শনিবার, ২১ আগস্ট, ২০২১

সুবীর সরকার

                              


গৌরীপুরের পান আর গোলকগঞ্জের গুয়া ( দ্বিতীয় পর্বের পর)

৩.
ইয়াকুব ব্যাপারী আর মহিউদ্দিন ওস্তাদের দেখা হয়।হয়তো দৃষ্টি বিনিময় হয় তাদের।কিন্তু কোন কথা হয় না।হাট তখন কেন্দ্রচ্যুত হয়ে টুকরো টুকরো ভাবে ছড়িয়ে পড়তে থাকে।হাটের মধ্যে জেগে ওঠে কত কত রকমের হাট।ইয়াকুব চলে যায় তামাকহাটির দিকে।আর মহিউদ্দিন ধানহাটির গহিনে মিলিয়ে যেতে থাকেন।আমরা ঠিক তখন দেখে ফেলি আসারিকান্দির লোকমান পাগেলা কে। সে তখন মাথায় গামছার পাগড়ি বেন্ধে চুপচাপ বসে আসে গিয়াস হেকিমের হেকিমি ওষুধ বিক্রির জমায়েতে।আসলে ওষুধ নয়।তার আগ্রহ গিয়াস হেকিমের ওষুধ বিক্রির ফাঁকে ফাঁকে দুলে দুলে গান করবার প্রতি।
আশেপাশের বিশ তিরিশ হাটে আজ প্রায় তিন কুড়ি বছর ধরে এভাবেই গান আর হেকিমী ওষুধ নিয়েই ছুটে চলেছেন গিয়াস হেকিম।এর আগে তার বাপের সাথে,তার বাপ আবার তার বাপের সাথে ঘুরে ঘুরে বেড়াতেন হাটে হাটে।গিয়াস হেকিম আর তার গান আর তার শিকড় বাকর ছাল বাকলার ওষধি সামগ্রী নিয়ে এক রঙ্গিলা জীবনের ভেতর কাটিয়ে যাচ্ছেন তার আয়ুষ্কাল।আমরা দেখতে পাই গিয়াস হেকিম
তার বাবরি ছাটা চুল দোলাতে দোলাতে গাইছেন_
"ছাড়িবার না পাং 
এই গানের মায়া"
গানের পর গান চলতে থাকে।গান থামে।কিছু কথা তথা হয়।ওষুধের গুণকীর্তন হয়।মজা গুয়া পান বিড়ি  তামাকু সেবন হয়।হাসি মস্করা হয়।লোকমান পাগেলা
শরীরের আড়মোড়া ভেঙে তার পেশিসমগ্রে একটা মত্ততা বইয়ে দিতে দিতে একটা নাচের তীব্রতা ক্রমে নির্মিত করতে থাকেন।গিয়াস হেকিম তখন দোতরা বাজিয়ে গাইছেন_
"গান গান করিয়া সর্বনাশ
তবু না মেটে গানের হাউস "
এইভাবে হাটের মধ্যে জেগে ওঠে নুতন এক হাট।
৪.
আর একসময় প্রসঙ্গ হারিয়ে কিরকম প্রাসঙ্গিক হয়ে উঠতে থাকে লোকমান।লোকমান পাগেলা।চরে চরে বালাবাড়ির কাশিয়ার ঝোপে ঝোপে হাটগঞ্জের মস্ত পরিধির ভেতর ডুবে যেতে যেতে কত কত পুরাতন আর নুতন গল্প সে তুলে আনে।সাজিয়ে দেয়।ছড়িয়ে দেয়। হাটে হাটে লোকমান হাটুয়া পাইকার ব্যাপারীদের শোনায় সেই সব গল্প।মানুষ ভালোবেসে তাকে পাগেলা বলে ডাকে।লোকমানের বাবা নইমুদ্দিন ছিল পান গুয়ার দোকানি।গোলকগঞ্জের আর আসারিকান্দির হাটে সপ্তাহে তিন দিন তার দোকানদারি।বাকি চারদিন সে বিবাগী।কখনো গৌরীপুরের বড় রাজকুমারীর বেটা মৃণাল বড়ুয়ার সাথে গানবাড়িতে,কখনো লালজি রাজার হাতি ধরার ফান্দিদের দলে মিশে যাওয়া,কখনো আসগর বয়াতির পালাটিয়ার দলে ঢোল বাজানোর কাজে ডুব দেওয়া।এইভাবেই একটা জীবন কখন কিভাবে বুঝি ফুরিয়ে গেল।নইমুদ্দিনের ইন্তেকালের পর প্রায় হাজার মানুষের ঢল নেমেছিল তার জানাজায়।এসেছিলেন লালজি রাজা।রঘুনাথ মাহুত।বয়ান শেখ।
আজও,মরণের প্রায় চল্লিশ বছর পরেও মানুষের স্মৃতিতে খুব খুব বেঁচে আছেন নইমুদিন।লোকমানের রক্তেও বাপের রক্তের ধারা। পীরনানার জীন।
ঘুরে ঘুরে জীবন দেখার জীবন লোকমানের।গানের জীবন।নাচের জীবন।বাদ্য বাজনার জীবন।চিরকালের সব মানুষের গল্পের জীবন।আসলে মানুষ তো গল্প জড়িয়েই বেঁচে থাকতে চায়।
হাটের জমে ওঠা কিংবা ভাঙা হাটের স্তব্ধতার ভিতর লোকমান গতিয়েই দেয় না ফুরোন গল্পের ভাড়ার।
টোকন ব্যাপারী আর তার মত্ত হাতি জংবহাদুরের গল্পকে ভরা হাটে ডুবিয়ে দিয়ে লোকমান একমনে গুনগুন করে_
"ওরে কামাই কাজে যেমন তেমন
মানুষ মারার যম"
হাট এভাবেই লোকমান পাগেলার হাটে রূপান্তরিত হয়ে যেতে থাকে।

