শনিবার, ১৪ আগস্ট, ২০২১

সৌমী আচার্য্য

                                    


সৌন্দর্য


মার সাজ দেখে থমকে দাঁড়ালো ঋতমা।গত দু তিন মাস ধরেই ঘনঘন ফোনে ফিসফাস,ফোঁস ফোঁস নিশ্বাস এযে বাবার সঙ্গে কথা নয় বেশ টের পাচ্ছিলো।আজ খোঁপায় বেলফুলের মালা দেখে দরজা থেকেই বলে উঠলো,'কোথায় যাচ্ছো মা?'মেয়ের গলা পেয়ে চমকে উঠলো শেষ চল্লিশের পূরবী।আয়নায় নিজেকে দেখা থামিয়ে অস্থির ভাবে বললো,'কি রে এতো তাড়াতাড়ি ফিরলি?সবে তো সাড়ে তিনটে।'একটার পর একটা পারফিউম তুলছে আর রেখে দিচ্ছে।ঋতমা ভুরু কুঁচকে দেখলো।

-তুমি কোথায় যাচ্ছো?

-আমাদের আগের পাড়ার বোসবাবুর অপারেশন হয়েছে,তাই দেখতে যাচ্ছি।

-কি অপারেশান?

হাওয়ায় হাতড়ে বোকার মতো বলে ফেললো পূরবী,পাইলসের।খুব কষ্ট পাচ্ছিলো।উত্তর শুনে একটু বাঁকা হেসে ঋতমা বলেই ফেললো,পাইলসের রুগীকে দেখতে যাচ্ছো এমন সেজে?বাব্বা!রুগী যে এবার হার্টের ডাক্তার দেখাতে বাধ‍্য হবে মা।

-কি বলতে চাও তুমি?

-বলছি এমন সাজ তোমায় মানায় কি?বয়স নামে একটা বিষয় আছে তো।এই সাজ আর যাই হোক পঞ্চাশের মহিলাকে মানায় না।

মেয়ের রূঢ়তায় স্তম্ভিত হয়ে যায় পূরবী।আয়নার সামনে রাখা চেয়ারটায় বসে পড়ে।একটা অদ্ভুত খারাপ লাগায় আয়নার দিকে চেয়ে থাকে।ঋতমার অসহ‍্য লাগে এসব।বাবা আজ তিন বছর ব‍্যাঙ্গালোরে পোস্টিং।আগে দিব্ব‍্যি মন খারাপ নিয়ে ঘুরে বেড়াতো মিসেস পূরবী সরকার।রাতে খানিকটা ফ‍্যাঁচফ‍্যাঁচও করতো।এখন তো সব সময় হাসিখুশি আর উড়ুউড়ু ভাব।অসহ‍্য লাগে এসব। ঘর থেকে বেরিয়ে সোজা রান্নাঘরে গিয়ে গৌরীকে বললো,'কিছু খেতে দিবি?নাকি তাড়াতাড়ি এসেছি বলে কিছু দিবি না।'গৌরী হাঁ করে তাকিয়ে বলে,'যা বাব্বা আমি কি করলাম?হাত মুখ ধোও।স‍্যাণ্ডুচ দিচ্ছি।'ঋতমা গজগজ করতে করতে ফিরতেই গৌরী আগ্রহী।

-ও দিদি, মা এতো সেজে কোথায় যাচ্ছে গো?

-মার খাবি গৌরী,বেশী কৌতূহল তাই না?খেতে দে।

একচোট চেঁচিয়ে নিজের ঘরে চলে যায়।হাত,মুখ ধুয়ে ফ্রেশ হয়।গৌরী খাবার নিয়ে ঘরে ঢুকে টেনে টেনে বলে,দিদি,খাবার...আর একটা কথা, মা কাঁদছে দেখে এলাম,তাই বলে গেলাম।বিরক্তিতে মাথা গরম হয়ে যায়।কি এমন বলেছে যে কান্নাকাটি শুরু করতে হলো।খাবার ফেলে সোজা মার ঘরে গিয়ে দেখে সেই আয়নার সামনেই মাথা নীচু করে বসে আছে।

-এসব কি শুরু করেছো মা?বাড়াবাড়ির একটা সীমা আছে।

নরম ধাতের মানুষ পূরবী। সারাজীবন বরের ধাতানি,কথার জ্বালা সহ‍্য করেছে।মেয়েও হয়েছে ঠিক বাপের মতো,পূরবীর কিছুই তারো পছন্দ নয়।এমনকি খেটেখুটে কিছু বানালেও নুন বেশী,ঝাল কম,কেন করতে যাও পারো না যখন?এসব শুনতে হয়।চোখের কোণ মুছে মেয়ের দিকে তাকান।

-রনঞ্জয়ের সাথে তোর ডিভোর্স কি জন‍্য হলো আমি কোনদিন জানতে চাইনি।গভীর রাত পর্যন্ত ফোনে কার সাথে বলিস তাও জানতে চাইনি।আগের অফিস কেন ছাড়লি?এই নতুন অফিসে মাইনে কত?রজত,প্রবীর এদের সাথে তোর সম্পর্ক কি? এমন হাজারটা প্রশ্ন আমার মনে আসে কিন্তু আমি প্রশ্নগুলো করিনা।আমার শিষ্টাচার আমায় বাধা দেয়।বড়ো হয়েছিস,উপার্জন করিস তাই মায়ের পক্ষে যা জানতে চাওয়া স্বাভাবিক সেই প্রশ্নটাও করিনা।এই যা যা কিছু তুই করিস সবটাই তোকে মানায় তমা?

ঋতমা ছটফট করে কিছু বলতে নিলে আঙুল তুলে চাপা স্বরে পূরবী বলে,'আমার কথা শেষ হয়নি।আমি জানি আমি সুন্দরী নই,আমায় এসব ভারী মালা,কানের দুল মানায় না।তবু আমি সেজেছি।আমাকে কেউ বাঁচতে শিখিয়েছে,ভালোবাসতে শিখিয়েছে।আমিও এখন ভালোবাসি।তাই আমি সেজেছি।অন‍্যদিনের মতো রাত আটটা,নটায় ফিরলে তুমি আমায় মলিন মুখে তিনশো টাকার নাইটিতেই দেখতে পেতে।'একটা গা শিরশিরে হাওয়া পড়ন্ত দুপুরকে আলসেমীতে ভরে দেয়।ঘরের পর্দা দুলে ওঠে।ঋতমা ফ‍্যালফ‍্যাল করে তাকায়।

-ভালবাসতে শিখিয়েছে মানে?

-মানে আমিও যে বেঁচে আছি এটা ভাবতে শিখিয়েছে।আমি তো এতদিন কোথাও ছিলাম না।কোথাও না।আজ আমিও আছি।আসলে কি জানো তোমার বাবাকে দোষ দেওয়াটা উচিৎ নয়।কোন মানুষ যখন নিজেই নিজেকে ছোট ভাবতে,হীন ভাবতে শুরু করে তখন আসলে তার আর কিছু থাকে না।এটা আমার জীবনে খুব ব‍্যতিক্রম কিছু তাও নয়।বহু মানুষ ছেলে মেয়ে নির্বিশেষে এই ভাবেই বেঁচে আছে।নিজেকে ভালোবাসাটা খুব জরুরি।নিজেকে ভালোবাসলে প্রেম জন্মায় সহজ আনন্দে।

-কি আশ্চর্য নির্লজ্জতা তোমার।এই বয়েসে এসে এসব মেয়েকে বলছো!প্রেমে পড়েছো তুমি?

-তুমি ঠিক ভাবছো আমি নতুন করে প্রেমে পড়েছি।

এই বলে জোরে হেসে ওঠে পূরবী।হাসির শব্দে গৌরী রান্না ঘর থেকে দৌড়ে আসে।হাসিহাসি মুখে বলে,'কি হলো মা?তোমরা হাসছো কেন?'

