট্ঠো শারীরিক নির্যাতন.. লাল শাড়ী লাল সিঁদুরএর মতোই রক্তে ভেসে যায় বিছানা.. অসহ্য যন্ত্রণা ছটফট করছে মেয়েটি, শাশুড়ি মা কে বারবার ডেকেছিল সে, কিন্তু কোনো সারা পায়নি.. বছর ঘুরতে না ঘুরতেই চাই বাচ্চা.. অসহ্য প্রসব ব্যাথা সয়ে জন্ম দিলো.. ছোট্ট মায়ের কোল আলো করে এলো আর এক ছোট্ট সন্তান.. ফুটফুটে একটি চাঁদের কণা, রাজপুত্র.. 
   মেয়েদের ছোট থেকে শেখানো কিছু জিনিস মুখে মুখে কথা না বলা, মানিয়ে চলা, ত্যাগ শিকার করা, মন দিয়ে সংসার করা !! ব্যাস এইটুকু গন্ডির মধ্যে মেয়েদের জীবন আবদ্ধ.. অচেনা পুরুষের সাথে একটা কথা বলা মানেই সমাজের চোখে মেয়েরা চরিত্রহীন.. 
ওরে সমাজ, পুরুষ শাসিত সমাজ তোরা আর কি বুঝবি নারীর মাহাত্ম.. এত কিছুর পরেও নারীদের হতে হবে সৃজনশীল, অশ্লীলতার কোনো ছাপ যেন কোথাও না থাকে.. ধর্ষিতাদের সমাজের চোখে হতে হয়ে ঘৃণার পাত্রী, পড়াশোনা বেশি করলে সমাজের ক্ষতি, স্বনির্ভর হতে নেই মেয়েদের.. তাহলে নাকি বাইরে মন চলে যাবে মেয়েদের.. তারা শুধু চার দেওয়ালের মধ্যে বন্ধ.. রান্না করা কাপড় ধোয়া, সবার খেয়াল রাখা এইসব তার একমাত্র কাজ.. 
ভগবানকে শুধু একটাই জিজ্ঞাসা নারীরা কি পশুদের থেকেও অধম??  কেন এত কষ্ট তাঁদের জীবনে??  সইতে হয়ে সতীদাহ প্রথার জ্বালা, বিধবা দের হাজার নিয়ম পালন??? তবুও আজ রানী রাসমণি, রামমোহন, বিবেকানন্দ ছিলেন বলে মেয়েদের জীবনে এসেছে নতুন ভোর, নতুন সূর্য, নতুন আলো.. বন্ধ হয়েছে অনেক ফালতু নিয়ম যা পুরুষের তৈরী, কিন্তু যেহেতু তারা পণ্ডিত, তাই তাঁদের কষ্টদায়ক বিধানও মেয়েরা মানতো সবার মঙ্গলার্থে.. বিধবা বিবাহ চালু হয়েছে, মেয়েদের প্রতি অন্যায়ে, অনাচার বন্ধ হয়েছে,  মেয়েরা আজ অনেক এগিয়ে গেছে, পড়াশোনা করছে, সংসার সামলাচ্ছে, চাকরিও করছে, নিজের স্বামীর পাশে দাঁড়াচ্ছে..