রবিবার, ১৫ আগস্ট, ২০২১

বিভাগীয় সম্পাদক

        






দিনকয়েক হল কাঁধে এসে একখানি গুরুদায়িত্ব বর্তেছে। তরুণ কবি ও তাঁদের কবিতাকে সৃজনের রবিবারের সংখ্যার জন্য খুঁজে আনা। এখানেই শেষ নয়। পাশাপাশি লিখতে হবে বিভাগীয় সম্পাদকীয়, এমনই নির্দেশ পারমিতা'দির। স্বভাবতই, এর ফলে আমার মত এক তুরীয় আনাড়ির পর্বতপ্রমাণ উৎকণ্ঠা ও হন্তদন্তের জোগাড়। যাই হোক, বলেই ফেলি। 


'...Far between sundown's finish and midnight's broken toll

We ducked inside the doorway, thunder crashin'

As majestic bells of bolts struck shadows in the sounds

Seemin' to be the chimes of freedom flashin' 


Flashing for the warriors whose strength is not to fight

Flashing for the refugees on the unarmed road of flight

And for each and every underdog soldier in the night

And we gazed upon the chimes of freedom flashin...' 


আজকের দিনটা এলেই মনে পড়ে এই ক'টি চরণ। বিশ্বব্যাপী সঙ্গীতমায়ার অন্যতম যুগপুরুষ বব ডিলান এমনই বলেছিলেন তাঁরই লেখা ও সুরোরোপিত এক কালজয়ী গানে। চুয়াত্তর বছর কেটে গেছে। ঔপনিবেশিকতার ভয়াল বেড়ি ভেঙে হেঁটে চলেছে আমাদের দেশ। তবে স্বাধীনতার লড়াই, স্বাধীনতা চেয়ে লড়াই - এসবে ইতি পড়েনি একেবারেই। কবিগুরুর গীতিকল্পে বারবার ধ্বনিত হয়েছে, "আজ খেলা ভাঙার খেলা।" শৃঙ্খলের বাড়বাড়ন্ত তো সর্বত্রই। তা ভাঙার প্রয়াস নিশানায় নিয়েই আমাদের ছুটতে হচ্ছে প্রতিনিয়ত। ধর্মান্ধতা, পিতৃতন্ত্র, সন্ত্রাস বা দুর্নীতি, মুখোমুখি হতে হচ্ছে নানান শেকলের। এদের মাঝে সবচেয়ে দুর্ভেদ্য? ভয়। যা চৌচির করে ফেলতে সম্বল ওই একটুখানি সাহস। কিংবদন্তি কবিমানস রবার্ট ফ্রস্টের কথায় ফিরে আসে, "Freedom lies on being bold." 


অতঃপর? সন্ধান চলুক, বিস্ময়-চারণ ডিলানের লেখনীতে বেজে ওঠা সূদূরগামী ঘণ্টাধ্বনির। মধ্যরাত্রির বজ্রময় বিপদসংকেতের সমাবেশ ভেঙে যা দিকচক্রবালে বারবার ছড়িয়ে দেয় স্বাতন্ত্র্যের সমুজ্জ্বল সাতকাহন। যা ছুঁয়েই এগোতে পারি আমরা সব্বাই। নিজের কথায়, নিজের সুরে এগিয়ে যেতে পারে কবিতারাও...

সম্পাদকীয়

             


স্বাধীনতার ৭৫ বছরে আমরা পা দিয়েছিl স্বাধীনতা আমাদের নিরাপদ করেছে ঠিকই কিন্তু সাবলম্বী হতে শেখায়নি। দেশের গণতান্ত্রকামী মানুষের রক্তে একদিন স্বাধীনতা এসেছে। তাঁরা চেয়েছিলেন আমাদের দেশকে  নিরাপদ ভাবে রেখে যেতে। সঠিক গণতন্ত্রের পথে হাঁটতে।তাঁদের পরবর্তী প্রজন্ম যেন স্বাধীন দেশে জল ,হাওয়া গ্রহণ করে৷কিন্ত বর্তমান প্রজন্ম বুঝলই না যে কত শহীদের রক্তে, কত ব্যথায় এই স্বাধীনতা এসেছে। স্বাধীনতা মানে মুক্তি৷ স্বাধীনতা মানে উল্লাস। স্বাধীনতা মানে স্বাধীন চিন্তা ও মনন। সেখানে থাকবে না কোনো অন্ধকার, মলিনতা৷ থাকবে  শুধু আলো। বেঁচে থাকার রসদ৷

আমাদের ভাবনার,চেতনায় যেন কখনও শিথিলতা না আসে।মন উড়ে যায় বিহঙ্গের মত ! আমাদের চেতনা আমাদের শরীর থেকে দূরে নিয়ে যায়৷ আমরা উপলব্ধি করি স্বাধীনতার মন্ত্র।