-তোমরা?না রে গৌরী,তোর দিদি হাসছে না,আমি হাসছি।

-আচ্ছা মা তোমায় আজ সকালে কে ফোন করেছিলো গো?কর্তাবাবা?ঐ যে ফোনে তুমি বললে আই লাবুউ।

পূরবী আবার একচোট হেসে বললো-'আরে বাহ্,দারুণ কায়দায় দিদিকে জানিয়ে দিলি তো আমি আজ সকালে ফোনে প্রেম করছিলাম।দেখ তমা গৌরীও জানে আমার স্বাধীনতা ঠিক কতটুকু।দারুণ তাই না কিন্তু ও তোর বা তোর বাবার সীমা বোধহয় জানে না।'ঋতমা জ্বলে উঠলো।এতদূর,এতদূর এগিয়েছে মা।বাবার সামনে তো মুখে রা কাটে না।এমনকি কোনো কোনো দিন রাতে ঘুম ভেঙে গেলে বাবাকে চাপা গলায় বলতে শুনেছে,'ঠাণ্ডা বরফ হয়ে গেছো তুমি।তোমার গায়ে এখন শীতের গন্ধ।অসহ‍্য শীত।'তাহলে এই বয়সে এই আধবুড়িকে কে এতো ভালোবাসা দেখালো?চিৎকার করে গৌরীকে ঘর থেকে বের করে দিয়েই মার উপর ফেটে পড়ে।

-নির্লজ্জতা এতো দূর মা।তোমার লজ্জা করে না ।দাঁড়াও আমি এখনি বাবাকে ফোন করছি।

পূরবী খুব শান্ত গলায় বলে,'তোমার বাবা তোমার মতোই খুব সুন্দর।আমাকে পছন্দ করে বিয়ে করেনি সে,পছন্দ করেছে আবার বাবার টাকাকে।এই যে এতো বড়ো বাড়ি,গাড়ি তা কেবল একটা সাধারণ আয়ূর্বেদিক ওষুধ কোম্পানীর এরিয়া ম‍্যানেজারের পয়সায় হয়নি,এটুকু বোঝার জ্ঞান তোমার আছে নিশ্চই।তোমার বাবার একাধিক রিলেশানে জড়িয়ে পড়ার গুণটাও তুমি পেয়েছো।আমি শুধু চুপ করে থেকেছি।তোমাদের নির্লজ্জতার সীমা আমি কোনদিনই দেখি নি।তাই আমি তোমাকে কোনো উত্তর দিতে বাধ‍্য নই।তোমরা বোধহয় ভুলে গেছ স্বাধীনতা আমারো আছে।আমি তোমাদের কেনা বাঁদী নই।রক্ত মাংসের মানুষ।'

জোঁকের মুখে নুন পড়ার মতো কুঁকড়ে যায় ঋতমা।সত‍্যিই সে বাবার মতো।সত‍্যিই তো মার মতো নয়।বারবার পুরুষ আসে তাকে নিংড়ায় আর ছিবড়ে করে ফেলে চলে যায়।মাকে অবহেলিত দেখতেই অভ‍্যস্ত সে।পার্টিতে গেলে এককোণে মা জড়োসড়ো হয়ে থেকেছে,আর বাবার হাত একের পর এক নারী শরীর জড়িয়েছে।ঠাকুর দেখতে গেলে ঋতমার হাত ধরে বাবা হেঁটেছে,মা পেছনে একা।তাই কি মার খুশি,ভালো থাকা মানতে পারছে না?পূরবী মেয়েকে দেখে স্হির চোখে।

-আমি ছোটবেলায় তোমায় আবৃত্তি শেখাতাম মনে আছে?ক্লাস এইট পর্যন্ত প্রাইজ পেয়েছো।তারপর তোমার হঠাৎ মনে হলো আবৃত্তি বড্ডো এলেবেলে জিনিস,তোমার বাবাই বুঝিয়েছিলো সম্ভবতঃ।আসলে আমার আবৃত্তি করাটা সেই বন্ধ করে দিয়েছিলো বিয়ের পর।পাড়ায় আত্মীয় স্বজন মহলে আমার সুনাম তার ভেতরটা পুড়িয়ে দিচ্ছিল ক্রমশ।সোজা সাপটা দাবী ছিল তোমার বাবার,সংসার,রান্নাঘর এই চৌহদ্দি ছেড়ে বেরোনো যাবে না।সাধারণ মেয়ে আমি।হাজারটা গৃহবধূর মতো সংসারে জড়িয়ে থাকা প্রাণী।আমার বাবা মাও চিরকাল প্রাচীন ধারণা থেকে বেরিয়ে এসে আমাকে মুক্তির পথ দেখায় নি।বলেছিলাম,আমার ও বাড়িতে কোন স্বাধীনতা নেই বাবা।আমায় ভীষণ ভীষণ অপমানিত হতে হয় প্রতি পদে।মা বাবা পরিস্কার বলে দিয়েছিল,সম্মান নিজেকেই অর্জন করে নিতে হয় সে দায় নাকি আমার।বুঝেছিলাম আমিও আসলে দায় ছিলাম।বিয়ে দিয়ে ঝাড়া হাত পা হয়েছিল মা বাবা।

-নিজের বাবা মার বদনাম করছো?একটু আগে না নিজের শিক্ষার বড়াই করছিলে।

-একথা তোমার মুখে ভালো শোনায় না তমা।আমি মা বাবাকে কোনদিন অসম্মান করিনি।আজ আমার দুঃখটা কেবল জানিয়েছি।

-কিসের দুঃখ তোমার?খাওয়া পরার কোন অভাব তো নেই।

-এটুকুই বুঝি সব!আত্মসম্মান বোধ,ভালো থাকা কেবল এই দুই পেলেই তৃপ্ত হয়?আমার ভেতরেও  আকাঙ্খা আছে স্বাধীনতার,উড়ে যাবার।একথা তোমরা কোনদিন বোঝোনি।আজ সে কথা একজন আমাকে বুঝিয়েছে।আজ আমি তোমাদের চোখ রাঙানি,উপেক্ষা কোন কিছুকেই তোয়াক্কা করি না।

-মা,সত‍্যিই তুমি প্রেমে পড়েছো?নতুন করে ঘর বাঁধবে নাকি?

ব‍্যঙ্গের মধ‍্যেও হঠাৎ অসহায় শোনায় ঋতমার গলা।আবার হেসে ওঠে পূরবী।হাসতে হাসতে বলে,'প্রেমে পড়লেও নতুন করে সংসার পাতার ইচ্ছে আমার নেই তমা।'একটু থেমে খুব মিষ্টি করে বলে,'আমি আবার আবৃত্তি করছি। বাবাকে ফোন করলে এই কথাটা বলো।আমার ছোটবেলার বান্ধবী যার সঙ্গে একই সাথে আবৃত্তি শিখতাম সে এখন অনেক বড় শিল্পী।নতুন করে তার সাথে যোগাযোগ হতেই আমার জীবনে সব ফিরে এসেছে।

-কে?কার কথা বলছো?

-অরুণা সেন।

-কি উনি তোমার বন্ধু!

-তাহলে এবার তোমার প্রশ্নের উত্তর পেলে?আমি কাকে ভালোবাসি?হুম্?আমি ভালোবাসি নিজেকে।এই স্বাধীনতার কিছুটা রং এখনো আমার আছে।সবটাই শেষ হয়ে যায়নি।এবার আসি!সাতটায় ফিরবো।নন্দনে আমার আবৃত্তির একটা অনুষ্ঠান আছে।কিছু লাগলে গৌরীকে বলো।

গেট খুলে যে মহিলা খোঁপায় সাদা বেলফুলের মালা জড়িয়ে,হাতে কানে ঢোকরার গয়না আর খয়েরী শাড়ি পরে বেরিয়ে গেলো সে কে?ঋতমার মা?নাকি অন‍্য কেউ?এতো সুন্দর লাগছে পূরবীকে যে ঋতমা অবাক হয়ে যায়।স্বাধীনতা মানুষকে অনেকখানি সুন্দর করে দেয় তাই না!








