রবিবার, ১৬ মে, ২০২১

অমিভাভ সরকার

                                                                                          


বেজন্মা


শারীরিক সক্ষমতা ও স্বাস্থ্য পরীক্ষা পর রিক্রুটিং অফিসারের সামনে দাঁড়ায় ছয় ফুটের মতো লম্বা, কুড়ি-বাইশ বছরের শীর্ণকায় যুবকটি। 

“আপনার নাম?”

“কৃষাণ”।  

“পদবী কী?”

“জানি না স্যার”। 

“মানে?’  যুবকটির মুখের দিকে একবার তাকায় অফিসারটি।

“মা, বাবার খবর জানি না স্যার, তাই…”

“ঠিকানা একটা আছে তো? নাকি সেটাও নাই?” 

“ঠিকানা নেই স্যার...মানে, আমি অনাথ আশ্রমে বড় হয়েছি স্যার। এখন সেখানে থাকতে দেয় না স্যার”।

“বুঝলাম, তা এখন কোথায় থাকা হয়?”  

“আন্দুল স্টেশনে একটা চায়ের দোকানে কাজ করি আর রাতে স্টেশনে কিম্বা কাছেই একটা ধাবায় থাকি স্যার”। 

যুবকের কথা শুনে পেছনে সারিতে দাঁড়ানো চাকরি প্রার্থীরা কেমন যেন অবজ্ঞার চোখে দেখছিল তাকে। সকলকে অবাক করে শেষ পর্যন্ত কয়েকজনের সঙ্গে কৃষাণকে সিলেক্ট করা হলো। পরেরদিন রাতটা স্টেশনে কাটিয়ে সকালে হাওড়ায় পৌছাতেই সকলের সঙ্গে ট্রেনে চাপিয়ে দেওয়া হলো তাকে।                 

পাহাড়ের ওপরে এক সমতল ক্ষেত্র, উঁচু পাঁচিলের অবরুদ্ধ জায়গায় নিয়ে যাওয়া হলো কৃষাণকে। শুরু হলো তার ট্রেনিং…। প্রথম প্রথম দুর্বল শরীরে এই কঠিন ট্রেনিং নিতে খুবই কষ্ট হতো তার। মাঝে মাঝে মনে হতো, এই বুঝি জ্ঞান হারিয়ে ফেলবে সে। সারাদিনের শেষে রাতে টলতে টলতে বিছানায় এলিয়ে পড়তো, আর সাড় থাকতো না তার। মাঝে মাঝে পালিয়ে যেতেও ইচ্ছে করতো তার। কিন্তু এই কষ্টের মধ্যেও মাথার ওপর ছাদ, চারবেলা খাওয়া, নিজের বিছানা... পালিয়ে গেলে তো সেই তো স্টেশন অথবা ধাবায় রাত্রিবাস...। এই সব সাতপাঁচ ভেবে পালানো হয় না তার। কথায় বলে, ‘শরীরের নাম মহাশয়, যা সওয়াবে তাই সয়’। ধীরে ধীরে সব সহ্য হয়ে গেল, সহকর্মীদের মধ্যে বন্ধুও জোটে…। ট্রেনিং শেষ করার পর তাকে পাঠানো হল পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্তে। হিলি, বালুরঘাট মহকুমায় ভারত-বাংলাদেশ সীমান্তের স্থলবন্দর এবং সীমান্ত চৌকি। ভারত-বাংলাদেশের বহু মানুষের যাতায়াতের পথ।           

এখানে রাখিবন্ধন অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করে ‘ইন্ডিয়ান বর্ডার সিকুরিটি ফোর্স’ আর ‘বাংলাদেশ বর্ডার গার্ড’। অনুষ্ঠান এলাকায় দুই বাংলার মিলন উৎসবে রূপ নিল। দুই দেশের সাধারণ নাগরিকও সামিল হল এই উৎসবে। সেই অনুষ্ঠানে বাংলাদেশ বর্ডার গার্ডের এক সৈনিক, শামসুদ্দিন কৃষাণের মণিবন্ধে রাখি পরিয়ে দিয়ে বলেছিল, ‘আজ থেকে আমরা দোস্ত’। সেই শুরু, তারপর থেকে শামসুদ্দিনের ব্যবহারে ধীরে ধীরে বন্ধুত্বের বন্ধনে বাঁধা পড়ে গেল কৃষাণ। কথা প্রসঙ্গে জানতে পারে শামসুদ্দিনের পরিবারের একসময়ে ভারতেরই বাসিন্দা ছিল। শামসুদ্দিনের আব্বু কলকাতায় কাজ করতেন। দেশভাগের সময় দাঙ্গায় পালিয়ে চলে যান বাংলাদেশে। আজও তাদের অনেক আত্মীয় ছড়িয়ে ছিটিয়ে আছেন ভারতে।   

গত দু’বছর একবার তিন-চারদিন ছাড়া কোনও ছুটি নেয় নি কৃষাণ। ঐ তিন-চারদিন আন্দুল স্টেশনের বন্ধুবান্ধব, সিংজী আর ভাবীর সঙ্গে দেখা করেই ফিরে এসেছে। এবারে অফিসার প্রায় জোর করেই একমাসের ছুটি দিলেন।

“যাও একটু দীঘা, দার্জিলিং বেড়িয়ে এসো, তোমার সবসময়ের মনমরা ভাবটা কাটবে। এই মনমরা ভাব নিয়ে ফোর্সে কাজ করে নাকি কেউ ?”

সাধারণত ফোর্সে কেউ ছুটি পেলে যাওয়ার আগে কিছুদিন আনন্দে মশগুল হয়ে থাকে। কিন্তু কৃষাণ কোথায় যাবে? একবার আশ্রমে যাওয়া যেতে পারে, জানে না সেখানে পরিচিত কেউ আছে কিনা! স্টেশনে গিয়ে বন্ধুদের সঙ্গে দেখা করা যায়। তারপর...? একা একা দীঘা… দার্জিলিং? দার্জিলিং গেলে তো বালুরঘাট থেকেই যাওয়া যায়। ভেবে কূলকিনারা পায় না কৃষাণ। একদিন শামসুদ্দিনের সঙ্গে দেখা হতেই খুলে বলল তাকে।

ছুটিতে যাওয়ার আগে শামসুদ্দিন ঠিকানা কাগজ দিয়ে বলে, এটা তার 'ফুফু' মানে পিসির ঠিকানা। ফুফুআম্মার অনেকদিন কোনও খবর নেই, যদি সম্ভব হয়, তাহলে যেন একবার ঘুরে আসে। সেই সঙ্গে একটা শাড়িও দেয় ফুফু আম্মার জন্য। কাগজটি পেয়ে খুশী হল কৃষাণ, আপাতত এই কাজ নিয়ে কয়েকদিন সময় কাটানো যাবে।




ছুটি পেতেই মালদায় এসে গৌড় এক্সপ্রেস ধরলো কৃষাণ। পরদিন সকালে শিয়ালদহ নেমে বাসে হাওড়া। সেখান থেকে মেচেদা লোকাল ধরলো কৃষাণ। লোকালেই দেখা হয়ে গেল হকার বন্ধুদের সঙ্গে। তাদেরকে সঙ্গে নিয়ে নামে আন্দুলে। দোকানের মালিক তাঁকে বসিয়ে প্লেটে দুটো বিস্কুট দিয়ে চা দেয়। তাঁর ব্যবহার দেখে একটু অবাক হয়ে যায় কৃষাণ। একসময়ে…, তবু তার দুঃসময়ে আশ্রয় দিয়েছেন, তাই বা কম কি! বন্ধুরা কাজে চলে যেতেই স্টেশন থেকে বেরিয়ে কাছাকাছি মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নেয়। মিষ্টির দোকানের মালিক তার দিকে চেয়ে থাকে কিছুক্ষণ। কৃষাণ বুঝতে পারে দোকানদার আগের চেহারার সঙ্গে মেলানোর চেষ্টা করছে। চেনা চেনা লাগলেও তার বর্তমানের স্বাস্থ্য আর সামরিক পোষাক দেখে হয়তো ইতস্তত করছে প্রশ্ন করতে। মনে মনে হাসে কৃষাণ। কিছু না বলে স্টেশনে ফিরে আসে। দুপুর নাগাদ বন্ধুরা ফিরে আসার পর সকলকে নিয়ে একটু দূরে হাইরোডের ওপর সিংজীর ধাবায় যায় কৃষাণ, যেখানে তার রাতের খাবার জুটেছে এতকাল। কৃষাণকে দেখে প্রবীণ সিংজী জড়িয়ে ধরেন। অনেকদিন পর সকলে মিলে হৈ হৈ করে রুটি আর কষা মাংস নিয়ে জমিয়ে বসে। কৃষাণের অনুরোধে সিংজীও বসে পড়েন তাদের সঙ্গে। সবাই চলে গেলে, সিংজীর স্ত্রী, বিদ্যাভাবির সঙ্গে দেখা করতে যায় কৃষাণ। এখানে এসে যদি দেখা না করে খুব কষ্ট পাবে মাতৃসমা তার বিদ্যাভাবী।   


(চলবে )         



  

শর্মিষ্ঠা দত্ত

                                                                




 খোঁজ ৪


স্কুলে ভর্তি হওয়ার পর শর্মিলার প্রথম বন্ধু হল সাগরিকা l রোগা, লম্বাটে গড়নের হাসিখুশি মেয়েটা কয়েকদিনের মধ্যেই ওর বেস্ট ফ্রেন্ড হয়ে গেল l ওদের বাড়িতে একজন গানের মাস্টারমশাই প্রতি শনিবার বিকেলে ক্লাসিক্যাল গান শেখাতে আসতেন l সাগরিকার সঙ্গে আরো পাঁচজন জেঠতুতো -খুড়তুতো দিদিও তাঁর কাছে গান শিখত l কিছুদিন পরে ওদের পাড়ার আরো দু একজন মেয়েও সেই ক্লাসে ভর্তি হল l শর্মিলাও বায়না ধরল সেও গান শিখবে l শর্মিলার মা গান খুব  ভালোবাসতেন l কোনোদিন না শিখেও রবিঠাকুরের গান, আধুনিক গান ভারি সুন্দর গাইতেন l অবশ্য বাড়িতে নয়,শর্মিলারা যখন এক - দুদিনের জন্য চন্দননগরে ওদের কাকাদাদু অর্থাৎ মায়ের কাকার বাড়ি বেড়াতে যেত, তখন ওবাড়ির ছাদে সান্ধ্য আসরে মায়ের গান শুনেছে l ও বাড়িতে  অনেক লোক, বাড়িটাও বেশ বড়,  খোলামেলা l পাশেই গঙ্গা l ওখানে বেড়াতে যেতে খুব ভালোবাসত শর্মিলা l ওবাড়ির পরিবেশটা ওদের বাড়ির মত দমচাপা নয় l  দূরসম্পর্কের অনেক আত্মীয়ের ছেলেমেয়েরাও কাকাদাদুর বাড়িতে থেকে পড়াশোনা করত l তাই অনেক অনেক মামা - মাসিদের নিয়ে ওবাড়ি সবসময় জমজমাট l মামা-মাসিরা সকলেই বলত মা খুব ভালো গায় l দাদু- দিদাকেও মাকে গান না শেখানোর জন্য আফসোস করতে শুনেছে l নিজের মেয়ে না হলেও অপর্ণাকে ওঁরা নিজের সন্তানের মতই ভালোবাসতেন l কিন্তু এতবড় একান্নবর্তী পরিবারে তার  জন্য আলাদা করে গান শেখানোর ব্যবস্থা তাঁরা করে উঠতে পারেননি l অল্পবয়েসে বিয়ে দিতেও বাধ্য হয়েছিলেন l তাই নিজের অপ্রাপ্তিটুকু ভরানোর জন্যই বোধহয় ওকে গান শেখানোর ব্যাপারে মা বেশ আগ্রহী হয়ে উঠলেন l 