কিন্তু এই ৭৫ বছরের স্বাধীনতায়  এসে আমরা কী স্বাধীন হয়েছি ৷আজও বহু কন্যা ভ্রুণ হত্যা হয় কিংবা কন্যা শিশুকে আস্তাকুঁড়ে ফেলে চলে যায়। নারী ধর্ষিত হয় কিংবা কন্যা শিশু ধর্ষিত হয়। এ কোন স্বাধীনতা ! যা আমাদের শিকড়চ্যূত করে ৷মহিলাদের ডায়নী আখ্যা দেওয়া হয়। স্বাধীনতা কথাকে বিশ্লেষণ করলে দেখব স্ব - অধীনতা অর্থাৎ নিজেকে স্বাধীন করা। আমরা স্বাধীনতা কথার অর্থ সম্পূর্ণ রূপে মননে,চিন্তনে প্রবেশ করাতে পারিনি। আর এটাই আমাদের সীমাবদ্ধতা। এই সীমাবদ্ধতা ছেড়ে যত সহজে  আমবা  বেরোব ততই জাতির উন্নতি ৷ আমরা যত এগোব দেশও তত এগোবে৷ এই ভাবনা থেকে যত মুক্ত হব ততই উন্নত হব।

আজ ১৫ ই আগস্ট ।তাই এই সংখ্যার বিষয় স্বাধীনতা ও মনন৷"সৃজন " সর্বদাই বিষয়ভিত্তিক করে । আর এই বিষয় নির্বাচনে সর্বদা স্বকীয়তার দাবী রাখেl "সৃজন "" স্বাধীন চেতনা ও মনন " সংখ্যায় যারা কলম ধরেছেন সবাইকে ধন্যবাদ ।সৃ প্রকাশনের একটি শাখা " সৃজন" অপরটি " আমার সৃজন" ৷ আমার সৃজন মুদ্রিত সংখ্যা। আমার সৃজন শারদীয়া সংখ্যার বিষয় " যৌনতা " ৷যেটি প্রকাশ হবে শীঘ্রই। সবাই খুব ভালো থাকুন ,সৃজনে থাকুন।

পারমিতা চক্রবর্ত্তী
সম্পাদক 

চিত্র- জয়ীতা ব্যানার্জী 

সুস্মিতা সাহা

                          


১. মূহুর্ত


একটি একটি করে দিন এগোয় -
এগোয় মাস বছর মূহুর্ত।
দু একটা মূহুর্ত আজো বড়ো দামী। 
অনেকটা রক্ত ঝরেছিল যে সেদিন।
স্বাধীনতা! তুমি আজো ভীষণ রকম মূল্যবান। 
কারণ সবাই তোমাকে এখনো পায় নি। 

২.  অপেক্ষা

আদরের নাম ধরে ডাকছি তোমায়,
আজ সে কতো কাল।
দূরবিনের কাঁচ খুব ঝাপসা, 
মুখখানা আবছা - অস্পষ্ট। 
তুমি হেঁটে গেলে কোন সুদূরে -
আকাশ যেখানে হাত রাখে দিগন্তরেখায়-
আমি তো আছিই লবণাক্ত হৃদয়ে 
ঝাঁঝালো গন্ধের চচ্চড়ি রাঁধতে। 
ফিরে এসে হাতে মুখে জল দিয়ে দু দানা মুখে তুলবে তো বিশ্ব পথিক।

৩. বিষ

বিষ- বিষের ছোঁয়ায় কালিদহ আজ নীল -
ডিঙা ভাসাও কোথায় কতো দূরে চাঁদ সদাগর? 
শ্রাবণের পূর্ণিমায় কালো জলে মাথা নাচায় 
সার সার সুগন্ধি পদ্মগুলি - সময় যে যায়। 
যায় সব, প্রাণ যায় - মান যায় - যায় প্রাণের স্পন্দন। তবু আজো হে, একাকী মানব 
লগি তুলে আওয়াজ দাও- কই গো কোথায় গেলি বাছা লখিন্দর?
মানুষের গল্প লেখা হয়েছিল সেদিনই। 
চাঁদের পরাজয়ে মানবের বিজয়কাহিনী।


 

আকাশ মুখোপাধ্যায়

                              


এই সংখ্যার কবি বৈদ্যবাটীর বাসিন্দা। বর্তমানে বি.কম (অনার্স) পড়ছেন গোয়েঙ্কা কলেজ অফ কমার্স, কলকাতা থেকে। সাথে চ্যাটার্ড অ্যাকাউনটেন্সিও পড়ছেন।দেড় বছর হল লেখালিখির শুরু। তবে সেগুলোর বেশীরভাগই ডায়েরির পাতাতে সীমাবদ্ধ ছিল। গত বছর নভেম্বরে 'প্ল্যাটফর্ম' ওয়েবজিনে প্রথম কবিতা প্রকাশিত হয়। প্রতি মুহূর্তে ভাবনাকে সঙ্গী করেই কবিতা লেখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন...



★ লিপস্টিক ★

প্রেমিকার ঠোঁটের এই ক্যাপিটালিস্টিক বস্তু
আমার মধ্যবিত্ত জীবনে তারা খসিয়ে দেয়।

সারাদিন কার্ল মার্ক্স গুলে খাওয়া ছেলেটা
শুধু চুমু খাওয়ার সময় ক্যাপিটালিজম এর
প্রশংসা করে...
কিন্তু, চুপি চুপি.....