সমিধ গঙ্গোপাধ্যায়

                         


চন্দ্রাহত অথবা সেয়ানা ধর্ষণকারীর স্বীকারোক্তি 
--------------------------------------------------------------------



না না চাঁদ দেখলে আমার আর অন্য কিছু

হজম হয় না
এই আমিদেহ নাকি চাঁদ নিয়ে সুস্বাদু কবিতায়
প্রজ্ঞা আর প্রেম বেঁধে ঘোড়া হাঁকিয়েছে? কই না তো!

আমার বউ অন্ত্রের ক্যান্সারে মারা যাওয়ার আগে
একটা সরোবর খেতে চেয়েছিলো
প্রোমোটারও চেনা ছিলো 
বললেই সমস্ত তরল আওয়াজগুলো চেপেচুপে 
দশতলা প্রমাণ এক টিফিন বাক্সে পাঠাতো
কিন্তু আমার গাফিলতি সরোবরের বদলে কিছু পাখির ছবি এঁকে দিয়েছিলো
খেয়াল করিনি ওরা পরিযায়ী,তাই যাবার সময় বউকেও নিয়ে চলে গেছে কবে

আমার প্রেমিকার মালভূমিতে তালু চাপড়ে
বলেছিলাম "হেই দ্যাকো উঠে পড়েছি পৃথিবীর ছাদে"
আমার প্রেমিকার পিঠে বারকয়েক লাথি মেরে অবাক হয়ে বলেছি "কই প্রেম যদি ভাঙলো তবে শব্দ পেলাম না কেন?"
তার ঠোঁট থেকে দুটো আনকোরা মেঘের কান ছিঁড়ে নিতে নিতেও বলেছি "কই বাপু প্রেমে এতো যন্ত্রণা কই?"
আমার প্রেমিকার হাস্যকর করোটি নিয়ে বাজি ধরেছি
"এক ঘায়ে ফাটাতে পারবে?"
আর ফেটে যাওয়ার সঙ্গে সঙ্গে ছাইমাখা ধোঁয়া খানিক নাকে যেতেই নিশ্চিন্ত হয়েছি 
"যাক তাহলে প্রেম ওই মানবাধিকারের মতোই বড় বেশি ভঙ্গুর ছিলো, তাই টিকতে পারেনি!"

এমনকি নিজেকেও বিশ্বাস করো দোস্ত,
গোড়ালি কন্ঠা বৃন্ত বগল নাকের লোমের আলাদা আলাদা বিমার পেটে ঢুকিয়ে রেখেছিলাম, হ্যাঁ গো সুপারিশের সহিত
আর তারা একটুও বিপ্লব না-ফাটিয়ে সকাল সকাল
পুরসভার সবেধন নীলমনি কমোডের যে কোনো একটায়
সকাতরকলরবে শান্তিময়, বেরিয়ে গিয়েছে

এমনিতে মাঠে ঘাটে রাতের দিকে যাই
সে তো অন্য কারণে
তবে অন্যের গায়ের চামড়া আমি যে এখনও অবধি 
একবারও কেড়ে নিইনি সেও তুমি জানো
যেটুকু আভাসমেঘে বেলা হ'লে তোমরা টের পাও
তারা সব নিজে থেকে এসে জল ঢালে আর পাম্প ক'রে
দেখে নেয় কতক্ষণ পরে পরে কতখানি নিচ থেকে সবটুকু জল 
ফিরে আসে

শুধু যদি চাঁদ ওঠে দুপুরের দিকে,
আমার রুটি  তিথি তরকারি বারবেলা গতে 
এগারো নম্বর রাশিফলের বারণ 
এবং ইসবগুল কিচ্ছুটি হজম হয় না
নিজেকে একটা কাঁকর বানাতে ইচ্ছে হয়
সেই কাঁকরে চাঁদের অসম্ভব তিতকুটে রোদ্দুর যখন 
প্রথম পোয়াতি জরায়ুর মতো খুশিয়াল শ্রাবণ হয়ে ওঠে
আর সেইমুহুর্তে চাঁদ টুক ক'রে নেমে এসে দাঁতে তুলে নিয়ে খুব কামড়াকামড়ির পর থুতু ছড়িয়ে উধাও হয়ে যায়
তখন সেই রক্ত লালা ঘাম স্রাব পুঁজ বমির ক্ষীর মাখা দেহখানা 
সরকারি চাকুরে কবিতার পাশে রেখে সামান্য মজা দেখি আমি

এর বেশি আমার কোনও দোষ তুমি ধরতেই পারবে না!


তিন নম্বর পৃথিবীর একচালায়
--------------------------------------------

কোনো কোনো সীমন্তিনী
গোবর থেকে উত্তীর্ণা হন

কেমন একটা অদ্ভুত আলো হয়ে ওঠে চারদিক
আমরা অস্বস্তি গিলে টকঝাল ঢেঁকুর তুলি

রাতের শেষ ট্রামে ফুসলে ওঠাতে পারি না

ত্যক্ত কারখানার মাঠে হিঁচড়ে নিয়ে যেতে পারি না

স্বচ্ছ শাড়ি অস্বচ্ছ বোরখা কার্যকরী গাউন
ভবিষ্যৎ জেনে ফেলা বিকিনি কোনোটাই মাপমতো
লাগাতে না পেরে

তার নগ্নতায় সামান্য মাটি লেপে দিই

তারপর মহানন্দে অকপটে জুলজুলে
নেত্রপাত করে নিই দফায় দফায়

তাকে অকারণে একটু দুর্গা বানাই

নিশ্চিন্তে পাঠ করি
লিখে ফেলি পাতার পর পাতা
বান্ডিল ওড়াতে থাকি কাগুজে খিদের

তারপর মাটি বেশি জমে গেলে
কাকভোরে ডুবিয়ে দিয়ে আসি

নতুন কোনও নগ্নতায় চামড়ার অনটনে
আবার একটু অকারণে নিজেদের লেপে দেবো ব'লে।


স্বনির্ভরতা
----------------

ঘুম আসবে বলেছে
আজ-কাল-পরশুর প্রাইম সময়ে
স্লট পেয়েছে যেমন আর যতক্ষণ খুশি

শয্যা-চমকহীন জন্মান্তরের বড় প্রশ্নে
গন্ডারের শিঙেওয়ালা নম্বর থাকে
যদি হাসাতে না পারো তবে ফুঁ দেবারও
অধিকার নেই

নিতান্ত ঘুমের জেদ আসবে বলেছে
তাই বড়জোর চোখ আর পেট থেকে খোসা চেঁছে
ধুনো হতে পারো
এক আধ নম্বরের শ্বাসে টিক দিতে দিতে
সূর্যও ভুলে গেছে জল ধরে রাখার বয়ান
তুমি কোন ছাড়

তিলোত্তম আবছায়া হয়ে ওঠাই
সাফল্যের অদ্বিতীয় ধর্ম--
রোল নম্বর মনে রাখতে পারে না বলে
নিজেরই খড়মপেটা খেয়ে,
স্বয়ং ব্রহ্মেরও অন্ডকোষ
পরষ্পরের চেয়ে দূরতর হয়ে গেছে
ভাসা ভাসা পথে
তুমি কোন ছাড়

শুধু দ্যাখো
ঘুম তার নিজেরই ছায়ার তরলে,
সুভদ্র বিপর্যাস মিশিয়ে মাপছে গভীরতার গড়ন

শুধু ভাবো এর বাইরে স্রেফ পাতা উলটে
না গিয়ে
যদি লেখার হাতের লেখা নির্বিকার গুমখুন
করা যেত পাশ ফেরার আগে
মাতৃদত্ত হোক না হোক বেশ খানিকটা নাম
বিক্রি করা সম্ভব হতো,
                         মুক্তিপণ নেবার অছিলায়।




জবা ভট্টাচার্য

                    


          অধিকার

গণতান্ত্রিক অধিকার প্রয়োগ! ভোট দিতে এসেছিলো
  এ কোন গণতন্ত্র? রক্তে পথ  ভিজে গেল?