শাড়ীর পাশাপাশি এসেছে চুড়িদার, জিন্স টপ, যা এখন মেয়েরা পড়ছে, সৃজনশীলতা বজায় রেখে.. তবে হ্যাঁ অনেকে এই উন্নতির অপব্যবহার করছে.. মেয়েরা আজ গুরুজনদের সন্মান দিতে ভুলে যাচ্ছে, হাতে তুলেছে মদের গ্লাস আর মুখে সিগারেট.. পোশাক এর দিকে তাকানো যায়না.. যা সত্যি অন্যায়ে, কারণ এরা সভ্যতার নাম এ অসভ্যতা করছে, অপমান করছে গুণী মানুষদের বলিদানের কথা.. আজ যাদের জন্য মেয়েরা একটু হলেও ভালো ভাবে বেঁচে থাকতে পারছে তাদেরকে কখনোই অপমান করা উচিৎ হচ্ছেনা.. 
শহরের পাশাপাশি গ্রামেও শুরু হয়েছে স্বনির্ভর প্রকল্প..  গ্রামের মেয়ে বউরা নিজেদের ফাঁকা সময় কাজে লাগাচ্ছে, বাড়ছে রোজগার, নিজের পায়ের তলার মাটি আজ শক্ত হচ্ছে.. রবীন্দ্রনাথ,  নজরুল সুভাষ চন্দ্র এর কথায় বারবার উঠে এসেছে দেশের কথা এবং নারীদের আত্মজাগরণের কথা.. মেয়েরা আজকে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে শিক্ষিকা, ডাক্তার, ইঞ্জিনিয়ার,  হচ্ছে রিকশাওলি, ফুচকা বিক্রেতা, সাঁতারু, দাবাড়ু, ক্রিকেটার, ফুটবলার, টেনিস প্লেয়ার, আরও কত কি.. বলে শেষ করা যাবেনা.. 
তবে এবার সমাজ কি বলবে, নারীরা ছলনাময়ী, জটিল, অপয়া???  নাকি যুগে যুগে যেমন দেবী দূর্গা অসুর বধ করেছিল, বেহুলা যেমন যমের দুয়ার থেকে ফিরিয়েছিলো স্বামীর প্রাণ, তেমন ভাবেই আজও নারীরা সর্বশক্তিমান ই আছে, নারীজাতি এক হলে এই পৃথিবীর সকল পুরুষজাতি তলিয়ে যাবে.. নারী শক্তি সব শক্তির উৎস. . নারীকে অপমান, অবহেলা আজ আর তারা সহ্য করবেনা.. তারা আজ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছে, মুখোশ খুলছে বহু মুখোশধারী শয়তানের.. ধর্ষণকারী দের নিজেরা শাস্তি দিচ্ছে.. বিক্ষোভ মিছিলে সামিল হচ্ছে তারা. 
তাই বলি নারী জাতি শান্ত জাতি, মায়ের জাত এ গড়া. 
নরম ভাবে রাখতে তাঁদের 
কিসের এত জ্বালা? 
নারী সৃষ্টি নারী ধ্বংস নারী শক্তির উৎস, 
সেই নারীকেই মারছিস তোরা, সাংঘাতিক নৃশংস, 
সন্মান আর শ্রদ্ধা দিয়ে করো আপন তাঁদের, 
ভালোবাসায় ভরিয়ে দেবে সকল ঘৃণার আঁধার, 
মা জাতি শান্ত বড় স্নিগ্ধ আবেগ মাখা 
ঠোঁটের কোনে নিটোল হাসি আর আন্তরিকতা বুকের মাঝে রাখা... 


মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭

ফাল্গুনী ঘোষ


নারীর ব্যক্তিস্বাতন্ত্র্য ও সৃজনশীলতা

     আমাদের পাপিয়া সামন্ত ছিল একসময় পাড়ার ছোটো বড়, বুড়ো কচি কাঁচা পুরুষদের বুকের ধড়ফড়ানি আর মহিলাদের আইডল। সুন্দরী, সুগায়িকা এবং হাস্যময়ী ছিল পাপিয়াদি। আমাদের ছোটোবেলার দেখা চোখে হালকা হালকা মনে পড়ে পথচলতি মানুষ (মূলত পুরুশ)জন থেকে যে কটূক্তি উড়ে আসত তার পরিণাম স্বরূপ সেই ব্যক্তিটিকে ‘কাকু’, ‘মামা’, ‘দাদু’ ‘জেঠু’, ‘ভাই’, ‘দাদা’ কিছু না কিছু সম্পর্কের বাঁধনে জড়িয়েই পাপিয়াদি হাল ছাড়ত। ফলস্বরূপ ‘পাপিয়া সামন্ত খারাপ’ এটা বলার সুযোগ কারোরই বিশেষ একটা থাকত না। আপন করে নেওয়া কাকে বলে পাপিয়া দি’কে দেখে শিখতে হত।
      সেই পাপিয়াদি’র কলেজ পড়াশোনা শেষ হতে না হতেই ধানবাদ নিবাসী উচ্চবংশ মর্যাদাসম্পন্ন, ইঞ্জিনিয়ার পাত্রের সঙ্গে বিয়ে  হয়ে গেল ধুমধাম করে। আমাদের পাড়াটা যেন অন্ধকার হয়ে গেল। বিয়ের পরে অষ্টমঙ্গলায় গয়না, শাড়ি, সিঁদুর পরিহিত পাপিয়াদির সুখী চেহারাটা সবাই দেখেছিল।
     সময়ের স্রোতে মানুষ নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এইভাবেই আমিও আমার ছোটবেলা থেকে কিশোরীবেলায় পা রেখেছি। তখন একদিন পাড়ার গলিতে দেখতে পেলাম পাপিয়াদিকে। শাঁখা সিঁদুর নেই, রুগ্ন মলিন বেশ, চোখের নীচে কালি, গলায় কালশিটে দাগ, চাউনিতে মানসিক ভারসাম্যহীনতার লক্ষণ। শোনা গেল পাপিয়াদির স্বামী আর শাশুড়ির অমানবিক অত্যাচারের খবর। বিয়ের অল্প কিছুদিনের মধ্যেই স্বামী আর শাশুড়ির নানা অর্থনৈতিক আবদার পাপিয়াদিকে মেটাতে হয় বাপের বাড়ির সাহায্যে। সংসারের টুকিটাকি জিনিসপত্র সব পাপিয়াদির মা বাবার কাছে থেকে তারা আদায় করতে থাকে। কিন্তু এই চাহিদা যখন টাকা আর সোনার গয়নায় গিয়ে দাঁড়ায় তখন পাপিয়াদির সহ্যের সীমা অতিক্রম করে যায়। সে প্রতিবাদী হলে তার কপালে জোটে গরম খুন্তির ছ্যাকা, পিঠে সিগারেটের পোড়া দাগ, চড়, থাপ্পড়, রডের বাড়ি।
      এহেন অত্যাচার অসহ্য হওয়ায় পাপিয়াদি আত্মহত্যার চেষ্টা করে। কিন্তু স্বামী আর শাশুড়ির কাছে সে ছিল সোনার ডিম পাড়া হাঁস। তাই শ্বশুরবাড়ীর চিলে কোঠার ঘুপচিতে তাকে তালাবন্দী করে রাখে বিচক্ষণ স্বামী। যাতে করে আত্মহত্যার সুযোগ তো দূরের কথা যেন পালাতেও না পারে।
       বহু যন্ত্রণা কষ্ট সয়ে প্রতিবেশী এক মহিলার সহায়তায় রাতের অন্ধকারে গোপনে চোরের মত পাপিয়াদি বাপের বাড়ি আসতে বাধ্য হয়। কিন্তু বিবাহিতা মেয়েদের বাপের বাড়ি এসে থাকার মত দুর্দশা আর কিছু হয় না। আত্মীয় পরিজনের বাঁকা দৃষ্টি, পাড়া প্রতিবেশীর কথার জ্বলন সহ্য করতে করতে ক্ষোভ, অসহায়তা, ঘৃণায় কুঁকড়ে থাকা পাপিয়াদি মনে মনে বিদ্রোহী হয়ে। তার গ্রাজুয়েশনের বিদ্যা দিয়ে সে টিউশনি শুরু করে। প্রথমে সমাজের তথাকথিত ভদ্র, সভ্য, শিক্ষিতরা তাদের বাড়ির ছেলে মেয়েদের পাপিয়াদির মত ‘খারাপ মেয়ে’র কাছে পড়তে দিত না। তাই অভাবী ও গরীব পরিবারের ছেলেমেয়েগুলো নিয়েই সে তার কাজ শুরু করে। ধীরে ধীরে বহুদিনের চেষ্টায় এবং রাজনৈতিক কর্তাব্যক্তির সহায়তায় ‘পাপিয়া কোচিং সেন্টার’ এখন আমাদের এলাকায় বেশ নাম করেছে।  এখানে গরীব ছেলেমেয়েরা খুব অল্প পয়সাতেই পড়ার সুযোগ পায়। আর আমাদের বহু চেনা বিবাহবিচ্ছিন্না সেই পাপিয়াদি মাথা উঁচু করে হাসি মুখে এলাকা মাতিয়ে রাখে।
                                                                                              -0-