★ সিলিন্ডার ★

লাফিয়ে লাফিয়ে প্রতি মাসে দাম বেড়ে যায়
সিলিন্ডার দায়িত্ব নিয়ে মধ্যবিত্তের হেঁশেলে
আগুন লাগিয়ে দেয়....

সেই আগুন নিজের মত জ্বলতেই থাকে,
পরের সিলিন্ডার আসা অবধি....

এদিকে সিলিন্ডার ওয়ালা বাবার সাথে
বকশিস নিয়ে ঝগড়া করে যায় ....

আমরা সরকারের ভর্তুকির জন্য দিন গুনতে থাকি...

★ রিক্সাওয়ালা ★

প্রতিদিন রিক্সায় ওঠার সময় পাঁচ টাকা
করে কম দিই,
পাছে এই পাঁচ টাকা জমিয়ে বাংলা খেয়ে না পড়ে থাকে, এই ভেবে...

একদিন দেখি রিক্সাওয়ালাটা তার মেয়েকে
নোটবুক কিনে দিচ্ছে....
পাশ থেকে দেখি ওর মধ্যে আমার দেওয়া
ফাটা পাঁচ টাকার নোট টা রয়েছে.....

★ টিউবলাইট ★

টিউবলাইট অকারণে জ্বালাতে দেখলে
মা আমাকে বকাঝকা করে....
আমার বিলাসিতা নিয়ে খোঁটা দেয়...

প্রতিবার বকার সময় মনে করিয়ে দেয়
এই মাসের ইলেকট্রিক বিল দেওয়া
এখনও বাকি....

★ র‍্যাশান ★

অতিমারিতে অস্তিত্ব রক্ষা করতেই হবে
এইভেবে র‍্যাশান থেকে
দু টাকা কেজির চাল নিয়ে আসি...

চারিদিকে পোকা কিলবিল করে,
বাছতে বাছতে বেলা গড়িয়ে যায়...

ভালো করে বেছে ভাত রান্না করতে হবে,
কারণ, পেট খারাপ হলে ওষুধ কেনার কোনো টাকা নেই....




কবি-পরিচিতি :


পিয়াংকী

                                     


             


 ডিটক্স ওয়াটার বা ইনফিউসড ওয়াটার,  এখন এটা ট্রেন্ড । কিন্তু এই ট্রেন্ড ফলো করার আগে জানা দরকার ডিটক্সিফিকেশন কি।আমরা কথায় কথায় বলি শরীরটা চলছে না আর, মেশিনে তেল নেই।হ্যাঁ শরীর একটা যন্ত্র। বাহ্যিকভাবে চুল চামড়া ধুয়ে তাকে পরিস্কার করা হয় কিন্তু ভেতর? তাকে সাবান মাখানো স্নান করানো হবে কিভাবে বলুন তো?


হ্যাঁ ভেতরঘর পরিস্কার রাখার প্রসেসই হল ডিটক্সিফিকেশন। যা কিনা দেহের টক্সিন রিলিজ করিয়ে দিয়ে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বাড়িয়ে সমস্ত কোষকে পুনরুজ্জীবিত করে তোলে। সবচেয়ে বড় ভূমিকা হল আমাদের শরীরের বি.এম.আর অর্থাৎ বেসিক মেটাবলিক রেট বাড়িয়ে ক্যালোরি বার্ণ করতে সাহায্য করে। আমাকে আমার ডায়েটিশিয়ান বলেছিলেন, "এই যে আমরা কথায় কথায় বলি অমুক হাওয়া খেয়েও ফুলছে আর তমুক সারাদিন বিরিয়ানি আর হালিম খেয়েও ফুলছে না, আসলে এটা কাজ করছে আপনার জন্মগত বি এম আর এর রেটের ওপর। যার বি এম আর যত হাই সে তত কম ওজনের মানুষ। আর যার বি এম আর যত লো সে তত বেশি ওজন ক্যারি করছেন সুতরাং ওজন কমানোর উপায় বলতে গেলে প্রথমেই বি এম আর বাড়ানোর দিকে মন দিন"। আজ আমি দুটো ডিটক্স ওয়াটারের এবং আট রকম ডিটক্স চায়ের  কথা বলব। আমি যতটুকু করে উপকার পেয়েছি ততটুকুই জানাব আজ।যদিও গরম বাহার রান্নার ব্লগ তবু শরীর সুস্থ রাখতে গেলে একটু তো করতেই হয়


হোলনাইটওয়াটার...খোসা সমেত একটা শশা গোল চাক চাক করে কেটে নিন,সাথে দশ বারোটা পুদিনা পাতা পাঁচটা কারিপাতা, গোল চাক করে কাটা পাতিলেবু কয়েকটা তুলসীপাতা এক লিটার জলে ভিজিয়ে রাখুন সারারাত।সকালে উঠে নির্ভাবনায় খেতে থাকুন,দারুণ ফ্লেভার। আর দারুণ টক্সিন রিলিজিং।ত্বক ঝলমলে রোদ্দুর হতে বেশি দেরি লাগবে না

                     

                               হোলনাইট ওয়াটার

শুদ্ধগরমজল...দেড়শো মিললিটার ঈষদুষ্ণ গরম জল সকালে এবং রাতে শোবার সময় (খালি পেটে) খেলে ম্যাজিকের মত কাজ করবে।জল ক্যালরিহীন একটি পানীয় 

                

                          শুদ্ধ গরমজল

                 