  রক্ত  ধুয়ে ফেললেই কি সব মোছা যায়?
  অনির্বাণ আগুন জ্বলে পথের গুল্মলতায়।

  "ও রাজা তোর কাপড় কোথায়",লজ্জা কোথায় রাখিস?
  দিকে দিকের জনরোষ দেখব কিসে ঢাকিস ।

  চিতার আগুনে পুড়িয়ে দিয়ে, ভাবিস যুদ্ধ  শেষ!
  সব পোড়ায় না চিতা,নাভিকুন্ড জাগে অনিঃশেষ।

  ওরা তো ফিনিক্স, দাঙ্গাশিবিরে যদি বা পোড়ে লাশ
  অস্ত্র হাতে জাগবে আবার  রুখতে সন্ত্রাস।#

      পারিজাত

  মেয়েমানুষ হয়ে জন্মেছিলি
  ছাপোষা বিছানায়
  কি পেলি রে জীবনভর মেয়ে?
  বয়ে গেলি শুধু দায়।

  গর্ভঘুম ভেঙে উঠলি যখন
  দেখলি সমাজ ছেলেই চায়
  ছেলেই তো সমাজ ,সংসার, বংশ রক্ষক
  মেয়ে আলোকসামান্যা মানবী তো নয় ।

  বাপের ঘরে বাবার পদবী, স্বামী ঘরে তার
  পুরুষ ই তোর ভাগ্য গড়ে,
  ভুলেও কখনও স্বাধিকার গড়তে গেলে
  ঘর জুড়ে তোর পোড়া ছাই ওড়ে।

  তবুও বারেবারে, সবুজ ঘাসের মতো
  ভালোবাসার  টানে
  আকাশচুম্বিত পুরুষ আঁকিস আনমনে
  অলীক  সম্মোহনে ।

  ভেঙে ফেল এবার,আছে যা অন্দরে বন্দী
  কাঁটাতারের  ঘেরে
  কিল খেয়ে কিল হজম করিস না রে মেয়ে
  মরিস না বেঘোরে।

  মীরা নয় , তুই  রাধাই  হবি
  মুরারী আকাশনীলে
  প্রভুত্ব নয়, তপস্যা হবি পুরুষের
  ভালোবাসার অন্তমিলে।

   বিদাহী সময়

   চোখের থেকে কালো চশমাটা সরাও---
   নির্বাসন দাও শকুনি, দুঃশাসনের কালো---
   " অশ্বথামা হত ইতি গজ"র মুখোশটা
   সরাও মুখের থেকে------
   নইলে অন্ধতাপ ক্রমশ স্পষ্ট হবে নিঃসঙ্গ স্পর্শে।

   অথচ দেখো তুমি, দিকচিহ্ন নির্দেশ করে আজও
   গান গেয়ে যায় অন্ধ বাউল----

   দীর্ঘতা ছুঁয়ে উড়ে যায় পাখি-----

   এখনও বুকের  ভেতর কনীনিকা, সন্তানের
   জন্মের প্রস্তুতিপাঠ লিখে রাখে সযত্নে।

   সময় এসেছে, চোখের থেকে কালো চশমাটা সরাও
   মুখের থেকে মুখোস।। 

অনির্বাণ দাশ

                           



১।।
অরাজনৈতিক
-----------------------

ক্রুসবিদ্ধ করুন 
অন্ধ করে দিন
গেলাসে হেম্লক
         খাবো এবার । 
কখনো সাঁজোয়া গাড়ি 
কখনো ধর্মকল
আমাকে মারে রোজ 
            দুর্নিবার ।।

তবু বেঁচে আছি দেহে 
মননে মরে মরে
হিদে পীরিতি ঢালে
         দুচার জনা। 
ব্রহ্মাণ্ড কী কেন 
নানা প্রশ্ন নেড়ে 
যাই তো বিছানাতে
          ওঃ আনমনা ।।
------------------------------------
২।।
স্বাধীনোত্তর
-------------------
সন্ধ্যে হলে একা বসি বারান্দায় টুলে।
পাখি ফেরে। গান ধরে বিশুদ্ধ সারঙে
কারা। অমাবস্যা গাঢ়। তার কালি রঙে
লিখি ভবিষ্যৎ কাল। চাঁদ ওঠে দুলে... 

মিছিল স্লোগান পথ সব ভেসে যায়
ভালো মন্দ তীব্র শোক আর চিদানন্দ 
একাসনে হেসে হেসে বিঁধেছে বিদ্রুপে... 
-----------------------------------------------------
৩।।

পথ
-----
বাড়ির চৌকাঠ মাড়িয়েই যেতে হলো

একটি পাখি একটি তারা খুঁজে শ্রম দীর্ঘ 
হেঁটে শেষে তৃষ্ণাজল দ্যায় কৃষ্ণকলি

নিরোধক ছাড়া যতো রমণ বিক্রীড়া
সৃজন আনন্দে ভোর 

সদ্যোজাত কেঁদেছিল গাঢ় অর্গাজমে
ঈশ্বর মানুষ আর পাতাঝরা সন্ধ্যেবেলা
মধ্যরাতে ওঠে যেন জাতীয় পতাকা
------------------------------------------------------



সুনন্দ মন্ডল

                           


             স্বাধীনতা
             ‎    
             ‎
রক্তের প্রাচীর ভেদ করে 
স্বাধীনতার দাম।
বর্ণে বর্মে তোমাদের শৌর্য
ব্যস্ত জীবনে ঘাম।

নদী বয়ে যাওয়া সুরে 
আকাশের নীরবতা।
মেঘের গর্জন দিকে দিকে 
সবেতেই স্বাধীনতা। 

তোমার মনন জানে
অনভিপ্রেত কিছু জিজ্ঞাসা।
আশানুরূপ ফল পেয়ে
নেই আর কোনো হতাশা।

স্বাধীন ভারত, স্বপ্নেরও
লুকোচুরি খেলাঘর।
বীরত্বের কাহিনী ঠাসা
আত্মবলিদানের বাসর।
       

         রক্তের অক্ষর
         ‎    

সবুজ গায়ে বেঁধেছিলে পণ
জীবন সংগ্রামে ঝাঁপিয়ে।
কোনো কিছুর পরোয়া ছিলো না
নিজের জীবন নিয়ে।

দেশের সেবায় আয়োজিত
রাষ্ট্রব্যাপি মহাযজ্ঞ।
তোমরাই এলে বুক চিতিয়ে
বিজ্ঞ কিংবা অজ্ঞ।

রক্তের অক্ষরে দিলে প্রাণ
স্বাধীনতার নামে।
আজও স্মরণ করি তোমাদের
আত্মত্যাগের ধামে।
        

          শিরোধার্
          ‎   

অজস্র মৃত্যুপণ
বলিদান
সমর্পণ
দেশের কল্যাণে।

মহা সংগ্রাম
বিদ্রোহের পরিণাম
স্বাধীনতার ফুল
পতাকায় ত্রিবর্ণ চেতনা।

যুগের অবসান
বিপ্লবীদের আত্মত্যাগ
ক্ষমাসুন্দর
ভারত মায়ের কোলে শিরোধার্য।

চিত্রঋণ- জয়ীতা ব্যানার্জী 
       



সোনালী চক্রবর্তী

                               


 