সাগরিকারা খাস কলকাতার মানুষ, বনেদী যৌথ পরিবার l ওদের বাড়িটা পুরোনো হলেও  বিশাল l বেশ উঁচু বাউন্ডারি ওয়ালঘেরা অনেকটা জায়গা জুড়ে বাড়ি l কলকাতা শহরে তখনও এত বড় বাড়ি কমই ছিল l একতলা -দোতলা মিলিয়ে সারি সারি প্রায় গোটা কুড়ি ঘর, তার দুধারে বিরাট বিরাট লম্বাচওড়া টানা বারান্দা l প্রতিটি ঘরই আকার আয়তনে শর্মিলাদের প্রায় পুরো বাড়িটার সমান l কড়িবর্গা দেওয়া সিলিং, লম্বা লম্বা দরজা আর বিরাট বিরাট খড়খড়ি দেওয়া জানালাগুলো খুব আকর্ষণ করত শর্মিলাকে l আরো ভালো লাগত ওদের ঘরের সাবেকী আসবাবগুলো l বিশাল বিশাল নিরামিষ, আমিষ রান্নাঘর, খাবারঘর আর বাড়ির সামনে-পিছনে বড় বড় ফলফুলের গাছঘেরা একটা বাগান ছিল l বাগানের একধারে ছিল  একটা ছোট্ট পুকুর l সেখানে বড়রা সাঁতার কাটতেন l ছোট্ট বাঁধানো ঘাটের সিঁড়ি ধরে ছোটরাও হাত-পা ছোঁড়া প্র্যাক্টিস করত l জেঠতুতো, খুড়তুতো ভাইবোন, কিছু সমবয়সী ভাইপো, ভাইঝি মিলিয়ে ওদের বাড়ি সবসময় সরগরম l ওবাড়ির বাগানে বা বিশাল ছাদে বাচ্চাদের খেলাটা বেশ জমত l শর্মিলাও জুটে গিয়েছিল ওদের সঙ্গে l বিকেল হলেই ও বাড়িতে যাওয়ার জন্য ছটফট করত l সেই  ছাদের এক কোণে মাদুর পেতে  বাড়ির মহিলারাও  বিকেলবেলা গা ধুয়ে, পাটভাঙা তাঁতের শাড়ি পরে, সেজেগুজে চুল বেঁধে, চায়ের ট্রেতে ফ্লাস্কভর্তি চা আর নানারকম 'টা' সহযোগে গল্প করতে বসতেন  l  ঠাকুর -ঝি -চাকরেরও অভাব ছিল না তাই তাঁদের ওপর সংসারের চাপ ছিল না তেমন l  কাকিমাদের ওই বৈকালিক আড্ডাটা দু চোখ ভরে দেখত শর্মিলা l মায়ের জন্য কষ্ট হত খুব l রোজ বিকেলে ওই সময়টায় ওর মা কয়লার উনুন ধরিয়ে বিকেলের রান্না করতেন l পিসি রাজশ্রীও  টিউশনি করে ফিরে মাঝেমাঝে সাহায্য করতেন  অবশ্য l  সকালে মাঝেমধ্যে একটু আনাজ কেটে দেওয়া ছাড়া ঠাম্মাকে সংসারের আর কোনো  কাজ করতে দেখেনি শর্মিলা l সংসারের সম্পূর্ণ ভার মায়ের ওপরেই ছিল l তবে সেটা নিয়ে মায়ের মুখে কোনোদিন কোনো অভিযোগ বা অনুযোগ শোনা যেত না l মায়ের যেন শরীর খারাপও হতে নেই, বারোমাস-তিরিশদিন যন্ত্রের মত সংসারের জোয়াল টেনে যাওয়াই তাঁর কাজ l রোজ বিকেল হলেই শিবমন্দিরে আরতি দেখতে  যেত ঠাম্মা l সারা পাড়ার হাঁড়ির খবর জোগাড় করে সন্ধ্যাবেলা রান্নাঘরে পিঁড়ি পেতে বসে তেলমশলা সহযোগে সেসব পরিবেশিত হত l একটা টিমটিমে চল্লিশ ওয়াটের বাল্ব জ্বলত রান্নাঘরে l শ্রোতাদের মধ্যে পাড়ার আরো দু - চারজন মহিলা থাকতেন l তখনও বাঙালীর ঘরে দূরদর্শন এসে পৌঁছয়নি l এই পরচর্চাটুকুই ছিল মহিলাকূলের বিনোদন l ওরা এলেই পিসি ঠাম্মার ঘরের খাটে বসে এম এ ক্লাসের  পড়াশোনা শুরু করে দিত l মায়ের ঘরে খাটের ওপর তখন হারমোনিয়াম নিয়ে রেওয়াজ করতে বসতে হত  শর্মিলাকে  l আর ছোটকার ওই আধখানা ঘরে তো বসার জায়গাই নেই l অগত্যা পরচর্চার আসরটা রান্নাঘরেই বসত l মায়ের কানে অবশ্য সেসব ঢুকছে কি না বোঝাই  যেত না, নির্লিপ্তমুখে রুটি সেঁকতেন l মায়ের বানানো চা খেতে খেতে নিচুস্বরে ঠাম্মা বলতেন 
--অন্যের কথা আর কি আর কমু ! আমার কপালেই যে বিদ্যাধরী জুটসে ! সংসারে মন নাই ! শুধু নাটক - নভেলের মইদ্যেই ডুইব্যা আসে l আর মাইয়াটাও হইসে তার দোসর l
 
আগুনের আঁচে মায়ের চোখমুখ লাল হয়ে থাকত l রুটি করা শেষ করে শর্মিলাকে পড়াতে বসাতেন মা l এমনিতে নরমসরম কিন্তু নিজের মেয়ের শিক্ষাদীক্ষার ব্যাপারে খুব কড়া ছিলেন অপর্ণা l দেশভাগের পর বাংলাদেশ থেকে চলে আসার অল্প কিছুদিনের মধ্যেই মা- বাবা দুজনকেই হারিয়েছিলেন l তারা পাঁচ ভাইবোন কাকার সংসারেই মানুষ l অপর্ণাই  বড় l লেখাপড়ায় মোটামুটি ভালো ছিলেন কিন্তু ইন্টারমিডিয়েট পরীক্ষার আগেই বিয়ে হয়ে গিয়েছিল অপর্ণার l বিয়ের পরেই সংসারের জোয়াল এসে পড়েছিল কাঁধে l কিন্তু লেখাপড়া ভালোবাসতেন বলেই মেয়েকে নিজের মনের মত করে  তৈরী করতে চেয়েছিলেন l ননদের লেখাপড়াতেও কোনো বাধাবিঘ্ন আসতে দেননি কখনো l সেইজন্যই বোধহয় প্রায় সমবয়সী ননদের সঙ্গে কোনোদিন কোনো মনোমালিন্য হয়নি l পড়তে ইচ্ছে না করলে  শর্মিলা মাঝেমধ্যে ঠাম্মার আঁচলের তলায় গিয়ে সেঁধোত l কিন্তু মায়ের কাছে কিছুতেই পরিত্রাণ পেত না l রাত দশটা অবধি মায়ের সামনে বসে লেখাপড়া করে তবেই ছুটি মিলত l সকলের খাওয়াদাওয়া হলে, রান্নাঘরের পাট মিটলে  রাত জেগে চলত মায়ের  বই পড়া l শর্মিলা আর ওর বাবার ঘুমোতে অসুবিধে হবে বলে ঘরের লাইট নিভিয়ে জানলার একটা পাল্লা খুলে স্ট্রিটলাইটের আলোয় বই পড়তেন  মা l মাঝে মাঝে ঘুম ভেঙে গেলে আবছায়া অন্ধকারে জানলার গরাদের ফাঁক দিয়ে আসা একচিলতে আলোয় আলোকিত মুখটা দেখে  মাকে ধ্যানমগ্ন তাপসী মনে হত l মায়ের মুখেই পুরাণের গল্প শুনেছিল শর্মিলা l মায়ের অপর্ণা নামটা সার্থক মনে হত তখন l

(চলবে )



             

                                                                  




জয়তী রায় ( মুনিয়া)

                                                          




 শূণ্য এবং আমি

*******

 



   কোভিড সময় সৃষ্টি হচ্ছে শূণ্যতা। Emptiness। জ্ঞানগর্ভ বক্তৃতা দিয়ে এই ভাব কমানোর চেষ্টা না করাই ভালো। এই বোধ বাস্তব পরিস্থিতি থেকে সৃষ্ট। 

The experience could have many causes, including shifting hormonal levels, losing a job, or the required physical distancing that comes with a pandemic. 


    কিচ্ছু ভালো লাগছে না। 

 এখন এই কথা খুব স্বাভাবিক। পরিস্থিতি খুব জটিল। চোখের সামনে প্রিয়জনের মৃত্যু, আর কিছু করতে না পারার কারণে এমন শূণ্যতার বোধ গ্রাস করে। সেইসঙ্গে যেটা মারাত্মক ভাবে হয়, সেটা হল নিজের সঙ্গে নিজের যোগাযোগ ক্ষুন্ন হয়।

 এই আমি নই আমি। আমি এমন ছিলাম না। এমন আনস্মার্ট এমন ভীতু ... ছিলাম না। এখন পাল্টে গেছি বদলে গেছি। পরিস্থিতি বদলে দিয়েছে। এমন কিছু নেই যা উৎসাহিত করতে পারে। 

 **

  ভালোথাকা আমাদের হাতে আর নেই। কিন্তু যতক্ষণ নিরাপদ আছি ততক্ষন চেষ্টা করে যেতে হবে। 

১. খুব ছোট্ট করে হলেও একটু এক্সারসাইজ। 

২. কথা বলা ভালো। কিন্তু সারাদিন নেগেটিভ কথা নয়। 

 এইসময় প্রবলভাবে আক্রান্ত হতে হবে নেগেটিভ চিন্তা দিয়ে। আর সেটা খুব স্বাভাবিক। তাহলে কি করব? 

 ওই নেগেটিভ কথা ঘুরিয়ে চেষ্টা করতে হবে কি করলে ভালো থাকা যায়, সে আলোচনা করা। লোক ভালোও হয়ে উঠছে... তাদের সংখ্যা নেহাৎ কম নয়। সেই পজিটিভ দিকগুলো উঠে আসুক আলোচনায়। কোভিড প্রাণ কেড়ে নিচ্ছে সত্য, কিন্তু বেঁচে থাকতে হবে এটাও সত্য। অন্ধকার গ্রাস করে ফেললে কিন্তু, বেঁচে থেকেও মৃতই থাকব। 

*

     প্রিয়জন হারিয়ে ফেলা, চাকরি নেই। শরীরে ফ্যাট জন্মে যাচ্ছে। ঝগড়া হচ্ছে। 

বাচ্চা বিদেশে কিন্তু যাওয়া যাচ্ছে না। 

হাজার কারণ আছে। 

কি মনে হয় এইসময়? কি হবে বেঁচে থেকে? কি লাভ? কার কাছে মূল্য আছে আমার? কেউ নেই। কেউ নেই। 

  It is not darkness 😭 in my heart ❤️, just emptiness waiting for the sun. 