এবার আসি চা-য়ে🙂



গ্রীনটি...ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ বর্তমান পৃথিবীর বুকে স্বাস্থ্যসচেতন প্রতিটি মানুষের দিন শুরু হয় গ্রীনটি দিয়ে।এক কাপ জল ফুটিয়ে নিয়ে একটা টিব্যাগ ঝুলিয়ে চলে যান গাছে জল দিতে।ফিরে এসে বসে পড়ুন সামনের বারান্দায়। পাখি দেখুন গাছের সবুজের দিকে তাকান আর মুখে দিন সবুজচা। একটানা একুশ দিন করে দেখুন আপনার বডি একে আপন করতে শুরু করবে সাথে বেলি ফ্যাট কমবে আর স্কিন তরুণ তরুণী হতে থাকবে

                         

                            গ্রীণ টি 

দারচিনিচা...তৈরি পদ্ধতি খুব সহজ, এক থেকে দেড় ইঞ্চির দুটো স্টিক নিয়ে দেড়শ থেকে দু'শ মিলিলিটার জলে পাঁচ মিনিট ফুটিয়ে ছেঁকে নিয়ে গরম গরম খেতে হবে, বেশ খানিকটা সময় ধরে। 

                               

                        দারুচিনি চা

আদাজল...আদার মধ্যে থাকা উপাদান প্রাচীন যুগ থেকে ব্যবহার হয়ে আসছে ইনফেকশনের প্রতিরোধী হিসেবে।আদা মেটাবলিজম বিপাকক্রিয়ার হার বাড়িয়ে শরীরের মেদ কমাতে সাহায্য করে। তিন লিটার জলে তিরিশ থেকে চল্লিশ গ্রাম আদা থেঁতো করে বা গ্রেটারে গ্রেট করে ফুটিয়ে নিন মিনিট পনের সময় ধরে।একগ্লাস গরম গরম খান। তারপর সারাদিনের জলে একটু একটু করে মিশিয়ে খান।সর্দিকাশি থেকে ত্বকের সমস্যা সবেতেই কার্যকরী এই জল

                    


জিরালেবুচা...চা চামচের এক চামচ জিরা আগের দিন রাতে ভিজিয়ে রাখুন, সকালে সেটা ফুটিয়ে তার মধ্যে একটা গোটা পাতিলেবুর রস,কিছুটা পুদিনা পাতা দিয়ে গরম থাকতে থাকতে সিপ সিপ করে টানুন।পেটের ফ্যাট কমাতে এই চায়ের জুড়ি মেলা ভার

                     

                              জিরালেবু চা 

চিয়াসিডওয়াটার... একেক সময় একেকটা জিনিসের ঝোঁক দেখা যায় ইয়াং জেনারেশনের মধ্যে।সেরকমই হল এই চিয়াসিড। এর গুণাগুণ বললে শেষ করা মুশকিল। আগের দিন রাতে চা চামচের দুই চামচ ভিজিয়ে রাখুন  পরেরদিন সকালে সেই জলটা গরম করুন।বাবলস এলে নামিয়ে নিন।একটু পিচ্ছিল স্বাদ গন্ধ কিছুই নেই।তবে খেলে ওজন কমবে তাড়াতাড়ি। পনের দিন খেয়ে পরের পনের দিন অন্য ডিটক্স খান।

                                        

                 চিয়াসিড


আনারসিখোলাচা...এই বর্ষা ঋতুতে আমরা খুব আনারস খাই আর তার খোসা বুকসমেত ফেলে দিই,অথচ জানিই না যে এই খোসায় কী অসাধারণ গুণ আছে।খুব ছোট ছোট পিস করে খোসাগুলোকে কেটে পাঁচশো মিলিলিটার জলে অন্ততপক্ষে কুড়ি মিনিট ফোটান যতক্ষণ না জলের পরিমাণ অর্ধেক হয়ে যায়।ছেঁকে নিয়ে খান খুব আয়েশ করে

                              

                       আনারসিখোলা চা


কমলাটি...ডিটক্স হিসেবে আমার সর্বাপেক্ষা পছন্দ হল এই চা।কমলালেবুর চোকলা মানে খোসা  ভালো করে ধুয়ে জলে ফুটিয়ে নিলেই তৈরি আপনার অরেঞ্জটি।সাথে আপনি দুটো গোটা গোলমরিচও ফুটিয়ে নিতে পারেন। শীতকালে ঝুলবারান্দায় বসে আয়েস করে ইনস্টাগ্রাম স্ক্রল করতে করতে খেয়েই দেখুন না

                      

                 কমলাটি বা অরেঞ্জটি

শনিবার, ১৪ আগস্ট, ২০২১

তিস্তা

                                



" বনমালী তুমি পরজনমে হইয়ো রাধা"
(৪)


ভেবেছি এই পর্যন্ত এসে আর কোনো আড়াল থাকবে না। ভেবেছি এই পর্যন্ত এসে আর কোনো প্রকাশও থাকবে না নতুন করে। অজস্র কাটাছেঁড়া সমেত আমরা দুজন দুজনকে স্রোতের গল্প শোনাবো। শোনাবো আয়না বর্জিত প্রসাধনের গল্প। আমাদের প্রতিকী লিঙ্গবদল। মৃত্যু অথবা পুনর্জন্ম।