আতিশ






" কিছুকে ভাঙা বা গড়ার জন্যে ডেলিবারেট বা ইনটেনশনাল হতে হয় না। অন্তরঝাঁপিতে উঁকি দিতে হয়। রূহ কী চাইছে। যদি তোমায় দিয়ে নির্ধারিত থাকে ধ্বংস বা সৃষ্টি, সে তন্ত্র হোক বা সংস্কার, তা ঘটবেই, সময় করিয়ে নেবে। কিন্তু শুধুমাত্র ঐতিহ্য আঁকড়ে থাকা বা ট্রেন্ডসেটার হতে গিয়ে মানুষ বড় নিষ্ঠাবান হয়ে পড়ে উদ্দেশ্যে। প্রয়োজন হয় সলিউবিলিটি, তারল্য অর্জন। আয়নার মত স্বচ্ছ সে মাধ্যমে অনায়াস খেলতে পারে তখন কালপ্রতিমার ছায়া " 



রাজহাঁসরঙা শাড়িগুলো ঘাঁটতে ঘাঁটতে তাদের অধিশ্বরী কমলিনীর কথাগুলোর প্রতিধ্বনি পাচ্ছিলো স্বধা। বহুদিন হলো চারটে দেওয়াল থেকে পাথরের ছায়া ঝরাতে ঝরাতে এমন অদৃশ্য পাষাণ গেঁথে তুলছিলো সময়, ভুলে যাওয়া ডানাগুলো খোঁজা হচ্ছিলো না। অথচ এক দুপুরে, পলাতক রোদ্দুর আর কাঠবিড়ালির মধ্যে পার্থক্য কীভাবে করবে বুঝে উঠতে না পারায় তার মনে পড়লো প্রতিটি অপেক্ষার নিজস্ব সৌন্দর্য থাকে আর অপেক্ষা ঘন হতে থাকলে তার গায়ে যে সলিচিউডের পশম জড়িয়ে যায়, সে ওম থেকে খুব সহজে আর বেরনো যায় না। মুশকিল হলো তার অপেক্ষা আছে কিন্তু সে অপেক্ষার বর্ণ নির্ধারণ করতে বসলে নিজেকে রংকানা ঠাহর হচ্ছে। স্মরণে এলো সেই সঙ্কটে তার মাথায় হাত রেখে বলা কমলের (এই নামেই সে তার ঠাম্মিকে ডেকে এসেছে বরাবর) শেষ কথাগুলো।

(বেনারসে দশেরার ধুম শেষ হলে পঞ্চদশী স্বধার মেঘেদের দেশে ফেরার মেঘলা সকালে যা তিনি বলেছিলেন... আর দেখা হয়নি। ইউক্যালিপটাস ঘেরা নির্জন প্রিন্সিপাল রুমের ভারী কালো ল্যান্ডলাইনটা বেজে ওঠার বহু আগে সে টের পেয়েছিলো কমলের মুক্তি সংবাদ। অদ্ভুত কমলা রঙের আলো পিঠে ছড়িয়ে তার বেডের লাগোয়া  শার্সিতে এসে বসেছিলো সেই সকালে যখন এক গোল্ড নেপড ফিঞ্চ। এ পাখি বিরল নয় এই প্রদেশে কিন্তু অরণ্য ছেড়ে সে খুব কমই বেরোয়। বহু সাধ্য সাধনায় তার দর্শন পায় সারা পৃথিবী থেকে আসা অর্ণিথোলজিস্টরা। সে পড়তে পেরেছিলো কমলের বার্তা। বিশ্বাস অবিশ্বাসের সীমা অতিক্রম না করতে পারলে এই মায়াদিগন্তে পা রাখা যায় না, যুক্তি যাকে কাটতে পারে না, ব্যাখ্যা যার নাগাল পায় না, যেখানে নীলকন্ঠ উড়ে যায় দর্পণ বিসর্জনের পর খাঁচা থেকে আত্মারাম নিষ্কৃতির রূপকে)


--" কমফোর্ট জোন থেকে বেরোতে তোমার প্রধান প্রতিপক্ষ হিসাবে তুমি নিজেকেই প্রতি মুহূর্তে পাবে দিদিভাই। আপাত অজ্ঞাত প্রতিকূলতা তোমায় আলস্য দেবে আর সেই ই তোমায় ধীরে স্থবিরও করবে। আমি চাইবো এমন যখনই হবে, ছিঁড়ে দিও নিজেকে, ডিকন্সট্রাক্ট কোরো লিয়ারকে ভেবে নিয়ে। জানো তো সেই বিখ্যাত সাধক কখনো একই বৃক্ষের নিচে দুই বার ধ্যানে বসতেন না, যেন মায়া না বসে। অবিদ্যাকে না ভাঙলে বিদ্যা অর্থাৎ মহামায়া চৈতন্যে পা রাখেন না। তাই সতর্ক থেকো "


সুতরাং সে আজ আবার পথে, একবার ছুঁয়ে যাচ্ছে শুধু কমলভূমি। দেশ দেখা যে কী প্রবল ব্যঞ্জনাময় তা বোধ করি ঋতুপর্ণের মতো জানতে ও জানাতে কেউ পারেন নি ভারতীয় চিত্রপরিচালকদের মধ্যে। এই বিতর্কিত মন্তব্য বহুবার প্রকাশ্যে করে সমালোচিত হয়েছে স্বধা। বারবার তুলনা আনা হয়েছে কাশবনে অপু দুর্গার ট্রেন দেখাকে ঘিরে। কিন্তু সে এটা কিছুতেই বুঝতে পারে না যে, কোনো মতকে পোষণ করা সিদ্ধান্ত আর মৃগদৃষ্টির মধ্যে আদতেই কোনো পার্থক্য আছে কিনা। অতএব সন্ধ্যার গঙ্গাবক্ষ থেকে আলোকউজ্জ্বল ঘাটের দিকে পিঠ ফিরিয়ে বসে ব্যাসকাশীর দিকে তাকানো সে নিজস্ব সিদ্ধান্তেই ভিজে নিল আরেকবার। 


বোহেমিয়ানা যাদের অকৃত্রিম একমাত্র তারাই বোধ হয় বোঝে কেন গালিব বলতেন "নশা অগর শরাব মে হোতি তো নাচতি বোতল" । আসলে নেশা হলো স্নায়ুর সেই আশ্চর্য অবস্থান যেখানে নেশারু নিজের ভিতর ঈশ্বরসত্ত্বাকে আবিষ্কার করে, দ্যা সুপ্রিমো। ফলে যে কোনো মূল্যে বারবার পৌঁছাতে চায়। সুর, সুরা, শিল্প, সাহিত্য, একাকীত্ব, দেশ দেখা সব, সব তারই অনুসন্ধান মাত্র, যে যেভাবে পায়। যে যত সংখ্যক মাধ্যম ছুঁতে পারে, তার সংবেদন ততো সূক্ষ্ম। এসব একান্তই স্বধার ব্যাক্তিগত বিচার যদিও। যে স্বাধীন চিন্তার বীজ কমল পুঁতেছিলেন প্রথম কপালে হাত রেখে তার পৌত্রীর, তাই আজ তার সমস্ত শরীর বেয়ে উঠে মস্তিস্কের কোষে কোষে ছড়িয়েছে। এই কথা সে টের পায় একা হলেই অপূর্ব একা যখন হতে পারে আর কী। সর্বদা কী আর পারে? রক্তে লবণ কার না থাকে? নাভি থেকে পারাবত কার না উড়ে যেতে চায়? পৃথিবীতে এমন আনন্দ অথবা শোকের অস্তিত্ব আছে কি যে খিদে ভোলাতে পারে? ক্ষুধাপ্রবণ নশ্বরতা, কে পারে বিনা সাধনে তাকে অতিক্রম করতে। সে তো সামান্য নারী মাত্র। উদাসীন জাস্কর উপত্যকা থেকে নির্লিপ্তির চাদর জড়িয়ে তার ক্রাইস্ট যতই তাকে ঈশ্বরী হয়ে উঠতে বাধ্য করুক, নূপুর খুলছে কই? এও আরেক সমস্যা। ঈশ্বরবোধের ভিতর স্বধা কখনো ফুল ধূপকাঠি নৈবেদ্য ঢোকাতে পারলো না। অসম্ভব শরীরী তার আধ্যাত্মিকতা। রাসজ শ্বাসে তার ভক্তি আসে না, রমণস্পৃহা জাগে।