 আদিগন্ত বিপুল শুণ্যতা নিয়ে বাস করে মানুষ। 

****

 

  মনে রাখতে হবে এবং প্রতিদিন মনে রাখতে হবে, আমি নামক এই ব্যক্তি খুব একটা গুরুত্বপূর্ণ কেউ নই। পৃথিবীর রাজাও চলে গেলে কিছুই আসে যায় না। চলে যাওয়াটা এমন সত্য যে, মানুষ দুদিন পরেই নিজের কাজ করতে বাধ্য হয়। একদম কাছের মানুষ চলে গেলেও বাজারে যেতে হয়। রান্না করতে হয়। সমস্ত যখন করতেই হবে , বেঁচে যখন থাকতেই হবে তখন বিষাদ সরিয়ে ফেলার চেষ্টা করে দেখতে কি দোষ? যেমন জল খেতে হবে , বাথরুম যেতে হবে তেমনি বেরিয়ে আসতে হবে নেই বোধ থেকে। কে নেই? কি নেই? প্রাণ যতক্ষণ আছে ততক্ষণ সৃষ্টি আছে। শূণ্যবোধ ক্লান্ত করে তুলবে। জীবন সম্পর্কে নিরুৎসাহ করে তুলবে। নিজের জন্য না হোক, সঙ্গে যারা আছে তাদের জন্য নিজেকে ফিরিয়ে আনতেই হবে। 

দূরে থাকা বাচ্চাদের কাছে কান্নাকাটি করে লাভ নেই। বরং ভিডিওতে হাসি মুখ থাক। ❤️❤️❤️❤️❤️

 শরীর লড়াই করতে পারবে কি না, সেটা অনেকটা নির্ভর করে মনের উপর। আর একটা কথা, প্রার্থনার শক্তি নিয়ে সন্দেহ না রাখাই ভালো। প্রতিদিন প্রার্থনা করুন। নিজের জন্য এবং অপরের জন্য। নিঃস্বার্থ হয়ে ছোট্ট সেবা করলেও নিজের প্রতি আত্মবিশ্বাস ফিরে আসে। শুধু কোভিড সময়ে নয়, সংসারের ক্ষেত্রেও এমন মনোভাব নিজের জন্য ভালো। তার মানে এই নয় যে , মুখ বুজে জুতো লাঠি খেতে হবে। তবে, প্রতিবাদ আর অপমান এক নয়। প্রার্থনা অপরের জন্য করলে নিজের ভিতর আনন্দ তৈরি হয়, যা আমাদের ভিতর এনার্জি তৈরি করে। কিন্তু, অন্যকে অপমান করলে সাময়িক তৃপ্তি পেলেও পরে ক্লান্ত বোধ হয়। শুনতে কেতাবী মনে হলেও, মিথ্যা না বলা, অন্যকে ছোট না করা ইত্যাদি কাজ দিনের শেষে আনন্দ দেয়। যেটা খুব জরুরি। 

****

 " যতটুকু দেখো, ততটুকু আছি ভালো

কে দেখে বুকের ভিতর, কতটা অগোছালো।"

   _ সাদাত হোসাইন। 

*****

 মনে করা যাক ,  একটা গভীর খাদ উপরে একটা ঝুলন্ত সেতু। দড়ি ধরে পার হতে গেলে অনেক সমস্যা। কিন্তু পার হতেই হবে। 

এখন গভীর খাদের উপর ঝুলন্ত সেতুর দড়ি ধরে দাঁড়িয়ে আছি। কি করব? পারব? ওইপারে যেতে? জীবনের কাছে পৌঁছতে?

আমরা কেউ দুর্বল নই, কেবল ক্লান্ত হয়ে পড়েছি। জীবনের নানান দিকের অত্যাচার ক্লান্ত করে তুলছে। এবার ফিরে আসতে হবে। শক্ত পায়ে পার হয়ে যেতে হবে অতল খাদের অন্ধকার। কারণ, দিনের শেষে আমার সঙ্গে থাকব কেবল মাত্র আমি। তাকে সুখী রাখাই আমার কর্তব্য। ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

রূপম দেব

                                                   



এই সপ্তাহের কবি রূপম দেব ।  জন্ম ১৭ই জানুয়ারি,  ১৯৮১ চট্টগ্রাম,  বাংলাদেশ !  পড়াশুনা ইংরেজি সাহিত্যে বি. এ (অনার্স) এম.এ।  পেশায় ম্যানেজার মার্চেন্ডাইজ ! 


তোমাকে 

দ্যাখা আর 
না দ্যাখার মাঝেই 
নৈকট্যের সাঁকো আঁকা !  

প্রযত্নে; 
নিগুঢ় সন্তরণ 
তোমার ঠিকানায় ! জল্পনায় উড়ে 
হাওয়া হরিৎ সুখ আনন্দ আল্পনায় !

তবুও 
জলরঙা 
ঢেউয়ে ভাসে 
বিশীর্ণ বোধ ; কেউ 
বলে এ অভিমান; বুক পোড়া আক্ষেপ ! 

হয় 
যদি সান্ত্বনা !  
দিনভর রাতভর ! মিহি অভিমান !

1) বোধ  // রূপম দেব

অদৃশ্য যা কিছুই 
পার্থিব চোখে অক্ষরবন্ধী হয় না ; 
যেমন তুমি যেমন আমি ! 

বিবাগী পলেস্তরায় 
জমে কত উদাসী শিশির  ! টুপটাপ ! 
পলে পলে পাঁজরময় নীরব জলতরঙ্গ ! 

বুকের উঠোনে স্তব্ধ
প্রণয় কুহক বহুসহস্রাব্দ ; পর্ণমোচী 
বিরহ প্রসারিত দূরত্বে আঁকে ম্রিয়মান জলছাপ !  

তবুও পান্ডুলিপি 
ভরে উঠে রোজ রাত রোজ দিন শব্দময় 
সম্ভারে নিঝুম সন্তরণ । 

২) সন্তরণ  //রূপম দেব

বাতাসে হুইসেল 
চাপা ফিসফাস ! কত ট্রেন আসে, 
ট্রেন যায় ! তবু নিত্য অপেক্ষা ! এই বুঝি কড়া নড়ে ! 
 
ঝিম ধরা দুপুর 
সম্বিতহীন ; সুনশান-নিস্তব্ধ আলেয়া ! 
দুচোখে চোরা স্রোত ! দৃষ্টি আনত ক্লান্ত দীঘি জলে ! 

পাঁজরে বেপরোয়া অসুখ ! 
চিনচিন ব্যাথা বেসামাল চাবুক ! তুমি বুঝলে 
না ! চেনা ঠিকানায় এখন কি আর চিঠি পৌঁছে না ?

তবে কি বাড়ী 
বদল না মন ! ঠিক বুঝি না !  
মন কেমনের দিন- রাত্রি ভীষণ কালো ; সূর্য উঠে না  ! 

৩) মন কেমনের দিনরাত্রি  // রূপম দেব


চেনা স্বর ; নিঃস্বর
ঘোরলাগা সময় ; চুপচাপ ঈশ্বর !! 

কোন্ সুর ; পায়ে নূপুর 
বাজে কার; ঝিম ধরা লাটিম দুপুর !! 

স্পর্শে নয় অনুভবে 
কে আছো, দাও সাড়া মিহি দূরত্বে !!

তবু মায়া ; জলঘুম চোখে 
ভাসে চন্দ্রভূক রাত বিরহী সাজে !! 

শার্সিতে জলছাপ 
কায়াহীন ছায়া ; আরক্ত অভিশাপ !! 

৪) মায়া নূপুর   // রূপম দেব


দ্যাখতে চাও ? 
কী তুমুল তোলপাড় 
বুকের ভিতর ! 

গোপন সুনামী
অহর্নিশ আগুন রঙা ছাই ; 
পোড়া ক্ষত ! 

তবে খনন 
করো ! নির্দ্বিধায় ! নিমগ্ন 
শানিত শাবলে ! 

শর্তহীন 
গভীরতায় ! মহেঞ্জোদারো ! 
নিঃশঙ্ক পাঁজরে ! 

৫) নিঃশঙ্ক পাঁজরে  // রূপম দেব

তোমার বরফ 
কঠিন মৌনতায় অনন্ত 
দহন; বৈরী বিষাদ !  পুড়ে যাই ! 

আকাশ জুড়ে 
ছাই রঙা মেঘ, বিষন্ন 
বিকেল কাজল আঁকা; শুধু ডেকে যায়  ! 

রূদ্ধশ্বাস অপেক্ষা 
বুকে নিরাভরণ শূন্যতা ; জলঘুম 
চোখে স্মৃতিঘোর ক্যানভাস ; নিঝুম সন্তরণ  ! 

৬) বরফ কঠিন মৌনতা  // রূপম দেব


বিষন্ন সিঁড়ি;
দু'পাশেই রেলিং ; 
মোজাইক করা নিরাপত্তা ! 
দেয়ালে বিন্যাস্ত পোট্রেট, যাপিত দীর্ঘশ্বাস ! 
শেষতম ধাপেই নিরুত্তাপ দাঁড়িয়ে তোমার অবহেলা ; 

দামী টাইলসে 
মোড়ানো শুরু থেকে 
শেষ ! পারফিউমে ঢাকা রোজ 
শেষ রাতের যন্ত্রণা ! কেউ জানলো না ঠিক 
কী লেখা ছিল চিরকুটে ধোঁয়াটে অক্ষরে ! নিঃস্বর;

বরফ কঠিন 
মৌনতায় ! সম্পর্কের এক 
অবয়ব ছিল জানি!  ওতে প্রাণ ছিলো না..!

৭) নিষ্প্রাণ   // রূপম দেব 


চৈতালী 
হাওয়ায় বিষ; 
কানে কানে ফিসফিস - 
ফিরে যাও, ঘরে ফিরে যাও !! 

পথে পথে 
মৃত্যুর কলরব; 
নৃত্যে দোলে লাশের 
পাহাড়;  সুনামি উচ্ছ্বাস । 

প্রকাশ্য 
দিবালোকে 
কুকুরের আর্তনাদ -
মানুষ, ঘরে ফিরে যাও ।। 

৮) মানুষ, ঘরে ফিরে যাও //রূপম দেব

অধরা ক'ফোটা 
বিষ মেখো তোমার জলজ 
অধরে ; নির্বেদ প্রহরে জ্যন্তবিরহে ! 

এ আমার 
শেষ অনুরোধ  ; বিষে 
আমি নীল হবো সঘন চুম্বনে ! 

অতঃপর ; 
অমৃত মন্থন শেষে 
দীর্ঘ ছুটিতে যাবো মেঘের ওপারে !! 

৯) ক'ফোটা বিষ  // রূপম দেব


ক্যানভাসে যত রঙ
তার চেয়ে বেশী রঙ এ হাতের তুলিতে! 

তুমি ছোঁও আমাকে.. 
পলকে বৃষ্টি নামুক নিশ্চুপ দুপুরে ! 

এসে দাঁড়াও 
বুকের পোড়া আঙিনায় ;
করি নির্মান পূর্ণতায় 
পলে পলে তোমায় নিভৃত সাধনায় ! 

এ পোড়া হাত ক্ষত বিক্ষত.. 
তবুও রঙ আছে ঢের আঙুলের মিহি স্পর্শে ! 

১০) ক্যানভাস //রূপম দেব 

স্তব্ধ হৃদয় ! 
বরফ কঠিন জমাট বিষাদ !  
একাকিত্বে ডুবে যায় রোজ ইথারীয় রাত !