শনিবার, ১৫ জুলাই, ২০১৭

বিপ্লব গঙ্গোপাধ্যায়


স্বনির্ভরতা এবং  আজকের নারী


এই বিষয়টি নিয়ে  ধারাবাহিক ভাবেই আমাকে লিখতে হচ্ছে  কিছু কথা । ধারাবাহিক লেখা যে কত কষ্টের এবং শ্রমসাধ্য তা বুঝতে পারছি এখন । একের পর এক মুখ এসে  ভিড় করছে করছে চারপাশে । যাদের নিয়ে একসময় লিখতে চেয়েছি কিছু কথা । পারিনি । পিছিয়ে এসেছি নানা কারণে । অথচ আমি তো আমার চারপাশে দেখেছি আপোষহীন লড়াকু কত মহিলা যারা আত্মমর্যাদার প্রশ্নে ত্যাগ করেছে নিজের সংসার , নিজের ভালোবাসা এমনকী নিজের জীবনও । প্রথমেই মনে পড়ছে চন্দনাদির কথা । যৌথ পরিবার ছিল তাঁদের । বাবা কাকা জেঠা মিলে সাত সাতটা ভাই । এক বিশাল উঠোন । সেখানে একান্নটা থালা পড়ত । একটু প্রাচীনপন্থী ধারণা ছিল । মেয়েদের লেখাপড়ার বিষয়ে খুব বেশি আগ্রহ ছিলনা তাঁদের । ফলে কোন মেয়েই প্রাথমিকের পর আর হাই স্কুল যাওয়ার সুযোগ পায়নি । চন্দনাদি ছিল খুব মেধাবী । মুখে মুখে চটপট অঙ্ক করে দিতে পারত । এসব গল্প আমার শোনা । আমি তার বাল্যকাল দেখিনি । বুড়ো হয়ে যাওয়া চন্দনাদিকে দেখতাম । শিথিল চামড়া তবু কি টানটান মেরুদণ্ড । মৃত্যুর আগের দিন অবধি এই শিরদাঁড়া বাঁকা হয়নি । ঋজুতা হারায় নি । মেধাবী হওয়া সত্তেও তার পড়াশোনা থেমে গিয়েছিল মাঝপথে । মাঝপথে ঠিক নয় , পথের শুরুতেই । গ্রাম থেকে অনেক দূরে ছিল হাই স্কুল । নদী পেরিয়ে , ফাঁকা মাঠ পেরিয়ে শরবনের পাশ দিয়ে যে রাস্তা সেই রাস্তা পেরিয়ে । চন্দনা জেদ ধরেছিল – আমি যাবই স্কুলে । বাবা কাকারা ধমকে উঠেছিল – অতদূর । কার সাথে যাবি শুনি ?   কোন মেয়েকে দেখেছিস ইস্কুলে যেতে ?
-          কেউ না যাক , আমি যাব ।
- কে তোকে দিয়ে আসবে ওই দূরের স্কুলে ?
  – কেন ছেলেদের সাথে যাব ?
ঘরের সবাই চমকে উঠেছিল তার কথায় – মেয়ের আস্পর্ধা তো কম নয়  । বন্ধ হয়ে গেল চন্দনাদির পড়াশোনা । শুধু বন্ধই হল না  , অল্পবয়সে তের কি চৌদ্দ বছরে বিয়েও হয়ে গেল তার । বিশাল অবস্থাপন্ন শ্বশুরবাড়ি ।চারদিকে ঐশ্বর্য । আঁটাকল তেলকল থেকে আরম্ভ করে খান দশ বারো বিজনেস । তবু   বিয়ের সাত বছরের মাথায় চন্দনাদি ফিরে এল  বাপের বাড়িতে ।  বর দ্বিতীয়বার বিয়ে করেছে । চন্দনাদি শুধু মৃদু প্রতিবাদ করে বলছিল – তুমি তো একবারটি আমাকে জানাতে পারতে ?