অলীক এই অন্তর্দাহ স্বধার মধ্যে প্রত্যক্ষ করতেন কমলিনী। লিখে গেছেন। বহুবার পড়েছে সে। আজ সেই ডায়েরি বরাবরের মতো নিজের কাছে নিয়ে যেতেই তার পীতাম্বরপুরার পাথরে পা রাখা, হয়তো শেষবারের মত। 

--" দিদিভাই,

তীব্র অহং ও যন্ত্রণা সমানুপাতে সম্বল করে আমায় ছেড়ে যেতে হচ্ছে এই জন্মের মেয়াদটুকু আজ। ভেবেছিলাম মুক্ত হয়েছি, পারলাম না। আমার প্রকৃত অংশের দায়টুকু তুমি নিয়ে রাখলে। তুমি বাঁচবে আমি জানি অথচ হেঁটে যাবে যে যে ভিস্তা দিয়ে তাতে নির্ধারিত আছে এমন কাঁটারা, পা থেকে রক্ত ঝরবে না, ক্ষতরা মারিয়ানা হবে। তুমি প্রেমে বিশ্বাস করো না, সম্পর্ক মানো না, অথচ নতজানু হয়ে থাকো ভালোবাসতে। তুমি মানুষের শরীরে প্রত্যাশা রাখো ঐশ্বরিক ধারণ আর ঈশ্বরের থেকে আশা করো মানবিক বোধ। এ কি সম্ভব? আমি যতটুকু দেখছি সামনের দিকে তাকিয়ে, প্রতিবার নি:স্ব হয়ে যাচ্ছ সমর্পণ ও প্রত্যাহার শেষে। আমি নিশ্চিত জানি আধারেরা টের পাবেনা। এক উত্তরই তো প্রতিবার পেয়েছি তোমায় বুঝতে গিয়ে 'ইশক কোই সনম ইয়া আপ খুদা কমল?' এ আমার হাহাকার, তোমার প্লাবনের মতো কাঙালপণাকে তীর থেকে তীর ছুঁয়ে ছুঁয়ে নোঙর ফেলতে দেখছি মাঝ দরিয়ায় যেখানে সূর্যও উদয় অস্তের নীতিহীনতায়। সদ্য রজস্বলার কী'ই বা বোধ থাকে মনের শরীর আর শরীরের মন নিয়ে অথচ তুমি সেই সময়েই আমার কাছে স্পষ্ট উচ্চারণ রেখেছিলে 'যাকে নিয়ে উত্তাল হবো আগে তো তাকে আমার মাথা পেরিয়ে আসতে হবে। চামড়ায় কিছু থাকে কি? মেটিয়াবুরুজের ট্যানারিতে শত শত ঝুলতে দেখেছি। হৃদমাঝারে রাখতে আর কাকে পারি সোনার গৌর ছাড়া? হৃদি গো হৃদি, সে না জাগলে আর এগোই কী করে?' দিদিভাই কাকে চাইবে তুমি অথবা অজস্র চাইবে। প্রতিটা চাওয়া একটা করে ভাঙনের উত্তরণ রেখে যাবে। না মানুষ কখনো ঈশ্বর হবে না ঈশ্বর কোনোদিন মানুষ। দুই'ই তো শব্দমাত্র, গড়ে নেওয়া আলেয়ার, আরোপিত সংজ্ঞার। অথচ এই দ্বন্দ্ব থেকেই উৎক্ষিপ্ত মহাজাগতিক কণার মতো আবর্তিত হতে থাকবে তুমি সমগ্র আয়ু। নিজের উপর ক্ষোভ আসছে আজ আমার। কেন চেয়েছিলাম তোমায় ব্যতিক্রমী? সাধারণ হলে না, অসাধারণ হতে চাইলে না, স্বধামাত্র হয়ে রইলে।



কমল "
চিত্র - অন্তর্জাল 

সুবীর সরকার

                             


  
গৌরীপুরের পান আর গোলকগঞ্জের গুয়া


 

আর সেই নদী গঙ্গাধরের চরে চরে হাঁটতে হাঁটতে কত কত ভাবনাই যে ভাবতে হয়!ভাবনা স্থির থাকে না।সে একরকমভাবে শুরু হয়।আর গতিপথ বদলাতে বদলাতে চিরনুতনের দিকে চলে যেতে থাকে।ইয়াকুব ব্যাপারীর দুই চোখে আকাশের নীল ছায়া ফেলে।বালুবাড়ি দিয়ে হাঁটতে হাঁটতে ইয়াকুব খুব পুরোন কোন এককালে শোনা একটা গানকে নিজের খুব গহিনে টেনে নিতে থাকে_

‘মন মোর কান্দেরে

গঙ্গাধরের ওই ভাঙনি রে দেখিয়া’

এই গান থেকে কি তীব্র এক বাইস্যাকালের ছবি উঠে আসে।নদীপাড়ের মানুষের যাপনের দুঃখ,যন্ত্রণার ছবি ক্রমে বিচুর্ণ হয়ে উঠতে থাকলে ইয়াকুব ব্যাপারির মনে পরে ছত্রশালের হাটে আলাউদ্দিন এমেলের ভোটের জুলুসের কথা!সে এক মজার নির্বাচনী সভা।ইয়াকুব ভাবে,এ কেমন ভোটের মিটিং!কেননা আলাউদ্দিন এমেলের মিটিঙে তো কোন ভাষণ থাকে না।বাইরে থেকে আসা কোন নেতার ঘর তো সেই সভায় থাকে না!থাকে খালি গান আর গান।ঢোল আর বাঁশি।আলাউদ্দিন মাস্টার নাকি আলাউদ্দিন এমেলে নাকি আলাউদ্দিন গিদাল হাতে দোতরা নিয়ে;দোতরা বাজাতে বাজাতে কোমরে নাচ নিয়ে গাইতে থাকেন গানের পর গান।লোকগান।মাটি ছুঁয়ে বেঁচেবর্তে থাকা সহজ সরল মানুষের প্রানের গান।জীবনের গান।মানুষ ঘিরে ধরে এক ভোটের নাকি গানের মিটিং!আর ভোটের পরে দেখা যায় আলাউদ্দিন এমেলে এক্কেবারেই পাশ।কি আজব কিসিমের মানুষ ছিলেন এই আলাউদ্দিন মাস্টার!সারাজীবন লোকগান আর মানুষের ছায়ায় ছায়ায় কাটিয়ে দিয়েছেন তিনি তার জীবন।লিখেছেন গানের পর গান।গঙ্গাধরের চর দিয়ে হাঁটতে হাঁটতে ইয়াকুব আচমকা উদাস হয়ে যান।তার চোখ জুড়ে জলের মত কিছু একটা বুঝি আসতে চায়!আর চরের উত্তর শিথান থেকে ভেসে আসে আলাউদ্দিন গিদালের গানের সুর_

‘হাত্তি মার্কা কেরাসিন তেল

কায় বা আইনছেন দ্যাশতে

বাপ রে বাপ মাও রে মাও

মোর গাও ঝমঝম করে রে’

বিকেল ক্রমে ঘন হতে থাকে।আর গান গড়াতেই থাকে।





২।

শেষ বিকেলে জমে ওঠা তামারহাটের মস্ত ভিড়ের মধ্যে নেমে যেতে যেতে মহিউদ্দিন ওস্তাদের মনে পড়ে যায় গৌরীপুরের সাচি পান আর গোলকগঞ্জের গুয়ার কথা।তার জিভে আটকে থাকা সেই পান আর গুয়ার স্বাদের আহ্লাদ তাকে বিমনা করে তোলে।তার শরীর জুড়ে কেমন এক নাচের ছন্দ চলে আসে।সে হাটের ভেতর নিজেকে ছড়িয়ে দিতে দিতে কন্ঠে গান নিয়ে দু’চার পাক নেচেই ওঠে!হাটের মানুষ তার গান শোনে,শুনতেই থাকে;হাটের ব্যাপ্ততা হাটের ব্যাস্ততায় নুতন এক হাট জেগে উঠতে থাকে।হাট বুঝি গানের হাট কিংবা নাচের হাট হয়ে ওঠে!মহিউদ্দিন মাস্টার তকন গেয়েই চলেছেন গঞ্জহাটজনপদের খুব গহন থেকে উঠে আসা গান_