নিগূঢ় অপেক্ষা   
ঘেঁষে দাঁড়ায় সঘন দীর্ঘশ্বাস ! লক্ষ্যহীন 
আঁকিবুঁকি ; ঊষর ক্যানভাস জুড়ে মৌন মৌতাত !  

নিপাট নিঃসঙ্গতা ;
হাওয়ায় লিখি কত কী নির্বেদ শূন্যতা! 
মেসেঞ্জারে চোখ সবুজাভ জলছাপ ; তুমুল আক্ষেপ ! 
১১) মেসেঞ্জার  

রবিবার, ৯ মে, ২০২১

অমিতাভ সরকার

                                        


(মাতৃ দিবসে এক মায়ের গল্প)

#নকশী_কাঁথা#
                                                           
 
ফ্ল্যাটের ঢোকার দরজার কাছে গিয়ে আর একবার লিভিং রুমের চারিদিকটা পরখ করে নিলাদ্রী। গতকালের কেনা জানলা-দরজার পর্দাগুলো টাঙানো পর বেশ লাগছে ঘরটাকে। নিজের পছন্দের তারিফ করে মনে মনে। হঠাৎ দেওয়ালে টাঙ্গানো ফ্রেমে বাঁধানো বহুদিনের বিবর্ণ পারিবারিক ছবি দেখে ভ্রুঁরু কুঁচকে গেল নীলাদ্রির। ইসস, একদম চোখে পড়ে নি!! “মধু... মধু...”। মধুরিমা, নিলাদ্রীর স্ত্রী। “আসছি...। কী হলো আবার...?” কিচেন থেকে হাত মুছতে মুছতে বেরিয়ে আসে মধুরিমা। আজ ভোর থেকেই রান্নার কাজে ব্যাস্ত মধু।
“এই দ্যাখো, পরিষ্কার করার সময় ভেবেছিলাম সরিয়ে দেব, একদম খেয়াল হয় নি...! তোমারও তো চোখে পড়েনি! ইসসস...!”
“আমি কী করে করবো? সকাল থেকেই তো কিচেনে...। তোমার আর কি, বাজার করেই খালাস...। নিলাদ্রী মধুর কথার জবাব না দিয়ে একটা টুলের ওপর দাঁড়িয়ে ফ্রেমটা নামিয়ে আনে।
“গতকালের আনা রবীন্দ্রনাথের পোট্রেটটা কোথায় গো?” মধুরিমা বেডরুম থেকে নিয়ে এসে ছবিটা নিলাদ্রীর হাতে এগিয়ে দিতে দিতে বলে;
“শোনো, একটা বিষয় আমরা ভেবে দেখি নি...”। একটু চিন্তিত মনে হয় মধুরিমাকে।
“আবার কী হল...?” পোট্রেটটা টাঙ্গিয়ে দিতে দিতে বলে। ওঃ, সকাল থেকে যা চলছে...। শরীর আর চলছে না। ঘরদোর পরিষ্কার, পুরোনো নড়বড়ে ফার্নিচারগুলো সব ছাদে তোলা, ব্যালকনির টবগুলি রঙ করা, দু’রকম মাছ, মাংস...এখনও তো ফুল আর মিষ্টি আনতে বাকী। যদি কাজটা হয়ে যায়, তাহলে পরিশ্রমটা সার্থক হয়।
“না..., সে রকম কিছু না, ভাবছিলাম, তোমার মা’কে কোথায় রাখা যায়? মা কি তাঁর ঘরেই থাকবেন?
“তাই তো, এদিকটা একদম ভাবা হয় নি। সোফায় বসে নীলাদ্রী। “কী করা যায় বলো তো?”
“তোমাকে বলেছিলাম কয়েকদিন দেশের বাড়িতে কাকার কাছে রেখে আসতে। তুমি তো তখন পাত্তা দিলে না...,  এখন বোঝো!”
“এখন তো ওই সব ভেবে লাভ নেই...। প্লিজ, কী করা যায় বলো না।“ অনেকটা আবদারের সুরেই বললো নীলাদ্রির। মাথাটা একটু নীচু করে একটু ভেবে নেয় মধু।
“এক কাজ করো, পেছনের দিকে শোয়ার ঘরের লাগোয়া ব্যালকনিতে মা তো রোজই বসেন। আজ না হয় ওনারা না যাওয়া পর্যন্ত বসে থাকবেন। দু’তিন ঘন্টার তো ব্যাপার...। তেমন ঠান্ডাও পরে নি...”।
“তা অবশ্য ঠিক...” অনেকটা অনিচ্ছা যত্বে মেনে নেয় নিলাদ্রী।
“আর হ্যাঁ..., ফুল আনার সময় মা’র জন্য ভালো দেখে একটা হাউসকোট নিয়ে এসো। চিন্তা করো না, আমি ঠিক ম্যানেজ করে নেবো। তুমি এগোও...আমার এখন অনেক কাজ”। বলতে বলতে কিচেনের দিকে এগোয় মধু।

বাজার থেকে ফিরে মা’র হাউসকোটটা হাত বাড়িয়ে মধুকে দিয়ে কয়েক ডজন রজনীগন্ধা স্টিক আর ফুলের বুকেটা ডাইনিং টেবিলে রেখে একটু জল ছিটিয়ে দেয় নিলাদ্রী। তারপর শেষবারের মতো লিভিংরুমের ফার্নিচারগুলো একটু ঠিকঠাক করে দেয়। দরজা থেকে দু’পা এগিয়ে বুকশেলফের পাশে সোফাসেট, মাঝখানে সেন্টার টেবিল, জানলার একপাশে একটু উঁচু টুলের ওপর স্কেলচেঞ্জার, তার পাশে টুল। তার ঠিক পেছনের ওয়ালে রবীন্দ্রনাথের ছবি। ‘মধুকে দুটো  গান একটু প্রাকটিস করে রাখতে বলেছিলাম, করেছে তো?’ মনে মনে ভাবে নিলাদ্রী।

“মা দেখি, একবার পরে দেখুন তো ঠিক হয়েছে কিনা”। মধু হাউসকোটটা প্যাকেট থেকে বের করে শাশুড়িকে পরিয়ে দেখে নেয়। ভালোই লাগছে শাশুড়িকে, বোঝাই যায় একসময় বেশ সুন্দরী ছিলেন। যদি নেহাতই সামনে আসতে হয়, খারাপ দেখাবে না। মনে মনে ভাবে মধু।
“এটা কী বউমা? ম্যাক্সি...? আমার তো অনেক ম্যাক্সি আছে... এটা...?”
“এটা হাউসকোট, আজ বিকেলে ওঁর অফিসের বড়সাহেব তাঁর স্ত্রীকে নিয়ে আসবেন। সবাইকে একটু ফিটফাট থাকতে হবে। বিকেলে আপনি এটা ম্যাক্সির ওপর পরে থাকবেন। ও হ্যাঁ...আর একটা কথা, বিকেলে ওই সময়টুকু ব্যালকনি গিয়ে বসবেন। বুঝতেই পারছেন, আপনার ছেলের চাকরীর ব্যাপার। এর মধ্যে আপনার না থাকাই ভাল। একটু কষ্ট হবে হয়তো”।
“আমি বুঝতে পেরেছি বউমা। আমার কোনও কষ্ট হবে না। ওঁনারা না যাওয়া পর্যন্ত আমি ওখানেই থাকবো। কোনও চিন্তা করোনা”।

বিকেলে নিলাদ্রী স্নান সেরে খদ্দরের পাঞ্জাবী আর পায়জামা পরে। মধুরিমা পরে সাদা লালপাড় টাঙ্গাইল। সাহেব ছ’টা থাকে সাড়ে ছ’টা মধ্যে আসবেন বলেছেন। একবার যদি সাহেবকে হাত করা যায়, তাহলে এরিয়া ম্যানেজারের পোস্টটা পাকা। যদিও ক’দিন ধরেই তেওয়ারিকে স্যারের চারপাশে ঘুরঘুর করতে দেখছে। অফিসের কানাঘুষো শোনা যাচ্ছে তেওয়ারিই নাকী...। এই প্ল্যানটা অবশ্য মধুরই...।
“মধু পায়েসটা ফ্রিজে রেখেছো তো? ঠান্ডা না হলে ঠিক ভালো লাগে না’
“সব ঠিক আছে, কোনও টেনশন করো না। প্ল্যানটা যখন আমার, তখন অত ভাবতে হবে না।  এই রকম হাই-প্রোফাইলের গেস্টদের কী ভাবে এন্টারটেন্ট করতে হয়, তা তোমার থেকে ভালো জানি”।
“মা ঠিক আছে তো?”
“মা’কে ব্যালকনিতে বসিয়ে দিয়ে এসেছি। কোনও অসুবিধা হবে না। আর অসুবিধা হলেও তো কয়েক ঘন্টা।  মাঝখানে আমি একবার দেখে আসবো”।
“পোনে ছ’টা বাজে। যাই..., নীচে গেটে গিয়ে ওয়েট করি”। নিলাদ্রীর সঙ্গে কথা বলতে বলতে তাঁকে লিফট পর্যন্ত এগিয়ে দেয় মধুরিমা।