অথচ কোথায় কী!
নক্ষত্র নিভে গেলে বুঝেছি সকলি অপচয়।

যাবতীয় খিদের কাছে পরাজিত তুমি, রপ্ত করেছো পঞ্চব্যঞ্জন। বিষ ও বাঁশির তফাৎ করতে শেখনি। সমর্পণের ভঙ্গিমায় আজ এইখানে, এই পর্যন্ত এসেছো! এও এক তাড়না। হিমেল সম্মোহন। জানি, ব্যর্থ শুরুয়াৎ। যে কোন সময় দু-আঙুলের টুসকিতে আমার সমস্ত আবেগ মুচড়ে দিয়ে চলে যাবে। তবু তোমার রূপের মহিমা আমাকে বিম্বিত করে লতিফা। ততোধিক বিস্মিত করে  তোমার এই অহরহ স্নানঘর। শ্বেতকরবীর হার অথবা হাসুলি। আমার খুব জানতে ইচ্ছে করে, কার জন্য এখনও তোমার এই আয়না-প্রিয়তা ! কে তোমাকে বাজিয়ে যায় ঝুম ঝুম ঝুম! এতো অশ্রুপাত এত আকুলতা এতো দিলখুশ কার, কার জন্য? কার স্পর্শের আকাঙ্ক্ষা
বিয়ন্ত-রজনী তোমার এখনও উদগ্রীব!

মুখ ভেসে ওঠে
মুখ হারিয়ে যায়
মুখ তলিয়ে যায় গভীর অসুখে...

কাচের ঠোঁটে ঠোঁট রেখেছি, সাহেবা
খানিক কেটে তো যাবেই!

অদিতি ঘোষদস্তিদার

                        



বহিবারে দাও শকতি


 

প্রতিবছর ছেলেটা স্বাধীনতা দিবসের বেশ কিছুদিন আগে থাকতে স্বাধীন ভারতের পতাকা বিক্রি করে।
দাঁড়ায় ব্যস্ত শহরের মোড়ে। হাতে থাকে একগুচ্ছ পতাকা
। গেরুয়া, সবুজ আর সাদা রঙের মাঝখানে নীল অশোক চক্র!
সিগন্যাল লাল হলেই  দাঁড়ানো গাড়ির সামনে ছুটে যায়। 
 
কেউ কেনে।

 কেউ কেনে না।

কেউ কেউ জ্ঞান দেয় এসব না করে অন্য কাজ করতে।

কেউ কেউ উদাস হয়ে বলে, "ধুস! কিসের স্বাধীনতা!"
কারুর কারুর মনে পড়ে যায়, "আরে! ১৫ই অগস্ট আসছে তো! কী বার যেন! দুদিন ডুব মারলে মন্দারমণিটা হয়ে যাবে!"
১৬ই আগস্ট বিক্রি না হওয়া বাকি পতাকাগুলো খুব যত্ন করে প্লাস্টিকের ব্যাগে মুড়িয়ে ছেলেটা তুলে রাখে ওদের দশ 
 ফুট বাই দশ ফুটের ঘরের টালির ছাউনির নিচের বাঁশের আড়ালে।
পরের বছর 
 ১৫ই অগস্টের আগে আগে সেগুলো বের করে,  আরো কিছু নতুন কিনে আবার দাঁড়ায় একই জায়গায়।
সারাবছর আরো নানা রকম কাজ করে পেটের 
 ধান্দায়।
কিন্তু বছরের এই সময়টা আর কিচ্ছু নয়!

এবছর এসেছে প্রলয় ঝড়। তার সঙ্গে পাল্লা দিয়ে তুমুল বৃষ্টি।

গাছ পড়ে ভাঙল টালির ভিটে। ভেসে যায় ঘরদুয়ার। মা, ভাইবোনেরা প্রাণপণে বাঁচাতে চায় যতটুকু পারে।
ছেলেটা তখন গাছের ডাল কেটে পাতার বোঝা সরিয়ে কী যেন খোঁজে পাগলের মত। 
   
ইলেক্ট্রিকের তার ছিঁড়ে পড়ল গাছের ডালে জড়িয়ে। ছেলেটার ভ্রূক্ষেপ নেই।

 মা চেঁচায়, "যাস না, যাস না! যা গেছে যাক!"

বোনটা বোঝে। মায়ের হাত ছাড়িয়ে সেও এগিয়ে যায় দাদার লক্ষ্যে।  

ছেলেমেয়েদুটো বেশ খানিক পরে ভিজে কাক  হয়ে বেরিয়ে আসে ধ্বংসস্তূপ থেকে। বুকের মধ্যে থেকে বের করে আনে একটা প্লাস্টিকের প্যাকেট।

মুখে তাদের গৌরবের হাসি।  

সুচেতা বিশ্বাস

                               