‘ও কি বাপ রে বাপ

ও কি হায় রে হায়

এল্যা কেনে আসিলুং মুই গৌরীপুরের হাট’

তখন হাটের চারদিক থেকে গোয়ালপাড়ার উন্মাদ করে দেয়া কাঠিঢোল বাজতে থাকে।সারিন্দা বাজাতে বাজাতে দীননাথ বর্মণ তার বাবড়ি ছাটা চুলের আন্দোলনে হাটের মধ্যে নুতন এক রঙ্গিলা হাট জাগিয়ে তুলতে থাকে।ধনকান্ত বড়ুয়া তার বাঁশিতে সাজিয়ে দিতে থাকেন অদ্ভূত এক ম্যাজিক।এক মায়া থেকে আমরা দেখি জীবন জুড়ে ছড়িয়ে পড়তে থাকা মায়াসমুদ্র।মহিউদ্দিন গানে গানে তার জীবনকে কিছুটা বুঝি গঞ্জ আর হাটের ঢলেই বিছিয়ে দিতে থাকে,কেননা এ ছাড়া তার আর কোন উপায় নেই।নিয়ন্ত্রণহীন পরিসরে একটা অবসাদের বিলাপের বিষণ্ণতার গোলকধাঁধায় মহিউদ্দিন তার সমস্ত গান,নাচ,সঙ্গীসাথী নিয়ে ক্রমে প্রবেশ করতে থাকে।

এই পর্বে আমরা কিন্তু ইয়াকুব ব্যাপারিকেও দেখে ফেলি।কেননা,ইয়াকুব তখন হন্তদন্ত প্রবেশ করতে চাইছেন মহিউদ্দিন ওস্তাদের গানের ভুবন আর তামারহাটের গানবৃত্তান্তের খুব খুব ভেতরেই!





(ক্রমশঃ)

রবিবার, ৮ আগস্ট, ২০২১

সম্পাদকীয়

            






 আজ বাইশে শ্রাবণ। সকাল থেকে আকাশের মুখ ভার। বাতাসে বিষাদের গন্ধ ।

বেলা ন'টায় দেওয়া হল অক্সিজেন। শেষবারের মতো দেখে গেলেন বিধান রায় ও ললিত বন্দ্যোপাধ্যায়। কানের কাছে অবিরাম পড়া হচ্ছিল তাঁর জীবনের বীজমন্ত্র 'শান্তম, শিবম্, অদ্বৈত্যম'। খুলে দেওয়া হল অক্সিজেনের নল। ধীরে ধীরে কমে এল পায়ের উষ্ণতা, তারপরে একসময়ে থেমে গেল হৃদয়ের স্পন্দন। ঘড়িতে তখন বাজে ১২টা ১০ মিনিট।শেষমুহুর্ত উপস্থিত।জোড়াসাঁকোতে হাজির হাজারে হাজারে মানুষ কবিকে শেষ শ্রদ্ধা জানাতে । একদিকে যখন ভেঙ্গে পড়েছেন তাঁর আত্মীয়, বন্ধু, ঘনিষ্ঠরা, তেমনই বাইরে তখন আবেগে উদ্বেল সাধারণ মানুষ। কবিকে কীভাবে শেষযাত্রার জন্য সাজিয়ে দেওয়া হবে সেই নিয়ে চলছে বিস্তর আলোচনা ৷ গুরুদেব নিজেও চাননি এইভাবে চলে যেতে। তাঁর শরীর কিছুটা অসুস্থ ছিল অপারেশনের পূর্বে ৷ কিন্তু তারই মধ্যে তিনি করে চলেছিলেন সৃজনশীল কাজ।তাঁর ইচ্ছা ছিল কোনও জয়ধ্বনি ছাড়া সাধারণভাবে শান্তিনিকেতনে প্রকৃতির কোলেই তিনি যেন মিশে যেতে পারেন। তাঁর শেষ ইচ্ছাটা আর রাখা যায়নি। তিনি চলে গেলেন রেখে গেলেন তাঁর  অজস্র কাজ । আমাদের প্রাণের ঠাকুর রবিঠাকুর ৷ তাঁর এই প্রয়াণে আমরা তাঁকে স্মরণ করি কবিতায় ,নাটকে৷ তাঁর রচনায় ফিরে ফিরে এসেছে মৃত্যুচেতনা। মৃত্যুকে তিনি খুব কাছ থেকে দেখেছিলেন তা বোঝা যায় তাঁর কবিতায়। আজ তাঁর ৮০ তম প্রয়াণ দিবস। বর্ষার তাঁর প্রিয় ঋতু।আর  এই ঋতুতে তিনি আমাদের ছেড়ে চলে যান৷


জানি একদিন সবকিছু ছেড়ে যেতে হবে পৃথিবীর জল ,হাওয়ার সুযোগ খুব  বেশিদিন পাওয়া যাবে না

  চাই কিছু করে যেতে 

 সূর্যের  গোলাকার পথে  

পায়ে পায়ে হেঁটে  যেতে চাই

 কয়েক  আলোকবর্ষ দূরে

যেখানে শুধু আলো আর আলো 

কতটুকুই বা পারি 

তবু জেনো 

এ বৃক্ষের ছায়ার মত আছি 

এই শ্রাবণে তোমাকে খুঁজি 

ঝিরিঝিরি বারিষণে

বর্ষা 

তোমারও প্রিয় ঋতু যে ...



অনিন্দ্যসুন্দর পাল

                                   