জলতরঙ্গের মতো কলিংবেল বেজে উঠতেই মধু তাড়াতাড়ি দরজা খোলে। নিলাদ্রীর পাশে সাদা পাঞ্জাবীর ওপর র’সিল্কের জহরকোট পরা এক হাসিখুশী ভদ্রলোক এবং সিল্কের শাড়ি পরা এক ভদ্রমহিলাকে দেখে অবাক হয় মধু। তবে যে নিলাদ্রী বললো, ইউ এস থেকে এসেছেন !
“আসুন আসুন প্লিজ...” নিজেকে সামলে আলতো করে ভদ্রমহিলার হাত ধরে ভেতরে নিয়ে আসে মধু।
“মধু... এই হল আমাদের সকলের প্রিয় মিষ্টার সান্যাল সাহেব আর উনি...”।
“বুঝতে পেরেছি... ‘দিদি’...” ইচ্ছে করেই ‘দিদি’ সম্বোধন করে মিসেস সান্যালের প্রতিক্রিয়া দেখে মধু। মিসেস সান্যালের হাসি মুখ দেখে নিশ্চিন্ত হয়।
মিস্টার সান্যাল লিভিং রুমের চারিদিকটা দেখতে দেখতে বলেন;
“বাঃ, আপনাদের রুচির তারিফ করতেই হচ্ছে...। সবই তো ম্যাডামের ক্রেডিট, তাইতো? নিলাদ্রীর আর সময় কোথায়...”।
“খুব অন্যায় হয়েছে। আপনার মিসেসকে ‘দিদি’ বলে ডাকাটা ঠিক হয় নি। ম্যাডাম বলা উচিত ছিল”। অভিমানী গলায় বলে মধু। মধুর বলার ভঙ্গিতে হেসে ফেলেন মিস্টার সান্যাল।
“ঠিক আছে, ঠিক আছে, আমি নাম ধরেই ডাকবো। কী যেন নাম...?”
“আমার নাম মধুরিমা। মধু বলেই ডাকবেন আমাকে। ও ওই নামেই ডাকে...”।
“স্কেলচেঞ্জারও আছে দেখছি...! কে গান করেন? মধু নিশ্চয়ই, তাহলে তো একটা গান শুনতে হয়...”। সত্যি মধুকে তারিফ করতেই হচ্ছে। কয়েক মিনিটেই বেশ জমিয়ে দিলো!  খুশী হয় নিলাদ্রী।
“এক সময় করতাম, বিয়ের পর ঠিকমতো রেওয়াজ করার সময় পাই না”।
“তা বললে তো আমি শুনবো না...”। মিসেসের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে মিষ্টার সান্যাল। মিসেসও সায় দেয় তাতে।
“নিশ্চয়ই স্যার, ও অবশ্যই করবে”। কথাটা বলে মধুকে ইশারা করে নিলাদ্রী।
“পাঁচ মিনিট দাদা, সবার জন্যে আগে কফি নিয়ে আসি”। কিচেনের দিকে পা বাড়ায় মধু। নাঃ, এলেম আছে মধুর। দশ মিনিটেই দাদা পাতিয়ে ফেললো! মনে মনে ভাবে নিলাদ্রী।
মিষ্টার ও মিসেস সান্যালের অনুরোধে পর পর দুটি রবীন্দ্রসঙ্গীত করে মধু। গল্প গান, কবিতা পাঠে সময় গড়িয়ে যায়। কারো খেয়াল থাকে না। মধু ঘড়ির দিকে তাকায়।
“আটটা বেজে গেছে। আপনাদের জন্য এবার ডিনারের ব্যবস্থা করি?”
“তার আগে চলো তোমাদের ফ্ল্যাটটা একটু ঘুরে দেখি”। মিসেস সান্যালের কথায় উঠে দাঁড়ায় সকলে।
বেডরুমে গিয়ে ব্যালকোনির দরজাটা খুলে দেয় মধু। আশপাশের ফ্ল্যাটের আলো ঝলমলিয়ে ওঠে। ব্যালকোনির ইন্ডোর-প্ল্যান্ট আর অর্কিডের তারিফ করে তাঁরা। সকলে পেছনের দিকে ছোট বেডরুমে এসে ঢোকে।
“এখানে কে থাকেন? মিসেস সান্যালের প্রশ্নে নিলাদ্রীকে ইতস্তত করতে দেখে এগিয়ে আসে মধু।
“এটা আমাদের মা, মানে আমার শাশুড়ী মা’র জন্য। মা সাধারণত দেশের বাড়ি বীরভূমেই থাকেন, মাঝেমধ্যে এখানে এলে...”। বেডরুম থেকে বেরোবার সময় হঠাতই থমকে দাঁড়ায় মিষ্টার সান্যাল।
“এখানে কী কেউ আছেন? একটা কাশির শব্দ শুনলাম মনে হোল!” মিষ্টার সান্যালের কথায় প্রমাদ গোনে নিলাদ্রী। মধুর দিকে অসহায়ের মতো তাকায় মধুর দিকে...।
“এই রে...মা এখনও ব্যালকোনিতে! ইসসস... কথায় কথায় ভুলেই গিয়েছিলাম... মা কয়েকদিন হোল এখানে এসেছেন”।  ব্যালকোনির দরজা খোলে মধু। মধুর সাথে সাথে মিষ্টার সান্যালও এগিয়ে যান।
ধীরে ধীরে মা’কে ধরে বিছানায় বসিয়ে দেয় মধু।
“কিছু মনে করো না বৌমা, ঘুমিয়ে পরেছিলাম”। হঠাৎ  মিষ্টার ও মিসেস সান্যালকে দেখে ভয়ে কুঁকড়ে যান।
“কী যে বলেন মা। আমারই ভুল, ওঁনাদের সঙ্গে আলোচনায় ব্যাস্ত থাকায় একদম খেয়াল করতে পারি নি”।
মিষ্টার সান্যাল সামনে গিয়ে প্রণাম করেন নিলাদ্রীর মা’কে। তা দেখে বিস্মিত হয় নিলাদ্রী ও মধু।
মিসেস সান্যাল ঝুঁকে প্রণাম করে উঠতেই হঠাৎ গায়ের জড়ানো কাঁথার দিকে নজর পরে তাঁর। মিষ্টার সান্যালকে বলেন;
“দেখো..., নকশী কাঁথা...!!” মিসেসের কথা মিষ্টার সান্যাল ঘুরে ফিরে চারদিকে দেখতে থাকেন গায়ে জড়ানো কাঁথাকে। দুটি হাঁটুকে দু’হাত দিয়ে জড়িয়ে মাথা নিচু করে আরো কুঁকড়ে যান নিলাদ্রীর মা।
“ দেখি মা...” মধু চট  করে একটা হালকা শাল নিয়ে এসে শাশুড়ীকে জড়িয়ে কাঁথাটা খুলে দেয়। তারপর সকলের সামনে এনে বিছিয়ে দেয় বিছানায়। বিস্ময়ে দুজনে কাঁথাটা খুঁটিতে খুঁটিয়ে দেখতে থাকেন। কী অসম্ভব ধৈর্য্য, দক্ষতা আর নান্দিকতার অপূর্ব মেল বন্ধন... স্তম্ভিত হয়ে যান দু’জনে।
নিলাদ্রী আর মধু অবাক চোখে দাঁড়িয়ে ভাবে, এত মূল্যবান, এত কদর এই কাঁথার...! আগে জানলে তো...।
“মাসিমা, আপনি করেছেন?” মিস্টার সান্যাল পাশে বসে জিজ্ঞাসা করেন নিলাদ্রীর মা’কে।
“হ্যাঁ, বাবু যখন খুব ছোট, সেই সময়ে করেছিলাম...”।
“আমাকে একটা করে দেবেন মাসিমা?” দু’হাত দিয়ে নিলাদ্রীর মায়ের হাত ধরেন মিসেস সান্যাল ।
“এখন কি পারবো? চোখে ভালো দেখতে...”  কথাটা শেষ করতে দেয় না মধু।
“আপনি নিশ্চিন্তে থাকুন দিদি, মা ঠিক পারবে”। এবারে কথা বলে নিলাদ্রী;
“ঠিক আছে মা, তোমার কী কী লাগবে বলে দিও, আমি এনে দেবো”।

ডিনারের পর মিষ্টার আর মিসেস সান্যাল বিদায়ের সময় আর একবার প্রণাম করলেন নিলাদ্রীর মা’কে। নিলাদ্রী নিচে নেমে তঁদেরকে গাড়িতে তুলে ফিরে এসে মা’কে জড়িয়ে পাশে বসে।
“আচ্ছা বাবু, ওদের কাঁথাটা করে দিলে তোর কি মাইনে বাড়বে?”
“হ্যাঁ মা, একটা প্রমোশন হবার কথা আছে। আর প্রমোশন হলে মাইনে তো বাড়বেই মা”।
“তাহলে তুই কালকেই নানা রঙের সুতো আর কয়েকটি সূঁচ নিয়ে আসিস। আমার করেকটি সাদা শাড়ী আছে, তাতেই হয়ে যাবে। চিন্তা করিস না বাবু, আমার যত কষ্টই হোক, তোর জন্য ঠিক করে দিয়ে যাব”।
                     .....................

জয়তী রায় ( মুনিয়া)

                      



 মুড সুইং/  সুগন্ধিবিষ  / কোভিড। 


  জ্ঞানচক্ষু মেলে পরিচিত হয়েছি ধূপকাঠির সঙ্গে। বাড়িতে পুজো আর রাশি রাশি ধূপ কাঠি জ্বালানো হচ্ছে। প্রতিদিন। প্রতি সন্ধ্যা। 
ধূপকাঠির সুগন্ধ মন ভালো রাখতে সাহায্য করে। সুগন্ধি রঙিন মোম জ্বালিয়ে চোখ তৃপ্তি পায়। মহিলা পুরুষ নির্বিশেষে পুজো মানেই ধূপের সুগন্ধি ছাড়া চলে না। 
   
    কেউ ই অবশ্য ঈশ্বরকে কখনো জিজ্ঞেস করিনি কিভাবে ডাকলে আপনার ভালো লাগবে? আদৌ এই সব উপকরণ লাগবে কি না? নাহ্। করিনি। অন্ধের মত প্রথা মেনে চলেছি। স্বীকার করতে বাধা নেই, আমিও তাই করেছি। প্রচুর পুজো করি। প্রচুর কষ্ট করি। প্রচুর ধূপ জ্বালাই। মোমবাতি জ্বালাই। বিদেশের গির্জা , মসজিদ খুঁজে খুঁজে জ্বালিয়ে রেখে আসি ধূপ। আজ বুঝি , কত ক্ষতি করেছি নিজের এবং পরিবেশের। শুধু, একটি নমস্কারে পূর্ণ হয় না প্রার্থণা? হয় বইকি! যেটা হয়না, সেটা হল নিজের তৃপ্তি হয়না। ঈশ্বর ঠিক কি চান? সেটা কখনো জিজ্ঞেস করিনি! 
*******
কেউ সিগারেট খেলে কত বকুনি দিতে থাকি, কিন্তু ধূপের ধোঁয়া তার চেয়েও ক্ষতিকর বেশি।  এখানে থাকে কিছু রাসায়নিক বৈশিষ্ট্য যা, জিনের( D NA) উপাদানে পরিবর্তন আনতে সক্ষম। সবচেয়ে মারাত্মক ব্যাপার হচ্ছে, পুজোর সঙ্গে জুড়ে যাওয়ায় আমরা উদাসীন থাকি ক্ষতিকর দিক থেকে। কেউ সিগারেট খেলে খুব বিরক্ত হই, কিন্তু ধূপকাঠি? 
মন ভালো করে। বাড়িতে একটা পজিটিভ চিন্তা আনে।
ধূপের স্নিগ্ধ গন্ধের সঙ্গে মুড ভালো করার ইচ্ছে কাজ করে। পবিত্রতা আর প্রশান্তি জড়িয়ে আছে ধূপের সঙ্গে।      

      কথাগুলি সত্য। কিন্তু,
  শ্বাসের সঙ্গে ওই ক্ষতিকর পদার্থ গ্রহণ করেছি। ফুসফুসে সংক্রমণের সম্ভাবনা বেড়ে যাচ্ছে। ধোঁয়ার মধ্যে আছে এমন টক্সিক পদার্থ ,যা ডেকে আনে ক্যান্সার। শ্বাস জনিত সমস্যা দেখা দেয় এখান থেকে। সমীক্ষায় দেখা গেছে, তিন ধরণের বিষ থাকে ধূপ কাঠির মধ্যে
  মিউটাজেনিক , জিনোটক্সিক সাইটোটক্সিক... যেগুলো প্রতিদিন ক্ষতি করছে আমাদের। 
****
এই প্রসঙ্গে বলি, পুরোহিতের কথা। 
দিনের পর দিন ধূপের ধোঁয়া সৃষ্টি  করছে সিওপিডি ( ক্রনিক অব স্ট্রাকটিভ পালমোনারিডিজিজ) 
সি ও পি ডি- কে বুঝতে হলে, আমাদের জানতে হবে, ফুসফুস কিভাবে কাজ করে। নিশ্বাস নিলে বাতাস আমাদের শ্বাসনালী  দিয়ে ছোট ছোট নালী ব্রঙ্কিওলস এ যায়। এই নলগুলোর শেষে আবার নানা  ক্ষুদ্র ক্ষুদ্র থলি a l v e o l i  থাকে। এই থলিগুলি থেকেই আমাদের রক্ত প্রযোজনীয় অক্সিজেন সংগ্রহ করে। সি ও পি ডি  র ফলে এই থলি গুলিতে কম বাতাস যায়।    
****
     নানা কারণ থাকতে পারে ফুসফুস জখম হ ওয়া র, ধূপকাঠি জ্বালানো তার মধ্যে একটি। 
ধূপের বক্স এ সিগারেটের মত সতর্কীকরণ থাকা ভালো। কারণ, ঘুপচি মন্দিরে ধূপকাঠির ধোঁয়া 500 সিগারেট খাওয়ার সমান। 
এখন, পরিবারের সকলে বাড়িতে আছে। একসঙ্গে। সুতরাং, ধূপকাঠি আরো মারাত্মক। 
এখন বরং, একটি নমস্কারে কাজ চলুক। উপোস বন্ধ থাকুক। কর্পূর জ্বালানো যেতে পারে। সবই কম কম। ধোঁয়া সৃষ্টি করে এমন কিছু না জ্বালানো ভালো।