পাখির পালক 

অপর্ণার এখন কিছুই ভালো  লাগে না ۔۔۔۔কোনো রকম এ রান্নাটা রোজ করে ۔۔তাও ও তেল কম ۔۔ঝাল  কম ۔۔সারাদিনে  কত গ্লাস জল যে সে খায় ۔۔۔অনেকে বলে এটা নাকি ম্যানিয়া ۔۔۔রুমা অনেকদিন ধরে দেখছে অপর্ণা কে ۔۔সপ্তাহে একবার ডাক্তারের কাছে যায় ۔۔তখন রুমার সাথে দেখা হয়ে ۔۔অটো স্ট্যান্ডের গায়েই রুমাদের বাড়ি ۔۔রান্নাঘর থেকে দেখতে পেলেই  ছুটে আসে রুমা ۔۔"দিদি কেমন আছো " 
"ভালো লাগছে না গো শরীরটা ۔۔۔"
" কি হলো আবার ۔۔আগের সোমবার ই তো ডাক্তারের কাছে গেলে " 
" ওষুধ এ কাজ হয় নি ۔۔উল্টে মাথা ব্যাথা শুরু হয়েছে " 
"তুমি এবার অন্য ডাক্তার দেখাও দিদি " 
" কত ডাক্তার তো দেখলাম "
‌রোজ ই একই রকম কথা ۔۔۔তাই চুপ করে যায় রুমা ۔۔পাশের বাড়ির  রুবি বৌদি ও দেখে অপর্ণা কে ۔۔ভালো জানাশোনা ও আছে ۔۔কিন্তু অপর্ণা কে দেখলে ই ঘরে ঢুকে যান ۔۔উনি ই তো বলেন "ওর ওটা ম্যানিয়া ۔"۔ মাঝে মাঝে রুমার মনে হয় পাশের বাড়ি র বৌদি ই ঠিক ۔۔সুন্দর সংসার ۔۔বাড়ি গাড়ি কি নেই অপর্ণার  ۔۔তা  ও মুখে হাসি নেই ۔۔একপাড়াতে আজ এগারো বছর একসাথে ۔۔সেই বিয়ের পর থেকে রুমা পাড়ার সবাই কে দেখছে ۔۔পরিবর্তন তো আসে সবার ই ۔۔এটাই জীবনের নিয়ম ۔۔۔অপর্ণার পরিবর্তন টা  একেবারেই অন্য রকম ۔۔۔রুমা একদিন ওর স্বামী কে জিজ্ঞাসা করেছিল . " তুমি তো ছোটোর থেকে দেখছো অপর্ণা দি কে ۔۔আগে ও এই রকম ছিলেন " 
‌" ঘরে থাকতো নাকি ۔۔দিনরাত টই টই  .  একটা দল ছিল ওদের  ۔۔ছেলেদের  কে স্কুলে দিতে যাবার নাম করে۔۔সুইমিং ক্লাস এর নাম করে  কোথায় কোথায় যে সব কটা যেত ۔۔পাড়া তে সবাই জানতো ۔۔মার্কেট, সিনেমাহল, ডিস্কো থেক۔۔সব জায়গায় দেখা যেত ۔۔বাড়ি  তেও এই নিয়ে খুব অশান্তি ছিল" 
‌এই টুকুই বলেছিলো সমীর ۔۔۔কৌতুহল টা  রয়েই গিয়েছিলো ۔۔পাশের বাড়ি র রুবি বৌদি বাকি টা বললো একদিন ۔۔"ছেলে রা বড়ো হলো ۔۔দল  ভাঙলো ۔۔দলের মধ্যে ওর ই  ছিল ভীষণ রেশারেশি ۔সব থেকে বেশি হিংসুটে ছিল۔ ۔۔আমার বড়দি ও তো ছিল ওই  দলে ۔۔দিদির কাছে শুনেছি যার যা দেখতো সেটাই ওর চাই ۔۔কারুর ভালো ও দেখতে পারতো না " 
‌রুমা সেদিন  ই বুঝেছিলো রুবি বৌদি ওই অপর্ণা দি কে এড়িয়ে যায় ۔۔কি এমন হলো যে উনি এমন হয়ে গেলেন ۔অতীতের ۔۔উশৃঙ্খল জীবন কি  ওকে খুঁড়ে খুঁড়ে খায় ? কি এমন বিষাদ যে পুরো শরীরটা কে নষ্ট করে  দেয় ۔۔না পড়ে একটা ভালো শাড়ী না একটু সেজেগুজে থাকে ۔এ কেমন বিষাদ ? 
‌শাশুড়ি মায়ের কাছে শুনেছে অপর্ণা দির কিডনির প্রব্লেম ছিল ۔۔۔ভেলোর নিয়ে গিয়েছিলো ۔۔খরচের কোনো ত্রুটি রাখেন নি গৌরব দা ۔۔এর সঙ্গে বেশ একটা মজার ঘটনাও মা বলেছিলেন মা ۔۔" ওই যে শরীর টা খারাপ হলো ۔۔তার পর থেকে কোনো বন্ধু ফোন করলেই বলতো ওর শরীর টা আজ খুব খারাপ ۔۔প্রায় ই এই ভাবে ওর শরীর খারাপের কথা শুনে বন্ধুরা 
‌রাতের কিংবা দুপুরের সব রান্না করে দিয়ে যেত ۔۔আর ও ওই সুযোগে সেদিন 
‌টা রান্না করতে হবে না বলে সেজেগুজে বর ছেলে নিয়ে বেড়াতে যেত " 
‌এটা আপনি কি করে জানলেন মা " রুবির বড়দি যেদিন ওদের জন্য খাবার নিয়ে এসেছিল ۔۔সেদিন ওই ই ওদের বাজার এ দেখছে ۔۔۔" 
‌রুমা অনেক কোথা ই  জানে ۔۔কানে আসে ۔۔কিন্তু অপর্ণার সাথে বসে কোনোদিন গল্প করে নি ۔۔মাঝে মাঝে অপর্ণাদির সাজপোশাক ও বড্ডো উগ্র লাগে রুমার ۔۔রবিবার প্রায় ই দুপুরে গৌরবদার সাথে বেরোয় এই পঞ্চাশেও টাইট জিন্স জিনস উপরে বাচ্চা মেয়েদের মত রংচঙে টপ ۔۔পাড়ার অনেক ই হাসাহাসি করে "۔۔ফিসফাস শোনা যায় " স্বামীর শাসন নেই " 
রুমার সবই শোনা কথা ۔۔শুনে শুনে মনের মধ্যে কল্পনা করে নিয়েছে কিন্তু সত্যি কি সব টা ঠিক ۔۔আর সবাই তো এক রকম হয় না ۔۔ আমাদের সমাজে কেউ একটু আলাদা হলেই সবার আগে আমরা মেয়েরা ই তাকে নিয়ে  বেশি সমালোচনা করি۔۔ ۔۔ যুগ যুগ ধরে মেয়েরাই মেয়েদের শত্রু ۔۔অপর্ণা কে দেখলেই রুমার মনের দ্বন্দ্ব তৈরী হয় ۔۔
" কোথায় গিয়েছিলে  অপর্ণা দি ?۔۔ এসো না একদিন ۔۔গল্প করবো۔۔ " 
সেই মিস্টি হাসি "  আসবো আসবো ۔۔۔ গাইনির কাছে গিয়েছিলাম ۔۔۔দূর কিছুই হয় নি ۔۔"
" কেন কোনো অসুবিধা হচ্ছে " 
" তলপেটের ডান দিকে একটু ব্যাথা۔۔কোনো ওষুধ ই দিলেন না ۔۔জানো ডাক্তার হাসতে হাসতে কি বললেন "অপর্ণা কে এত খুশি দেখে রুমার ও উৎসাহ বেড়ে গেলো۔۔ "
" কি বললেন গো "
" বললেন সব ওষুধ বন্ধ করে দে ۔۔একটা  বয় ফ্রেন্ড বানা ۔۔আর ওকে নিয়ে পার্ক এ ঘুরে বেড়া ۔۔"
দুজনেই হো হো করে  হাসতে লাগলো ۔۔রুমা মনে মনে ভাবছে সত্যি তো সব  রোগের ই ওষুধ আছে ۔۔মনের রোগের ওষুধ ক জন দিতে পারে ۔۔সে তো۔ পাখির পালকের মতন ۔۔ভোরের  শিশিরে র মতন۔ ۔۔শিউলি গন্ধের মতন ۔۔۔নিজেকেই খুঁজে নিতে হয়۔۔