-          কি লাভ হত শুনি তুই কি বাচ্চা  বিয়োতে পারবি ? সে মুরাদ কি তোর আছে ? 
-          এখনই তো সময় চলে যায়নি ।
-          তোকে তো তাড়িয়ে দিচ্ছি নে বাপু , থাক , আরাম করে রাজরাণীর মতো থাক । বাড়ির কাজকম্ম দেখাশোনা কর ।
রাজরানী হয়ে থাকা আর চন্দনাদির হয়নি । শূন্য স্তব্ধতার ভেতর সে জানত একটিই আশ্রয়- মা । তাই মায়ের কাছেই ফিরে এসেছিল । ততদিনে পরিবার ভেঙে গেছে । বাবা ত্যগ করেছেন ইহলোকের মায়া ।ছিন্নবিচ্ছিন্ন পরিবারে আর্থিক অবস্থাও নড়বরে । আজ জুটেছে কাল কি খাবে কালের ঘরে শনি । সেলাই দিদিমণি নয় এমনকী ভাইয়েদের সংসারেও নয় , একান্ত নিভৃত আশ্রয়ে  মা কে নিয়েই শুরু হয়েছিল তার সংসার । মুড়ি ভেজে , ছোলা ভাজা  মটর ভাজা বিক্রি করেই দিনাতিপাত করত । তবু ঠোঁটের কোণে সবসময় লেগে থাকত এক চিলতে হাসি । আমি যখন একটু বড় হলাম । যখন অল্প স্বল্প লিখতে শুরু করলাম । তখন মনে হল চন্দনাদিকে নিয়েও একটা গল্প হয় । সে গল্প লেখা হয়নি । কিন্তু তাকে দেখার চেষ্টা করতাম । কখনও সরাসরি , কখনও আড়াল থেকে । কখনও শব্দের ভেতর থেকে বিযুক্ত নিঃশ্বাসের শব্দে । না , কখনোই কোন আফসোস দেখিনি তার মধ্যে । ছোট খাটো যোগ বিয়োগ বা সরলের অঙ্কগুলো ঝটপট করে দিত এক নিমেষে । আমি তাকিয়ে থাকতাম তার চোখদুটোর দিকে যেখানে হিরে মাণিক জ্বলত । হাসতে হাসতে বলত – কতদিন আগে শিখেছি , এখনও মনে আছে , বল ।
-          তুমি আর পড়াশোনা করলে না কেন ?
-           কি হত , আমার কি ল্যাজ গজাত ? 
না , মানে মাথা উঁচু করে নিজের পায়ে ...... কথাগুলো মুখের ভেতর এলেও বলতে পারিনি । আত্মমর্যাদা এবং স্বনির্ভরতার এত জ্বলন্ত নমুনাকে  কি এসব কথা বলা মানায় ?  আমি শুধু প্রণত ভঙ্গিমায় তার পায়ের কাছে এসে দাঁড়াই । এই স্বনির্ভর এবং আত্মবিশ্বাসী নারী তো আবহমান সময়ের ।