                                                             

কাজল সেন

                                                                  



চিত্রকলা 


নাম রাখা হয়েছিল চিত্রকলা। মা-বাবা কী ভেবে মেয়ের এই নাম রেখেছিলেন, তা কারও জানা নেই, চিত্রকলারও জানার তো কথাই নেই। কেননা সেই নিতান্ত ছোটবেলায় চিত্রকলার তখনও কোনো বোধের উদয় হয়নি, আর কিছুটা বড় হয়ে  মা-বাবাকে হারিয়েছে। চিত্রকলা তারপর থেকে দাদু-দিদার কাছেই থেকেছে, ক্রমশ আরও বড় হয়েছে। বড় হওয়ার সাথে সাথে যেসব ব্যাপার খুব স্বাভাবিকভাবেই ঘটে থাকে, চিত্রকলারও তাই তাই ঘটেছে। যেমন স্কুলে ভর্তি হয়ে একটার পর একটা ক্লাসে উঠেছে। স্কুল ছেড়ে কলেজে ঢুকেছে। পড়াশোনার পাশাপাশি নজরুল সদনে গান শিখেছে, নাচ শিখেছে, ক্যারাটে শিখেছে, আবৃত্তি শিখেছে, কিন্তু না, চিত্রকলা শেখেনি। পরিষ্কার জানিয়ে দিয়েছে, আঁকাআঁকি একদম নয়। আঁকাআঁকির সঙ্গে আমার জন্মের শত্রুতা। কিছুতেই শিখব না।
চিত্রকলা অঙ্কনশিল্প শেখেনি, সুতরাং তার এই শিল্পকর্মে দক্ষতার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু গান, নাচ, ক্যারাটে, আবৃত্তি শিখলেও তাতে যে সে রীতিমতো বা মোটামুটি দক্ষ, তাও বলা যাবে না। এবং সে যে এসব যথাযথ মন দিয়ে শেখেনি, তারও অনেক প্রমাণ আছে। যেমন স্কুল বা কলেজের পরীক্ষাগুলোতে  কোনোরকমে পাস করে গেলেও পড়াশোনায় রুটিন করে ফাঁকি দিয়েছে, ঠিক তেমনি গান, নাচ, ক্যারাটে, আবৃত্তির ক্লাসে সুযোগ পেলেই কারও সঙ্গে বকবক, কারও সঙ্গে খুনসুটি, কারও সঙ্গে ঝগড়া, আবার কারও সঙ্গে হেঁয়ালি করে সময় কাটিয়েছে। 
এমন এক মেয়ে চিত্রকলা, যে সর্বঘটে লবডঙ্কা, যার ভবিষ্যতের কথা চিন্তা করে দাদু-দিদা বিব্রত, সেই মেয়ে হঠাৎ একদিন সবাইকে ভড়কি দিয়ে একটা ট্যালেন্ট হান্ট কম্পিটিশনে অংশগ্রহণ করে অ্যাক্টিং সেশনের ফার্স্ট রাউন্ডে সিলেক্ট হয়ে গেল। চিত্রকলার যেসব বন্ধু-বান্ধবীরা সেখানে জড়ো হয়েছিল, তারা চিত্রকলার ক্যালি দেখে স্তব্ধ হয়ে গেল। আসলে মুশকিল হচ্ছে, চিত্রকলা দেখতেও তো আদৌ সুন্দরী নয়! রঙটাও ফর্সা নয়, মূলত কালোই, উজ্জ্বল শ্যামবর্ণ বলে সান্ত্বনা দেওয়া যেতে পারে। বিচারকরা যে কী দেখে চিত্রকলাকে সিলেক্ট করল, কে জানে!
কম্পিটিশনের ফার্স্ট রাউন্ড হয়েছিল রাঁচিতে। সেকেন্ড রাউন্ড ছিল পাটনায়। চিত্রকলা পাটনায় পৌঁছে গেল। এবং কী আশ্চর্য, দ্বিতীয় রাউন্ডেও চিত্রকলা বাজি মারল। এবার ফাইন্যাল রাউন্ড কলকাতায়। চিত্রকলা রাঁচি ও পাটনায় একাই গেছিল। কিন্তু কলকাতায় যাবার জন্য দাদু-দিদাকে চেপে ধরল, তোমরাও চলো। দাদু-দিদার ততদিনে সিনা মানে বুকের পাটা একটু একটু করে ফুলতে শুরু করেছে নাতনীর কীর্তিকান্ড দেখে। চিত্রকলাকে নিয়ে তাঁরা পৌঁছে গেলেন কলকাতায়। ফাইন্যাল রাউন্ড, দেশের বিভিন্ন জায়গা থেকে ইতিপূর্বে সিলেক্টেড প্রতিযোগীরা এসেছে। যেদিন কম্পিটিশন সেদিন চিত্রকলা ভোর হতেই দাদু-দিদার সঙ্গে হাজির হলো স্টুডিওতে। সকাল দশটা থেকে ফাইন্যাল রাউন্ড শুরু হবে। 
চিত্রকলার যখন ডাক পড়ল তখন প্রায় রাত দশটা বাজে। সারাদিন উদ্বেগ উৎকণ্ঠায় শ্রান্তিতে ক্লান্তিতে কাহিল হয়ে পড়েছিল চিত্রকলা। সবকিছু ঝেড়ে ফেলে গ্যালারির দর্শক আর বিচারকদের সামনে এসে দাঁড়ালো। আর তারপর শুরু হলো চিত্রকলার এতদিনে অর্জিত পড়াশোনা, গান, নাচ, ক্যারাটে, আবৃত্তির  এক অবিশ্বাস্য কম্পোজিট এক্সপোজার। চিত্রকলা তখন নিজেই এক আশ্চর্য চিত্রকলা। 

শর্মিষ্ঠা দত্ত

                                                                     



খোঁজ 


(১)

"চাই---- শো-ও-ও-ওন পাপড়ি-ই- ই-ই ..." কালো টিনের বাক্স মাথায় শোনপাপড়িওয়ালা ঢুকলো তিন ফুট সরু গলিটার ভিতর l এটা একটা অন্ধগলি l ডানদিকে যে বাড়িটার টানা  দেওয়াল রয়েছে সেটা মুসলমানদের । ওপরদিকে খুব ছোট ছোট ঘুলঘুলির মত দুটো জানালা, দিনের বেলাও এত অন্ধকার যে সেটা দিয়ে ঘরের ভিতরের দৃশ্য কিছুই দেখা যায় না, শুধু মাঝে মাঝে একটা জানালার চিটচিটে পর্দার আড়ালে একটা কচি মেয়ের মুখ উঁকি মারে । ও বাড়িতে আরো অনেক বাচ্চার কিচিরমিচির  শোনা গেলেও, তাদের এ জানলায়  দেখা যায়না  কখনো l বাঁদিকে তিনটি বাড়ি, প্রথম বাড়ির বাউন্ডারি ওয়ালের গায়ে একটা কাঠের দরজা, প্রবেশদ্বার l শেষ বাড়িরও তাই ।  শুধু দ্বিতীয় বাড়ির দরজার পাশে একটা ঘরে কাঠের পাল্লা আর গরাদ দেওয়া দুটো ছোট্ট ছোট্ট  জানালা খোলা l শোবার ঘরের খাটে দাঁড়িয়ে একটা ফুটফুটে পুতুলের মতো বছর পাঁচেকের বাচ্চা মেয়ে গরাদের ভিতর থেকে হাত বাড়িয়ে রিনরিনে স্বরে  বলে উঠল 
--ও শোনপাপড়িওয়ালা ...আমাকে একটা শোনপাপড়ি দাও না l 
তার হাতের মুঠোয় পাঁচ পয়সার কয়েন l অনেক বায়না করার পর অফিসে যাওয়ার আগে বাবার কাছ থেকে আজ আদায় করেছে সে l 
ঘুলঘুলির জানলা দিয়ে অন্য বাড়ির  মেয়েটা জুলজুল করে তাকিয়ে থাকে,  তারপর জানালা থেকে সরে যায়।শোনপাপড়িওয়ালা তার কালো ট্রাঙ্কের ভিতর থেকে একটুকরো কাগজ বের করে তার ওপর সাজিয়ে দেয় নরম হলুদ রঙের চৌকো এক অমৃতখণ্ড ! যার প্রতিটি স্তরে স্তরে রয়েছে অফুরন্ত আনন্দের ভাণ্ডার । সেই স্বাদ পরবর্তীকালে কোনো বিখ্যাত ভুজিওয়ালার শোনপাপড়িতে খুঁজে পায়নি মেয়েটা ।

সময়টা বাহাত্তর -তিয়াত্তর সাল, মধ্যকলকাতার পার্কসার্কাস অঞ্চলের  একটা পুরোনো হিন্দুপাড়ায় গা-ঘেঁষাঘেঁষি বাড়িগুলোর মধ্যে শেষ হিন্দু গলিটায় ওদের বাড়ি ছিল । গলির ওপাশেই মুসলমানদের বাড়ি, যদিও এটা  তাদের বাড়ির পিছনদিক, তবু দু-বাড়ির জানালা দিয়ে দুজন কচিকাঁচার চোখাচোখি বা মুখ ভ্যাংচানোর মাধ্যমে অল্পস্বল্প ভাব হতে দেরি হয় না । কিন্তু ওই পর্যন্তই ... সালমা খাতুন বা শর্মিলা বসুর এর থেকে বেশি আলাপ এগোয়নি ছোটবেলায় ।

বাংলাদেশ যুদ্ধের সামান্য পরবর্তী সময়ে রেডিওতে তখনও "আমার সোনার বাংলা "বেজে উঠত প্রায়ই l সন্ধ্যেবেলা তোলা উনুনে রুটি সেঁকতে সেঁকতে মা গুণগুণ করে উঠতেন, "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী " l সেসময় ঠাম্মার ছলছলে চোখে ভেসে উঠত ঢাকা বিক্রমপুরের নদীঘেরা সবুজ ল্যান্ডস্কেপ । তার কাছে গল্প শুনে শুনে ওদেশটা খুব আপন মনে হত । তার বছর কুড়ি আগে বাহান্ন সালে ওদেশ থেকে এসে বৌ আর ছেলেমেয়েসহ এবাড়ির একতলার একটা অংশ  ভাড়া নিয়েছিলেন শর্মিলার ঠাকুরদা l আড়াইখানা ঘর, সামনে একটা ছোট বাঁধানো উঠোন, উঠোনের একধারে টালির চালা দেওয়া রান্নাঘর আর অন্যদিকে টিনের চালা দেওয়া বাথরুম l তার সামনে বাঁধানো কলতলা। ভাড়া দশ টাকা । তিনি চলে গেছেন শর্মিলার জন্মেরও আগে,বাবাও  একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির অতি সাধারণ চাকরির ভরসায় মা -ভাই -বোন আর স্ত্রী-কন্যাকে নিয়ে এর থেকে ভাল কোনো বাসস্থান যোগাড় করে উঠতে পারেননি । যদিও ভাড়া বেড়ে তখন একশ কুড়ি টাকা হয়েছিল ।