অনিকেশ দাশগুপ্ত

                   






সমাধি
 

ছড়ানো তাসের নামগুলি উচ্চারণ করতে-করতে
শেষমেশ তোমার অন্ধ-নাবিক চোখ 
দ্বিতীয়বার স্ফুরিত হবে

কন্ঠস্বর,দাঁড় টানার অদ্ভুত নীল নেপথ্যে
গেয়ে ওঠা সেই নৌকো-গান আর

রুপালি বাঁকের অশ্রু নিয়ে একঝাঁক স্লেজ যেন
মিশে যাচ্ছে দূরে,আরো দূরের তুষার-অরণ্যে,

নরম কবোষ্ণ জলে কার্নিভাল ও ক্যানারি পাখির
ঝলমলে মুহূর্তরা এভাবেই ডাকে

উনুন থেকে সদ্য নামানো রুটির গোল অন্ধকার
আরো বহুদিন বয়ে বেড়াব আমরা

আর টুপি খুলে নিরুদ্দেশে উড়িয়ে দেওয়া হবে 
                      স্মৃতির নভোচরটিকে






চিঠি

 
শেষ রাতে ঘুমের গায়ে সাদা আলোর ছিটে 
চোখ ধাঁধিয়ে দেয়,দরজার ছটপটানির অপার সীমানায়
মুষড়ে পড়ে সময়-পাখি, 
শৈশবকে উদ্ধার ক’রে বয়ে আনে এই যুদ্ধপ্রান্তরে

অক্ষরহীন নিঃশ্বাসে কে যেন চমকে ওঠে 
আমারই হারানো চটি পায়ে ব্যারিকেডের ওপার থেকে
কারা যে নিরন্তর ছুঁড়ে দেয় অন্ধকার!

চূড়ান্ত নগ্নতার মসলিন চৌকাঠ জেগে আছে
যেন অভিঘাত,যেন বেকুব শুদ্ধ বাতাস –
ফালা-ফালা করছে অক্ষয় আসমানী পর্দা  

ব্যস্ততার অমোঘ ভোল পাল্টে স্থিতি ও নিঃশ্বাসের
এক জন্মে সন্ধ্যার ঠোঙা উড়ে আসে
ধ্বংসের চিঠির মতন দূরে পড়ে থাকে তার বার্তা
 




আলাপ


ঘুরে-ফিরে আসে আমাদের বায়স-যৌবন
দৃষ্টি ও তুণীরের পরিকল্পনা –
শিকারের প্রত্যক্ষ দর্শন থেকে 
অভিজাত শিকড়ে ঢাকে অপূর্ণ চাঁদটিকে

কেমন সাদামাটা ব্যথায় পাশ ফিরে দীর্ঘ সুতোর মতন
আমারই আঙুলে দেখেছি পুতুল-নাচের সাযুজ্য 

ভারি হয়ে নেমে আসে ঘুমে তারপর
তর্কের আঠা ও দু’কশের বোবা নিরুদ্দেশ অভিভাবকেরা