      

ফাল্গুনী ঘোষ



নারীর ব্যাক্তিস্বাতন্ত্র ও সৃজনশীলতা

   নারী পুরুষের সমানাধিকার, নারীবাদী আন্দোলন প্রভৃতি ব্যাপারগুলি গুরুত্ব তখনই পাবে যদি আমাদের পশ্চিমবাংলার গ্রামে গ্রামে অসংখ্য কচি মেয়েকে আমরা ‘বিয়ে’ নামক বলি থেকে আটকাতে পারি। গ্রামের স্কুলের শিক্ষিকা হওয়ার সুবাদে এই ভয়ংকর দুর্দশাগ্রস্ত দিকটা প্রতি মুহূর্তে চোখে পড়ে। সপ্তম কি অষ্টম শ্রেনীতে একটি কিশোরী যেই ঋতুমতী হল, অমনই শুরু হয়ে যায় তার বিয়ে দেওয়ার প্রচেষ্টা। হ্যাঁ আজকাল খবরে পড়ি ‘নাবালিকা নিজেই বিয়ের বিরুদ্ধে সরব, আইনের সাহায্য নিয়েছে; কিন্তু সে তো সামান্য। আর এই সমস্যার শিকড় বহু গভীরে বলেই মনে করি। কারণ এরা স্কুল থেকে ডেকে পাঠালেও কন্যাশ্রীর টাকা নেয় না। আরো বড় ব্যাপার হল বিয়ে হয়ে যাওয়ার পর ম্যারেজ সার্টিফিকেট জাল করে নিয়ে এসে কন্যাশ্রী প্রকল্পের সুবিধা নেওয়ার প্রচেষ্টা। আঠারো- উনিশ পর্যন্ত মেয়েকে ‘বুড়ি’ করার বদলে তাড়াতাড়ি বিদায় করে দেওয়াকেই বাবা-মা’রা শ্রেয় বলে মনে করে।
        আজকে আমার দেখা একটি বাস্তব অভিজ্ঞতার কথা বলি। অষ্টম শ্রেনীর একদল হাসিখুশি মেয়ের মধ্যে ছিল রেজিনা খাতুন। চোখে ছিল অনেক আশা, স্বপ্ন দেখার ইচ্ছা। ছাত্রীটি ছিল পড়াশোনায় যথেষ্ট ভালো এবং উজ্জ্বল। কিন্তু একটি অদ্ভুত জিনিস দেখতাম পড়াশোনায় ভালো হলেও মেয়েটি মাঝে মাঝেই পড়াশোনা করে আসে না। একদিন খুব রাগ হল। প্রচন্ড বকাবকি করে জানতে চাইলাম, কেন এই বেয়াড়াপনা! মেয়েটির বই নেই শুনে অবাক হয়ে গেলাম! তাহলে কি ভাবে প্রায়দিনই নিখুঁত পড়াশোনা করে আসে। লিখে নিয়ে পড়াশোনা করার প্রবল আগ্রহ মনটাকে ব্যাথায় ভরিয়ে দিয়েছিল। তাকে একটি বই কিনে দিয়ে বলেছিলাম, “ভালো রেসাল্ট করতে হবে এটি শর্ত।“ মেয়েটি কথা রেখেছিল। তৃতীয় স্থান অধিকার করে নবম শ্রেনীতে উঠছিল।
   কিন্তু এইবার তার চোখের ছায়া আরো গভীর হতে থাকল। মন ভারী ও উদাসী হতে থাকল। কথাবার্তা বলে জানা গেল- ‘মা- বাবা বাড়িতে বিয়ের চেষ্টা করছে।‘ আমাদের তো অবস্থা ভালো নয়, এর একটা বোন আছে। আমার আর পড়া হবে না ম্যাডাম।‘ পড়াশোনায় এত ভালো মেয়ের জীবনটা এইভাবে নষ্ট হয়ে যাবে! কিন্তু অর্থাভাবে যে মেয়ে বই কিনতে পারে না, তাকে বই দিতে পারি, বিয়ে দেওয়া আটকাবো কি ভাবে? সেখানেও তো সেই প্রধান কারণ অর্থনৈতিক সমস্যা। মাধ্যমিক পরীক্ষার দিন এগোতে থাকল অন্যদিকে পাত্রপক্ষের আসা যাওয়া, দেখা শোনা, দর দস্তুরও এগোতে থাকল। মাঝখানে মেয়েটির চোখের জল হল সার। দাঁতে দাঁত চাপা জেদে সে মাধ্যমিকের ফর্ম ফিল-আপ, প্রস্তুতি চালাতে লাগল। আর তার জেদের সঙ্গে পাল্লা দিয়ে বাবা মায়েরও জেদের পারদ চড়তে থাকল যাতে ঘরের মেয়ে মাধ্যমিক পরীক্ষার দরজায় গিয়ে দাঁড়াতে না পারে। অবশেষে মাধ্যমিক পরীক্ষার শুরুর দিন তার বিয়ের তারিখ ধার্য হয়েছিল। বিয়ের আসরে উপস্থিত হয়ে সে অসুস্থ বোধ করার কারণে হাসপাতালে চিকিৎসাধীন হয়েছিল। বোধহয় সেই দিনই তার মনের মৃত্যু ঘটে। তারপর সুস্থ হয়ে তার বিয়ে সংসার হয় একরকম জোর করেই। এখন সে তার সন্তানকে মানুষ করার স্বপ্ন চোখে নিয়ে বেঁচে আছে। 