#খোঁজ 

(২)

দোতলায় সপরিবারে থাকত বাড়িওয়ালা , একটি বাঙালি খৃষ্টান পরিবার । ওদের আচার-আচরণ ,সাজগোজ ,পোশাকআশাকে হিন্দুদের সঙ্গে কোনো পার্থক্য ছিল না । বিধবা ঠাম্মা সাদা থান পরতেন ,কাকিমারা শাঁখা -সিঁদুর সবই ব্যবহার করতেন । কিন্তু ওরা ছিল পাক্কা ঘটি ,শর্মিলারা বাঙাল ...তা নিয়ে খুনসুটি আর টিকা-টিপ্পনী চলতেই থাকত দু পক্ষে । আবার  শর্মিলাদের বাড়ির লক্ষ্মীপুজোয় পাড়ার লোকজন , আত্মীয়স্বজনদের সঙ্গে ওরাও একসঙ্গে বসে খিচুড়িভোগ  খেতেন । দুর্গাপূজার পর বাবা -কাকুর সঙ্গে কোলাকুলি করতেন ও বাড়ির কাকুরা । শর্মিলার ঠাম্মার সঙ্গে ও বাড়ির ঠাম্মাও  রোজ বিকেলে যেতেন শিবমন্দিরে ,সেখানে পাড়ার বুড়িদের বেশ একটা মিষ্টি আড্ডা হত । আবার শর্মিলাও ওবাড়ির পিকলু ,শেলীদের সঙ্গে শুক্রবার হলেই সেজেগুজে চার্চে ছুটত । বড়দিনে যে কতরকম লোভনীয় কেক-পেস্ট্রি  বানাত ওপরের কাকিমা ! বাবার অফিস থেকে ক্রিসমাস ঈভে বাক্সভর্তি যে ট্রিন্কাসের কেক দিত ,তার ধারেকাছে লাগত না ।

পাশের মুসলমান পাড়ায় যাওয়া অবশ্য নিষিদ্ধ ছিল ওদের । তবু মুখচেনা ছিল অনেকের সঙ্গেই । কাদের চাচার রিকশায় স্কুলে যেত শর্মিলা । আবার ও পাড়াতেই ডিস্পেনসারি ছিল ডক্টর বাগচীর,শর্মিলা ডাকত ডাক্তার জেঠু । জ্বরজারি হলে মাঝে মাঝে ওখানে গেলে দেখত  বিশাল বিশাল কাচের বয়ামে লাল-নীল মিক্সচার রাখা l জ্বর আর পেটখারাপের ওষুধ । কম্পাউন্ডার মামুনভাই প্রেসক্রিপশন দেখে দাগ দেয়া কাচের শিশিতে সেই মিক্সচার ঢেলে দিত । আর দিত ট্যাবলেট গুঁড়ো করে ওষুধের পুরিয়া l ডাক্তার জেঠুকে ও পাড়ার মানুষজন আল্লাহর মতই ভক্তি করত l প্রবল জ্বরে কাতরাতে কাতরাতে অথবা প্রচণ্ড পেটব্যথা নিয়ে ইব্রাহিম বা অন্য কোনো রিকশাওয়ালা বা কারখানার মজুর ডাক্তারখানায় এসে বলত 
--ডাগদারসাব মুঝে সুঁই দে দিজিয়ে না ! 
তখন ডাক্তারজেঠুর হাতে মোটা সিরিঞ্জটা দেখে ভয়ে সিঁটিয়ে যেত শর্মি l আর অবাক হয়ে দেখত যে লোকটা সোজা হয়ে হেঁটে আসতে পারছিল না, সে কেমন টাট্টুঘোড়ার মত সাবলীলভাবে হাসিমুখে চেম্বার থেকে বেরিয়ে যাচ্ছে l ডাক্তারজেঠু ধমকাতেন ওদের 
--আর যদি নেশা করে করে লিভারের বারোটা বাজাবি তো, না দেব ওষুধ, না দেব সুঁই l
এই ধমকের মধ্যে যে প্রচ্ছন্ন ভালোবাসাটুকু থাকত তা ছেঁকে নিত ওরা কিন্তু  নেশায় লাগাম টানতে দেখা যেত না কাউকে l ওরা জানত ডাক্তারবাবু ভগবান l তিনি একটি ইনজেকশন দিলেই অসুখ দূরে পালাবে l এমনটাই ছিল ওদের বিশ্বাস l আসলে বাস্তুহারা ছিন্নমূল মানুষগুলোর জীবনে তখন প্রতিদিন টিকে থাকার লড়াই l নিম্নবিত্ত মানুষ বরাবরই নেশার দাস l ওই নেশাটুকুই ওদের জীবনের একমাত্র বিনোদন l আসলে  রাজনৈতিক ফায়দার জন্য আমজনতাকে ধর্মের আফিম খাওয়ানো শুরু হয়নি তখনও l

#খোঁজ 
(৩)
এরমধ্যেই একদিন বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেল শর্মিলার ছোটকা । তখন কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ছিল পশ্চিমবঙ্গে । ওদের গলিতে ঢোকার প্রথম বাড়ির একতলার সামনের অংশটা ছিল পার্টিঅফিস, মাঝেমাঝেই পুলিশ  রেড হত । দুই বাড়ির  মাঝখানে ছিল একটা বড় চতুর্ভুজাকৃতি উঠোন l সেই উঠোনের দিকে ছিল শর্মিলাদের বাড়ির পিছনের দরজা l ছোটকার কমরেড বন্ধুরা  উঠোন পার হয়ে পিছনের দরজায় মৃদু  ঠকঠক করলেই সদা সতর্ক মা দরজা খুলে ঢুকিয়ে নিতেন সক্কলকে l কেউ পালাত পিছনের উঠোনের দেওয়াল টপকে, যারা পারত না তারা সেঁধিয়ে যেত মায়ের আর ঠাম্মার খাটের তলায় l পুলিশ এসে সদর দরজা খুলতে বললেও মা দৃপ্ত কণ্ঠে জানিয়ে দিতেন, বাড়িতে কোনো পুরুষমানুষের  অনুপস্থিতিতে তিনি কিছুতেই দরজা খুলবেন না l

দিনকয়েক পরে ছোটকার খবর পাওয়া গেল l মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি l সরকারি হাসপাতাল, নিষিদ্ধ রাজনৈতিক কর্মী সেখানে নিরাপদ নয় l শর্মিলার বাবা বন্ড দিয়ে ছাড়িয়ে আনলেন ছোটকাকে l ডক্টর বাগচী প্রতিদিন এসে দেখে যেতেন আর পরম মমতায়, যত্নে ক্ষতস্থানে ড্রেসিং করতেন মা l গা মোছানো থেকে খাওয়ানো সবটাই মাই করতেন l বয়েসে সামান্য ছোট হলেও এই ছোট দেওরটিকে সন্তানবৎ স্নেহ করতেন তিনি l ছোটকার সমস্ত কাজকর্মেই  অবাধ প্রশ্রয় ছিল তাঁর l ঠাম্মা আর বাবার সমস্ত শাসন থেকে আড়াল করে রাখতেন বলেই ঠাম্মার ভাষায় ছোটকা 'ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে পারত l'

ছোটকার সারা ঘরে ছড়ানো ইস্তেহার, কাস্তে -হাতুড়ি -তারা আঁকা লাল পতাকা l বিছানার ওপরে আধখোলা কমিউনিস্ট ম্যানিফেস্টো l দুটো হাতই ভেঙে গিয়েছিল ছোটকার, তবু ধর্মগ্রন্থের মত প্রতিদিন তার পাতা ওল্টাতেন  l সেই অসুস্থতার সময় শর্মি বোধহয় তখন  ক্লাস থ্রি -ফোর , বই পড়ে শোনাত ছোটকাকে l  ম্যাক্সিম গোর্কির "মা" উপন্যাসটা তখনই পড়া হয়ে গিয়েছিল l সোভিয়েত রাশিয়া থেকে তখন প্রকাশিত হত আকর্ষণীয় ছবিওয়ালা বাংলা বই l বড়োদের সঙ্গে সঙ্গে ছোটদেরও বইও পাওয়া যেত বইমেলার স্টলে l সুন্দর ঝকঝকে পাতায় ঝলমলে ছবি আর ঝকঝকে প্রিন্ট l প্রচুর বই কিনে দিতেন মা l বাংলা তো বটেই, সারা বিশ্বের ধ্রুপদী সাহিত্যের ভাণ্ডারও ক্রমশ উন্মুক্ত হচ্ছিল চোখের সামনে l মায়ের বুককেসও  তখন রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্রের গ্রন্থাবলী তো বটেই...সমকালীন নানা লেখকের বই দিয়ে ভরে উঠছিল l অভাবের সংসারে কিভাবে যেন বই কেনার টাকা ঠিক জোগাড় হয়ে যেত l সাপ্তাহিক এবং মাসিক বড়দের এবং  ছোটদের কিছু পত্রপত্রিকাও আসত বাড়িতে l এছাড়াও দু তিনটে লাইব্রেরির মেম্বারশিপ ছিল মায়ের l সেখানে শিশু বিভাগ থেকে শর্মিলাও বই নিয়ে আসত  প্রতি সপ্তাহে l  এরমধ্যে কবে যেন  উল্টোদিকের বাড়ির জানলাটা বন্ধ হয়ে গিয়েছিল l শর্মিলা লক্ষ্যই করেনি l সালমার মুখটা ক্রমশ ঝাপসা হতে হতে মিলিয়ে গিয়েছিল l স্কুলে, পাড়ায় তখন কয়েকজন বন্ধু হয়েছে শর্মিলার l তার মধ্যে সাগরিকার সঙ্গে বন্ধুত্বটা ক্রমশ গাঢ় হচ্ছিল l একটু দূরে, বাসরাস্তা পেরিয়ে যেতে হলেও প্রায় রোজই শর্মিলা যেত ওদের বাড়ি l 

তিস্তা

                                                                       



এই সংখ্যার কবি তিস্তাদি।আসুন পড়া যাক কবিতা।

মন

ঘুন বেজে যাচ্ছে হাড়ের ভিতর
মিহি ভস্মের ভিতর সন্তানের দগদগে নাভি
তুমি জেনে গেছো কতো দ্রুত আগুনের গতি
কতো দ্রুত বেশুমার পুড়ে গেলো সাধের কোরক
চাঁদের উল্টো পিঠে চাঁদই তো!
চব্বিশটা বসন্তের ইয়াব্বড়ো একটা মন...

এতোটা গ্রহণ, আমরাও জেনে গেছি, তুমি নিতে পারোনি–
নষ্ট পার্বণ



জলের স্থাপত্য


১/

ঋতু বদলের আগাম বার্তা নিয়ে

আমাদের ঘরে ঝুপ ঝুপ বর্ষা নেমে আসে


তুমি অন্তঃপুর চেনো, দেবল?

আঁচলের ঝুম ঝুম শব্দে টের পাও চাবির ঝনাৎ!

জলের স্থাপত্য!


এখানে প্রহার পঞ্চমস্বরে অমৃতের গান হয়ে বাজে

আর ঠিক তখন–

জ্বলেই নিবে যায় প্রাণহীন আর একটা সঙ্গম


গ্রহণ লাগে চাঁদে


২/

যে সব সন্ধ্যা নামেনি কখনো

অথবা নামবেও না কোনোদিন–

কেন তার অন্ধকারের কিনারে দাঁড়িয়ে

ফেরি করো গন্ধমাদন?