 ধারাবাহিক- চর্যাপদ চর্যাগীতি ও সমীক্ষা


অলংকরণ- শ্রেয়সী ভট্টাচার্য্য

তৃতীয় পর্ব


চর্যা শব্দটির মূল অর্থ আচরণ। চর্যাপদে কবিতাগুলোর মধ্যে বৌদ্ধ সহজিয়াদের আচার আচরণের বিধি নিষেধ ইত্যাদি সম্পর্কে আলোচনা থাকায় পদকর্তারা চর্যা বলে থাকেন। তবে চর্যা শব্দটির অর্থ আচরণ হলেও গানগুলো বুঝানোর জন্য চর্যাশব্দেরই ব্যবহার হয়ে থাকে। চর্যাগীতিতে চর্যাপদের ব্যবহার অনেকটা এইরূপ। যেমন-
অই সনি চর্য্যা কুক্কুরী পাত্রঁ গাইড়।
এই উপরিক্ত বাক্যে লক্ষ্য করলে বোঝা যাবে এটি একপ্রকার গীতি বা গান। কিন্তু এটিকে চর্যাপদ বলা হচ্ছে। ধরে নেওয়া হয়, পদ কথাটি একমাত্র couplet বোঝাতেই গানে বা গীতিতে এর ব্যবহার। সুতরাং সে অর্থে বলা যেতেই পারে চর্যাপদ আক্ষরিক অর্থে চর্যাগীতি। যদিও প্রাচীন শাস্ত্রে চর্যাগীতি বলে বিশেষ একটি সঙ্গীত রীতির প্রচলন ছিল। কিন্তু একটি ভ্রান্ত ধারণা সবার মধ্যেই থাকে যে, চর্যাগীতি মানে সঙ্গীত বা গানকেই বুঝায়, আদতে তা নয়। মূল বিষয় এই, চর্যাগীতিগুলোর জনপ্রিয়তার জন্যই সঙ্গীতশাস্ত্রে একটি ভিন্ন ঘরানায় এই গীতিমণ্ডলীকে অন্তর্ভুক্ত করা হয়, সেই সূত্রেই ধারণা- পূর্বে গান পরবর্তীতে গীতি-রীতির উদ্ভব। আচরণ অর্থে চর্যা শব্দের ব্যবহার বৌদ্ধ শাস্ত্রে প্রচুর থাকায় বলাই বাহুল্য চর্যা অর্থে সবার পূর্বে আচরণ ও পরবর্তীতে আচরণীয় বিধি ইত্যাদি বিষয়ক কবিতা এবং তারও পরবর্তীতে সেই গুলোকেই গীতিরূপে রূপনায়ণের চেষ্টা। এতদপরেও চর্যার প্রমাণ যেমন শাস্ত্রীয় সঙ্গীতে মেলে তেমনিই অন্যত্র এর বৈশিষ্ট্য বিদ্যমান। মনে করা হয় চর্যার ন্যায় এরূপ অনেক পদাবলীর অস্তিত্ব পূর্বে ছিল। বিভিন্ন পদকর্তার রচনা থেকে অনেক কয়েকটি অনুরূপ পদাবলীর সন্ধানও মেলে। বিভিন্ন রচয়িতাদের পুঙ্খানুপুঙ্খ বর্ণনায় আসার আগে একটি বিশেষ তথ্য  জানিয়ে রাখা প্রয়োজন। পূর্বেই উল্লেখ করেছিলাম, চর্যাগীতিকোষ রচিত হওয়ার বহু কাল পরে মুনিদত্ত বৃত্তি লিখেছিলেন। সেইজন্য তার সময় কিছু পাঠান্তর হয়েছিল। অনেকক্ষেত্রে যা মূল পাঠ অনেকাংশে ভিন্ন যেমন -





         



তিব্বতীয় অনুবাদক প্রায় মনুদত্তকে অনুসরন করলেও তাঁদের পাঠান্তর সম্পর্কে নিজস্ব ধারণা ছিল না এমনটাও বলার কোনো জায়গা নেই। কারণ সেই সমস্ত প্রমানাদির কোনো তথ্যই বর্তমানে অস্তিত্ব নেই। তবে কিছু কিছু ক্ষেত্রে মনুদত্তের পাঠান্তর উন্নতর। যেমন- অইসনি(২.৯), ভরিলী(৮.৯), দায়(১২.৯), চান্দেরি(৩১.৫) প্রভৃতি। কোনো কোনো স্থানে দুই পাঠই তুল্যমূল্য। যেমন- 'চ্ছূপই : খন্ডই' (৬.৫), 'উইত্তা : উইএ' (৩০.৩), 'ছাড়িঅ : ছাড়িল' (৩২.৭), 'বলদ : বলদা' (৩৩.৫) ইত্যাদি। কিছু কিছু ক্ষেত্রে মূলের পাঠ উন্নতর বটে। যেমন - 'হাড়ীত' (৩৩.১), 'নৌবানী' (৩৮.৪), 'আলে' (৪০.৫) ইত্যাদি।

আর একটা বিষয় বিশেষভাবে লক্ষণীয়, মনুদত্তের রচনার সঙ্গে মূল রচনার অনেক পার্থক্য আছে। যেমন , যেখানে লিপিকরের মূল চর্যার সব পদই ধ্রুব, সেখানে মুনিদত্ত কেবল দুটো চর্যায় ধ্রুপদ উল্লেখ করেছেন। একটিতে (২৮) চোদ্দ ছত্র ও অন্যটি (৪৩) আট ছত্র। আর বাকি সব পদকেই ধ্রুপদ বলে চালানো হয়েছে। এক্ষেতে মুনিদত্ত অনেক বেশি খাঁটি।
তবে চর্যাগীতিকোষে সংকলিত হয় নি এমন একটিমাত্র চর্যা সম্পূৰ্ণ ও কয়েকটি চর্যার কিছু পদ পাওয়া গেছে। এমনকি মুনিদত্তও তাঁর কিছু বৃত্ততেও বেশ কয়েকটি চর্যাপদ ও পদাংশ উদ্ধৃত করেছেন।

প্রসঙ্গত, পূর্বের আলোচনায় ফিরে গেলে, দেখা যাবে বিভিন্ন কর্তাদের অনুরূপ পদাবলীর মধ্যে দীপঙ্করের চর্যাগীতি, কঙ্কনের চর্যাদোহাকোষ গীতিকা ইত্যাদি বর্তমান। তাই বলা যায় চর্যাগীতিতেও ভনিতার রীতি ছিল। মুনিদত্ত যা নিজের টীকাতেও উল্লেখ করছিলেন।  তবে এর পাশাপাশি তিনি দু একটা চর্যাকর্তার নাম উল্লেখ করে বুঝিয়ে দিয়েছেন তা ভনিতা না। তবে কিছু কিছু চর্যা গুরুর নাম ভনিতারূপে গৃহীত। নিম্নে কিছু নাম দেওয়া হলো যা মূলে ও বৃত্তিতে পাই।

                 

বন্ধনীমধ্যে বৃত্তিতে উল্লেখ্য নাম ও নামরূপ

              

  




বিভাগীয় সম্পাদকীয়

         




গত দেড়বছর যাবৎ আকস্মিক অণুদানবদের হম্বিতম্বি, চোখরাঙানিকে সয়েই নিজেদের মতো বয়ে চলেছি আমরা। হারিয়েছি অনেক বন্ধু ও সহযোদ্ধাদের। জিজীবিষায় ভর করে ফের ছন্দে ফিরছে জগৎসংসার। আমরা, যারা অক্ষর ও শব্দপ্রবাহের দোলায় ভেসে সময় কাটাতে ভালোবাসি, সহস্র উৎকণ্ঠা-উদ্বেগের মাঝেও চেয়েছি সেই আবহমান ছলোচ্ছলকে আঁকড়ে ধরতে। খুঁজে ফিরেছি নিরন্তর ঠাঁই। সেই সন্ধানের ষোলোকলা বেয়েই এগিয়ে চলেছে 'সৃজন'। 


যা হোক, কথায় কথায় মনে পড়ল আজকের তারিখ। সঙ্গে সঙ্গেই চোখের কোলে ফুটে উঠল ঝর্ণার মত সরল ও একরোখা, দুটি অমোঘ পংক্তি : 


'...আমার বিশ্বাস আজও কিছু বেঁচে আছে, তাই হব

পঁচিশে বৈশাখ কিংবা বাইশে শ্রাবণে আত্মঘাতী।' 


'আত্মঘাত' কবিতায় এমনই বলেছিলেন বরেণ্য কবিমানস শঙ্খ ঘোষ। সূয্যিধোয়া ঋষিভূমের আবির্ভাব ও প্রস্থানের শাশ্বত অনন্তে সন্দেহাতীতভাবে গড়িয়ে দিয়েছিলেন নির্বাণের পরমতম হাঁটুজোড়া। আজ, আমরাও এসে দাঁড়িয়েছি সেই তপস্বী প্রান্তরের ধূ ধূ ঢালে। গড়িয়ে পড়তে ইচ্ছে করছে ভীষণ। 


বোশেখের রোদ দুম করে ছুটি নিলে শ্রাবণের মনখারাপ তো দস্তুর। ঘটনাচক্রে, আজও ছুটিরই তারিখ। অলীক সমাপতন মাখা এই মেঘলা রবিবারের ভোরে, কথাগুলো লিখতে লিখতে জানালা ঠেলে হঠাৎই ঢুকে পড়ছে আলোভরা জল। যেন কেউ মাথায় শুভাশিস-আঙুল বুলিয়ে ফিসফিস করে জানান দিয়ে গেল, প্রতিটি শ্রাবণের কাঁধেই রয়েছে বৈশাখী আশ্বাস। অর্থাৎ? 


'ঠাকুর থাকবে সারাক্ষণ!'