বুধবার, ১৪ জুন, ২০১৭

পার্থ সিংহ



অন্ধকারের উৎস হতে উৎস হতে উৎসারিত আলো
 


রেলের লাইনের ধারে অন্ধকার ঝুপড়িতে তীব্র কটু গন্ধ আর অশ্রাব্য গালিগালাজ। যুবক থেকে বৃদ্ধ, কুলি থেকে কনস্টেবল মাথা নিচু করে ঝুপড়িতে ঢুকছে সুতীব্র নেশার টানে, কিছুক্ষন পরে গলায় বুকে জ্বলুনি সুখের আবেশে বিভোর হয়ে বেরিয়ে আসছে। মাত্র ৪০ টাকায় এত্ত সুখ! সুখের পসার সাজিয়ে বসেছে কালো মেয়ে। সন্ধ্যা হতে মাঝ রাত পেরিয়ে কখন ভোরের পাখি ডেকে ওঠে খেয়াল থাকে না, খদ্দেরদের সামলাতে হিমশিম অবস্থা। ছেড়া কাপড়ের ব্যাগ ভরে ওঠে গান্ধী ছাপ নোটে। টাকা গুনে গুছিয়ে ঘুম চোখে বাড়ি ফিরে যখন বিছানায় ক্লান্ত শরীরটা ছুড়ে দেয় তখন আর সবাই জেগে ওঠে। সেই তরুনী বয়েস থেকে মায়ের হাত ধরে রাণাঘাট রেল স্টেশনের কাছেই রেলের লাইনের পাশে বেআইনী চুল্লু বিক্রির ব্যাবসায় হাত পাকিয়েছিল তাপসী মন্ডল। ভেবেছিল বিয়ের পরে আর করতে হবে না এই কাজ, কিন্তু তিন ছেলে-মেয়েকে বড় করার ঝক্কি রাজমিস্ত্রির জোগাড়ে খাটা স্বামীর রোজগারে সম্ভব নয় বুঝেই রাতের ব্যাবসাকে আঁকড়ে ধরে বেঁচেছে সে। কিন্তু প্রতিনিয়ত অপরাধবোধ কুঁড়ে কুঁড়ে খায়, নিত্য গঞ্জনা তার সঙ্গী। আত্মীয়, বন্ধু, প্রতিবেশী সবাই তাকে নিচু চোখে দেখে। ছেলে-মেয়েদের স্কুলে ওদের সহপাঠীরা ক্ষেপায় 'চুল্লু বেচীর বাচ্ছা' বলে। বড় মেয়ের শ্বশুরবাড়িতে উঠতে বসতে কথা শুনতে হয় মেয়েকে। সন্তানরা মাকে জড়িয়ে কাঁদে, বলে মা এই ব্যাবসা ছেড়ে অন্য কিছু করো। কিন্তু হায় তাপসী অসহায়। এই অন্ধকার থেকে আলোর দিশা খুঁজে পায়না কিছুতেই। সন্তানদের সে বোঝাতে পারেনা কিছুতেই এই চক্রব্যূহ থেকে বেরোবার রাস্তা নেই!
হঠাৎ একদিন তাপসীর বাড়িতে হাজির কিছু তরতাজা যুবক যুবতী। তারা পরিচয় দেয় নিজেদের 'মর্য্যাদা সুরক্ষা আন্দোলন'-এর কর্মী বলে। এই কর্মীরা মানুষের মর্য্যাদা রক্ষায় সাহায্য করে। এরাই প্রথম তাপসীকে বিকল্প পেশার স্বপ্ন দেখায়। তাপসী প্রথমে বিশ্বাস করতে পারেনি এও কি সম্ভব? তার এই ৪৫ বছরের জীবনে আজ পর্যন্ত কেউ তাকে সুস্থ সুন্দর জীবনে ফেরার হদিশ দেয়নি, কিন্তু এই ছেলে-মেয়েগুলি তাকে সাহায্য করবে বলছে নিস্বার্থে! দুরুদুরু বুকে স্বপ্ন দেখে সে আগামীদিনের। হ্যাঁ এর পরের কাহিনী সিনেমার চিত্রনাট্যের মতোই, এক স্বপ্ন উড়ানের। 'মর্য্যাদা সুরক্ষা আন্দোলন'-এর হাত ধরে তাপসী পৌঁছে যায় পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর কল্যান দফতরের অধীন এথনিক বিউটি কেয়ার সেণ্টারে। সেখানে সম্পূর্ণ বিনামূল্যে সে শেহনাজ হুসেইন এর সংস্থার তত্ত্বাবধানে রূপচর্চার প্রশিক্ষণ নেয় হাতেকলমে। প্রশিক্ষণ শেষে হাতে পায় শংসাপত্র। এরপর অনগ্রসর কল্যান দফতরের তৎকালীন মন্ত্রী উপেন্দ্রনাথ বিশ্বাসের উদ্যোগে পশ্চিমবঙ্গ তপশিলী জাতি উপজাতি বিত্ত উন্নয়ন নিগমের থেকে ঋণ নিয়ে নিজের বাড়িতেই খুলে ফেলে আস্ত একটি বিউটি পার্লার! দেখতে দেখতে তাপসীর নতুন ব্যাবসা জমে ওঠে, লাভের টাকায় ঋণ পরিশোধ করে আজ সে মেরুদণ্ড সোজা করে সম্মানের সঙ্গে ব্যাবসা করছে। শুধু তাই নয় বেকার যুবতীদের বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে তাদেরও আয়ের দিশা দেখাচ্ছে রানাঘাটের তাপসী। এ যেন আক্ষরিক অর্থেই দস্যু রত্নাকর থেকে বাল্মীকি মুনির উত্তরনের গল্প। কিন্তু না, তাপসী মন্ডলের এই জীবন কাহিনী গল্প নয়, বাস্তব সত্য।