কেন তারে পরাতে চাও বৃষ্টির পোশাক?

হলুদ রঙের টিপ!


যা কিছু প্রণয়সূচক–

এ যাবৎ গাত্রদাহ– জ্বালা ; আমি তার পাশে

গান্ধার রেখে ফিরে এসেছি কবেই!


প্রিয় বান্ধবীর পায়ের কাছে রেখে এসেছি–

আমার সমস্ত শ্রী, আতর ও সৌরভ


৩/

" বিশালাক্ষী বিশালাক্ষী" - করে

আমাকে আর ধুনো দিও না

দেবীত্বে আমার রুচি নেই কোন


তুখোড় দস্যুবৃত্তির কাছে -

শীৎকারহীন আমার সমর্পণ

অথবা নিরুত্তাপ ঝরে যাওয়ার পাশে

তুমি আর কোন সন্তাপ রেখো না, দেবল,

বিচলিত হয়ো না


আমিও তেমন বধূটি ছিলাম না কোনদিন, যে -

বুনে রাখবো পঞ্চশস্য, সোহাগ!

গুনিনের কাছে মাথা কুটে মরবো তাকে ফেরাতে চেয়ে

কোন গুহ্যমন্ত্রেই আমিও তো বিশ্বাস রাখিনি কোনোদিন!

এয়োতি আচার দেহলিজ পেরিয়ে গেছে কবেই


অথচ আলগোছে খুলছো এমন

যেন রেওয়াজী দাস্তান, টুপ খসে পড়বো!

যেন কেঁদেকেটে আকুল হবো গোঁসাই গোঁসাই


৪/

যেখানে আবডাল নেই অথচ ফটক

তুমি তার নির্মাণ নিয়ে ভেবে দেখেছো কখনো?


সুচারু মৃৎশিল্পীর মতো প্রতিদিন, প্রতিটা দিন সে -

গড়েছে আর ভেঙেছে, ভেঙেছে আর গড়েছে

কিভাবে যে একের পর এক রূপ বদলে দিয়েছে প্রতিমার!

মুকুটের মতো পরিয়ে দিয়েছে

কবর খুঁড়ে তুলে আনা মৃত রমণীর চুল!

কিভাবে যে সস্তার রঙ লাগিয়ে দিয়েছে ঠোঁটে মুখে চোখে!


অতখানি আবাহনের পর বিসর্জনের উল্লাস -

তুমি দেখেছো দেবল? অনুভব করেছো!

বলো, অনুভব করতে পেরেছো সেই ব্যথা?


আজ আর ব্যতিব্যস্ত কোর না স্নান

বরং প্রলয় প্রস্তুত করো


আমাকে ভাসান পেয়েছে।


বান্ধবী

আমাদের বিগত ফটো ফেরি করতে করতে
দ্রুত নীচে নেমে যাচ্ছে যে বান্ধবী আমার,
সে একদিন আমার-ই হাতের পায়সান্ন খেয়ে
আমাকে 'মা' বলে ডেকেছিল
সম্মোহন আর কতদূর!
জলোচ্ছ্বাস – সে-ও তো ক্ষণিক মাত্র!
তবু তারই ত্রুটিময় –
যন্ত্রণাকাতর জীবনের কথা ভাবতে ভাবতে
ওহ্ এই দেখুন, আজও আমার কাজল স্প্রেড করে যাচ্ছে...


বড়ো অসময় এসেছেন হে
১/
সমস্ত কিছু হারিয়ে ফেলেছি আমি
আমার অগণিত দিন–
খাঁচার ভিতর কেটে গেছে শীতল ও শান্ত
আমার চোখের তলায়–
কালো হয়ে চেপে বসেছে গোপন যুদ্ধের দাগ
অদ্ভুত একটা হিমায়িত ঘুম!
যেন কতো বৎসর বরফ স্তরের নিচে–
চাপা পড়ে গেছে আমার নরম বাৎসল্য, প্রেম ও খুনসুটি
আর ধুলোয় ঢাকা পড়ে গেছে যে অমূল্য গুপ্তধন আমার–
তা তো গেছেই!
দুই প্রজন্মের সত্য ঘটনা অবলম্বনে–
এই আমার পায়রা জীবন মাজারের, প্রিয়
চৌচির চৌচির সমস্ত চাতাল
কী স্পৃহায় আর জেগে উঠি বলুন!

২/
এই সেই মৃত জলাভূমি–
যেখানে একা জেগে আছি আমি
আর আপনার ব্রাশের একেকটা স্ট্রোক
বদলে দিচ্ছে আমার ধাতব আদল, ভাঙা চোয়াল
শীতকালীন প্রাচুর্যের রঙে–
আমি ফুটে উঠছি টিউলিপের মতো!

৩/
দেয়ালে আঘাত করে ফিরে এসেছেন–
শৈশবের খেলার মতো
অথচ হার্ট টু হার্ট... বিট টু বিট...
যতক্ষণ না ছবি থেকে প্রতিচ্ছবির আয়না ভেঙে যায়
ঠিক ততক্ষণ এই ওয়েবসিরিজ চলবে
ঠিক ততক্ষণই মোহ
আয়নায় সূর্যাস্ত দেখছে রোজ–
দূর প্রাচ্যের প্রতিমা কোনো


স্ব-উপাসক


সে আমাকে গীর্জায় নিয়ে যেতে চেয়েছিল একদিন
আজন্ম নাস্তিক আমি ; তেমন বাধ্যও তো নই কারো !
তবু, তাকে ফেরাতে পারিনি

কিন্তু পশ্চিমের ওই জানলাটা
জাফরি ভেদ করা বিকেলের ওই তেরছা আলো–
যা আমাকে মোহগ্রস্ত করে রেখেছিল অনেকদিন পর্যন্ত!

সে-ও কী ততটা গভীর নয়! বলো ?

–'না, নয়।কবরের থেকেও গভীর কোন স্থান এই পৃথিবীতে নেই' –
ডোরিনা ক্রসিং পেরোতে পেরোতে সে বলেছিল।

'সে' – মানে মার্থা
মার্থা, মানে আমাকে 'নদী' বলে ডাকে যে মেয়েটি

কাল রাতে যার বুকে মুখ রেখে আমি ফুঁপিয়ে উঠেছিলাম!


জয়তী রায় ( মুনিয়া),

                                                             


মুড সুইং/  সুগন্ধিবিষ  / কোভিড। 


  জ্ঞানচক্ষু মেলে পরিচিত হয়েছি ধূপকাঠির সঙ্গে। বাড়িতে পুজো আর রাশি রাশি ধূপ কাঠি জ্বালানো হচ্ছে। প্রতিদিন। প্রতি সন্ধ্যা। 
ধূপকাঠির সুগন্ধ মন ভালো রাখতে সাহায্য করে। সুগন্ধি রঙিন মোম জ্বালিয়ে চোখ তৃপ্তি পায়। মহিলা পুরুষ নির্বিশেষে পুজো মানেই ধূপের সুগন্ধি ছাড়া চলে না। 
   
    কেউ ই অবশ্য ঈশ্বরকে কখনো জিজ্ঞেস করিনি কিভাবে ডাকলে আপনার ভালো লাগবে? আদৌ এই সব উপকরণ লাগবে কি না? নাহ্। করিনি। অন্ধের মত প্রথা মেনে চলেছি। স্বীকার করতে বাধা নেই, আমিও তাই করেছি। প্রচুর পুজো করি। প্রচুর কষ্ট করি। প্রচুর ধূপ জ্বালাই। মোমবাতি জ্বালাই। বিদেশের গির্জা , মসজিদ খুঁজে খুঁজে জ্বালিয়ে রেখে আসি ধূপ। আজ বুঝি , কত ক্ষতি করেছি নিজের এবং পরিবেশের। শুধু, একটি নমস্কারে পূর্ণ হয় না প্রার্থণা? হয় বইকি! যেটা হয়না, সেটা হল নিজের তৃপ্তি হয়না। ঈশ্বর ঠিক কি চান? সেটা কখনো জিজ্ঞেস করিনি! 
*******
কেউ সিগারেট খেলে কত বকুনি দিতে থাকি, কিন্তু ধূপের ধোঁয়া তার চেয়েও ক্ষতিকর বেশি।  এখানে থাকে কিছু রাসায়নিক বৈশিষ্ট্য যা, জিনের( D NA) উপাদানে পরিবর্তন আনতে সক্ষম। সবচেয়ে মারাত্মক ব্যাপার হচ্ছে, পুজোর সঙ্গে জুড়ে যাওয়ায় আমরা উদাসীন থাকি ক্ষতিকর দিক থেকে। কেউ সিগারেট খেলে খুব বিরক্ত হই, কিন্তু ধূপকাঠি? 
মন ভালো করে। বাড়িতে একটা পজিটিভ চিন্তা আনে।
ধূপের স্নিগ্ধ গন্ধের সঙ্গে মুড ভালো করার ইচ্ছে কাজ করে। পবিত্রতা আর প্রশান্তি জড়িয়ে আছে ধূপের সঙ্গে।      

      কথাগুলি সত্য। কিন্তু,
  শ্বাসের সঙ্গে ওই ক্ষতিকর পদার্থ গ্রহণ করেছি। ফুসফুসে সংক্রমণের সম্ভাবনা বেড়ে যাচ্ছে। ধোঁয়ার মধ্যে আছে এমন টক্সিক পদার্থ ,যা ডেকে আনে ক্যান্সার। শ্বাস জনিত সমস্যা দেখা দেয় এখান থেকে। সমীক্ষায় দেখা গেছে, তিন ধরণের বিষ থাকে ধূপ কাঠির মধ্যে
  মিউটাজেনিক , জিনোটক্সিক সাইটোটক্সিক... যেগুলো প্রতিদিন ক্ষতি করছে আমাদের। 
****
এই প্রসঙ্গে বলি, পুরোহিতের কথা। 
দিনের পর দিন ধূপের ধোঁয়া সৃষ্টি  করছে সিওপিডি ( ক্রনিক অব স্ট্রাকটিভ পালমোনারিডিজিজ) 
সি ও পি ডি- কে বুঝতে হলে, আমাদের জানতে হবে, ফুসফুস কিভাবে কাজ করে। নিশ্বাস নিলে বাতাস আমাদের শ্বাসনালী  দিয়ে ছোট ছোট নালী ব্রঙ্কিওলস এ যায়। এই নলগুলোর শেষে আবার নানা  ক্ষুদ্র ক্ষুদ্র থলি a l v e o l i  থাকে। এই থলিগুলি থেকেই আমাদের রক্ত প্রযোজনীয় অক্সিজেন সংগ্রহ করে। সি ও পি ডি  র ফলে এই থলি গুলিতে কম বাতাস যায়।    
****
     নানা কারণ থাকতে পারে ফুসফুস জখম হ ওয়া র, ধূপকাঠি জ্বালানো তার মধ্যে একটি। 
ধূপের বক্স এ সিগারেটের মত সতর্কীকরণ থাকা ভালো। কারণ, ঘুপচি মন্দিরে ধূপকাঠির ধোঁয়া 500 সিগারেট খাওয়ার সমান। 
এখন, পরিবারের সকলে বাড়িতে আছে। একসঙ্গে। সুতরাং, ধূপকাঠি আরো মারাত্মক। 
এখন বরং, একটি নমস্কারে কাজ চলুক। উপোস বন্ধ থাকুক। কর্পূর জ্বালানো যেতে পারে। সবই কম কম। ধোঁয়া সৃষ্টি করে এমন কিছু না জ্বালানো ভালো।